সম্প্রতি পেরুতে অনুষ্ঠিত কনফারেন্স অব পার্টিস বা কপ ২০ তে জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯৪ দেশ অংশ নিয়েছিল। গত ২০ বছর ধরে জলবায়ুসংকট মোকাবিলায় একটি কার্যকর চুক্তির ব্যাপারে এসব দেশ আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। এই সংকট এড়াতে কার্বন নিঃসরণ কমাতে হবে, আর তার জন্য বায়ু ও সূর্যের মতো নবায়নযোগ্য উৎস থেকে জ্বালানি সংগ্রহ ছাড়া বিকল্প নেই। এ পর্যন্ত বিশ্বের দেশগুলো মোটামুটি একমত। কিন্তু কোন পথে এগোলে সমাধান মিলবে, তা নিয়ে মতান্তর শেষ হয়নি। উন্নয়নশীল দেশগুলোর দাবি, শিল্পোন্নত দেশগুলো গত দেড় শ বছর ধরে তেলের ব্যবহার করছে। কয়লার ব্যবহার তারও অনেক আগে থেকে। ক্ষতিকর কার্বনের সিংহভাগ উৎপাদিত হয় এসব দেশে। ফলে কার্বন হ্রাসের মূল দায়িত্ব উন্নত দেশগুলোর। বৈশ্বিক উষ্ণতার ফলে আজ যে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো বিপদের সম্মুখীন, উন্নত বিশ্বকে তার প্রতিকারে ব্যবস্থা নিতে হবে। এই দুই ব্যাপারেও মোটের ওপর মতৈক্য রয়েছে।
সংকট কাটিয়ে ওঠার দুটি পথ: গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতার দরুন ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পরিবর্তিত পরিবেশের জন্য উপযোগী করে তোলা। এ ব্যাপারে শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সাধারণ মতৈক্য রয়েছে। কিন্তু এই দুই লক্ষ্য কীভাবে অর্জিত হবে, তা নিয়ে বাদানুবাদ ২০ বছর ধরে চলছে। পেরুর রাজধানী লিমাতেও সেই একই দৃশ্যের পুনরাভিনয় হলো। বাদানুবাদ ও তিক্ততা এত তীব্র হয়ে ওঠে যে পুরো সম্মেলনই ভন্ডুল হওয়ার উপক্রম হয়। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই দিন অতিরিক্ত ব্যয়ের পর দুই পক্ষ ছাড় দিতে সম্মত হওয়ায় একটি সমঝোতাপূর্ণ খসড়া চুক্তি গৃহীত হয়। এখন এই চুক্তির ভিত্তিতে আগামী বছর ডিসেম্বরে প্যারিসে কপ ২১ সম্মেলনে একটি নতুন আইনগতভাবে বাধ্যমূলক চুক্তি সম্পাদিত হওয়ার কথা।
জাতিসংঘ বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে ২০২০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্র দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা না গেলে ভয়াবহ সংকট দেখা দেবে। ১৯৯৭ সালে গৃহীত কিয়োটো চুক্তিতে নিঃসরণের দায়িত্ব চাপানো হয়েছিল শিল্পোন্নত দেশগুলোর ওপর। কিন্তু গত ২০ বছরে চীন, ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশ অন্যদের হটিয়ে প্রধান নিঃসরণকারীর স্থান করে নিয়েছে। ফলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দাবি, নিঃসরণ কমাতে এসব দেশকেও প্রতিশ্রুতি দিতে হবে। লিমা সম্মেলনের সবচেয়ে বড় অর্জন হলো, এই প্রথমবারের মতো একমাত্র স্বল্পোন্নত দেশগুলো ছাড়া বিশ্বের বাকি সব দেশকে নিঃসরণ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ করা গেছে। তবে সমস্যা হলো, কোন দেশ কী পরিমাণ কার্বন নিঃসরণ অর্জন করবে, তার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে সেসব দেশের সরকারের ওপর। ২০১৫ সালের মার্চ মাস নাগাদ প্রতিটি দেশ তাদের নিঃসরণ টার্গেট ও পরিকল্পনা বিষয়ে তথ্য জাতিসংঘের কাছে পৌঁছে দেবে। জাতিসংঘ ১ নভেম্বর ২০১৫ সালের মধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন দেশের গৃহীত ব্যবস্থার ফলে কী পরিমাণ বৈশ্বিক উষ্ণতা হ্রাস পাবে, তার একটি বৈজ্ঞানিক চিত্র হাজির করবে।
নিঃসরণের ব্যাপারে এই মতৈক্যকে যদি অগ্রগতি বলে মেনেও নিই, উপযোগীকরণের ব্যাপারে সিদ্ধান্ত অথবা সিদ্ধান্তহীনতা গভীর অসন্তোষের সৃষ্টি করেছে। লিমা সম্মেলনের আগে শিল্পোন্নত দেশগুলো প্রায় ১০ বিলিয়ন ডলার উপযোগীকরণের জন্য দিতে সম্মত হয়েছিল। ২০২০ সালের মধ্যে এ খাতে বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের একটি লক্ষ্যমাত্রা জাতিসংঘ নির্ধারণ করেছিল। লিমাতে উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল, ইতিমধ্যে যে অর্থ প্রতিশ্রুত হয়েছে, তার বাইরে নতুন অর্থের প্রতিশ্রুতি দিতে হবে। শিল্পোন্নত বিশ্ব তাতে সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত শুধু অতিরিক্ত অর্থায়নের আহ্বান জানানো হয়েছে, কী পরিমাণ বা কত দিনের মধ্যে সে অর্থ দিতে হবে, তার উল্লেখ করা হয়নি।
কিন্তু জলবায়ুসংকট নিয়ে কাজ করেন, এমন বেসরকারি প্রতিনিধিরা লিমা সম্মেলনের প্রাপ্তি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। বাংলাদেশের বিখ্যাত জলবায়ুবিজ্ঞানী ও লন্ডনের ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো ড. সলিমুল হক সম্মেলনকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। পরিবেশ ও বন বিভাগের সচিব নজিবুর রহমান—যিনি কপ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—এই মূল্যায়নের সঙ্গে একমত নন। গত মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে নিউইয়র্কে এক আলাপচারিতায় তিনি বলেন, ব্যাপারটা গ্লাস অর্ধেক খালি না অর্ধেক পূর্ণ, সে রকম। ‘আমার চোখে গ্লাস কিন্তু অর্ধেক পূর্ণ’। বাংলাদেশ তথা স্বল্পোন্নত দেশের স্বার্থ প্রসঙ্গে তিনি তিনটি অর্জনের কথা বলেন, স্বল্পোন্নত দেশগুলোকে নিঃসরণপ্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া, সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর ‘বিনাশ ও ক্ষতি’ (লস অ্যান্ড ড্যামেজ) বিষয়ক ধারা সংযোজন ও উপযোগীকরণ নির্ণয়ের রণকৌশল বিষয়ে সম্মতি। বাংলাদেশের নিজের লাভ-ক্ষতি বিষয়ে নজিবুর রহমান বলেন, যে সবুজ জলবায়ু তহবিল গঠিত হয়েছে, বাংলাদেশ তা থেকে উপকৃত হবে। ইতিমধ্যে এই তহবিলের নির্বাহী কমিটিতে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছে। উপযোগীকরণ প্রকল্প বাছাই ও তদারকির জন্য বহিঃসম্পদ বিভাগের সচিবের নেতৃত্বে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন বলেন, সব লক্ষ্য অর্জিত না হলেও লিমা পরিকল্পনা সঠিক পথে একটি স্পষ্ট পদক্ষেপ। ‘ধনী-দরিদ্র সব দেশ নিঃসরণে সম্মত হয়েছে, এটা খুবই ভালো সংবাদ।’ ড. মোমেন জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী এ বছর সেপ্টেম্বরে জাতিসংঘে ঘোষণা করেছিলেন, তাঁর সরকার নিঃসরণপ্রক্রিয়ায় অংশ নেবে। খসড়া চুক্তিতে যদিও বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশকে নিঃসরণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ এই ক্ষেত্রে দৃঢ় ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। ড. মোমেন মনে করিয়ে দেন, সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যে একটি ‘মডেল’ দেশ হিসেবে সবার নজর কেড়েছে। ক্ষতিকর কার্বনভিত্তিক জ্বালানির বদলে অধিকতর পরিষ্কার তরল গ্যাসের ব্যবহার সে বাড়িয়েছে। বনায়ন প্রকল্পের মাধ্যমে একদিকে উপযোগীকরণের কাজ চলছে, অন্যদিকে তা কার্বন নিঃসরণ হ্রাসে কাজে লাগছে। সুন্দরবন এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে একটি প্রকল্প নেওয়া হবে। তাঁর কথায় সম্মতি জানিয়ে নজিবুর রহমান জানান, সুন্দরবন প্রকল্পের অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হবে, এই অঞ্চলের ক্ষতিগ্রস্তদের বিকল্প পেশা বাছতে প্রশিক্ষণ ও পুঁজির ব্যবস্থা।
ড. সলিমুল হক অবশ্য লিমা চুক্তির ভিন্ন মূল্যায়ন করেছেন। তাঁর কথায়, লিমায় যা হলো, তা আমাদের অগ্রগতির বদলে পেছনে ঠেলে দিয়েছে। সম্মেলনের আগে প্রথম আলোকে তিনি বলেছিলেন, প্যারিস সম্মেলনকে সফল করতে হলে লিমায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। দৃশ্যত সে অগ্রগতি অর্জিত হয়নি। হক বলেন, বৈশ্বিক উষ্ণতার জন্য তাদের দায়ভার শিল্পোন্নত দেশগুলো স্বীকার করেছে, কিন্তু সে অবস্থার প্রতিকারে যে অর্থের প্রয়োজন, তা জোগাতে তারা রাজি নয়।
লিমা খসড়ার ব্যাপারে তাঁর হতাশা আরও সোজাসাপ্টা ভাষায় বলেছেন, গ্লোবাল সাউথ থিংক ট্যাংকের পরিচালক বলিভিয়ার পাবলো সলোন। তাঁর কথায়, ধরিত্রী মাতার জন্য লিমা সিদ্ধান্ত মোটেই গ্রহণযোগ্য নয়। ‘প্যারিসের পথে যে সড়করেখা আঁকা হলো, তা আসলে বিশ্বকে আগুনে পোড়ানোর পরিকল্পনা।’ একই কথা বলেছেন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের সুজান গোল্ডবার্গ। তিনি বলেছেন, লিমার চুক্তির ফলে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বদলে সম্ভবত তিন-চার ডিগ্রিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা চূড়ান্ত করা হলো। ফ্রেন্ডস অব দি আর্থ-এর মুখপাত্র আসাদ রেহমানের বিবেচনায়, শিল্পোন্নত দেশগুলো সন্ত্রাসের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে এই চুক্তি গ্রহণে রাজি করিয়েছে। ‘এই চুক্তিতে একমাত্র যা অর্জিত হয়েছে তা হলো, প্যারিসে বৈশ্বিক উষ্ণতা রোধে কার্যকর চুক্তি সম্পাদনের পথ বন্ধ করে দেওয়া।’
একই বৈঠকের এই বিপরীতমুখী মূল্যায়নে বিস্মিত হওয়ার কিছু নেই। সরকারি প্রতিনিধিরা, যাঁরা এই সম্মেলনে নিজেদের ভিন্ন ভিন্ন অবস্থান সত্ত্বেও যে চুক্তিটি গ্রহণে সম্মত হন, তার কেন্দ্রে ছিল সব পক্ষের সমঝোতা। চুক্তিটি গুরুত্বপূর্ণ, এই বোধ থেকে তাড়িত হয়ে কোনো কোনো দেশ অভ্যন্তরীণ রাজনৈতিক বিরুদ্ধতার সম্মুখীন হওয়ার ঝুঁকি নিয়েও খসড়া চুক্তিটি মেনে নেয়। ভারত বা চীনের মতো দেশ কোনো রকম সমঝোতার বিরুদ্ধে পূর্বনির্ধারিত অবস্থান নিয়ে সম্মেলনে আসে। কিন্তু লিমায় তাদের ভূমিকা ছিল বহুলাংশে ইতিবাচক। যুক্তরাষ্ট্রের চলতি রাজনৈতিক নেতৃত্ব জলবায়ুসংকট মোকাবিলায় রাজনৈতিকভাবে বদ্ধপরিকর, অথচ দেশের ভেতর রিপাবলিকান প্রতিপক্ষ ও শক্তিশালী তেল ও কয়লা লবি নিঃসরণ চুক্তির প্রবল বিরোধী। তা সত্ত্বেও প্রেসিডেন্ট ওবামার নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যে গঠনমূলক ভূমিকা গ্রহণ করেন, তা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রশংসা অর্জন করে।
কোনো সন্দেহ নেই, লিমা সম্মেলনের গ্লাস যেমন অর্ধেক খালি, তেমনি সে অর্ধেক ভরা। এ পর্যন্ত বৈশ্বিক উষ্ণতা রোধে যে অগ্রগতি অর্জিত হয়েছে, তার অনেকটাই সম্ভব হয়েছে বিশ্বজুড়ে ব্যাপক জলবায়ু আন্দোলনের ফলে। আগামী মাসগুলোতে এই আন্দোলন আরও জোরদার করতে হবে। তেলের দাম এখন পড়তির মুখে, সে পতন যদি অব্যাহত থাকে, তাহলে তেল লবির প্রভাব হ্রাস পেতে পারে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি থেকে যে মধ্য ও দীর্ঘমেয়াদি হিসাবে বিস্তর লাভ রয়েছে, এ কথা যদি ব্যক্তিগত খাতের প্রতিনিধিদের বোঝানো সম্ভব হয়, তাতে সরকারি পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত হবে।
এ জন্য লিমা সম্মেলন নিয়ে মনস্তাপের বদলে কাজে নেমে পড়তে হবে আজই, এখনই। লিমার অর্ধেক খালি গ্লাসটি তাহলে পূর্ণ করা একদম অসম্ভব হবে না।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।