যশোরের অভয়নগর ও ভবদহ অঞ্চলের কয়েক শ গ্রাম আজ আট-নয় মাস ধরে জলাবদ্ধ, লাখ লাখ মানুষ পানিবন্দী। জল যে জীবন, সেই জলই যে মৃত্যু, এখানে না এলে তা বোঝা যাবে না। কয়েক দিন আগে গ্রাম ডোবানো পানি সরানোর জন্য ভবদহ বাঁধ ভাঙতে যাওয়া নিরস্ত্র মানুষের ওপর পুলিশি হামলার ঘটনাও দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। হামলার ঠিক পরদিন যখন সুন্দলী গ্রামের বাজারে যাই, দেখি প্রতিবাদ সভা হচ্ছে। তাঁদের দাবি—ভবদহের বাঁধ কেটে দিতে হবে, তবেই পানি নেমে যাবে। ভবদহের এসব গ্রামের মানুষগুলোর হাত পাতার অভ্যাস নেই। ভিক্ষে করে, দান নিয়ে বেঁচে থাকার কোনো মানসিকতা পোষণ করেন না তাঁরা। এ কথা খুব জোর গলায় বললেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ সিংহ। এখানকার সবাই কর্মঠ। কৃষিই এখানকার বেঁচে থাকার অন্যতম প্রধান উৎস।
সরল বাস্তবতা হচ্ছে, উত্তরে নওয়াপাড়ার আমডাঙ্গা এবং এর খাল-বিল, নদ-নদী আর দক্ষিণে ভবদহ বাঁধ, যাকে এই অঞ্চলের লোকজন মরণফাঁদ বলেন। আমি ভূগোলবিদ নই। কিন্তু এই অঞ্চলের মানুষের স্থানীয় জ্ঞানের ভূগোল অধ্যয়ন করে জেনেছি, এই উত্তর-দক্ষিণ অর্থাৎ উঁচু-নিচুর ভূগোলের মাঝখানে ২৭-২৮টি বিলের পানি বিল বকরে এসে জমে। কিন্তু বাঁধ থাকায় জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহে মিলিত হতে পারে না এই পানি। এটাই বছরের পর বছর চলে আসা জলাবদ্ধতার আশু বাস্তব কারণ।
এর কারণেই রাতের অন্ধকারে হঠাৎ পানিতে ডুবে যায় হামাগুড়ি দেওয়া শিশুর উঠান, পূজার তুলসীতলা, গোয়ালঘর, খেলার মাঠ, ফসলের জমি এমনকি শুয়ে থাকা বিছানাও। তারপর যখন ত্রাণ নিয়ে আসা হলো, সাংসদকেও তাঁরা বিদায় দিয়েছিলেন এই বলে, ত্রাণ নয় বাঁধ কেটে দাও। জল নিষ্কাশন করলেই আমাদের চলবে। আমরা আবার ফসল ফলাব, জিরাত করব। আমরা ভিক্ষুক নই। আমাদের ভিক্ষুক বানানোর এই আয়োজন বন্ধ করো।
দুর্যোগপ্রবণ এই দেশে বন্যা প্রতিবছর লেগেই থাকে, এটাই স্বাভাবিক। দু-এক মাসের মধ্যে বন্যার পানি সরেও যায়। মানুষ আবার নতুন উদ্যমে শুরু করে জীবন। কিন্তু সুন্দলীসহ ভবদহ অঞ্চলের মানুষের এই পানিবন্দী জীবন আর বন্যার পানিতে কয়েক দিনের জন্য আটকে থাকা জীবন এক নয়। প্রায় মাস ছয়েক হতে চলল, এ অঞ্চলের লোকজন পানিবন্দী। এখানকার মানুষ, প্রাণী, বৃক্ষ, পশু-পাখি, কীটপতঙ্গ, সাপ-ব্যাঙ-কেঁচোর এতই করুণ দুর্দশা—গণমাধ্যমে এর যথাযথ চিত্র এসেছে বলে মনে হয় না। এখানে না এলে বোঝা যাবে না, জীবন কতটা অসহায়। রাস্তার দুধারে গরু-ছাগল আর মানুষের বাস। যে উঠানে শিশুরা খেলত সেখানে এখন হাঁস সাঁতরায়। যে স্কুলের মাঠে শিক্ষার্থীরা সারি বেঁধে জাতীয় সংগীত গেয়ে শপথ করে শ্রেণিকক্ষে প্রবেশ করত, সেই স্কুলের মাঠে এখন নৌকা চলে, ঘের করে মাছ ধরে। গ্রামের এক উঠান প্রান্তে আরেক বাড়ি। কিন্তু এখন পাশের বাড়ি যেতেও সাঁকো লাগে, অথবা লাগে তালের নৌকা। খাওয়ার পানির টিউবওয়েলগুলো ডুবে আছে। ল্যাট্রিনের অবস্থা তথৈবচ। সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছে নারী ও শিশুরা।
যশোরের বিখ্যাত খেজুর গুড়। এখানে এলে দেখা যাবে কোমরপানিতে ডুবে আছে হাজার হাজার খেজুরগাছ। আর কিছুদিন এভাবে থাকলে এই গাছগুলো সব মারা যাবে। সেই সঙ্গে খেজুর গুড়ের ঐতিহ্যময় একটি অধ্যায়ের পতন ঘটবে বাংলাদেশে। রবিশস্যের বিরাট ফলন ফলে এখানকার জমিতে। কিন্তু এই ফসলি জমি এখন মাছ চাষের ঘের হয়ে আছে। সুন্দলী গ্রামের অধিবাসী চিত্রশিল্পী চৈতন্য কুমার মল্লিক বললেন, ‘আমি তো অনেক কার্টুন করেছি, সেই কার্টুনে ডুবে যাওয়া পানিতে জাল ফেলছে আর তাতে মাছ নয়, মানুষ ধরা পড়ছে।’ পানিবন্দীর রাজনীতিটা মূলত এখানেই। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই মনে করেন, এখানে এখন টাকার খেলা হচ্ছে। ব্রিফকেসভর্তি টাকা আসছে। আবাদি জমিতে মাছের ঘের করার জন্য। জলাবদ্ধতায় ঘের ব্যবসায়ীদের সুবিধাই হয়। পানিতে ডুবে ইতিমধ্যে জমি ঘের হয়েই আছে। এখন শুধু মালিকানা নেওয়ার পালা। যেসব নিরীহ মানুষের জমিজমা পানিতে ডুবে আছে, তাঁরা কোনোমতে রাস্তায় মাচা করে জীবনযাপন করছেন। একদিন রাস্তা থেকেও উঠে যেতে হবে। হয়তো পুলিশ একদিন রাস্তা থেকে তুলে দেবে, নয়তো ব্রিফকেসওয়ালাদের কোনো বাহিনীর ভয়ে তাঁরা হবেন গ্রামছাড়া। এ অঞ্চলে ঘেরমালিকদের দৌরাত্ম্য ব্যাপক। পানি উন্নয়ন বোর্ডও কি তাদের সঙ্গেই হাত মেলাল? নইলে জলাবদ্ধতা দূর করায় কোনো জোরদার পদক্ষেপ নেই কেন?
ঘেরপক্ষীয়রা টাকা দিয়ে এখন মানুষও কিনতে নেমেছে বলে জানালেন এলাকাবাসী, যাতে মানুষ বিভক্ত হয়ে যায়। পানিবন্দীর এই খেলায় একদল উৎখাত হবে আদর্শ থেকে, আরেক দল উৎখাত হবে ভিটেমাটি থেকে। কিন্তু সর্বশেষ উৎখাত হবে তো মানুষই। ভবদহ অঞ্চলের মানুষেরা তাকিয়ে আছেন সরকারের দিকে।
আলফ্রেড খোকন: কবি ও গণমাধ্যমকর্মী।