জাওয়াহিরির ঘোষণা: এখনই সজাগ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ
জঙ্গিবাদ

সম্প্রতি আল-কায়েদাপ্রধান আয়মান আল-জাওয়াহিরি এক ভিডিও বার্তার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আল-কায়েদার শাখা স্থাপনের ঘোষণা দেন। শাখার নাম আল-কায়েদা-হিন্দ ঘোষণার সঙ্গে সঙ্গে এর প্রধান হিসেবে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী হরকাত-উল-মুজাহিদিনের নেতা মওলানা আসিম ওমরের নামও ঘোষণা করা হয়। প্রথমবারের মতো আল-কায়েদার কোনো ভিডিও বার্তায় আরবি ভাষার পাশাপাশি মওলানা আসিম ওমরকে উর্দু ভাষায় বক্তব্য রাখতে দেওয়া হয়। কারণ পাকিস্তান ছাড়াও ভারতীয় উপমহাদেশ এমনকি মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীও এই ভাষা বুঝতে পারে।
জাওয়াহিরি আল-কায়েদার কেন্দ্রীয় শীর্ষ নেতা হওয়ার পর এটাই ছিল গুরুত্বপূর্ণ ঘোষণা। এ ঘোষণায় তিনি ১৯৪৭ সালের ভারত বিভাজনকে মেনে না নেওয়ার কথা বলেছেন, অপরদিকে ভারত ছাড়াও বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের কথা সরাসরি উল্লেখ করেছেন। লক্ষণীয় হলো, সমগ্র ভারতে কাশ্মীর, গুজরাট ও আসামের মুসলমানদের নিপীড়নের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। গুজরাটের দাঙ্গায় মুসলমানরা নিহত হওয়ার কারণেই যে আল-কায়েদার নজর পড়েছে, তা নয়। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী হিন্দুবাদী নেতা বলে পরিচিত নরেন্দ্র মোদি বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী এবং গুজরাটের দাঙ্গার জন্য দায়ী বলে মনে করা হয়।
কাশ্মীরে একধরনের যুদ্ধাবস্থা চলে আসছে ভারত বিভক্তির পর থেকে। তিনবার পাকিস্তান-ভারত যুদ্ধ হয়েছে। সেখানে বিদ্রোহ দমনে প্রায় তিন লাখ সামরিক ও আধাসামরিক বাহিনী নিয়োজিত। ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীর। এরই প্রেক্ষাপটে আফগান জিহাদে জন্ম নেওয়া ইসলাম ও মুসলমান রক্ষার নামে গড়ে ওঠা সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তান-ভারত সীমান্তে যুদ্ধ পরিস্থিতি বহাল রেখেছে। কাশ্মীর সংঘাতে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বহু সন্ত্রাসী সংগঠন জড়িত রয়েছে। ভারতের অভ্যন্তরে এ পর্যন্ত যেসব জঙ্গি হামলা বা তৎপরতা হয়েছে সেগুলোর মূলে রয়েছে কাশ্মীর সমস্যা। পাকিস্তান-ভারত সম্পর্ক স্বাভাবিকীকরণের সমস্যার মূলেও এটি। কাজেই ভারতের এ অঞ্চলে আল-কায়েদা হিন্দ তৎপরতা বাড়াবে, তা প্রায় নিশ্চিত।
ভারতীয় কাশ্মীর অঞ্চলে মোট ৩৮টি ইসলামিক জঙ্গি বলে পরিচিত সংগঠন রয়েছে। সেসবের ১১টিকে নিষিদ্ধ ঘোষণা করা
হয়েছে। সাতটি সংগঠন এখন তৎপর এবং ১৮টির তৎপরতা দৃষ্টিগোচর নয়। নিষিদ্ধ সংগঠনগুলোর মধ্যে হরকাতুল জিহাদ (হুজি), হরকাতুল মুজাহিদিন, লস্কর-ই-তাইয়েবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে আল-কায়েদার যোগাযোগ এসব জঙ্গি সংগঠনের জন্মের পর থেকেই বিদ্যমান। এগুলোর বিরুদ্ধে পাকিস্তানি আজাদ কাশ্মীর থেকে তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে। কাজেই কাশ্মীরের চলমান সংঘাত এবং এতগুলো সংগঠনের অস্তিত্ব অবশ্যই আল-কায়েদার সক্রিয় সম্পৃক্ততা বাড়ানোর অনুকূলে। জাওয়াহিরির ঘোষণার মাধ্যমে একধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো। আল-কায়েদা হিন্দের প্রধান মওলানা আসিম ওমর এসব সংগঠনকে পুনর্গঠিত করতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বাড়াবেন বলে ধারণা করা হচ্ছে।
আল-কায়েদা যত সহজে কাশ্মীরে তৎপরতা বাড়াতে পারবে, গুজরাটসহ অন্যান্য অঞ্চলে তত সহজে পারবে না। গুজরাটের দাঙ্গার অনেক পরে ২০০৮ সালে আহমেদাবাদে একসঙ্গে ২১ জায়গায় বিস্ফোরণে ৫৬ জনের প্রাণহানি হয়েছিল; তথাপি সে অঞ্চলে স্থানীয়ভাবে আলোচিত কোনো সংগঠনের তৎপরতার কথা শোনা যায় না। ২০০৮ সালে বিস্ফোরণের পর ভারতব্যাপী নতুন সন্ত্রাসী সংগঠন ‘ইন্ডিয়ান মুজাহিদ’–এর আবির্ভাব লক্ষ করা গিয়েছিল। অবশ্য আহমেদাবাদ বিস্ফোরণের দায়দায়িত্বের কথা হরকাতুল জিহাদ-আল-ইসলামিও প্রচার করেছিল। ২০০৮ সালের পর গুজরাটে আর তেমন বড় ধরনের জঙ্গি কর্মকাণ্ড ঘটেনি।
আল-কায়েদাপ্রধানের বক্তব্যে বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্য এবং দক্ষিণ-পূর্বে মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের গুরুত্বসহকারে উল্লেখিত হয়েছে। অবশ্যই বাংলাদেশকেও আল-কায়েদা হিন্দের আওতাভুক্ত করা হয়েছে। লক্ষণীয় যে আল-কায়েদার ঘোষণায় ভারতের উত্তর-পূর্ব গোলযোগপূর্ণ রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে আসামের উল্লেখ রয়েছে। এর কারণ কাশ্মীরের বাইরে আসাম মুসলমান অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম রাজ্য। এখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বয়সও প্রায় ছয় দশক। ব্রহ্মপুত্র উপত্যকায় রয়েছে বেশির ভাগ মুসলমান সম্প্রদায়ের বাস। অভিযোগ রয়েছে, এসব মুসলমান নানাভাবে সরকারি বাহিনী ও স্থানীয় সংখ্যাগরিষ্ঠদের হাতে নিগৃহীত হয়ে থাকে। আর আসামের বেশির ভাগ মুসলমানই বাংলা ভাষাভাষি।
আসাম রাজ্যে ৪৫টি ছোট-বড় সন্ত্রাসী তথা বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে। যার মধ্যে উলফাসহ দুটি সংগঠন নিষিদ্ধ রয়েছে।
সক্রিয় রয়েছে ১৬টি এবং সক্রিয়তা চোখে না পড়লেও উল্লেখ করার মতো আরও ২৯টি ছোট-বড় সংগঠন বিদ্যমান রয়েছে। উলফাকে কেন্দ্র করেই অতীতে ভারত-বাংলাদেশ সম্পর্ক উত্তপ্ত ছিল। এগুলোর মধ্যে সবচেয়ে বড় মুসলিম সন্ত্রাসী বলে চিহ্নিত গোষ্ঠী হলো ‘মুসলিম ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম’ (মুলফা)। মুলফা ছাড়াও আরও এক ডজন ইসলাম অথবা মুসলিম নামধারী সংগঠন সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত রয়েছে, যার মধ্যে হরকাতুল জিহাদ এবং হরকাতুল মুজাহিদিন অন্তর্ভুক্ত।
ভারতীয় গোয়েন্দাদের তথ্যমতে, ‘মুলফা’ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে সক্রিয় রয়েছে। প্যান ইসলামিজমের ধারণা রয়েছে এই

ইসলামিক সংগঠনগুলোর মধ্যে। আসামের পাঁচটি জেলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। এগুলো হলো: বারপেটা, ধুবরি (সবচেয়ে বেশি ৭৪ শতাংশ), গোয়ালপাড়া, করিমগঞ্জ এবং নাওসাও। এসব জেলার মধ্যে দুটি জেলার সঙ্গে বাংলাদেশের অভিন্ন সীমান্ত রয়েছে, বাদবাকি জেলা বাংলাদেশের সীমান্তের অতি সন্নিকটে। আসামে আল-কায়েদার সম্পৃক্ততা একেবারে অগ্রাহ্য করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ সৃষ্টি হতে পারে। মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের বড় ধরনের উপস্থিতি রয়েছে বাংলাদেশের দক্ষিণের জেলা কক্সবাজার অঞ্চলে। রাখাইন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং সরকারের বৈষম্যমূলক আচরণের কারণে বিগত ৬০ বছরেরও ওপরে ওই অঞ্চল উত্তপ্ত রয়েছে। ওই অঞ্চলে প্রায় এক ডজন তথাকথিত মুসলিম সন্ত্রাসী বলে আখ্যায়িত রোহিঙ্গা সংগঠন সক্রিয় আছে। এর মধ্যে সবচেয়ে বড় সংগঠন হলো ‘রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন’ (আরএসও)। অভিযোগ আছে যে এদের সঙ্গে একদিকে আল-কায়েদা বা সমমনা গোষ্ঠীগুলোর যেমন সংস্রব রয়েছে, তেমনি বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা রয়েছে।
উল্লেখ্য যে আরএসওর অনেক সদস্য আশির দশকে আফগান জিহাদে অংশ নিয়েছিল এবং তালেবানদের সঙ্গেও সম্পৃক্ত ছিল। মিয়ানমারের এই অঞ্চলে আল-কায়েদার সম্পৃক্ততা নিয়ে একাধিক তথ্য রয়েছে। কাজেই আল-কায়েদার বর্তমান প্রধানের রোহিঙ্গা নিপীড়নের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখিত হয়েছে। অতীত সম্পৃক্ততার কারণেই এই অঞ্চলকেও আল-কায়েদার ‘হিন্দ’ শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরেও রয়েছে বেশ কিছু ইসলামের নামধারী সন্ত্রাসী সংগঠন। রয়েছে হুজিসহ (বি) অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের কথিত শাখা। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, বর্তমানে এসব সংগঠনের দৃশ্যমান কর্মকাণ্ড কম হলেও এসব সংগঠন যে নির্মূল হয়েছে তা নয়। এসব নিষিদ্ধ সংগঠনের সঙ্গে আল-কায়েদার সরাসরি সম্পৃক্ত থাকার তেমন প্রমাণ জনসমক্ষে উত্থাপিত হয়নি, তবে জাওয়াহিরির বক্তব্যের মধ্যে উঠে এসেছে এ অঞ্চলে শাখা গঠনের কথা। তবে বাংলাদেশ যে ভারতের আসাম ও দক্ষিণ-পূর্বে রাখাইন রাজ্য ও রোহিঙ্গাদের মধ্যে ভৌগোলিকভাবে যোগসূত্রের জায়গা হিসেবে আল-কায়েদার কাছে বিবেচিত এবং গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠতে পারে তাতে সন্দেহ নেই। এটাই অন্যতম কারণ হতে পারে আল-কায়েদার মানচিত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানের। তা ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক বিভক্তি ইত্যাদি জঙ্গি তৎপরতার ও সন্ত্রাসের উত্থানের প্রেক্ষাপট হতে পারে। এই বিভাজনের ফায়দা নেবে আল-কায়েদার মতো সুযোগসন্ধানী সংগঠন।
লক্ষণীয় যে আল-কায়েদা যেসব জায়গায় সক্রিয় সেসব জায়গার, মোটাদাগে, দুটি বৈশিষ্ট্য রয়েছে। এক. মুসলিমপ্রধান বা মুসলিম অধ্যুষিত দেশ ও অঞ্চল। দুই, ব্যর্থ রাষ্ট্রের তালিকাভুক্ত থাকা অথবা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাপূর্ণ মুসলিমপ্রধান দেশ। আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সোমালিয়া ও সিরিয়া এর উদাহরণ। এরই আঙ্গিকে সমগ্র ভারতে আল-কায়েদার তৎপরতা চালানো অত্যন্ত কঠিন। তবে যেসব অঞ্চলকে টার্গেট করা হয়েছে তার মধ্যে কাশ্মীর ও আসাম নাজুক অবস্থায় রয়েছে। এই দুই জায়গা ছাড়া সমগ্র ভারতে মুসলিম জনগোষ্ঠী রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে। ভারত হিন্দুপ্রধান ও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশ। রয়েছে জঙ্গি দমনের অভিজ্ঞতা এবং জঙ্গি দমনের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো। কাজেই আল-কায়েদা ভারতের দু-একটি জায়গা ছাড়া তৎপরতা চালানোর অবস্থায় নেই।
ভারতের মতো অবস্থা বাংলাদেশের নয়। সার্বিক বিচারে বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে একটি দুর্বল, রাজনৈতিক ও সামাজিকভাবে বিভাজিত দেশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, আইন প্রয়োগকারী সংস্থাগুলোসহ বেশ দুর্বল, বিশেষ করে এ ধরনের হুমকি মোকাবিলার ক্ষেত্রে। কাজেই আল-কায়েদার হুমকিকে সহজভাবে নেওয়ার অবকাশ নেই। বিশেষ করে ওপরে আলোচিত ভৌগোলিক অবস্থানের প্রেক্ষাপটে। আল-কায়েদার শাখা স্থাপনের পর সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন জাতীয় ঐক্য গড়ে তোলা, গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় রাখা এবং এ অঞ্চলের অন্য গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার পথ সুগম করা। আল-কায়েদা সংগঠন হিসেবে বিভিন্ন কারণে কোণঠাসা হয়ে আছে, এ কারণেই হয়ে উঠতে পারে ভয়ংকর এবং নতুনভাবে আত্মপ্রকাশের পথ বের করতে সচেষ্ট।
এম সাখাওয়াত হোসেন (অব.): অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]