
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান সদ্যোজাত কন্যা ম্যাক্সের কাছে লিখেছেন একটা খোলা চিঠি। সেই চিঠিতে তাঁরা জানিয়েছেন, তাঁরা চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ নামে একটা উদ্যোগ নিয়েছেন, যা কাজ করবে মানুষের অমিত সম্ভাবনার বিকাশে আর সমতা প্রতিষ্ঠার জন্য। এই উদ্যোগে তাঁরা দান করে দেবেন ফেসবুকে তাঁদের শেয়ারের শতকরা ৯৯ ভাগ, যার পরিমাণ কমবেশি ৪৫ বিলিয়ন ডলার বা ৩৬০০ হাজার কোটি টাকা। জাকারবার্গ দম্পতির চিঠিটার মধ্যে একটা উদ্দেশ্যের মহত্ত্ব ও মাহাত্ম্য লক্ষ করি। লক্ষ করি কিছু একটা করার বাসনা, এবং চিন্তার নতুনত্ব। ছেলেমেয়ে আমাদের ঘরেও জন্মায়, কিন্তু কেউ আমরা তাঁর মতো করে নবজাতক বা নবজাতিকাকে চিঠি লিখি না।
তবে আমাদের কবিরা কিন্তু জাকারবার্গ দম্পতির মতো করে ভাবতে পেরেছিলেন। জাকারবার্গ দম্পতির চিঠিটা পড়তে গিয়ে বাংলা ভাষার পাঠকদের অবশ্যই মনে পড়ে যাবে অকালপ্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্যের কথা, দুটো কারণে—এক. জাকারবার্গদের মতো তিনিও ভেবেছিলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। দুই. কবি সুকান্ত মারা গিয়েছিলেন অকালে, রোগের কাছে পরাজিত হয়ে। জাকারবার্গ যুগল তাঁদের চিঠিতে লিখেছেন, চিকিৎসা বিষয়টা বিজ্ঞান হিসেবে পরিণত হতে শুরু করেছে ১০০ বছরেরও কম সময় আগে। আমরা আমাদের চোখের সামনে চিকিৎসাপদ্ধতির কত পরিবর্তন ঘটতে দেখলাম। আমার আম্মার কাছে শুনি, আম্মা একজন কলেরা রোগীর বর্ণনা দেন, তখন কলেরা রোগীকে পানি খেতে দেওয়া হতো না, পিপাসায় কাতর সেই রোগী রাতের বেলা ঘর ছেড়ে পালিয়ে যায়, তাকে আবিষ্কার করা হয় পুকুরের জলে, তিনি সেখানে গলাপানিতে দাঁড়িয়ে পানি পান করছেন। আহা, হয়তো স্যালাইন তাঁর জীবন বাঁচাতে পারত। খাবার স্যালাইন যে আমাদের দেশে কত মানুষকে ডায়রিয়ায় মৃত্যুর হাত থেকে বাঁচাল!
জাকারবার্গের চিঠিটা পড়ে অবশ্য রবীন্দ্রনাথের গানের কথাও মনে পড়ছে। রবীন্দ্রনাথের একটা গান আছে জোনাকি নিয়ে, ‘ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ।’ তাতে আছে গভীর অর্থবোধক কথা। রবীন্দ্রনাথ জোনাকিকে বলছেন, ‘তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই ব’লে কি কম আনন্দ।/ তুমি আপন জীবন পূর্ণ ক’রে আপন আলো জ্বেলেছ।।’ কবি আরও বলেছেন, ‘তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ, তুমি ছোটো হয়ে নও গো ছোটো।’ জোনাকি ছোট, কিন্তু ছোট হয়েও সে ছোট নয়, কারণ তার সমস্ত শক্তি দিয়ে সে আলো জ্বালে।
রবীন্দ্রনাথেরই তো উক্তি: ‘আমার যেটুকু সাধ্য করিব তা আমি।’
জাকারবার্গ দম্পতিও একই কথা বলেছেন। বলেছেন, তাঁদের এই উদ্যোগ খুব সামান্য, এ দিয়েই পৃথিবীটাকে বদলে ফেলা যাবে, তা নয়, কিন্তু তাঁদের যতটুকু সাধ্য, সে চেষ্টা তো তাঁদের করতে হবে। তাঁরা বলেছেন সেই পুরোনো আপ্তবাক্য: আমরা যে পৃথিবী রেখে যাব, আমাদের পরের প্রজন্ম যেন তার চেয়ে একটু উন্নত পৃথিবী পায়।
এই বিষয়ে তাঁরা ভেবেছেন। তাঁরা বলছেন, এখন মানুষ মারা যায় প্রধানত পাঁচটা অসুখে—হৃদ্রোগ, ক্যানসার, নিউরো-সংক্রান্ত, স্ট্রোক আর সংক্রামক রোগে। তাঁরা আশা করছেন, তাঁদের সন্তানের এবং সন্তানের সন্তানের প্রজন্ম এসব অসুখে আর মারা যাবে না। সে লক্ষ্যে তাই তাঁরা কাজ করতে চান। মানুষের সম্ভাবনার বিকাশে আর সাম্য প্রতিষ্ঠায় কী করা যায়, তাঁরা ভেবেছেন, তাঁদের সন্তানকে বলছেন,
‘আমরা এখন যা শিখছি আর অভিজ্ঞতা সঞ্চয় করছি, তা থেকে কি ১০০ গুণ বেশি আমরা করতে পারব?
আমরা কি রোগ জয় করতে পারব, যাতে তোমরা আরও দীর্ঘ সুস্বাস্থ্যময় জীবন পাও?
আমরা কি পৃথিবীটাকে সংযুক্ত করতে পারব, যাতে প্রতিটা মানুষ প্রতিটা জ্ঞান, ব্যক্তি ও সুযোগের সঙ্গে যুক্ত থাকতে পারে?
আমরা কি আরও পরিবেশবান্ধব জ্বালানি উদ্ভাবন করতে পারব, যা পরিবেশ রক্ষা করে আমরা আজ যা কল্পনা করতে পারছি না, এমন আবিষ্কারকে সম্ভব করে তুলবে?
আমরা কি এমন উদ্যোগের বিকাশ ঘটাতে পারব, যা উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য যেকোনো ব্যবসা গড়তে কিংবা যেকোনো সমস্যা সমাধান করতে সক্ষম হবে?
সাম্য প্রতিষ্ঠা মানে প্রত্যেকেরই সমান সুযোগ থাকবে এই সব সুবিধা গ্রহণে—তা সে যে জাতি, পরিবার বা পরিবেশেই জন্ম নিক না কেন?’
তাঁরা বলেছেন, এ জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ দরকার হবে। দরকার হবে বিশেষজ্ঞদের, পৃষ্ঠপোষকের, দরকার হবে আরও আরও আশ্চর্য সব মানুষের কাঁধে কাঁধ মেলানো সহযোগিতা।
তাঁরা তাঁদের সন্তানকে বলছেন, ম্যাক্স, তোমাকে আমরা ভালোবাসি, আর সে জন্যই আমরা তোমার জন্য এবং আর
সব শিশুর জন্য উন্নততর বিশ্ব রেখে যাওয়ার দায়িত্বটা বেশি করে অনুভব করি।
জানি, জাকারবার্গ দম্পতির এই চিঠি নিয়েও সমালোচনা হবে। মানুষের একটা প্রধান বিনোদন হলো সমালোচনা করা, আহার-নিদ্রা-মৈথুনের মতোই যেকোনো উদ্যোগের বিরূপ সমালোচনা করা বা ছিদ্র অন্বেষণ করা থেকে আমরা বিরত থাকতে পারি না। এই কাজে বাঙালিরা বেশি পটু, আর সেটা রবীন্দ্রনাথই সবচেয়ে বেশি অনুভব করে সবচেয়ে স্পষ্ট করে লিখে গেছেন। রবীন্দ্রনাথ বাঙালি সম্পর্কে ‘বিদ্যাসাগরচরিত’ প্রবন্ধে বলেছেন, ‘তিনি (বিদ্যাসাগর) উপকার করিয়া কৃতঘ্নতা পাইয়াছেন, কার্যকালে সহায়তাপ্রাপ্ত হন নাই। তিনি প্রতিদিন দেখিয়াছেন—আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি তাহা পালন করি না; ভূরিপরিমাণ বাক্যরচনা করিতে পারি, তিলপরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতালাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিকস্, এবং নিজের বাক্চাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল। কারণ, তিনি সর্ববিষয়েই ইহাদের বিপরীত ছিলেন।’
তবু এই সমাজেই বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। আবার আমাদের দেশে বহু মানুষের সন্ধান পাই, যারা গোপনে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছেন, হাসপাতাল করেছেন, এতিমখানা করেছেন, আরও নানা সামাজিক দাতব্য কাজ করে চলেছেন, কিন্তু কোনো প্রচার চান
না। আবার দানবীর হিসেবে খ্যাতিমান হয়েছেন—এমন মানুষও আমাদের আছে।
জাকারবার্গ কিন্তু বড়লোক হয়েছেন নিজের বুদ্ধি দিয়ে। ফেসবুক হলো নতুন আইডিয়ার বিশ্বজয়ের এক উজ্জ্বল প্রমাণ। বর্তমান দুনিয়া এই সুযোগ আমাদের দিচ্ছে যে কেউ নতুন ধারণা আর সেটাকে কাজে পরিণত করার ব্রত নিয়ে এগিয়ে এলে সাফল্যের চূড়া ছুঁতে পারে।
মানুষ যে একটা অসম্ভব সম্ভাবনাপূর্ণ প্রাণী, জাকারবার্গ সেটা বারবার বলছেন। গতকালকের প্রথম আলোয় জাকারবার্গের ওপরে ছাপা হয়েছে শেখ হাসিনার বিশ্বের শত চিন্তাবিদের তালিকায় স্থান করে নেওয়ার গৌরবজনক খবরটি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, জলবায়ুর পরিবর্তন রোধে বাংলাদেশের দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপগুলোর নেতৃত্ব দেওয়ার জন্য এবং এ বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি একের পর এক অর্জনের জন্য। এর পাশে আরেকটা খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, বাংলাদেশের এক কিশোরের বিশ্ব একাদশে ঠাঁই পাওয়া। আইসিসির ওয়ানডে একাদশে ঠাঁই পেয়েছেন মুস্তাফিজ। সাতক্ষীরার গ্রাম থেকে উঠে আসা এক কিশোর, যার মুখ থেকে এখনো শৈশবের লালিত্য মুছে যায়নি। কী করে অভিষেক ম্যাচগুলোই তাকে নিয়ে গেল বিশ্ব রেকর্ডের পাতায়। প্রতিভা, সাধনা এবং সুযোগ মানুষকে কত দূর নিয়ে যেতে পারে! মাত্র সেদিন প্রথম আলোয় এলেন এম জাহিদ হাসান, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সেই অঙ্গনে তাঁর পদচারণ, যেখানে স্পর্শ রেখেছিলেন আইনস্টাইন, ৮৫ বছর ধরে বিজ্ঞানীরা যে কণা খুঁজছেন, সেই কণা আবিষ্কার করেছেন। তিনি কথা বলছিলেন কিশোর আলো, বিজ্ঞান জয়োৎসব, গণিত অলিম্পিয়াডের তরুণ-কিশোর শিক্ষার্থীদের সঙ্গে, বলছিলেন, জগৎ কী, মানুষ কেন চিন্তা করতে পারে, আমরা কি আসলেই অস্তিত্ব ধারণ করি—এসব বিষয়ে! তাঁর কথা শুনতে শুনতে আমি ভাবছিলাম, সেন্ট্রাল রোড গ্রিন রোড দিয়ে তো আমিও চলি, ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে দিয়ে যাই, ওই স্কুলের ওই পাড়ার একটা ছেলে কত দূর ভাবতে পারছেন, কত-কী নিয়ে গবেষণা করছেন! মানুষ সত্যি সত্যি এক অমিত সম্ভাবনার নাম।
সেই সম্ভাবনাগুলোকে বিকাশের ক্ষেত্র দিতে দরকার একটা উন্নততর পৃথিবী। টাকা অনেকেই আয় করে, কিন্তু নিজের সন্তানের জন্য উন্নততর পৃথিবী গড়ার কথা সবাই ভাবে না। সবাই ভাবে, যতটা পারি ধনসম্পত্তি রেখে যাই, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। সন্তানের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আরও দুটো গাছ কাটি, আরও কিছু পানি দূষিত করি, আর কিছু জমি দখল করি, আর কিছু ন্যায়নীতি লঙ্ঘন করি। পৃথিবীটাকে সুন্দরতর না করে অসুন্দরতর করি।
জাকারবার্গ কিংবা বিল গেটসদের এই উদ্যোগ, চিন্তা ও দানকে তাই দেখি ইতিবাচক বড় পদক্ষেপ হিসেবে। কবি সমুদ্র গুপ্ত বলেছিলেন, আমি বললাম, ফুল, তুমি বললে, ফুল, ও তো কাগজের। আমি বললাম, তবুও তো ফুল, লোকটা তো কাগজ দিয়ে বন্দুকও বানাতে পারত। জাকারবার্গ কিংবা বিল গেটস তো টাকা দিয়ে অ্যাটম বোমাও বানাতে পারতেন!
জাকারবার্গের এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে সরকারের কাছে আবেদন করতে চাই, বাংলাদেশে ফেসবুক খুলে দিন। নিরাপত্তার স্বার্থে আমরা ফেসবুক ব্যবহার থেকে বিরত থাকতে তো বটেই, আরও বড় ত্যাগের জন্য প্রস্তুত আছি, কিন্তু বাস্তবে আমরা এটা ব্যবহার না করলেও যাদের করার তারা তো করছেনই। এমনকি যে নেতাদের করার কথা না, তাঁরাও করছেন। আমাদের আর তাহলে বিরত রাখা কেন?
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।