জাতিসংঘ এখন কতটা প্রাসঙ্গিক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার আলেপ্পোতে বোমায় আক্রান্ত জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর
সিরিয়ার আলেপ্পোতে বোমায় আক্রান্ত জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর

প্রশ্নটির জবাব দেওয়ার আগে আমি তিনটি সাম্প্রতিক ঘটনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব।
গত আগস্ট মাসের ১৮ তারিখে জেনেভায় এক দীর্ঘপ্রতীক্ষিত বৈঠকে মিলিত হয়েছিল সিরিয়াবিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্স। যাদের যাদের থাকার কথা, তারা সবাই সেখানে ছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়া—এই যুদ্ধের পেছনে যারা ছাতা ধরে আছে, তারা তো ছিলই। বাশার আল-আসাদ ও তাঁর প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী গ্রুপও যথাসময়ে এসে আসন নিল। কিন্তু সভা শুরু হওয়ার আট মিনিটের মাথায় সভার উদ্যোক্তা জাতিসংঘের সিরিয়াবিষয়ক প্রতিনিধি স্তেফান দ্য মিস্তুরা রেগেমেগে সেখান থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বললেন, শুধু কথা বলার জন্য সভা করার আর কোনো অর্থ হয় না।
ঠিক সেই দিনই সিরিয়ার আলেপ্পোতে রাশিয়ার পাঠানো বিমান থেকে বোমাবর্ষণের পর ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হলো পাঁচ-সাত বছরের এক বালককে, নাম ওমরান দাকনিশ। মুখে-গায়ে রক্তের দাগ, সারা গায়ে ধুলা। মাত্রই এক নরকযজ্ঞ থেকে উদ্ধার করা হয়েছে তাকে, অথচ তার চোখে এক ফোঁটা অশ্রু নেই। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক ফটোগ্রাফার নীরব ও স্তম্ভিত ওই বালকের ছবিটি তোলার পর সারা বিশ্বে সে হয়ে পড়ে সিরিয়ায় পাঁচ বছরের অব্যাহত যুদ্ধ ও বিশ্বমানবতার সম্মিলিত ব্যর্থতার নতুন পোস্টার-বালক।
সিরিয়ার যুদ্ধে সামান্য কিছু সময়ের জন্য হলেও বিরতির আবেদন জাতিসংঘ অনেক দিন ধরেই করে আসছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপের প্রয়োজন এই যুদ্ধের কোনো পক্ষই দেখেনি। সাময়িক বিরতি হলে আলেপ্পো ও অন্যান্য অবরুদ্ধ নগরে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া যাবে। কিন্তু কে শোনে কার কথা! গত ২২ আগস্ট নিরাপত্তা পরিষদও যথারীতি তার এক সভা ডেকেছিল সিরিয়ায় আশু যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনার জন্য। এ নিয়ে নিরাপত্তা পরিষদ একের অপর এক সভা করেছে, কিন্তু যাদের কিছু করার কথা (নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন), তারা ইনিয়ে-বিনিয়ে নানা কথা বলা ছাড়া কিছুই করতে সক্ষম হয়নি। এই পাঁচ সদস্যের চোখের দিকে তাকিয়ে জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক উপমহাসচিব স্টিফেন ও’ব্রায়ান বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের নিষ্ক্রিয় হয়ে বসে থাকা শুধু লজ্জাকরই নয়, তা রীতিমতো পাপ।’

বলাই বাহুল্য, নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘ এই প্রশ্নে কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। গত সপ্তাহে যুক্তরাজ্য ও রাশিয়া জাতিসংঘের বাইরে নিজেদের মতো যুদ্ধবিরতির ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছেছে, কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হবে, এ কথা খুব বেশি লোক বিশ্বাস করে বলে মনে হয় না। গত সোমবার ত্রাণবহরের ওপর বোমা ফেলেছে আসাদ সরকারের বিমান, তারপর থেকে যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এমন তীব্র মানবিক বিপর্যয়ের সময়েও জাতিসংঘ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় কেন? এ ধরনের প্রশ্নের যে সদাপ্রস্তুত উত্তর দেওয়া হয়, জাতিসংঘ সচিবালয়ের একজন সাবেক সদস্য হিসেবে আমার তা জানা আছে—‘এটা আমাদের কোনো ব্যাপার নয়, এর সব দায়দায়িত্ব সংস্থার সদস্যরাষ্ট্রসমূহের।’

সে কথায় কোনো ভুল নেই, কারণ জাতিসংঘ মানেই তো এর সদস্যরাষ্ট্রসমূহ। তাদের ব্যর্থতা আর জাতিসংঘের ব্যর্থতার মধ্যে তো কোনো তফাত নেই।

জাতিসংঘ তার ৭১ বছরের ইতিহাসে বারবার ব্যর্থ প্রমাণিত হয়েছে; শান্তি ও নিরাপত্তা রক্ষার যে দায়িত্ব সে নিজের ওপর আরোপ করেছে, তা পালনে অযোগ্য প্রমাণিত হয়েছে। প্রায় অর্ধশতক আগে স্বাধীনতার জন্য যুদ্ধরত বাংলাদেশ জাতিসংঘের এই ব্যর্থতার শিকার হয়। যে নয় মাস ধরে বাংলাদেশ পাকিস্তানি বাহিনীর সামরিক অবরোধের বিরুদ্ধে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল, সেই যুদ্ধের শিকার বাঙালিদের রক্ষা করার বদলে হানাদার পাকিস্তানিদের রক্ষা করাই ছিল জাতিসংঘের প্রধান লক্ষ্য। বাঙালিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি সমর্থনের বদলে জাতিসংঘের সব কর্মকাণ্ডের লক্ষ্য ছিল কীভাবে ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের দেশে ফিরিয়ে আনা যায়, যদিও দেশে ফিরে এলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো যোগ্যতাই জাতিসংঘের ছিল না। অবশেষে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারত ও পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বড় কর্তারা ঘুম ভেঙে জেগে উঠে ভাবলেন, এবার তো একটা কিছু করা দরকার, তা না হলে পাকিস্তানের পরাজয় তো ঠেকানো যাবে না। আর ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পর ভারত ও বাংলাদেশ নিজেরাই এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। তারও পাঁচ দিন পর নিরাপত্তা পরিষদ স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে এক প্রস্তাব গ্রহণ করে। তত দিনে লড়াই শেষ। নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্তে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেও যে হাসির রোল উঠেছিল, তা বলাই বাহুল্য।

সে সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন বার্মার (বর্তমান মিয়ানমার) উ থান্ট। তিনি নিজের লেখা স্মৃতিকথা ভিউ ফ্রম দ্য ইউএন গ্রন্থে স্বীকার করেছেন, তিনি যুদ্ধ থামানোর নানা চেষ্টা করেছেন, কিন্তু ‘বড় কর্তারা’ কেউ সে কথা কানে তোলার প্রয়োজন দেখেনি। উ থান্ট অভিযোগ করেছেন, তাদের ওপর যে দায়িত্ব ন্যস্ত ছিল, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা তা পালনে ব্যর্থ হয়।

উ থান্ট স্মরণ করেছেন, ‘জুন মাসে জাতিসংঘে কর্মরত এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, বাংলাদেশের মূল সমস্যা সমাধানের চেষ্টার বদলে জাতিসংঘ কেন তথাকথিত মানবিক ত্রাণে নিজেকে ব্যস্ত রেখেছে?’ সে প্রশ্নের জবাবে কিছুটা বিব্রত হয়ে উ থান্ট বলেছিলেন, এ ঘটনা মানব ইতিহাসের এক ভয়ানক ব্যর্থতার উদাহরণ।

এটি জাতিসংঘের ব্যর্থতার প্রথম অথবা শেষ উদাহরণ নয়। বাংলাদেশের গণহত্যা শেষ হতে না হতেই ইতিহাস সেই একই ঘটনা প্রত্যক্ষ করে কম্বোডিয়ায়। তার আরও পরে বলকানে ও রুয়ান্ডায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দায়িত্ব পালনে ব্যর্থতার মুখে জাতিসংঘ ক্রমশই মনোযোগ দিয়েছে আশু ত্রাণসাহায্য প্রদানের প্রতি। সে কাজটিও গুরুত্বপূর্ণ, কিন্তু শান্তি ও নিরাপত্তা রক্ষার বদলে ‘রিলিফ’ নিয়ে ব্যস্ত থাকায় জাতিসংঘ কার্যত একধরনের আন্তর্জাতিক রেডক্রসে পরিণত হয়েছে। বস্তুত, ত্রাণের কাজটি যদি রেডক্রসের হাতে ছেড়ে দেওয়া হয় এবং তাদের হাতে পর্যাপ্ত সম্পদ দেওয়া সম্ভব হয়, তাহলে জাতিসংঘের তুলনায় তারা অনেক ভালো কাজ করতে সক্ষম হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ, জাতিসংঘের মতো ‘রাজনৈতিক তারকা’দের মর্জি-মেজাজ নিয়ে রেডক্রসকে হাত গুটিয়ে বসে থাকতে হয় না।

এরপরও জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে কোনো প্রশ্ন যদি কারও মনে থাকে, আমি বলব, দয়া করে আলেপ্পোর ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত ওমরান অথবা তার মতো আরও লাখো সিরীয় নাগরিককে জিজ্ঞেস করুন। সঠিক উত্তর তারাই দিতে পারবে।

হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।