জাতিসংঘ দলের সঙ্গে সুন্দরবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল দুর্ঘটনায় বিপর্যস্ত সুন্দরবন
তেল দুর্ঘটনায় বিপর্যস্ত সুন্দরবন

বিগত ৯ ডিসেম্বর সুন্দরবনে শ্যালা নদীতে সাড়ে তিন লাখ লিটার তেল দুর্ঘটনাজনিত কারণে উপচে পড়ার পর তা সৃষ্ট দূষণ মূল্যায়ন ও মোকাবিলায় সাহায্য ও পরামর্শ চেয়ে বাংলাদেশ সরকার বিদেশি বিশেষজ্ঞ দলকে নিয়োগ করার জন্য জাতিসংঘ সংস্থা ইউএনডিপির কাছে ইচ্ছা প্রকাশ করে। তার পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বরের মধ্যে আমেরিকা, কানাডা, ফ্রান্স, সুইডেন ও ফিনল্যান্ড থেকে মোট নয়জন পরিবেশ বিজ্ঞানী বাংলাদেশে আসেন। তাঁদের সঙ্গে বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞানী, পরামর্শকসহ ২৫ সদস্যবিশিষ্ট একটি দল ২৩ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে অবস্থান করে জরিপ চালায়। এ দলে একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় আলোকপাত করতে চাই।
পুরো দলটি একটি টুরিস্ট নৌযানে সুন্দরবনের ভেতর অবস্থান করে জরিপ কাজটি পরিচালনা করে। দলনেত্রী ফিনল্যান্ডের নাগরিক এমিলিয়া ওয়াসটর্ম দল পরিচালনায় ক্ষিপ্রতা, একাগ্রতা ও ছোট–বড় সমস্যার তাৎক্ষণিক সমাধানের যে দক্ষতা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। কাজের ধারাকে সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে পুরো দলটিকে ছয়টি দলে ভাগ করে তাদের ভিন্ন ভিন্ন শাখায় জরিপ করার জন্য নিয়োগ করা হয়। এগুলো হলো ১. দুর্ঘটনা স্থান থেকে উজানে ও ভাটির দিকে কতটুকু জায়গা বরাবর ও কী মাত্রায় তেলদূষণ হয়েছে, তা নির্ধারণ করা। ২. নদীতে জলজ উদ্ভিদ ও প্রাণীর ওপর এ দুর্ঘটনা কী প্রভাব ফেলেছে ৩. ম্যানগ্রোভ বনাঞ্চল কীভাবে প্রভাবিত হয়েছে ৪. বন্য প্রাণীর ওপর কী প্রভাব পড়েছে ৫. এলাকার মানুষের স্বাস্থ্যের ও তাদের জীবিকার ওপর কী প্রভাব পড়েছে। প্রতিটি দল প্রতিদিন সকাল ছয়টার মধ্যে নিজ নিজ স্পিডবোট ও যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়ে সুন্দরবনের দুর্ঘটনাকবলিত ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার ওপর। সন্ধ্যা নাগাদ জাহাজে ফিরে এসে চলে তথ্য-উপাত্ত আদান-প্রদান ও মতবিনিময়। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলে মাঠভিত্তিক জরিপের কাজ।
জাতিসংঘ/বাংলাদেশে যৌথ দলটির কাজের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। তবে প্রাথমিকভাবে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনাযোগ্য বলে মনে করি।
১. শ্যালা নদীতে সংঘটিত উপরিউক্ত ঘটনাটি একটি গুরুতর তেলদূষণ দুর্ঘটনা বলে বিবেচিত হয়েছে। এ দুর্ঘটনাটি সুন্দরবনের বন্য প্রাণীর (ডলফিন) অভয়স্থান চাঁদপাই-মৃগমারী এলাকায় সংঘটিত হওয়ায় এটি অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুন্দরবনের পশ্চিম অংশের তুলনায় এই পূর্বাংশ অপেক্ষাকৃত কম লবণাক্ত হওয়ার কারণে এই অংশে প্রাণীর সংখ্যা ও বৈচিত্র্য পশ্চিমাংশের তুলনায় অনেক বেশি।
২. তেল দুর্ঘটনাটি আরও ভয়াবহ আকারে ঘটতে পারত, যদি তা ভোর পাঁচটায় ভাটার সময় না হয়ে জোয়ারের সময় হতো কিংবা যদি তা শীতকালের পরিবর্তে বর্ষাকালে হতো অথবা যদি তা মরা গুন (নিপ টায়েড) চক্রে না হয়ে জবা গুন (স্প্রিং টায়েড) চক্রে হতো। উপরিউক্ত তিনটি প্রাকৃতিক কারণে এ দুর্ঘটনায় সুন্দরবনের মূল বনতল উল্লেখযোগ্যভাবে প্লাবিত হয়নি। তাই তেলদূষণ মূলত নদী, শাখা নদী ও তাদের তীরবর্তী এলাকায় সীমাবদ্ধ ছিল। সে হিসেবে এ দুর্ঘটনাটি সুন্দরবনের রক্ষার দায়িত্বে থাকা ঘুমন্ত বাংলাদেশের জন্য ‘ওয়েক আপ কল’ বা জেগে ওঠার ডাক বটে।
৩. জরিপে দেখা গেছে, ২৩-২৮ ডিসেম্বর সময়ে শ্যালা নদীতে দুর্ঘটনা স্থান থেকে উজানে ও ভাটির দিকে প্রায় ৪০ কিলোমিটার বরাবর নদীকূল বিবিধ মাত্রায় দূষিত হয়ে রয়েছে। এই স্থানগুলোয় গাছগাছালিতে ঘন তেলের কালো আস্তরণ সহজেই দৃশ্যমান। বিশেষ করে গাছের শ্বাসমূলগুলো অনেক স্থানে সম্পূর্ণভাবে ঘন তেলের কালো আবরণে ঢাকা পড়েছে, যা গাছের জীবনের জন্য খুব ঝুঁকিপূর্ণ। তেলের এই কালো স্তর প্রাকৃতিকভাবে সহসা বা সহজে চলে যাবে না এবং তা কৃত্রিম উপায়ে গাছের ওই অংশ কেটে ফেলার মাধ্যমে পরিষ্কার করা যেতে পারে। কিন্তু তা করতে গেলে যে বিপুল পরিমাণ দূষিত গাছপালার বর্জ্য তৈরি হবে, তা সুষ্ঠুভাবে সরানোর কাজ একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।
৪. দুর্ঘটনার পরপর শ্যালা নদীর পানিতে যে পরিমাণ তেল ছড়িয়ে থাকতে দেখা গেছে, তা বর্তমানে ক্রমাগত পানির স্রোতের কারণে সাগরের দিকে প্রবাহিত হয়ে ও স্থানীয় লোকদের সাহায্যে সরিয়ে নেওয়ার কারণে অনেকাংশে কমে গেছে। তবে নদীর পানি সম্পূর্ণ দূষণমুক্ত নয়। বিশেষ করে নদীর পানিতে এখনো হালকা তেলের ভাসমান স্তর দৃশ্যমান হয়।
৫. তেল ছড়িয়ে পড়ার ফলে সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর প্রভাব লক্ষ করা যায়। বনের ভেতর বাঘ, হরিণ বা ওই–জাতীয় প্রাণীর মৃত্যুর কোেনা খোঁজ পাওয়া যায়নি, তবে শরীরে তেল লেগে শারীরিক অস্বস্তিতে পড়েছে এমন অনেক পাখি ও অন্য প্রাণীর সন্ধান পাওয়া যায়। জরিপকালে নদীতে দুর্ঘটনাস্থলে মাছের স্বল্পতা প্রমাণ করে যে মাছের ওপর তেলের নেতিবাচক প্রভাব পড়েছে। তবে তা ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী তা নির্ধারণের জন্য যে পর্যাপ্ত সময় প্রয়োজন, তা এই জরিপ দলের ছিল না। তবে দুর্ঘটনার স্থান থেকে দূরবর্তী স্থানে মাছের শবচ্ছেদ পরীক্ষায় দৃশ্যত তেলের কোনো চিহ্ন নির্ধারণ করা যায়নি।
৬. শ্যালা নদীর পানীতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ও উদ্ভিদগুলোর ফাইটোপ্লাংকটন ও জুওপ্লাংকটনের ওপর তেলের প্রভাব পড়া স্বভাবিক। এটি কতটা কমেছে তা নির্ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থাপনা এই জরিপ দলের ছিল না। তেলমিশ্রিত পানি বা বিশেষ করে নদীর পানিতে ভাসমান হালকা তেলের স্তর এই ক্ষুদ্র প্রাণী ও উদ্ভিদকুলকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করা যেতে পারে। এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ও উদ্ভিদকণা সুন্দরবনের প্রাণীর জীবনচক্রের অংশ, তাই তাদের ক্ষতি হলে দীর্ঘ মেয়াদে তার প্রভাব অপেক্ষাকৃত বড় প্রাণীদের, যেমন মাছদের ওপর পড়বে বলে মনে করা যেতে পারে।
৭. দুর্ঘটনার পরপর প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়ার অভাবে তেল সহজভাবে ছড়িয়ে পড়া সম্ভব হয়েছে। কোনো যান্ত্রিক বা নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা যেমন কনটেইনার বুম ও অয়েল স্কিমার কাজে না লাগানোর ফলে তেলদূষণের বিস্তৃতি অধিকতর হয়েছে। তবে দেরিতে হলেও কর্তৃপক্ষের তরফ থেকে শাখা নদীগুলোর মুখে জাল টানানোর ব্যবস্থাপনা শাখা নদীগুলোতে তেল ঢুকে পড়া হ্রাস করতে সাহায্য করেছে। সামগ্রিকভাবে বাংলাদেশ তেল দুর্ঘটনার বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিতে অপ্রস্তুত ও অদক্ষতার সাক্ষ্য দিয়েছে।
৮. প্রাথমিকভাবে ছড়িয়ে পড়া তেল নদী থেকে সংগ্রহ করতে স্থানীয় লোকদের খালি হাতে যেভাবে নিয়োগ করা হয়েছে, তাতে তাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়, যার মধ্যে চর্মরোগ, বমি হওয়া, বদহজম হওয়া ইত্যাদির খোঁজ পাওয়া যায়। এদের পুনর্বাসনে কর্তৃপক্ষের সাহায্য প্রয়োজন।
৯. সুন্দরবনের ভেতর দিয়ে তথা শ্যালা নদী দিয়ে যান চলাচল করতে দিয়ে এই বিশ্বনন্দিত প্রাকৃতিক সম্পদকে একটি বিপজ্জনক ও নাজুক অবস্থার মধ্যে রাখা হয়, যার পরিণতিতে এই তেলদূষণ দুর্ঘটনা ঘটে। বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থাপনা চালু করে অনতিবিলম্বে এ সমস্যা সমাধান করা অত্যাবশ্যক।
এই দলে কাজ করার সুবাদে সুন্দরবনকে যেভাবে দেখলাম, তা আমার মতো অন্য সহকর্মীদের জন্য বিরল অভিজ্ঞতা বটে। প্রতিদিনের কর্মব্যস্ততার মাধ্যমে এই বিজ্ঞানী বিশেষজ্ঞ দলের সদস্যরা একে অন্যের জ্ঞান ও মত ভাগ করে নিয়ে উপকৃত হয়েছেন।
শেষ দিনে মাঠভিত্তিক কাজ সেরে জাহাজে ফিরে যথারীতি অপরাহ্ণের সভা যখন শেষ হলো, সূর্য তখন অস্তগামী। জাহাজের ডেকে এই প্রথম নিভৃতে একাকী বসার অবকাশ পেলাম। দিগন্তে তাকিয়ে দেখলাম কী অপূর্ব এই সুন্দরবন, অস্তগামী সূর্যের হালকা আলো ও আঁধারে মেশানো চাদর যেন সযত্নে ঢেকে দিচ্ছে বিশাল বনে জড়াজড়ি করে থাকা বৃক্ষরাজি, নদী ও অসংখ্য ছোট-বড় শাখা নদীর জাল। হঠাৎ পেছন থেকে কে যেন বলল, ইট রিয়েলি টাচেজ মাই হার্ট (এ দৃশ্য সত্যি আমার হৃদয়কে ছুঁয়ে যায়)। পেছন ফিরে দেখলাম, ফরাসি বিজ্ঞানী স্টিফেন আমার পিঠে টোকা দিয়ে ওদিকে চলে গেলেন। ভাবলাম, সৃষ্টিকর্তা আমাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্য এই সুন্দরবনকে কত সহজভাবে বিছিয়ে দিয়েছেন, অথচ তা সুরক্ষা করার ক্ষমতাটুকু আমাদের নেই? জাতি হিসেবে আমরা কি এতটাই দীন?
যদি তা-ই হয়, তবে এ দৈন্যের ভার কে নেবে?
বদরূল ইমাম: অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।