জাতীয় ঐক্যের বিপক্ষে দলীয় 'ঐক্য' চাই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐক্যের ডাক দিল বিএনপি। প্রধানমন্ত্রী বললেন, ঐক্য তো হয়েই আছে। কথাটা ঠিক। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে একটা সরকারি ঐক্য তো আছেই। সরকারি দৃষ্টিতে যেহেতু দেশের প্রধানতম হুমকির নাম হলো বিএনপি, অতএব তার সঙ্গে ঐক্য কিসের? বরং নতুন করে দলটির ওপর চড়াও হলেই আমরা বুঝতে পারব সরকার কথায় ও কাজে এক আছে। এত দিন যাদের এক আনাও সহ্য করা হয়নি, এখন তাদের সঙ্গে ঐক্য করা তো স্ববিরোধী কাজ হয়ে যাবে।
আমরা বুঝলাম, বিভক্তির অপর নামই হলো ঐক্য। ঐক্য বলতে যতই দলীয় ঐক্য বোঝা হবে, জাতীয় ঐক্যের সুযোগ ততই কমে যাবে।
যাদের বিরুদ্ধে এই ঐক্য, ইতিমধ্যে তারা আগের থেকে বড় আকারে তাদের শক্তিমত্তা দেখাচ্ছে। তাদের মধ্যে ভাঙন ধরাতে পুলিশকে পুরস্কার ঘোষণা করতে হচ্ছে। বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে, জঙ্গিবাদী দল থেকে ফিরে এলে প্রচুর টাকা দেওয়া হবে। কিন্তু এ ধরনের সরল বুদ্ধিতে কাজ হওয়ার নয়। জঙ্গিদের টাকার অভাব আছে বলে মনে হয় না। টাকার জন্য তারা জঙ্গি হয়নি, টাকার টোপে তারা ফিরবে না।
আমাদের অনেক বিজ্ঞ মহলের বিশ্বাস, কেবল বেহেশতের লোভে তরুণেরা জঙ্গি হয়। জঙ্গিবাদের উৎপত্তির ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক কারণের দিকেই এখন নজর দেওয়া দরকার ছিল। তার বদলে ইত্যাকার ছেলেমানুষি যুক্তির ছড়াছড়ি দেখে ভয় হয়, ভয়ের ধাক্কায় আমাদের বুদ্ধিনাশও ঘটল কি না।
যা হোক, জঙ্গিরাই বরং জাতীয় ঐক্যে ফাটল ধরাতে কামিয়াব হয়েছে। দুই পক্ষের মধ্যে দূরত্ব কমার বদলে আরও বেড়েছে। অনলাইন-ফেসবুকে সরকারপন্থী আর সরকারবিরোধীদের বাগ্‌যুদ্ধ তুমুল বেগে চলছে। দুই পক্ষই পরস্পরের আস্তিনের তলায় জঙ্গি খুঁজে চলেছে।
আসলে একতা জিনিসটা বাঙালির ধাতে নেই। এক বাঙালি জাতি বহুকাল হলো দুই দেশে বিভক্ত হয়ে আছে। বাংলাদেশের বাঙালিদের একবারই ঐক্যবদ্ধ করা গিয়েছিল। স্বাধীনতা আন্দোলনের সময়। এরপরে এরশাদবিরোধী আন্দোলনের একেবারে শেষ দিকে। এই দুই বিরল ঐক্যের ফলও ছিল অসাধারণ। প্রথমবার পেয়েছিলাম স্বাধীনতা, দ্বিতীয়বার এসেছিল গণতন্ত্র।
ওই দুবারই জনগণের বড় অংশ সেই সময়ের প্রধান সমস্যা কী, তা নিয়ে একমত হয়েছিল। কিন্তু এই দফায় আমরা একমত নই যে আমাদের প্রধান সমস্যা কী। একদল মনে করে, বিএনপি-জামায়াতই দেশের শত্রু। তাদের বিনাশেই দেশ হত্যাপুরী থেকে শান্তিপুরী হয়ে যাবে। বিএনপি-জামায়াত মনে করে, ক্ষমতাসীন সরকারই দেশের প্রধান সমস্যা। রাজনীতি ও দল কাজ করে প্রধান সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী কর্মসূচির ভিত্তিতে। কোনো একটা প্রধান দ্বন্দ্ব চিহ্নিত করে নিয়ে তার মীমাংসার লক্ষ্যেই কাজ করে রাজনৈতিক দল। একাত্তরের আগে এই প্রধান দ্বন্দ্ব ছিল জাতিগত নিপীড়ন। রাজনীতি তখন আবর্তিত হয়েছিল তা থেকে মুক্তির সংগ্রামের লক্ষ্যে। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে প্রধান দ্বন্দ্ব হিসেবে হাজির হয়েছিল গণতন্ত্রহীনতা। ভাবা হয়েছিল, গণতন্ত্র না হলে উন্নয়ন হবে না, দারিদ্র্য কমবে না। জনগণের দিক থেকে গণতন্ত্র না হলেও শাসক দলগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগির গণতান্ত্রিকতা এখানে চালু ছিল। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন, তার পরের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন পরিচালিত হয়েছিল এই দ্বন্দ্বকে ঘিরে।
তাহলে বর্তমানে বাংলাদেশের জনগণের সামনে প্রধান দ্বন্দ্ব কী? কারা জনগণের প্রধান শত্রু—সেই প্রশ্নের উত্তর ছাড়া তাই রাজনীতির বিকাশ ঘটার কথাও না। এই মীমাংসা হতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। অথচ জনগণ ভোটের সারিতেও নেই, আন্দোলনও নেই। অন্যদিকে, দেশের প্রধান দুই রাজনৈতিক ধারা তাদের মতো করে প্রধান দ্বন্দ্ব ঠিক করে নিয়েছে। পরস্পরের অস্তিত্বই তাদের সামনে প্রধান দ্বন্দ্ব হিসেবে হাজির রয়েছে। পরস্পরের বিনাশের মাধ্যমে এই দ্বন্দ্বের সমাধানের আকাঙ্ক্ষা তাদের চিন্তা ও কল্পনাকে চালায়। এর বাইরে তারা আর কিছু ভাবতে রাজি নয়। সুতরাং, দেশের সামনে প্রধান বিপদ কি জঙ্গিবাদ, নাকি অগণতান্ত্রিকতা, তার মীমাংসাও তাই তাদের দ্বারা হবে বলে মনে হচ্ছে না। জঙ্গিবাদের বাস্তবতাকে তারা যার যার ‘আসল’ উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। বিএনপি যে জাতীয় ঐক্যের কথা বলছে, তারও উদ্দেশ্য একটাই: সরকারকে বেকায়দায় ফেলা। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে হান্নান শাহ দাবি করেছেন যে খালেদা জিয়া ঐক্যের কথা বলায় সরকার বিপদে পড়েছে। আওয়ামী লীগও জঙ্গিবাদবিরোধী কার্যক্রমকে বিরোধী দমনের জন্য ব্যবহার করতে চাইছে।
সুতরাং, প্রধান দ্বন্দ্ব কী, তা নিয়েও দেশ আগের মতো দ্বিধাবিভক্তই থাকছে। সুতরাং, জঙ্গি বিপদ হাজির হওয়ার আগে আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমির আরও ঘনই হবে বলে মনে হচ্ছে।
সততা ও বিচক্ষণতার সঙ্গে এক চিমটি দেশপ্রেম থাকলেই এই বিতর্কের অবসান ঘটানো যেত। কিন্তু এ এমন এক দেশ, রাজনীতি করার জন্য জরুরি এই তিন গুণের সহাবস্থান কেন জানি হয় না। পৃথিবীতে কোনো জাতি বা দেশের পতন বাইরের দ্বারা যতটা না হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে আত্মঘাতী হিংসা-বিভক্তির জন্য।
তাহলে দাঁড়াল এই, আমরা ‘ঐক্য’ চাই কেবল প্রতিপক্ষের বিপক্ষে। আমরা ঐক্য চাই জাতীয় ‘ঐক্যে’র বিরুদ্ধে। জঙ্গিরা চায় প্রতিপক্ষকে বিনাশ করে ফেলতে? প্রতিপক্ষকে বিনাশ করার সহিংস রাজনৈতিক সংস্কৃতি দলে-বলে লালন করে কীভাবে আমরা জঙ্গিবাদের বিস্তার ঠেকাব?