জাতীয় ডিএনএ ডেটাবেইস দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে পৃথিবীর জনসংখ্যা সাত শ কোটির বেশি। এই বিশ্বের প্রতিটি মানুষ অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, যার ধারক তার প্রতিটি কোষে অবস্থিত ডিএনএ। বংশগতির অন্তর্গত এই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ১৯৮৫ সালে আবিষ্কৃত হয় ডিএনএ প্রোফাইলিং প্রযুক্তি। বিগত শতাব্দীতে বোধ হয় এটি জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার, যা কালক্রমে বিচারব্যবস্থা ও অপরাধ তদন্তের শক্তিশালী হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে। বিশ্বায়নের ধারাবাহিকতায় আমরাও এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছি অনিবার্যভাবে। কিন্তু এই প্রযুক্তির সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হলে যে পদক্ষেপ নেওয়াটা এখন সবচেয়ে জরুরি, তা হলো একটি জাতীয় ডিএনএ ডেটাবেইস প্রতিষ্ঠা করা। বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পাল্টেছে অপরাধের ধরন, অপরাধজগতে ঘটেছে প্রযুক্তির অনুপ্রবেশ, এর সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা, যার নাম জঙ্গিবাদ। সুতরাং, আমাদেরও সময় হয়েছে নতুন করে ভাবার।

একটি ডিএনএ ডেটাবেইস হচ্ছে একটি সমন্বিত তথ্যভান্ডার, যেখানে ডিএনএ প্রোফাইল সুসজ্জিত থাকে বিভিন্ন ইনডেক্স বা সূচকের আওতায়। যাতে প্রয়োজনমাফিক ইলেকট্রনিক সার্চ পদ্ধতির মাধ্যমে স্বল্প সময়ে যেকোনো ডিএনএ প্রোফাইলকে সহজে খুঁজে বের করা যায় অথবা সন্দেহভাজনের ডিএনএ প্রোফাইলের সঙ্গে তুলনা করে অতীতে ঘটে যাওয়া কোনো অপরাধের সঙ্গে তার যোগসূত্র স্থাপন করা যায়। কোনো অপরাধী আইনের ফাঁক গলে বেরিয়ে এসে বারবার একই অপরাধ করছে কি না, কোনো অপরাধস্থল থেকে প্রাপ্ত ডিএনএ প্রোফাইল ভিন্ন কোনো অপরাধে গ্রেপ্তারকৃত আসামির ডিএনএ প্রোফাইলের সঙ্গে ম্যাচ করছে কি না, কোনো একটি বিশেষ অপরাধে কতজন অপরাধীর সংশ্লিষ্টতা ছিল অথবা সন্ত্রাসী কিংবা জঙ্গি হামলা বা আইনপ্রয়োগকারী সংস্থার এনকাউন্টারে নিহত অপরাধী অতীতে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল কি না বা তার আসল পরিচয়ই-বা কী, এসব প্রশ্নের উত্তরই পাওয়া সম্ভব একটি ডিএনএ ডেটাবেইসের মাধ্যমে।

পৃথিবীর প্রথম ডিএনএ ডেটাবেইস প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে যুক্তরাজ্যে। এই ডেটাবেইসে ৬২ লাখের ওপরে ডিএনএ প্রোফাইলের মজুত রয়েছে। যুক্তরাজ্যের পর শুরু করলেও পৃথিবীর সর্ববৃহৎ ডিএনএ ডেটাবেইসটি যুক্তরাষ্ট্রের। এখানে ৭০ লাখের বেশি ডিএনএ প্রোফাইল সংরক্ষিত আছে। ডিএনএ আইন প্রণয়ন করেছে এ রকম দেশের সংখ্যা বিশ্বে ৬৪। এর মধ্যে ৫৪টি দেশ ডিএনএ ডেটাবেইস বাস্তবায়ন করেছে, বাকিরা পরিকল্পনা বা বাস্তবায়নের পর্যায়ে আছে। এই ৬৪ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৬১তম।

বাংলাদেশ সরকার ২০১৪ সালে মহান জাতীয় সংসদে ‘ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) আইন ২০১৪’ আইন পাস করে। মোট সাতটি অধ্যায়–সংবলিত এই ডিএনএ আইনের পঞ্চম অধ্যায়ের ২৪ নম্বর ধারায় বলা আছে, ‘সরকার ডিএনএ ল্যাবরেটরি কর্তৃক সম্পাদিত ডিএনএ প্রোফাইল–সংবলিত নিম্নবর্ণিত ইনডেক্সসমূহের সমন্বয়ে একটি জাতীয় ডিএনএ ডেটাবেইস প্রতিষ্ঠা করবে, যথা: ক) অপরাধস্থল ইনডেক্স; খ) সাজাপ্রাপ্ত অপরাধীর ইনডেক্স; গ) অজ্ঞাত ব্যক্তিদের ইনডেক্স; এবং ঘ) সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ইনডেক্স।’ ইতিমধ্যে দুটি বছর পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। একটি ডিএনএ আইনের সফল প্রণয়ন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়।

একটি ডিএনএ ডেটাবেইস থেকে আমরা মোট চারভাবে লাভবান হতে পারি। ১. স্বল্পতম সময়ে অনেক বেশি অপরাধের তদন্ত ও নিষ্পত্তি, ২. আরও বেশি ভবিষ্যৎ অপরাধ প্রতিহতের মাধ্যমে নিরাপত্তা সুরক্ষা বৃদ্ধি, ৩. সঠিক অপরাধীকে শনাক্ত ও নিরপরাধ ব্যক্তিকে রেহাই দেওয়ার মাধ্যমে সুবিচার নিশ্চিত করা, ৪. অপরাধ বা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার ব্যয় সাশ্রয় করা। ডিএনএ ডেটাবেইস প্রতিষ্ঠার যেমন একটি প্রাথমিক ব্যয় রয়েছে, তেমনি একটি অপরাধ সংঘটিত হওয়ার পরও একধরনের ব্যয় আছে, যে ব্যয়ের অংশীদার যুগপত্ভাবে ব্যক্তি ও রাষ্ট্র উভয়েই। একটি সহিংস অপরাধের পর ব্যক্তির ওপর বিভিন্ন ধরনের ব্যয় আরোপিত হয়। যেমন স্বল্প অথবা দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়, মামলা পরিচালনার ব্যয়, কর্মঘণ্টা অথবা কর্মক্ষমতা হারানোর কারণে আর্থিক ক্ষতি ইত্যাদি। অন্যদিকে রাষ্ট্রের জন্য এটি একটি দীর্ঘমেয়াদি ব্যয়, যেখানে রয়েছে পুলিশি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মঘণ্টা, যা চলতে থাকে বছরের পর বছর, যতক্ষণ পর্যন্ত মামলার নিষ্পত্তি না ঘটছে। ডিএনএ ডেটাবেইস প্রতিষ্ঠার ব্যয় এবং এর বিপরীতে সহিংস অপরাধের ব্যয়, এ রকম একটি সমীক্ষা পরিচালিত হয়েছিল ২০১২ সালে যুক্তরাষ্ট্রে। সেখানে দেখা যায়, ৩২ কোটি জনসংখ্যার ওই দেশে প্রতিবছর প্রায় সাড়ে ৩ লাখ সহিংস অপরাধ সংঘটিত হয়। আর ডিএনএ ডেটাবেইস থাকার কারণে তারা ১ লাখ ১৭ হাজার অপরাধ প্রতিহত করতে সক্ষম হয়, যেখানে তাদের রাষ্ট্রীয় ব্যয়ের সাশ্রয় হয়েছিল প্রায় ১ হাজার ২৯০ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিবছর এ দেশে প্রায় দেড় লাখ অপরাধ নথিভুক্ত হয়। যদি ডিএনএ ডেটাবেইসের মাধ্যমে এর এক-তৃতীয়াংশ অপরাধও প্রতিহত করা যায় এবং একটি অপরাধের পেছনে যদি রাষ্ট্রীয় ব্যয় উন্নত দেশের ১০ ভাগের ১ ভাগও হয়, তাহলে বছরে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

রাষ্ট্রনিয়ন্ত্রিত জাতীয় ডেটাবেইসের পাশাপাশি সরকারি বিভিন্ন বিভাগ বা সংস্থা, এমনকি বেসরকারি পর্যায়েও ডিএনএ ডেটাবেইস থাকতে পারে। বিশেষ করে, যেসব বিভাগের সদস্যরা ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত, যেমন সেনাবাহিনী, পুলিশ বা ফায়ার সার্ভিস। বেসরকারি পর্যায়ে যারা এ ধরনের ডিএনএ ডেটাবেইসের সুফল পেতে পারে, তাদের মধ্যে উল্লেখযোগ্য পোশাকশিল্পসহ অন্যান্য বড় শিল্পপ্রতিষ্ঠান, নিরাপত্তাকর্মী অথবা পরিচ্ছন্নতাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান, ট্যাক্সিক্যাব পরিচালনাকারী প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি ইত্যাদি।

বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে। উন্নয়নের এই অগ্রযাত্রা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই রূপ দিতে হলে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তায় কোনো সংকট তৈরি হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, উন্নয়ন সহযোগীরা মুখ ফিরিয়ে নেয়, যার নেতিবাচক প্রভাব উন্নয়নকেই ব্যাহত করে। তাই আমাদের প্রত্যাশা, সরকার একটি জাতীয় ডিএনএ ডেটাবেইস প্রতিষ্ঠা করে নিরাপত্তাব্যবস্থার সুরক্ষা করবে।

ড. শরীফ আখতারুজ্জামান: অধ্যাপক, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ঢাকা মেডিকেল কলেজ।