জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: ডটেসর কার্যকারিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মার্চ ২০১৩ প্রথম আলোর আয়োজনে ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: ডটেসর কার্যকারিতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাক। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনপ্রাণ গোপাল দত্ত: উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়এন ইশিকওয়া: পরিচালক, আরআইটি, টোকিও, জাপানমোজাফ্ফর হোসেন পল্টু: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নাটাবরশিদ-ই-মাহবুব: সাবেক সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনমো. আশেক হোসেন: ডিরেক্টর-এমবিডিসি অ্যান্ড লাইন ডিরেক্টর-টিবি/ল্যপ্রোসি, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিমো. রাশিদুল হাসান: অধ্যাপক ও পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালীরুহুল আমিন: অধ্যাপক, পেডিয়াট্রিক পালমোনলজিস্ট, শিশু হাসপাতাল, শ্যামলীকে. জামান: বিজ্ঞানী ও এপিডেমিওলজিস্ট, আইসিডিডিআরবি, মহাখালী ঢাকাআসিফ মুজতবা মাহমুদ: সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)মো. আকরামুল ইসলাম: সহযোগী পরিচালক, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি, ব্র্যাকলুৎফর রহমান: প্রোগ্রাম কনসালট্যান্ট-টিবি, ইউপিএইচসিএসডিপি, নগর ভবন, ঢাকাঅং ক্য জাই মগ: কান্ট্রি ডিরেক্টর, ডেমিয়েন ফাউন্ডেশন, বাংলাদেশনিলুফার বেগম: মেডিকেল কনস্যালট্যান্ট ও কো-অর্ডিনেটর, টিবি কন্ট্রোল প্রোগ্রাম, আশার আলো সোসাইটিএজাজুল ইসলাম: অভিনেতাইকবাল কবীর: সহকারী অধ্যাপক, রোগতত্ত্ব বিভাগ, নিপসমএলিসন সুব্রত বাড়ৈ: কর্মসূচি সমন্বয়কারী, অ্যাডভোকেসি, ব্র্যাকমির্জা নিজাম উদ্দিন: ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: যক্ষ্মা নিয়ে মানুষের মধ্যে একসময় আতঙ্ক ছিল। কিন্তু নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা ভালো হয়। ব্র্যাকসহ অন্যান্য বেসরকারি সংস্থা ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি’ বস্তবায়ন করছে। এ কর্মসূচি সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার ভূমিকা রয়েছে। এখন এ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মো. আশেক হোসেন।মো. আশেক হোসেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে বিশ্বে এক কোটি ২০ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়। এর মধ্যে দক্ষিণ এশিয়া ও আফ্রিকাতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যক্ষ্মা বিশ্বব্যাপী একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। ২২টি যক্ষ্মাপ্রবণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বাংলাদেশে লাখে মৃত্যু হয় ৪৫ জনের। ১৯৯৩ সালে বাংলাদেশে ডটেসর (ডাইরেক্টলি অবজারভড ট্রিটমেন্ট) কার্যক্রম শুরু হয়। এর পর থেকে ১৯৯৮ সালের মধ্যে বাংলাদেশের সব কটি উপজেলায় ডটেসর কার্যক্রম সম্প্রসারিত হয়। বিশ্বে বাংলাদেশের বর্তমান ডটেসর কার্যক্রম একটি মডেল হিসেবে প্রশংসিত হয়েছে। আমরা এখন এমডিআর টিবি, শিশুদের যক্ষ্মা, কফে জীবাণুমুক্ত ও ফুসফুসবহির্ভূত যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসার ওপর গুরুত্ব দিচ্ছি।মো. রাশিদুল হাসান: বাংলাদেশে ডট্স একটি নীরব কিন্তু সফল আন্দোলন। যক্ষ্মার অন্ধকার গহ্বর থেকে ডট্স মানুষকে রক্ষা করেছে। যক্ষ্মা রোগের একটি বড় সমস্যা হলো, কমপক্ষে ছয় মাস একনাগাড়ে ওষুধ খাওয়া। একজন রোগীর নিয়মিত ওষুধ খাওয়ার বিষয়ে আমাদের আরও নিবিড়ভাবে ভাবতে হবে। সাধারণত একজনের তত্ত্বাবধানে যক্ষ্মার ওষুধ সেবন করতে হয়। অনেক সময় রোগী তিন-চার মাস ওষুধ খাওয়ার পর তা বন্ধ করে দেন। এতে যক্ষ্মা ভালো হওয়ার পরিবর্তে ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা (এমডিআর-টিবি) হওয়ার আশঙ্কা বেশি থাকে, যা সাধারণ যক্ষ্মার চেয়ে আরও বেশি মারাত্মক। যক্ষ্মার জীবাণু সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। আমরা যদি হাঁচি-কাশির সময় মুখে রুমাল ব্যবহার করি, তাহলে যক্ষ্মার জীবাণু অনেক ক্ষেত্রেই কম ছড়াবে। সরকারি ও বেসরকারি সংস্থার যৌথভাবে পরিচালিত ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি’ একটি সফল কার্যক্রম। শিশুদের যক্ষ্মার বিষয়ে আরও সামাজিক সচেতনতা বাড়ানো দরকার। তা ছাড়া কফে জীবাণুমুক্ত যক্ষ্মা রোগীদের শনাক্তকরণের জন্য (জিন এক্স পার্টের মতো) অভিনব পরীক্ষা পদ্ধতিগুলো আরও সহজলভ্য করা প্রয়োজন।আসিফ মুজতবা মাহমুদ: বাংলাদেশে সম্প্রতি ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ে একটি জরিপ হয়েছে। আমরা দেখেছি, বাংলাদেশে নতুন যক্ষ্মা রোগীর মধ্যে এমডিআর যক্ষ্মার হার ১ দশমিক ৪ শতাংশ। কিন্তু আগে চিকিৎসাপ্রাপ্ত রোগীদের মধ্যে এমডিআর যক্ষ্মার হার প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশে ২০০৭ সাল থেকে এমডিআরের পাইলট প্রোজেক্ট শুরু হয়। সেই থেকে এনআইডিসিএইচ এমডিআর যক্ষ্মার বিষয়ে কাজ করছে। বর্তমানে আরও চারটি সেন্টারে এই কাজ সম্প্রসারিত হয়েছে; পাশাপাশি সিপিএমডিটি (কমিউনিটি বেজড প্রোগ্রামেটিক ম্যানেজমেন্ট অব ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি) পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এই কাজগুলোর একটি বড় চ্যালেঞ্জ ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে যোগসূত্র সুদৃঢ় করা। যেমন একসময় শিশুদের যক্ষ্মার বিষয়টি গুরুত্বহীন ছিল। কিন্তু এখন এ বিষয়কে যথেষ্ট গুরুত্ব সহকারে চিন্তা করা হচ্ছে। পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা রেখেছে।প্রাণ গোপাল দত্ত: একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ হিসেবে ফুসফুসবহির্ভূত যক্ষ্মা বিষয়ে আমার ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে লসিকা গ্রন্থির যক্ষ্মাই বেশি, অনেক সময় এতে শ্বাসনালির ওপর চাপ পড়ে, যা কখনো কখনো রোগীর মৃত্যুর কারণ হয়। লসিকা গ্রন্থির যক্ষ্মা ওষুধপ্রতিরোধী হয়ে গেলে তা আরও বেশি ভয়ংকর হয়। এতে রোগীর মৃত্যুর আশঙ্কাও থাকে। সরাসরি পর্যবেক্ষণ চিকিৎসাপদ্ধতিকে জোরদার করার জন্য ডটেসর সেবা প্রদানকারী ও রোগীর মধ্যকার সর্ম্পক আরও বেশি নিবিড় হতে হবে। ডট্স পদ্ধতিতে সরাসরি উপস্থিত থেকে ওষুধ নিতে হয়। সুতরাং, কিছু দিনের জন্য রোগী অন্যত্র বেড়াতে গেলে সে ক্ষেত্রে ওষুধ সেবন পদ্ধতি কেমন হবে, এ বিষয়ে সরকারকে আরও ভাবতে হবে। যদিও বিদেশ থেকে ওষুধ আমদানি করা হচ্ছে, তবুও আমাদের দেশীয় ব্যবস্থ্ায় এই ওষুধের মান নির্ণয় জরুরি বলে আমি মনে করি। জিন এক্স পার্টের মতো পরীক্ষা পদ্ধতিগুলো স্পেশাল হাসপাতালগুলোতে নিশ্চিত করতে হবে।মো. আকরামুল ইসলাম: ১৯৮৪ সালে ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, রিসার্স ইনস্টিটিউট অব টিবারকিউলোসিস (আরআইটি) জাপান ও বাংলাদেশ এন্টি টিবি অ্যাসোসিয়েশনের (নাটাব) সহায়তায় যক্ষ্মা কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচির উদ্দেশ্যই ছিল কম খরচে কীভাবে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা যায়। এই কার্যক্রমের সফলতার পর ১৯৯৪ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বর্তমানে ব্র্যাক বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ৪২ জেলার ২৯৭টি উপজেলায় কাজ করছে। আমাদের প্রধান কাজ হলো কমিউনিটিকে উদ্বুদ্ধকরণ। যক্ষ্মায় সন্দেহজনক ব্যক্তিকে চিকিৎসাকেন্দ্রে এনে শনাক্তকৃত রোগীকে আবার কমিউনিটিতে ফেরত পাঠিয়ে স্বাস্থ্য সেবিকা কর্তৃক ডটেসর মাধ্যমে নিয়মিত ওষুধ খাওয়ার বিষয়টি নিশ্চিত করা।বর্তমানে সব পর্যায়ে কফ পরীক্ষার সুব্যবস্থা আছে। কিন্তু কফে জীবাণুমুক্ত যক্ষ্মাসহ শিশুদের যক্ষ্মা শনাক্তকরণে কিছু সমস্যা ছিল। কারণ, সাধারণ কফ পরীক্ষার মাধ্যমে এ ধরনের যক্ষ্মা নির্ণয় করা কঠিন ও ব্যয়সাপেক্ষ । এ সমস্যা সমাধানে কফে জীবাণুমুক্ত (ফুসফুস বা ফুসফুসবহির্ভূত) যক্ষ্মাসহ শিশুদের যক্ষ্মা শনাক্তকরণের জন্য সন্দেজনক গরির রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও যাতায়াত বাবদ খরচ প্রদান করা হচ্ছে। এ ছাড়া প্রাইভেট প্রাকটিশনারদের সঙ্গেও নেটওয়ার্কিং জোরদার করা হচ্ছে, যাতে তাঁরা গরিব সন্দেহজনক যক্ষ্মা রোগীদের আমাদের কাছে পাঠাতে পারেন এবং প্রাইভেট প্রাকটিশনারদের দ্বারা শনাক্তকৃত রোগীদের জাতীয় যক্ষ্মা কর্মসূচির আওতায় আনা যায়।রুহুল আমিন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে শিশু যক্ষ্মা রোগীর সংখ্যা মোট রোগীর ১০ থেকে ১১ শতাংশ। আমদের দেশে এ যাবৎ ৩ থেকে ৪ শতাংশ শিশু যক্ষ্মা রোগী শনাক্ত করতে পেরেছি। অর্থাৎ, ৭ থেকে ৮ শতাংশ শিশু যক্ষ্মা রোগী নির্ণয় করতে পারছি না। এসব রোগী শনাক্ত করতে পারলে আমাদের শিশু যক্ষ্মা রোগীর প্রকৃত হার আরও বেড়ে যাবে। শিশুদের রোগ নির্ণয় কঠিন। তাদের জন্য জাতীয় যক্ষ্মা কর্মসূচির সুনির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না। এখন শিশুদের যক্ষ্মা নির্ণয়ের একটি জাতীয় নির্দেশিকা তৈরি করেছি। কিন্তু রোগ নির্ণয়ের জন্য আরও দক্ষ জনবল তৈরি করতে হবে। শিশুর যক্ষ্মা রোগ চিকিৎসাবিদ্যার পাঠ্যসূচিতে আরও বাস্তবসম্মতভাবে অন্তর্ভুক্ত করতে হবে। প্যারামেডিকসহ সব স্তরের স্বাস্থ্যসেবা প্রদানকারীদেরও এসব বিষয় ধারণা দিতে হবে। স্কুলে শিশুদের যক্ষ্মাবিষয়ক জ্ঞান দিতে হবে। শিশুকে ছয় মাস বুকের দুধ খাওয়ালে এবং বাড়ির সাধারণ খাবার ঠিকমতো খাওয়ালে তার পুষ্টির ঘাটতি পূরণ হবে এবং তা টিবি প্রতিরোধে সহায়তা করবে। শিশুদের যক্ষ্মার ওষুধের ফর্মুলেশন আলাদা। বর্তমানে পর্যাপ্ত ওষুধের সরবরাহ আছে। কিন্তু যথাযথ সচেতনতার অভাবে শিশুদের যক্ষ্মা রোগ নির্ণয় কম হওয়ায় ঠিকভাবে ওষুধ ব্যবহারে আমরা ব্যর্থ হচ্ছি।কে. জামান: বাংলাদেশে স্বাস্থ্য ক্ষেত্রে খাবার স্যালাইন, শিশুদের টিকা কর্মসূচি ও শিশুমৃত্যুর হার হ্রাসে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। যক্ষ্মা নিয়ন্ত্রণও এই সফলতার মধ্যে যুক্ত হবে। কারণ, যক্ষ্মা নিয়ন্ত্রণে ডট্স ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। একসময় যক্ষ্মায় মৃত্যুর হার অনেক বেশি ছিল। এখন সরকারের অংশীদারত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের ফলে মৃত্যুর হার অনেক কম। বর্তমানে যক্ষ্মায় মারা গেছে—এমন কথা খুব একটা শোনা যায় না। ডটেসর কার্যক্রম নিয়ে আরও গবেষণা হতে পারে। যেমন ডটেসর আওতায় কারা বেশি আসে? পুরুষ-নারী, ধনী-দরিদ্র কারা বেশি? শহরের কত শতাংশ ও গ্রামের কত শতাংশ রোগী ডটেসর আওতায় আসে—এসব বিষয় নিয়েও গবেষণা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএসএইডের সহযোগিতায় ডটেসর কিছু কাজ নিয়ে আইসিডিডিআরবি গবেষণা করবে। পুষ্টিহীন ও পুষ্টিসমৃদ্ধ রোগীদের ওপর যক্ষ্মার প্রভাব কেমন, এই বিষয় নিয়েও কাজ হবে। এ ছাড়া শিশুর যক্ষ্মা, জেলখানায় যক্ষ্মা, এসব ক্ষেত্রে গবেষণা চলছে।লুৎফর রহমান: গ্লোবাল ফান্ডের সহযোগিতায় ২০০৫ সাল থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম শহরাঞ্চলে চলছে। ঢাকা শহরে ১৩৮টি যক্ষ্মাকেন্দ্র আছে। এগুলো পরিচালিত হয় প্রাইমারি হেলথ কেয়ার, ব্র্যাক ও অন্যান্য প্রতিষ্ঠানের আওতায়। যাঁরা নিয়মিত ওষুধ খেতে পারবেন, কেবল তাঁদের আমরা নিবন্ধন করি। যাঁরা পারবেন না, তাঁদের টিবি জিরো সাত ফর্মের মাধ্যমে রোগীর সুবিধা অনুযায়ী রেফার করি। নিয়মিত ওষুধ খাওয়ার মধ্যে কারও যদি কিছু দিন না খাওয়ার আশঙ্কা থাকে, তিনি অনিয়মিত দিনগুলোর ওষুধের জন্য আবেদন করেন। আবেদন অনুসারে আমরা তাঁকে ওই সময়ের ওষুধ দিই। একে বলা হয় ‘পারিবারিক ডট্স’।এখানে শর্ত থাকে, রোগী ওষুধ খাওয়ার পর ওষুধের খালি খোসা জমা দেবেন।মির্জা নিজাম উদ্দিন: ব্র্যাকের সহায়তায় ২০০৬ সাল থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিপি) ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছে। বড় বড় মেডিকেল কলেজে আমাদের প্রতিনিধি আছেন। তাঁরা কলেজের প্রিন্সিপালদের সঙ্গে কথা বলেন এবং কলেজের সব শিক্ষানবিশ চিকিৎসকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির নির্দেশিকা অনুসারে শিক্ষানবিশ চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে বিভিন্ন এনজিওর মাধ্যমে প্রাইভেট প্রতিষ্ঠানের চিকিৎসকদের যক্ষ্মা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সব শ্রেণীর চিকিৎসক প্রশিক্ষণের আওতায় আসছেন।অং ক্য জাই মগ: সরকারের সহযোগিতায় দেশের ১৪টি জেলায় আমরা কাজ করি। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল—এখান থেকে সেবা প্রদান করি। গ্রাম্য চিকিৎসক, ফার্মেসির মালিক, বেসরকারি চিকিৎসক—সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। সবাই একসঙ্গে যক্ষ্মা নিয়ন্ত্রণে কাজ করি। আমরা ১৯৯৫ সালে যক্ষ্মা নিয়ন্ত্রণের কাজ নিবিড়ভাবে শুরু করি। তখন পুনরায় চিকিৎসাপ্রাপ্ত রোগীর (রিট্রিটমেন্ট কেস) ছিল ৩০ শতাংশ। সবার সহযোগিতায় কাজ করার ফলে এখন এর পরিমাণ ১০ শতাংশে নেমে এসেছে। জাতীয় পর্যায়ে চিকিৎসায় নিরাময় হয়নি—এমন রোগীর পরিমাণ ১ শতাংশ। নতুন রোগীদের মধ্যে নিরাময় না হওয়া রোগীর যে হার দেখানো হয়েছে, তা পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে।নিলুফার বেগম: যক্ষ্মা রোগে আক্রান্ত এইচআইভি/এইডস রোগী আমার প্রধান আলোচনার বিষয়। আমাদের প্রতিষ্ঠান এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিদের যক্ষ্মা নিয়ে কাজ করে। এ বিষয়ে জানার আগে এইচআইভির বিষয়ে জানা দরকার। ধারণা করা হয়, দেশে এইচআইভি রোগীর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। আশার আলোসহ তিনটি প্রতিষ্ঠান এইচআইভিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা করে থাকে। সাধারণ মানুষের তুলনায় এইচআইভিতে আক্রান্ত রোগীদের যক্ষ্মা হওয়ার প্রবণতা ১০ গুণ বেশি। এইচআইভি রোগীদের যক্ষ্মা সহজে নির্ণয় করা যায় না। আগে এমন অবস্থা ছিল, যক্ষ্মা শনাক্ত হয়ে আমাদের কাছে আসতে আসতে রোগী মারা যেত। দীর্ঘদিন অভিজ্ঞতার কারণে এখন আমাদের কাছে যক্ষ্মা শনাক্তকরণ কিছুটা সহজ হয়েছে। ২০১১ সালে আমরা ৫৩ জন এইচআইভি রোগীর যক্ষ্মা চিকিৎসা করেছি। ২০১২ সালে করেছি ৬৩ জনের।এজাজুল ইসলাম: অনেক আগে ব্র্যাক থেকে যক্ষ্মা নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র করেছিলাম। তখন যক্ষ্মার ব্যপারে মানুষের মধ্যে ভীতি ছিল। মানুষ মনে করত, যক্ষ্মা হলে সে মরে যাবে। এই ভয় দূর করার জন্য বিজ্ঞাপনটি করেছিলাম। যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ অনেক পথ এগিয়েছে। যক্ষ্মাকে এখন কেউ ভয় পায় না। আজকের এ আলোচনা অত্যন্ত প্রশংসনীয়। কারণ, এ রকম আলোচনার মধ্য দিয়ে দেশব্যাপী মানুষকে সচেতন করে তুলতে হবে। যক্ষ্মা হলে কী কী করতে হয়, কোথায় যেতে হয়, কীভাবে চিকিৎসা নিতে হয়, কীভাবে নিয়ম মেনে ওষুধ খেতে হয়—এ বিষয়ে মানুষের ধারণা এখনো কম। শহরের মানুষের কিছু ধারণা থাকলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষের ধারণা কম। গণমাধ্যমসহ সবাইকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। নিজে থেকে সচেতন হয়ে চিকিৎসাকেন্দ্রে আসার একটা আলাদা মূল্য আছে। আমি মনে করি, চিকিৎসাকেন্দ্রের অভাব নেই। চিকিৎসকের অভাব নেই। ওষুধপত্রের অভাব নেই। অভাব কেবল সচেতনতার।এলিসন সুব্রত বাড়ৈ: ব্র্যাক মহানগর ও বিভাগীয় শহরগুলোয় মতবিনিময় অনুষ্ঠান করে। এসব অনুষ্ঠান থেকে প্রতিনিয়ত বিভিন্ন মূল্যবান পরামর্শ আসে। এসব পরামর্শ বাস্তবে রূপ দিতে প্রয়োজন ফলোআপ কর্মসূচি। ব্র্যাক অ্যাডভোকেসি এ-জাতীয় কর্মসূচি গ্রহণের পরিকল্পনা হাতে নিয়েছে। আপনারা যাঁরা আজকে এখানে আছেন এবং যাঁরা ভবিষ্যতে আসবেন, তাঁদের সবার সহযোগিতা কামনা করি।ইকবাল কবীর: যক্ষ্মা চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি চিকিৎসকদের জন্য এক পাতার একটি নির্দেশিকা করতে হবে। আমাদের বেসরকারি চিকিৎসকদের সংগঠন আছে। তাঁদের কাছে এ নির্দেশনা দিতে হবে এবং নির্দেশিকার আলোকে চিকিৎসার উদ্যোগ নিতে হবে। তাহলে দেশব্যাপী একটি সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিত হবে। ইতিমধ্যে ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকেরা এ বিষয়ে জেনে যাচ্ছেন। আগে স্লোগান ছিল, ‘যক্ষ্মা হলে রক্ষা নেই।’ এখন নতুন প্রচারে আসতে হবে। ‘যক্ষ্মা হলে রক্ষা আছে, তবে নিয়মিত ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে রক্ষা নেই।’ যক্ষ্মার সঙ্গে এইচআইভির সম্পর্ক আছে। ধূমপানের সম্পর্ক আছে। এইচআইভি ও ধূমপান—দুটোই যক্ষ্মার ঝুঁকি বাড়িয়ে দেয়। ব্র্যাক যক্ষ্মা ও ধূমপাান নিয়ে কাজ করছে। আমরা যক্ষ্মা কর্মসূচির প্রায় অনেকাংশই অর্জন করে ফেলেছি। কিন্তু বাকি অর্জনের জন্য আমাদের আরও সোচ্চার হতে হবে। দেশের পাহাড়ি ও দুর্গম অঞ্চলে যেসব রোগী আছে, তাদের কাছে আমরা পুরোপুরি যেতে পারছি না। তাদের বিষয়ে উদ্যোগ নিতে হবে।এন ইশিকওয়া: যক্ষ্মা নিয়ন্ত্রণ খুব সহজ কাজ নয়। তবে যক্ষ্মায় কারও মৃত্যু হবে না—অন্তত এটুকু নিশ্চিত করা উচিত। উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা থাকলে কেন রোগী মারা যাবে? গবেষকরা দেখেছেন, একবার যক্ষ্মার সংক্রমণ ঘটলে এই ব্যাকটেরিয়া শরীরে প্রায় সারা জীবন থেকে যায় এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার তারতম্য হলে যেকোনো সময় তা আবার যক্ষ্মায় আক্রান্ত করতে পারে। এ জন্য ডট্স কর্মসূচির যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।সুচিকিৎসার ব্যবস্থা হলে যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তি নবজীবন ফিরে পায়। আমি একবার ঢাকার মানিকগঞ্জ জেলে, যাবজ্জীবন কারাভোগকারী এক ব্যক্তির সঙ্গে দেখা করি। তিনি আমাকে বলেন, ‘আমি খুশি। কারণ, জেলখানায় না থাকলে আমার যক্ষ্মা রোগ ধরা পড়ত না। এখানে সুচিকিৎসার ব্যবস্থা আছে। আমি সুস্থ।’ অন্য একটি গ্রামে দেখেছি, যক্ষ্মা নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত স্বাস্থ্য সেবিকা সবার কাছে এত পরিচিত হয়ে ওঠেন যে পরে তিনি ইউনিয়ন পরিষদের সদস্যও নির্বাচিত হন। এভাবে এই কর্মসূচিতে নারীর ক্ষমতায়নও হচ্ছে। যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্য প্রচুর তহবিল দরকার। কিন্তু এখন আন্তর্জাতিক তহবিল কমিয়ে দেওয়া হচ্ছে। অথচ এখন তহবিল আরও বাড়ানো দরকার এবং সেই সঙ্গে সরকারকেও যথাযথভাবে এগিয়ে আসতে হবে।রশিদ-ই-মাহবুব: দেশে স্বাধীনের আগে ও পরে যক্ষ্মার ভিন্ন মাত্রা তৈরি হয়েছে। আগের দিনে যক্ষ্মা হলে মানুষকে বাঁচানো যেত না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্ট্রেপটোমাইসিন আসে। এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। এখন বাংলাদেশে ডট্স চলছে। ডট্স কি দেশকে যক্ষ্মামুক্ত করতে পারবে? যক্ষ্মা রোগীদের সবাইকে এখনো ডটেসর আওতায় নিয়ে আসা যায়নি। এটা ডটেসর দুর্বলতা। দেশে কতজন যক্ষ্মা রোগী আছে, তার কোনো জরিপ নেই। যক্ষ্মা বাড়ছে বা কমছে, এ নিয়ে বিতর্ক হতে পারে। ডটেসর প্রক্রিয়ায় ছয় মাস সেবাদানকারীর কাছে যেতে হয়। গরিব বা ধনী সবার জন্য এটা কঠিন হয়ে যায়। এ কারণে অনেকে প্রক্রিয়া থেকে ঝরে যায়। আন্তর্জাতিকভাবে যক্ষ্মা একটি অবহেলিত রোগ। এটিকে গরিব মানুষের রোগ মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক রোগ নিয়ে গবেষণা হয়েছে, কিন্তু যক্ষ্মা নিয়ে কোনো গবেষণা হয়নি। কোনো গবেষণা থাকলে নিশ্চয়ই এত দিন ছয় মাসের ক্ষেত্রে ছয় সপ্তাহ ওষুধ খেলে যক্ষ্মা ভালো হতো। আমাদের কাজগুলো হচ্ছে অনুদাননির্ভর। দাতাসংস্থার সাহায্য না থাকলে কী হবে, তা নিয়ে আমাদের করা উচিত। এটিকে টিকিয়ে রাখতে হলে সরকারিভাবে উদ্যোগ নিতে হবে।মোজাফ্ফর হোসেন পল্টু: ১৯৪৮ সাল থেকে আমরা কাজ শুরু করি। তখন সরকারি-বেসরকারি কোনো দিক থেকে কোনো উদ্যোগ ছিল না। তার ওপর মানুষের মধ্যে ছিল চরম অশিক্ষা-দারিদ্র্য। সেই সময়ের কোনো অবস্থাই এখন বাংলাদেশে নেই। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক উন্নয়ন—সব সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে। যক্ষ্মা নিরাময়ের জন্য রাজনৈতিক সদিচ্ছা খুব জরুরি। সাংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত সংশ্লিষ্ট সবার মাধ্যমে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা নাটাব থেকে মানুষকে সচেতন করছি। এখন আমরা বলি, ‘বড়ি খেলে যক্ষ্মা সারে, কিন্তু নিয়মিত খেতে হবে।’ দেশব্যাপী সব শ্রেণী-পেশার মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে আমরা যক্ষ্মা নিয়ন্ত্রণে আরও সফল হব।আব্দুল কাইয়ুম: যক্ষ্মা নিয়ন্ত্রণে জনসচেতনতা বড় ভূমিকা পালন করতে পারে। বিশেষভাবে ডট্স কর্মসূচির সাফল্য নির্ভর করে নিয়মিত ওষুধ খাওয়া নিশ্চিত করার ওপর। এ জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। মুঠোফোনে রোগীর সঙ্গে যোগাযোগ করে তার ওষুধ গ্রহণ নিশ্চিত করা যায়। আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ।