জাতীয় শোক দিবস ও আওয়ামী লীগের দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবসে বেশ কয়েকটি অনুষ্ঠানে গিয়েছি। জাতীয় শোক দিবস এখনো পালিত হচ্ছে। এটা ঠিক, দিনে দিনে সাধারণ মানুষের চোখে বঙ্গবন্ধুর ভাবমূর্তি উজ্জ্বল হয়ে উঠছে। পঁচাত্তর-পরবর্তী কয়েকটি প্রজন্ম তাঁর বিষয়ে ও বাংলাদেশের ইতিহাস নিয়ে অস্পষ্ট, ভুল ও বিকৃত ধারণা নিয়ে বড় হয়েছে। এ সংকট পুরোটা কেটে গেছে, এমন কথা বলা যাবে না। তবে পরিস্থিতি পাল্টাচ্ছে। বর্তমানে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ এবং এর ইতিহাস বস্তুনিষ্ঠ দৃষ্টিতে বিচার করতে চায়। তাদের কাছে বঙ্গবন্ধুর বিশিষ্ট অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে উঠছে। তারা অবশ্য পরিচ্ছন্ন গণতান্ত্রিক রাজনীতিই কামনা করে আর তাই বর্তমান ছাত্ররাজনীতি ও প্রচলিত জাতীয় রাজনীতিতে তারা তেমন আগ্রহ বোধ করে না। বলা যায়, সাধারণভাবে একালের তরুণেরা অনেকটাই রাজনীতিবিমুখ। তবে তারা ইতিহাসের বিষয়ে অনাগ্রহী নয়।

কয়েকটি অনুষ্ঠানে গিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানের খবর পড়ে বুঝতে পারি, বঙ্গবন্ধুকে নিয়ে দলীয় বা উপদলীয় আয়োজনের বাইরে নাগরিক সমাজের উদ্যোগ তেমন হয় না। একসময়, বিশেষত গত শতাব্দীর আশির দশকে, বঙ্গবন্ধু পরিষদ খুব সক্রিয় ছিল এবং এটি ছিল আওয়ামী লীগের ছাপমুক্ত একটি নাগরিক উদ্যোগ। ওই সময়ে এ দিবস ও জেলহত্যাকে ঘিরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল নাগরিক সমাজের পক্ষ থেকে সমকালীন পটভূমিতে মুক্তিযুদ্ধের প্রাসঙ্গিকতা ও দেশের ভবিষ্যৎ নিয়ে নানা গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজিত হতো, যা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের পথপ্রদর্শনের কাজ করত। এসব আয়োজন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের মধ্যে চিন্তাচর্চার ও প্রগতিশীল ভাবনার বীজও সঞ্চারিত করত।

কিন্তু ইদানীং তেমন দলনিরপেক্ষ বৃহত্তর নাগরিক আয়োজন চোখে পড়ে না। দেখা যাচ্ছে, পেশাজীবী সংগঠনগুলোর কেবল আওয়ামীপন্থী হিসেবে পরিচিত অংশই জাতীয় শোক দিবসের অনুষ্ঠানটি করছে। সরকারি নির্দেশনায় বিভিন্ন শিক্ষায়তনে প্রাতিষ্ঠানিক উদ্যোগে শোক দিবস পালিত হয়। তা যে মূলত প্রতিষ্ঠানের সামান্য কিছু মানুষের অংশগ্রহণে নিয়মরক্ষার অনুষ্ঠান, তা বুঝতে অসুবিধা হয় না। সমাবেশে অংশগ্রহণকারী সবাই যে বঙ্গবন্ধুর প্রকৃত গুণগ্রাহী, তা মনে হয় না, বরং মনে হয়, ক্ষমতার বদল হলে তাঁদের অনেকেই পক্ষ পরিবর্তন করতে দেরি করবেন না।

অবস্থাটা এমনও নয় যে কোনো পেশাজীবী সম্প্রদায়ের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী নির্বাচনের মাধ্যমে সংগঠনের যে নির্বাচিত সংসদ গঠন করে, তারই উদ্যোগে সবার অংশগ্রহণে একটি স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপনের ভাবগম্ভীর অনুষ্ঠান হয়ে থাকে। বাস্তবে কেবল সেই সম্প্রদায়ের আওয়ামীপন্থী অংশের আয়োজনে ও অংশগ্রহণে একটি অনুষ্ঠানমাত্র হয়। এতে বঙ্গবন্ধু সম্পর্কে গৎবাঁধা স্মৃতিচারণামূলক কিছু কথার পাশাপাশি সমকালীন প্রেক্ষাপটে মূল বিরোধী দলের বিরুদ্ধে বিষোদ্‌গার করা হয়ে থাকে। কেউ কেউ দীর্ঘ স্মৃতিচারণা করে একই কাজ করেন। এভাবে বঙ্গবন্ধুকে ইতিহাস ও স্মৃতির বৃত্তে বন্দী করে ফেলা হচ্ছে, তাঁর অবদানকে ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক করে তোলার কাজটি বাকি থেকে যায়। এ ধরনের বক্তৃতা যেকোনো শ্রোতার জন্য আকর্ষণহীন। ফলে এসব অনুষ্ঠানে সমাগম ঘটে ঠিকই, কিন্তু প্রকৃত শ্রোতা থাকে না।

আওয়ামী লীগ যদিও দাবি করে থাকে, বঙ্গবন্ধু জাতির সম্পদ এবং সবার নেতা, কিন্তু তারাই তাঁকে বড্ড দলীয়ভাবে আঁকড়ে ধরে আছে। বঙ্গবন্ধু বা জয় বাংলা স্লোগান একাত্তরের সম্পদ, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার এবং স্বাধীনতার চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বিষয়। অর্থাৎ দলমত-নির্বিশেষে এ দুটো শব্দ—একজন ব্যক্তি ও একটি চেতনা—সবার কাছে গ্রহণযোগ্য ও মান্য হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। এর দায় কে নেবে? আওয়ামী লীগ সম্ভবত এ দায় বহুলাংশে এড়াতে পারে না।

সাম্প্রতিক সময়ে সুশীল সমাজ শব্দটি আওয়ামী লীগ নেতৃত্ব নিন্দার্থে প্রয়োগ করে থাকে। অন্যদিকে নাগরিক সমাজের মধ্যে একটি অন্ধ অনুগতের দল তৈরি করা হয়েছে। তারাই বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকে, বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃত্বে আসে। এভাবে পেশাজীবী সংগঠনগুলোতে সংকীর্ণভাবে দলীয় আদর্শে অনুগত ক্ষুদ্র গোষ্ঠী তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, বিপরীত চেতনায় একই কাজ করে থাকে বিএনপিও। এতে যারা একটু উদার বিবেচনায় একই মতাদর্শের মানুষ, তাদের প্রতি ক্ষমতাসীন দল অনুদার ব্যবহার করে থাকে। বলা যায়, নিতান্ত আস্থাভাজন ব্যক্তি ছাড়া অন্যদের প্রতি আস্থা হারিয়েছে আজকের নেতৃত্ব। এটি একধরনের রাজনৈতিক অবক্ষয়ের লক্ষণ।

বাংলাদেশে পঁচাত্তরের হত্যাকাণ্ড, সে হত্যার অপরাধীদের পরবর্তী সরকারের পৃষ্ঠপোষকতা, বিচারহীনতার ধারাবাহিকতার যারা প্রত্যক্ষ শিকার, তাদের মনে সংশয়, অনাস্থা দিনে দিনে গভীর হয়েছে। কিন্তু রাজনীতিকে এগিয়ে নিতে হলে যেকোনোভাবেই হোক, মনের এ অবস্থা কাটিয়ে ওঠা জরুরি। নয়তো অনাস্থা, অবিশ্বাসের এক অনপনেয় ক্ষুদ্র বৃত্তে নিজেদের বাঁধা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জয় বাংলা স্লোগান—এসবই কীভাবে সবার চর্চার, ভালোবাসা ও শ্রদ্ধার বিষয় হয়ে উঠতে পারে, সে ভাবনাটা জরুরি। এবারের বিভিন্ন অনুষ্ঠানের অভিজ্ঞতা এবং কিছুকাল ধরে প্রতিবছর যেসব অনুষ্ঠানের খবরাদি পত্রিকায় পড়েছি এবং নিজেও বাস্তবে যা কিছু ঘটতে দেখছি, তাতে মনে হয় উন্নয়নের যে দৃশ্যমান চিত্র দেখছি, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের চিত্র তার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

একটা বিষয় সবার বিবেচনায় নেওয়া দরকার, দেশের রাজনৈতিক অঙ্গনে যদি জাতীয় কিছু বিষয়ে সমঝোতা তৈরি না হয়, তবে দেশের স্থিতিশীলতা স্থায়িত্ব পাবে না। আমরা দেখছি, যেকোনো সরকার ক্ষমতায় এলে জবরদস্তি বা কৌশলের মাধ্যমে ক্ষমতায় থেকে যেতে চায়। কেননা, বর্তমান বাস্তবতায় পরাজিত হওয়ার অর্থ হলো রাজনৈতিকভাবে সম্পূর্ণ নির্বাসিত হয়ে যাওয়া। এই বাস্তবতা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

বাংলাদেশ মুক্তিযুদ্ধের ফসল আর মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব। সমস্যাটা হলো, তাঁর সপরিবারে হত্যাকাণ্ডের বিষয়ে অপর প্রধান রাজনৈতিক দল বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ। এর ওপর আওয়ামী লীগের বর্তমান নেত্রী ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর যে আঘাত আসে ২১ আগস্ট ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে, তারও পেছনে এবং তার বিচার নিয়ে তখনকার বিএনপি সরকারের ভূমিকাও সংগতভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সেদিন তাদের ভূমিকা ছিল অন্যায্য ও প্রশ্নসাপেক্ষ। এ দেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের দুজন শীর্ষ নেতার ওপর সংঘটিত দুটি মারাত্মক অপরাধমূলক ঘটনার সঙ্গে বিএনপির প্রশ্নবিদ্ধ ভূমিকা আমাদের সমকালীন রাজনীতির এক দুর্ভাগ্যজনক ঘটনা। আবার তাদের শাসনামলজুড়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চেতনা, বঙ্গবন্ধুর ভাবমূর্তি, মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ অন্য নেতাদের প্রতি নেতিবাচক মনোভাব—সব মিলিয়ে অনাস্থার জায়গাটা বেড়েছে।

তবে সেই সঙ্গে এ কথাও বলতে হবে, মুক্তিযুদ্ধের প্রতি নেতিবাচক ও প্রত্যাখ্যাত পাকিস্তানপন্থী রাজনীতি বিএনপি বা যে দলই করুক, তাকে এড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়াও আওয়ামী লীগ শুরু করতে পারেনি। আমরা বলব, নাগরিক সমাজ ও নতুন প্রজন্মকে দূরে ঠেলে এ কাজ কি সত্যিই করা সম্ভব? কেবল রাস্তাঘাট, সেতু নির্মাণ, কৃষি উন্নয়ন বা অর্থনৈতিক অগ্রগতিতেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক ঐকমত্য ও স্থিতিশীলতা জরুরি। সে কাজটায় আওয়ামী লীগের কাছ থেকেই মানুষ অগ্রণী ভূমিকা প্রত্যাশা করে। কিন্তু বাস্তব অবস্থা দেখে মনে হচ্ছে না তারা এ বিষয়ে সচেতন বা বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে।

আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।