
রাষ্ট্রের মূল তিনটি স্তম্ভের একটি জাতীয় সংসদ। সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন। আবার জবাবদিহি করেন তাঁদের কাছে। আইন প্রণয়নের একক কর্তৃত্বও সংসদের। প্রজাতন্ত্রের বিভিন্ন কর্ম বিভাগের ব্যয় মঞ্জুরির এখতিয়ারও জাতীয় সংসদের। ঠিক তেমনি নতুন করারোপও সংসদের অনুমোদন সাপেক্ষ। সরকারের নির্বাহী বিভাগও জবাবদিহি করে সংসদের কাছেই। তাদের আস্থা অর্জনে ব্যর্থ হলে কোনো মন্ত্রী, এমনকি মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এমনই প্রভূত ক্ষমতার অধিকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদ। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ এটি।
দুর্ভাগ্যবশত আমাদের দেশে এটাকে যথার্থ কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়া যায়নি আজতক। বেশ কয়েকটি সংসদ গঠিত হয়েছিল ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে। এ দায় বর্তমান সংসদের ওপরও আসে। আর জনগণের ব্যাপক অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত বেশ কটি সংসদও আমরা পেয়েছি। কিন্তু কোনো সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে, এমনটা দাবি করা যায় না। সংসদীয় গণতন্ত্রে সরকারি দল ও বিরোধী দলের কিছু কার্যকর ভূমিকা থাকে। কিন্তু বরাবর তারা তা উপেক্ষা করে। যখন যারা বিরোধী দলে থাকে, তারা সংসদ বর্জনকেও হরতাল-অবরোধের মতো নির্বিচারে প্রয়োগ করে। অবশ্য বর্তমান অবস্থাটি এর সঙ্গে তুলনীয় নয়। আর এ ব্যাপারে আলোচনাও নিষ্প্রয়োজন।
যা-ই হোক, জাতীয় সংসদের নির্বাচন ত্রুটিপূর্ণ হলেও সংবিধান অনুসারে তাঁরা সব ক্ষমতা প্রয়োগের অধিকারী। তাঁরা তা করছেনও। এর বাইরেও সংসদ সদস্যদের একটি বড় অংশ প্রসারিত করেছেন তাঁদের আওতা।
স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোকে প্রায় অকার্যকর করে ফেলা হয়েছে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই তাঁদের অপ্রতিহত প্রভাব। এর পরিপ্রেক্ষিতে মনে হতে পারে যে সাংসদদের একটি উল্লেখযোগ্য অংশ তাঁদের মূল ভূমিকাকে পাশে রেখে অনির্ধারিত ভূমিকায় রয়েছেন। সুতরাং সংসদের বিশালত্ব আজ কারণে-অকারণে অনুজ্জ্বল হয়ে যাচ্ছে। এটা স্বাধীন জাতি হিসেবে আমাদের প্রত্যাশার মাঝে সৃষ্টি করছে ফারাক। তা সত্ত্বেও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্যা সৃষ্টি হলে জাতীয় সংসদকেই এর সমাধানের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করি। ঠিক তেমনি একটি বিষয় বেসিক ব্যাংকের বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি। এই বিশাল অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে দুদক তদন্ত করেছে। অভিযুক্ত করেছে কয়েকজনকে। কিন্তু দায়মুক্তি দিয়েছে ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানকে। এ নিয়ে আইন ও বিচার মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি একাধিকবার দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকেছিল। তাঁরা যাননি।
এখানে একটি নৈতিক ও আইনগত দিক কাজ করছে। মনে হতে পারে যে দুদক সংসদের আইন দ্বারা গঠিত একটি প্রতিষ্ঠান। সুতরাং সংসদ বা তার কোনো কমিটির আমন্ত্রণে তাঁদের উপস্থিত হয়ে নিজদের অবস্থান ব্যাখ্যা করা সমীচীন। আলোচনা প্রাসঙ্গিক যে তলব করা হয়েছিল একটি মামলার তদন্ত নিয়ে। দুদক আইনে সংগত কারণেই এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বাধীনতা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এভাবে একটি তদন্তাধীন বিষয়ে কোনো নির্দেশনা নিয়ে এলে ভবিষ্যতে তা আবার নজির হয়ে যাবে। দুদককে তদন্তকাজে স্বাধীন রাখার যে প্রয়োজনীয়তা, তা ব্যাহত হতো। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দুদক কর্মকর্তাদের সংসদীয় কমিটির বিবেচ্য আমন্ত্রণে সাড়া না দেওয়াকে যথার্থই মনে হয়। তবে ঘটনাটি সম্প্রতি একটি নতুন মাত্রা পেয়েছে। মাত্র কয়েক দিন আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী
এক বিবৃতিতে এ অর্থ কেলেঙ্কারিতে দায়ী ব্যক্তিদের তালিকায় সংশ্লিষ্ট ব্যাংকের তদানীন্তন চেয়ারম্যানকে এক নম্বর ক্রমিকে দেখিয়েছেন। জাতীয় সংসদে দেওয়া অর্থমন্ত্রীর এ বিবৃতিটিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতেই এ
বিবৃতি দিয়েছেন।
এ অবস্থায় করণীয় কী হতে পারে, তা নিয়ে জাতীয় সংসদে আর কোনো আলোচনা হয়নি। তবে অধিবেশন আবার শুরু হলে আলোচনায় আসাই স্বাভাবিক। আর অর্থমন্ত্রী যখন বিবৃতিটি দিয়েছেন, তখন ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের সরাসরি একটি দায়িত্ব এসে যায়। যেহেতু এ বিবৃতি থেকে দুদকের তদন্তটি অসম্পূর্ণ বলে প্রতীয়মান হয়, সেহেতু সরকার তা দুদকের নজরে আনতে পারে। তবে তদন্তকাজে সরকারের তরফ থেকে কোনো হস্তক্ষেপ করাও যথার্থ হবে না। দুদক এ বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের তথ্যাদি থেকে পুনরায় খতিয়ে দেখতে পারে। এতেও দুদকের তদন্ত সম্পর্কে সরকারের সংশয় থাকলে আদালতে যাওয়া চলে। দুদক কার্যক্রমের ওপর কোনো হস্তক্ষেপ না করেই এসব বিষয়ে ফল লাভ করা যাবে না এমনটা নয়। তবে এর জন্য প্রয়োজন সব মহলের সদিচ্ছা আর নিষ্ঠা।
দুদক আইন তাদের আরেকটি বড় ধরনের নিরাপত্তা বলয় দিয়েছে। তা হলো দুদক কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিসহ অন্য সব অভিযোগের প্রতিবিধান দুদকই করবে। এখানে অন্য কোনো সংস্থা হস্তক্ষেপ করতে পারবে না। দুদককে যে প্রত্যাশায় গড়ে তোলা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এ বিধান যথার্থ। প্রতিনিয়ত চাপের মুখে থাকে বলেই আমাদের কোনো কোনো সংস্থা কার্যত সরকারি দলের লেজুড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দুদকও তা হোক এমনটা আমরা প্রত্যাশা করি না। তবে দুদকের অভ্যন্তরীণ নজরদারির ব্যবস্থা এ ক্ষেত্রে নিশ্ছিদ্র হতে হবে। আমাদের প্রশাসনিক ব্যবস্থায় এটা বাস্তবসম্মত কি না, এ বিষয়টিও ভেবে দেখতে হবে। এর বিকল্প হিসেবে অবশ্যই আমরা দুদকের অভ্যন্তরে অন্য প্রতিষ্ঠানের খবরদারি চাই না। তবে দুদক বা এ–জাতীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রম নজরদারি করার প্রয়োজনীয়তা, অন্যান্য দেশ বিশেষ করে দক্ষিণ এশিয়ার দৃষ্টান্ত পর্যালোচনা করে একটি মুক্ত আলোচনার ব্যবস্থা সংসদই নিতে পারে।
আইন দিয়ে দুদককে যতই শক্তিশালী বা স্বাধীন করা হোক, দায়িত্ব পালনে কার্যত তা কখন কতটা ছিল, তা নিয়ে বিতর্ক আছে যথেষ্ট। সবকিছুই জানা যায় না, এমনকি যায় না প্রমাণ করা। তবে দুদকের সদ্য বিদায়ী চেয়ারম্যান তাঁর শেষ কর্মদিবসে বিশ্বব্যাংকের ‘চাপের মুখে’ পদ্মা সেতুর টাকা আত্মসাৎ প্রচেষ্টা নিয়ে একটি মামলা করার কথা বলেছেন। তাঁর সহজ-সরল স্বীকারোক্তি হচ্ছে, বাংলাদেশ সেই ঋণটি যাতে পেতে পারে, এ জন্যই মামলা করতে হয়েছে। কথিত অপরাধ সম্পর্কে তাঁরা সন্দিহান ছিলেন। তাহলে কি আমরা ধরে নেব, এ ধরনের ‘চাপের মুখে’ কোনো নাগরিকের ন্যায়সংগত অধিকার লঙ্ঘিত হয়েছে বা হবে? সেই মামলায় একজন সচিবসহ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা কিছুকাল কারাবরণও করেছেন। সম্মানহানি হয়েছে অনেকের। তাহলে এ প্রতিষ্ঠানের নিরঙ্কুশ ক্ষমতাকে আমরা নিরাপদ ভাবব কীভাবে? এসব বিষয় কি খতিয়ে দেখার কোনো ব্যবস্থা থাকবে না?
জাতীয় সংসদ দেশের সব মৌলিক কর্মকাণ্ডের নজরদারি করুক এটা আমরা চাই। দেশের সংবিধান বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করেছে। পরবর্তী সময়ে আইনের মাধ্যমেও তৈরি হয়েছে আরও অনেক প্রতিষ্ঠান। বিচার বিভাগ ছাড়া অন্য সব প্রতিষ্ঠান সংসদেরই আওতায় আসে কোনো না কোনোভাবে। না এলেও আনার ব্যবস্থা নেওয়া দরকার। আইনের দ্বারা গঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। তাদের কাছে গচ্ছিত সরকারের ১০ কোটি ডলার গায়েব হয়ে গেল। খবর পাওয়ার এক মাস পর জানানো হয় সরকারকে। অর্থমন্ত্রী খবরটি জানতে পারেন সংবাদপত্র থেকে। যদি প্রাথমিক তদন্তের জন্য কিছুকাল গোপন রাখারও প্রয়োজন হয়, তাহলেও প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সচিবের নজরে দেওয়ার কথা তাৎক্ষণিক। শুধু এটুকু ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চলে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগও করেছেন। কিন্তু টাকা আদায়টা জরুরি। এ টাকা সরকারের তথা জনগণের। এসব বিষয়াদি নিয়েও সংসদীয় নজরদারি জোরদার হোক। স্বাধীন বা স্বায়ত্তশাসিত যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতার দায় মূলত সরকারের ওপরেই আসে। দুদকের বিষয়টিও এ ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। তাই অকারণ স্বার্থপ্রণোদিত হস্তক্ষেপ নয়, যথার্থ নজরদারির আওতায় থাকুক দুদকসহ এ-জাতীয় সব সংস্থা।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]