জাপানি প্রকল্প নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি প্রথম আলোর দুটি সংবাদ পড়ার পর মনে হলো, গুলশানের ঘটনার পর জাপানি প্রকল্পগুলোর ঝুলে যাওয়ার যে আশঙ্কা ছিল, তা বোধ হয় সত্যি হতে চলল। ‘জাপানি অর্থায়নের প্রকল্পে কিছুটা স্থবিরতা’ শীর্ষক সংবাদে বলা হয়েছে যে জাইকার অর্থায়নে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, তার দরপত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং জাইকার দুটি প্রকল্পে জাপানি নাগরিকেরা কাজে যাচ্ছেন না। পরে শোনা গেল জাইকার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর স্থগিত হওয়ার খবরটি। যদিও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের জন্য জাপানের সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন; তবে তা যে অনেকগুলো ‘যদি’ ও ‘কিন্তু’র মধ্যে ঘুরপাক খাবে, তা আবে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা ও জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওয়াকার বক্তব্য থেকেই বোঝা যায়।
সবার বক্তব্যে ভবিষ্যৎ সহযোগিতা যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং জাপানি নাগরিকদের জন্য গৃহীত নিরাপত্তাব্যবস্থার ওপর নির্ভর করবে, তা খুবই পরিষ্কার। আর সমস্যা এখানেই। কারণ তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কখন স্বস্তি প্রকাশ করবে বা এখানে জাপানিদের অবস্থান এবং ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পে আগতদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হবে, তা বলা কঠিন।
জাপানের অর্থনৈতিক সহায়তা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উৎপাদনক্ষমতার প্রায় ২৪ শতাংশ বিদ্যুৎ (খুব শিগগির শেষ হবে এমন পাওয়ারপ্ল্যান্টসহ) উৎপাদনের পেছনে রয়েছে জাপানের অর্থায়ন। জাপানের অর্থসহায়তায় বাংলাদেশে এখন পর্যন্ত ৩ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে, সেতু তৈরি হয়েছে ৫৫০টি; যার মধ্যে ১৩৪টি বড় বা মাঝারি (বঙ্গবন্ধু সেতু এর অন্তর্ভুক্ত) আর ৪০০টি ছোট। ১৩ হাজার ক্লিনিক ও ১১৭টি সাইক্লোন শেল্টার তৈরিতে অর্থসহায়তা দিয়েছে জাপান। ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য জাপান বাংলাদেশকে ২৫০টি পরিবেশবান্ধব বিশেষ বর্জ্যনিষ্কাশন ট্রাক দিয়েছে, যা একবারে ২ হাজার ৯৮২ টন বর্জ্য সংগ্রহ করতে পারে এবং এই বাহনগুলো দিয়ে ঢাকা শহরের ৮৪ শতাংশ বর্জ্য ব্যবস্থাপনার কাজ হয়ে থাকে।
জাপানের সহায়তায় বাংলাদেশ পোলিওমুক্ত দেশ হিসেবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট অর্জন করে ২০১৪ সালে। জাপানের সহায়তায় বাংলাদেশের নিরাপদ শিশু জন্মদান ১৪ দশমিক ৩ শতাংশ থেকে ২০ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। জাপানের সহায়তায় ম্যাসর্যারপিড ট্রান্সপোর্ট লাইন-৬-এর যে কাজ শুরু হয়েছে, তা বাস্তবায়িত হলে মাত্র ৩৬ মিনিটে উত্তরা থেকে মতিঝিলে পৌঁছানো যাবে। ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত জাপান বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ইয়েন ওডিএ লোন, ৫০০ বিলিয়ন ইয়েন গ্রান্ট এবং ৬৫ বিলিয়ন ইয়েন টেকনিক্যাল এইড কো-অপারেশন হিসেবে প্রদান করেছে। গুলশান ট্র্যাজেডির আগে জাপান বাংলাদেশের জন্য ইতিহাসের সবচেয়ে বড় লোন প্যাকেজ ঘোষণা করে গত ২২ জুন। ৩৭তম এই লোন প্যাকেজের পরিমাণ ১৩০ বিলিয়ন টাকা। এই তথ্যগুলো থেকে এটা স্পষ্ট যে জাপানের সহযোগিতা আমাদের জন্য কতটা জরুরি।
জাপান-বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গুলশান ট্র্যাজেডির কারণে থমকে যাবে, বিষয়টি তা নয়। এর মধ্যে যতজন জাপানি বন্ধু বা বাংলাদেশে অবস্থিত জাপানের বিভিন্ন সংস্থা ও কোম্পানির পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি, তাঁরা সবাই বিশ্বাস করেন যে গুলশানের ঘটনাটি জাপানিদের টার্গেট করে ঘটানো হয়নি; বরং দুঃখজনকভাবে ওই সাতজন জাপানি ঘটনার সময় সেখানে অবস্থান করছিলেন। তাঁরা এ–ও মনে করেন না যে এ ঘটনার কারণে তাঁরা তল্পিতল্পা নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। অন্যদিকে চীনের বিকাশমান আঞ্চলিক প্রভাবের কারণে বর্তমানে এই অঞ্চলের যে ভূ-রাজনৈতিক বাস্তবতা, তাতে জাপান বাংলাদেশে নিষ্ক্রিয় থাকবে, এমনটিও ভাবা ঠিক হবে না।
গুলশানের ঘটনার আগে জাপানি নাগরিকদের বাংলাদেশ সফর ও অবস্থানের ক্ষেত্রে যে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি ছিল, তা আর বাড়ানো হয়নি। তবে জাপান সরকারের আন্তরিকতা থাকলেও মাতারবাড়ী, মেট্রোরেল প্রকল্পসহ বাস্তবায়নাধীন অনেক প্রকল্পে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে জাপান থেকে বিভিন্ন পরামর্শক, বিশেষজ্ঞ ও বাস্তবায়নকর্মী বাংলাদেশে আনা যে মুশকিল হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর জাইকার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর স্থগিত হওয়ার কারণে সেই আশঙ্কা আরও বেড়ে গেল। এ জন্য সরকারকে এখন এমন এমন পদক্ষেপ নিতে হবে, যাতে দু-এক মাসের মধ্যে না হোক, নিকট ভবিষ্যতে জাপানিরা যেন বাংলাদেশে কাজ করতে নিরাপত্তা বোধ করেন।
বর্তমান পরিস্থিতিতে মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের দরপত্রের সময় পিছিয়ে যাওয়া এবং বিভিন্ন প্রকল্পে জাপানিদের অনুপস্থিতি অবশ্যই ভালো কোনো ইঙ্গিত বহন করে না, তবে জাইকার প্রেসিডেন্টের সফর স্থগিত হওয়া বাংলাদেশের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। এখন যদি জাইকার প্রেসিডেন্টের সফরটি হতো, তাহলে বাংলাদেশ নিরাপত্তাসহ প্রকল্প বাস্তবায়ন-সম্পর্কিত অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারত। বাংলাদেশে অবস্থানরত জাপানি উন্নয়নকর্মীরাও আশ্বস্ত হতেন। সফরটি স্থগিত হওয়ায় তাঁদের মনোবলে একধরনের চিড় ধরতে পারে।
তবে সরকারের উচিত, যত দ্রুত সম্ভব গুলশান ঘটনার সঙ্গে জড়িত লোকদের সহযোগী ও মদদদাতাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং জঙ্গিবাদ নির্মূলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে জাপানকে এমন একটি বার্ত দেওয়া যে গুলশানের জঙ্গি হামলার ঘটনাটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। একই সঙ্গে বর্তমানে বাংলাদেশে যেসব জাপানি নাগরিক উন্নয়ন প্রকল্প ও ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন, তাঁদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কুনিও হোশির পর গুলশানের সাতজন জাপানি প্রাণ হারিয়েছেন। কিন্তু এরপর যদি আর কোনো জাপানি নাগরিক এ ধরনের পরিস্থিতির শিকার হন, তবে তার পরিণতি মোকাবিলা করা মুশকিল হয়ে পড়বে। জাপানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও আরও বাড়াতে হবে। দুঃখজনক হলেও সত্য যে ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত কোনো উদ্যোগ চোখে পড়েনি।
আব্দুল্লাহ-আল-মামুন: সহকারী অধ্যাপক, জাপান স্টাডি সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়।
[email protected]