জাপানে এখন নানা প্রশ্ন
ঢাকার মর্মান্তিক ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হচ্ছে জাপান। সাতটি নিরীহ প্রাণ, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার সঙ্গে জড়িত কাজ যাদের টেনে নিয়ে গিয়েছিল আমাদের আপাতশান্ত দেশটিতে, তাঁদের কেউই ক্ষণিকের জন্যও কল্পনা করেননি যে এটিই এঁদের জন্য হয়ে উঠবে মৃত্যুর টান।
নারী-পুরুষের সম্মিলিত সেই দল রাতে গিয়েছিল ঢাকার কূটনৈতিক পাড়ার নিরিবিলি কোণে অবস্থিত শান্ত পরিবেশের জন্য পরিচিত রেস্তোরাঁয় নিতান্তই অবসর কাটাতে। কে কোন ধর্মে বিশ্বাসী, সেই হিসাব-নিকাশ মিলিয়ে দেখার ক্ষেত্র সেটি ছিল না। বাতাসে নড়ে ওঠা ধর্মের কলে নিজেদের জীবন যে বিপন্ন হয়ে উঠতে পারে, সেই ভাবনায়ও চিন্তিত ছিলেন না কেউ। অথচ তাঁদেরই নৃশংসভাবে প্রাণ দিতে হলো ধর্মের কড়া মাদকে যুক্তি-বুদ্ধি হারানো কতিপয় হন্তারকের হাতে।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডের দুঃখময় সংবাদে জাপান এখন শোকাচ্ছন্ন। বন্ধুপ্রতিম একটি দেশে নাগরিক জীবন বিপন্ন হয়ে ওঠা নানা রকম প্রশ্নের জন্ম এখন জাপানে দিচ্ছে। অনেকেই মনে করছেন যে ভবিষ্যতে শোক কাটিয়ে ওঠা সম্ভব হলেও এর মধ্যে দিয়ে জেগে ওঠা ক্ষোভ আর হতাশা দুই দেশের সম্পর্ককে হয়তো নানাভাবে প্রভাবিত করবে। সেই হিসাব আবার অন্যভাবে বলে দিচ্ছে যে গুলশানের এই মর্মান্তিক ঘটনা বাস্তব জীবনে কিছুটা হলেও ছাপ রেখে যাবে। মৃত্যু নিয়ে শোকাহত হওয়ার বাইরে দুঃখজনক সেই ঘটনার আরেকটি মর্মান্তিক দিক হচ্ছে এই বাস্তবতা।
জাপানের সাধারণ মানুষকে বাংলাদেশে জাপানি নাগরিকদের নির্মম হত্যা ব্যাপকভাবে আলোড়িত করেছে। ধর্ম নিয়ে কোনো রকমে বাড়াবাড়ি না করায় অভ্যস্ত দেশটির অনেকেই এখন প্রশ্ন তুলছেন, মানুষকে অমানুষে পরিণত করার ধর্মীয় শিক্ষার রাশ টেনে ধরায় রাষ্ট্রের অনাগ্রহকে ধর্মভিত্তিক সন্ত্রাসবাদের বিস্তারের কারণ বলা যায় কিনা, আর তা করা গেলে এ অবস্থায় কোন পদক্ষেপ গ্রহণ করা দরকার। শিক্ষার প্রাথমিক ভিত্তি যেহেতু তৈরি হয়ে যায় পারিবারিক বন্ধনের ভেতর থেকে, ফলে পরিবারের দায়দায়িত্বও এখানে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ, যে পরিবেশের মধ্য দিয়ে মানুষ মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে, সেই পরিবেশের দিকেও আমাদের নজর রাখা দরকার। কেননা, বিপথগামী এই তরুণেরা তাদের কর্মকাণ্ডের পরিধি কেবল পরিবার কিংবা সীমিত বলয়ের মধ্যে সীমিত রাখেনি, বরং সেটাকে আরও প্রসারিত করে নিয়ে গেছে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করার মতো পর্যায়ে।
জাপানের যেসব লোকজন বাংলাদেশকে মনেপ্রাণে ভালোবাসেন, তাঁদের অনেকে এখন শঙ্কিত যে ঢাকার সর্বশেষ ঘটনা হয়তো দুই দেশের মধ্যেকার বিকশিত সম্পর্ককে ভবিষ্যতে কিছুটা হলেও সংকুচিত করে দিতে পারে। টোকিওর সেইশিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাআকি ওহাশি হলেন মুষ্টিমেয় সেই জাপানিদের একজন, যাঁদের হৃদয়জুড়ে আছে বাংলাদেশ। দেশটির সঙ্গে তাঁর পরিচয় মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাবের অল্প কিছুদিন পর থেকে। এরপর যত তিনি বাংলাদেশের কাছাকাছি এসেছেন, ততই তিনি আরও বেশি ভালোবেসেছেন বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে। ঢাকার ঘটনার পর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা কথা বলছিলাম। অধ্যাপক ওহাশি মনে করছেন, নিহত সাত জাপানি এমনকি ঘটনাচক্রে সন্ত্রাসী হামলার লক্ষ্য হয়ে থাকলেও বাংলাদেশ নিয়ে জাপানিদের মনে হঠাৎ করে জেগে ওঠা সংশয় সহজে দূর হওয়ার নয়। জাপানে অনেকেই এখন বাংলাদেশকে অনেকটা আফগানিস্তান কিংবা ইরাকের মতোই বিপজ্জনক দেশ হিসেবে দেখতে শুরু করবেন এবং যেকোনোভাবে সেই দেশে যাওয়া কিংবা দেশটির সংস্পর্শে আসা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। সে রকম বাস্তবতার দুঃখজনক দিকটি হচ্ছে এমন যে হামলাকারীরাও কিন্তু সেই একই ফলাফলই দেখতে চেয়েছিল। ফলে তাদের সেই পরোক্ষ উদ্দেশ্য একদিক থেকে বাস্তবায়িত হতে চলেছে বলে অধ্যাপক ওহাশি মনে করেন।
অন্যদিকে জাপানের সংবাদমাধ্যম তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে মুসলমানপ্রধান তৃতীয় বিশ্বে জাপানের ঘনিষ্ঠ সম্পৃক্ততার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রভাবশালী দৈনিক আসাহি শিম্বুনের এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি সংকট বিদেশে উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের বড় ভূমিকা পালনের বিষয়টিকে এখন আবারও সামনে নিয়ে এসে নানা রকম প্রশ্ন উত্থাপন করছে। উল্লেখ্য, নিহত সাত জাপানির সবাই বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজে জড়িত ছিলেন। অন্যদিকে, নিহত জাপানি নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের কাজে তাঁরা জড়িত ছিলেন বলে তাঁদের মৃত্যু আমাকে গভীরভাবে বেদনাহত করছে...যে নির্দয় প্রক্রিয়ার মধ্য দিয়ে সেসব জীবন হরণ করা হয়, তাতে আমি গভীরভাবে ক্ষুব্ধ।’
একই ক্ষোভের ভিন্ন এক প্রকাশ আমি লক্ষ্য করেছি জাপানের কিছু সাধারণ লোকজনের মধ্যে। তাঁদের একজনের কাছে সন্ত্রাসবাদীদের সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি জবাব দেন, ‘এসব অমানুষ সম্পর্কে দয়া করে আমার কাছে জানতে চাইবেন না।’
হ্যাঁ, আসুন, এসব বিপথগামী এবং তাদের সমর্থক-অনুসারীকে আবারও আমরা এই সত্য পরিষ্কারভাবে জানিয়ে দিই যে মানুষের প্রাণ বধ করে ইহ কিংবা পরজাগতিক—কোনো কলঙ্কের দায় থেকেই নিজেদের মুক্ত করতে পারা আদৌ সম্ভব নয়। বিশ্বের সব ধর্ম মানবিকতার একই সত্যের বাণী আমাদের শুনিয়ে থাকে।
টোকিও, ৩ জুলাই ২০১৫