জাপানের আত্মরক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোসেফ এস নাই
জোসেফ এস নাই

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রণীত ‘শান্তি সংবিধান’ অনুসারে পরিচালিত হচ্ছে, এর অনুচ্ছেদ ৯ অনুসারে জাপানের যুদ্ধে জড়ানো নিষেধ আর জাপানি সেনাবাহিনী আত্মরক্ষা ছাড়া অন্য কোনো কিছুতে অংশ নিতে পারবে না। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে চাইছেন, এই সংবিধানে সংশোধনী এনে ‘সম্মিলিত আত্মরক্ষা’ বিষয়টি অন্তর্ভুক্ত করতে। এর মাধ্যমে দেশটি তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে পারবে। এই মিত্রদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।
সমালোচকেরা এটাকে ভালোভাবে নিচ্ছেন না, তাঁরা এটাকে সাত দশকের শান্তিকামী নীতি থেকে বিচ্যুতি হিসেবে দেখছেন। আবের মূল লক্ষ্য হচ্ছে হুমকি মোকাবিলায় জাপানের সক্ষমতা বৃদ্ধি করা, সেটা সশস্ত্র আক্রমণ নাও হতে পারে। এর মাধ্যমে জাপান আন্তর্জাতিক শান্তিরক্ষায় আরও কার্যকরভাবে অংশ নিতে পারবে এবং ৯ অনুচ্ছেদের আওতায় তার আত্মরক্ষার পন্থা নতুন করে সাজাতে পারবে। ফলে তাঁর লক্ষ্য আপাতভাবে নিরীহ বলেই মনে হয়।
এর মাধ্যমে জাপান দূরদেশগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধে অংশ নিতে পারবে, এমন ধারণাও বাজারে চাউর হয়ে গেছে, এটা
কিছুটা অতিরঞ্জিত বলেই মনে হয়। আসলে এ সম্ভাবনা রুখতে বিধিবিধান খুব সতর্কতার সঙ্গেই করা হয়েছে। তবে জাপানের জন্য সরাসরি হুমকি হতে পারে, এমন ক্ষেত্রে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।
আবে কেন এ রকম বৃহত্তর পরিসরে আত্মরক্ষার অধিকার চাইছেন, সেটা বোঝা খুব কঠিন কিছু নয়। জাপানের ভৌগোলিক অবস্থান খুবই ঝঞ্ঝাবিক্ষুব্ধ। সেখানে নানা রকম আঞ্চলিক বিবাদ রয়েছে, সেগুলো যেকোনো সময়ই মাটি ফুঁড়ে বেরিয়ে যেতে পারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মতো পূর্ব এশিয়ায় কখনোই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়নি। সেখানে শক্তিশালী আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এ অঞ্চলকে মার্কিন-জাপান নিরাপত্তা চুক্তির ওপরই নিজেদের নিরাপত্তার জন্য নির্ভর করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালে এশিয়ার ব্যাপারে ‘পুনঃ ভারসাম্যের’ নীতি ঘোষণা করার পরই জাপান ১৯৯৬ সালের ক্লিনটন-হাশিমোতো ঘোষণার ওপর নতুন করে আলোকপাত করে এ ঘোষণায় বলা হয়েছিল, এশিয়ার স্থিতাবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মার্কিন-জাপান নিরাপত্তা ঐক্যই হবে মূল ভিত্তি।
এই ঘোষণার মাধ্যমে আদতে জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠার মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারগুলোও এ নীতি অনুসরণ করেছে। মতামত জরিপে দেখা গেছে, জাপানেও এর গ্রহণযোগ্যতা রয়েছে। জাপানে ২০১১ সালে তোহোকু ভূমিকম্প বা সুনামির ত্রাণ তৎপরতার কারণেও সেখানকার মানুষের মনে এ প্রত্যয় জন্মেছে।
কিন্তু জাপানের অবস্থা খুবই টালমাটাল। সবচেয়ে আসন্ন বিপদ হচ্ছে উত্তর কোরিয়া। দেশটি তার যৎসামান্য অর্থনৈতিক সম্পদ, পারমাণবিক শক্তি ও ক্ষেপণাস্ত্র নির্মাণে বিনিয়োগ করেছে।
তবে জাপানের জন্য দীর্ঘমেয়াদি শত্রু হচ্ছে চীন। অর্থনৈতিকভাবে দেশটি জাপানকে হটিয়ে দিয়ে এখন দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে, চীনের সামরিক শক্তিরও বাড়বাড়ন্ত অবস্থা। ফলে ভূমিসংক্রান্ত বিবাদে দেশটি দৃঢ়প্রত্যয়ী অবস্থান নিয়েছে। বিশেষত পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে তার যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সে ক্ষেত্রে চীন খুব দৃঢ় অবস্থান নিয়েছে। চীনের ভূমি নিয়ে যে উচ্চাকাঙ্ক্ষা দেখা যাচ্ছে, তাতে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অংশটি জাপানের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এটাই হচ্ছে জাপানের বাণিজ্যপথ।
আরও গোলমেলে ব্যাপার হচ্ছে, চীনের রাজনৈতিক অগ্রগতি তার অর্থনৈতিক বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলছে না। চীনের কমিউনিস্ট পার্টির সাম্নে একটি বিপদ আছে। সেখানকার জনগণ যদি রাজনৈতিক পরিসরে নিজেদের স্বল্প অংশগ্রহণ ও দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক নিপীড়নের কারণে খেপে ওঠে, তাহলে পার্টি

হয়তো আরও আগ্রাসী জাতীয়তাবাদী আচরণ করতে পারে। এই অঞ্চলে এমনিতেই নাজুক অবস্থা বিরাজ করছে, এর ফলে সেটাও ওলটপালট হয়ে যেতে পারে।
হ্যাঁ, চীন যদি আগ্রাসী হয়, তাহলে অস্ট্রেলিয়া ও ভারতও জাপানের সঙ্গে যোগ দিতে পারে, এ দেশ দুটি ইতিমধ্যে দক্ষিণ চীন সাগরে চীনের দাদাগিরিতে বিরক্ত হয়ে উঠেছে। তবে তারা যদি চীন ঘেরাওয়ের নীতি নেয়, তাহলে ভুল হবে। কারণ, চীনকে শত্রু মনে করাটাই তার সঙ্গে শত্রুতা বজায় রাখার সবচেয়ে মোক্ষম উপায়।
এর চেয়ে কার্যকর উপায় হচ্ছে অন্তর্ভুক্তকরণের নীতি। যুক্তরাষ্ট্র ও জাপানের নেতৃত্বে সেটা হতে হবে। এতে অনিশ্চয়তার সম্ভাবনা এড়ানো যাবে। মার্কিন ও জাপানি নীতিনির্ধারকদের উচিত হবে চীনকে আরও দায়িত্বশীল আচরণ করতে বাধ্য করা, মানে সে রকম পরিস্থিতি সৃষ্টি করা। চীনের স্বার্থ যাতে রক্ষা হয় সেটাও দেখতে হবে, দেশটি তার শক্তিশালী সামরিক অবস্থান বজায় রাখতে চাইলে তাকে সে সুযোগ দিতে হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও জাপানের উচিত হবে তাদের মৈত্রীবন্ধনের কাঠামো সম্পর্কে নতুন করে ভাবা। জাপান যে তার সামরিক কাঠামোর পুনর্বিন্যাস করতে চাইছে, সেটা নিঃসন্দেহে ভালো লক্ষণ। তার পরও অনেক জাপানিই এই মৈত্রীর বাধ্যবাধকতায় সমন্বয়ের ঘাটতি নিয়ে হতাশ। অনেকেই আবার জাপানে মার্কিন ঘাঁটি থাকায় তা রাষ্ট্রদেহে ক্ষত সৃষ্টি করেছে বলে মনে করছেন, বিশেষত ওকিনাওয়া দ্বীপের ঘাঁটিটি।
যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য হতে পারে এমন: জাপানের ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ ধীরে ধীরে জাপানের হাতে ছেড়ে দেওয়া। মার্কিন সেনাদের এই ঘাঁটিগুলোর মধ্যে ঘোরানো-ফেরানো যেতে পারে। বাস্তবে কিছু ঘাঁটিতে ইতিমধ্যে জাপানি পতাকা ওড়ানো হয়, যেমন টোকিওর উত্তরে মিসাওয়া বিমানঘাঁটিতে। যদিও সেখানে মার্কিন সেনারাই বসবাস করে।
কিন্তু এই প্রক্রিয়া খুব সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা উচিত। চীন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে বিনিয়োগ করছে, ফলে ওকিনাওয়ার ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। মানুষের মনে এ রকম একটি ধারণা হতে পারে যে যুক্তরাষ্ট্র জাপানে তার ঘাঁটিগুলো দেশটির হাতে তুলে দিচ্ছে। কারণ, সেখানে তার সামরিক সুবিধা কমে আসছে। আর এ প্রক্রিয়া জোটের প্রতি যুক্তরাষ্ট্রের নব অঙ্গীকারের লক্ষণ, এটি নিশ্চিত করতে এবং উল্লিখিত ধারণা দূর করতে এই হস্তান্তর-প্রক্রিয়ার ব্যবস্থাপনার জন্য একটি যৌথ কমিশন গঠন করা যেতে পারে। এই জোটে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়াটা জাপানের আঞ্চলিক ও বৈশ্বিক অবস্থান বজায় রাখার জন্য জরুরি। সে কারণে, আবের এই সম্মিলিত নিরাপত্তার পদক্ষেপ ঠিকই আছে।
ইংরেজি থেকে অনূদিত; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
জোসেফ এস নাই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সহকারী মন্ত্রী।