জাপানের শান্তিবাদী দেশের ধারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিবাদী দেশ জাপানের অবস্থান পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ
শান্তিবাদী দেশ জাপানের অবস্থান পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ

জাপানের সংসদে নিরাপত্তা–সংক্রান্ত কয়েকটি বিল নিয়ে চলা বিতর্ক এখন শেষ হয়ে আসার মুখে বিলের অন্তর্নিহিত অর্থ নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রচুর লেখালেখি ইদানীং হচ্ছে। সে রকম একটি লেখা হচ্ছে ৫ সেপ্টেম্বর প্রথম আলোর সম্পাদকীয় পৃষ্ঠায় প্রকাশিত এইসুকে সুজুকির ভূরাজনীতি-বিষয়ক বিশ্লেষণ, যেটা পাঠ করে পাঠকদের মনে এ রকম ধারণা তৈরি হওয়া হয়তো খুবই স্বাভাবিক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর জাপানের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া শর্তাবলি কাঠামো থেকে বের হয়ে আসার চেষ্টায় দেশটি এখন মরিয়া। নিবন্ধের লেখক যে এখানে সম্পূর্ণ মিথ্যা বক্তব্য দিচ্ছেন, তা কিন্তু নয়। শিনজো আবের নেতৃত্বাধীন জাপানের কট্টর রক্ষণশীল সরকারও কিন্তু এই একই সুরে কথা বলে জাপানের জন্য যুদ্ধ প্রস্তুতির পথ তৈরি করে দেওয়ার চেষ্টায় নিয়োজিত। সেই সঙ্গে ক্ষমতাসীন জোট সংসদের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ এবং উচ্চকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখায় মনে হতে পারে যে অন্যায় কোনো দাবি সরকারের নীতিনির্ধারক কিংবা তাঁদের দেশি-বিদেশি মিত্ররা করছেন না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে প্রণীত জাপানের নতুন সংবিধানে শান্তির ধারা নামে উল্লেখিত নবম অনুচ্ছেদটি ঠিক কাদের উদ্যোগ এবং প্ররোচনায় সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়, তা নিয়ে বিতর্ক অবশ্য ১৯৪৭ সালে সংবিধান কার্যকর হওয়ার সময় থেকে চলে আসছে। জাপানের জাতীয়তাবাদী শক্তি, দেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার জন্য যাদের মূলত দায়ী করা হয়, তারা অবশ্য সেই শুরুর দিনগুলো থেকেই তাদের দৃষ্টিতে জাপানকে ‘স্বাভাবিক একটি রাষ্ট্রের’ ভোগ করা অধিকার থেকে বঞ্চিত করার এই উদ্যোগের বিরোধিতা করে আসছে। একই সঙ্গে সংবিধান সংশোধনের পক্ষে প্রচার চালিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় যেসব জাপান বিশেষজ্ঞ ও রাজনীতিক নতুন সংবিধান রচনায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাঁদের মধ্যেও জাপানের এই সার্বিক নিরস্ত্রীকরণের প্রশ্নে মতভেদ ছিল। তবে ১৯৩০-এর দশকে প্রেসিডেন্ট রুজভেল্টের ‘নিউ ডিল’ নীতিমালার সঙ্গে সম্পর্কিত তরুণ যেসব সংস্কারবাদী জাপানের নতুন সংবিধানের সঙ্গে নিজেদের ঘনিষ্ঠভাবে জড়িত রেখেছিলেন, তাঁরা সেই উদ্যোগকে দেখেছিলেন বিশ্বজুড়ে সামরিকায়ন পরিহারের সঙ্গে সম্পর্কিত নতুন রাজনৈতিক ভাবনা ছড়িয়ে দেওয়ার চমৎকার এক সুযোগ হিসেবে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি নতুন সেই পথ অনুসরণের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁদের সচেতন করে তুলেছিল। দুই পক্ষের সেই পরোক্ষ সংঘাতে শেষ পর্যন্ত অবশ্য ‘নিউ ডিলার’রা বিজয়ী হন এবং জাপানের সংবিধান বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার নতুন একটি ধারণা বিশ্ববাসীর সামনে তুলে ধরে।
তবে নিউ ডিলারদের সেই জয় আসলেই ছিল ক্ষণস্থায়ী। ১৯৫০ সালে শুরু হওয়া কোরীয় যুদ্ধ যা বানচাল করে দিতে সক্ষম হয়েছিল। আর তাই আমরা দেখি যে পঞ্চাশের দশকের সূচনালগ্নেই রিচার্ড নিক্সনের মতো কট্টর ডানপন্থী মার্কিন রাজনীতিবিদ জাপান সফরে এসে দেওয়া এক বক্তব্যে জাপানের সংবিধানের নবম ধারাকে তাঁর দেশের একটি ‘আন্তরিক ভুল’ হিসেবে উল্লেখ করতে পেরেছিলেন। শান্তির ধারা থেকে জাপানের সরে আসার শুরুও সেই তখন থেকেই। এর সূত্র ধরে পরবর্তী সময়ে জাপানকে দেখা যায় নানা রকম উপায়ে সংবিধানের নবম ধারাকে পাশ কাটিয়ে দেশকে সামরিক শক্তির অধিকারী একটি রাষ্ট্রে পরিণত করতে।
অন্যদিকে জাপানের রাজনীতিবিদদের মধ্যেও বিষয়টি নিয়ে শুরু থেকেই ব্যাপক মতপার্থক্য ছিল। জাতীয়তাবাদী গোষ্ঠী এটাকে দেখেছিল দেশকে চিরদিনের জন্য বিদেশি শক্তির পদানত রাখার একটি উদ্যোগ হিসেবে। তবে যে প্রশ্নটি নিয়ে তাদের মধ্যেও মতপার্থক্য দেখা দিয়েছিল তা হলো, সামরিকায়ন বর্জনের সুযোগ নিয়ে জাপানকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করে নেওয়ার চেষ্টা করে যাওয়া উচিত হবে কি না। শেষোক্ত এই ধারণার সবচেয়ে বড় প্রবক্তা ছিলেন শিগেরু ইওশিদা, পঞ্চাশের দশকের শুরুতে বেশ কয়েক বছর ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব যিনি পালন করেছিলেন। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবের পিতামহ নোবুসিকে কিশির মতো রাজনীতিবিদেরা শুরু থেকেই নবম সংবিধানের আওতা থেকে দেশকে মুক্ত করার বাসনা পোষণ করে আসছিলেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত মৈত্রী চুক্তি তাদের সে পথে চলার বিষয়টিকে অনেক বেশি সহজ করে দিয়েছিল।
তবে এসব তো হচ্ছে রাজনীতিবিদদের খেলে যাওয়া খেলা। জাপানের জনগণ সংবিধানের বিশেষ সেই ধারা সম্পর্কে কী মনে করছেন? দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ অবশ্য শুরু থেকেই নতুন সেই পরিবর্তনকে স্বাগত জানিয়ে এসেছেন এবং এখনো তা তাঁরা করছেন। ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে প্রায় ৮০ শতাংশ নাগরিক ছিলেন সংবিধানের নবম ধারার সমর্থক এবং এর কোনো রকম রদবদল তাঁরা দেখতে চাননি। ফলে বছরের পর বছর ধরে জাতীয়তাবাদের অনুসারী দক্ষিণপন্থী উদার গণতন্ত্রী দল জাপানে ক্ষমতাসীন থেকে গেলেও সংবিধান সংশোধন করে নেওয়ার পথে দলটি পা বাড়ায়নি। ১৯৬০-এর দশকের শেষ দিক থেকে বিশ্বের প্রধান একটি অর্থনৈতিক শক্তি হিসেবে জাপানের অবস্থান সংহত হওয়ার পর থেকে অবশ্য সংবিধানের নবম ধারা সমর্থন করা মানুষের হার ক্রমাগতভাবে হ্রাস পায়। তবে তারপরও সাম্প্রতিক বিভিন্ন জরিপের ফলাফলে দেখা যায় যে সেই হার এখনো ৬০ শতাংশের পর্যায়ে বিরাজমান।
এ ছাড়া নতুন যে আরেকটি বিষয় এই সংবিধান বিতর্ককে কেন্দ্র করে ইদানীং দেখা যাচ্ছে তা হলো, জাপানের তরুণদের আবারও রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে ওঠা। টোকিওতে ইদানীং প্রায় প্রতি সপ্তাহে সংসদে উত্থাপিত নিরাপত্তা বিলের বিরোধিতা করে বিশাল যেসব সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে, ছাত্রদের তাতে ব্যাপকভাবে যোগ দেওয়া সরকারের জন্য নতুন এক মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। সে রকম অবস্থায় বিরোধী রাজনৈতিক শিবির মনে করছে, নিরাপত্তা বিল সংসদে পাস করিয়ে নিয়ে সেগুলো আইনে পরিণত করা হবে জনগণের সঙ্গে প্রতারণার শামিল। কেননা গত নির্বাচনে মূলত অর্থনৈতিক বিষয়াবলি আলোচনার কেন্দ্রে থাকায় সেই প্রশ্নে জনগণ ক্ষমতাসীনদের ওপর আস্থা প্রকাশ করে তাঁদের ভোট দিয়েছিলেন, নিরাপত্তাসংক্রান্ত প্রশ্নে একতরফা সিদ্ধান্ত গ্রহণের জন্য নয়।
ফলে শান্তিবাদী দেশের ধারণা থেকে জাপানের সরে আসা দেশের ক্ষমতাসীন সরকার দেখতে চাইলেও জাপানের জনগণের বড় এক অংশ কিন্তু এর বিরোধী। গণতান্ত্রিক একটি দেশের নীতিসংক্রান্ত আলোচনায় জনমতের এ ধরনের অবস্থানকে পুরোপুরি অবজ্ঞা করার সুযোগ নেই। জনগণের অবস্থানকে বিবেচনায় না নিয়ে শুধু সরকারের অবস্থান বিবেচনায় নিলে তাতে বাস্তবতার প্রতিফলন ঘটে না।
মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক৷