জাপানের সাত দশকের দায়বদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে
জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে

ইতিহাসের কাছে কোনো জাতির দায়বদ্ধতা নিয়ে বিতর্ক থাকে। তাহলেও একতরফা ব্যাখ্যা দেওয়ার মধ্য দিয়ে দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া যে আদৌ সম্ভব নয়, সেই প্রমাণ আবারও রাখলেন জাপানের একালের রাজনৈতিক নেতৃত্ব। জাপানের ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দল এলডিপি কার্যত ১৯৫৫ সালে দলের আনুষ্ঠানিক আবির্ভাবের পর থেকে ক্ষমতাসীন। মাঝে দুই দফায় স্বল্পকালের জন্য দলকে ক্ষমতার বাইরে থাকতে হলেও দুবারই অল্প সময়ের ব্যবধানে আবারও ক্ষমতা ফিরে পেতে দলটি সক্ষম হয়েছে।
দক্ষিণপন্থী দল হিসেবে এলডিপি পরিচিত হলেও নীতিগত কিছু প্রশ্নে উদার অবস্থান ধরে রাখায় ঠিক সেই অর্থে পশ্চিমের মাপকাঠিতে দক্ষিণপন্থী হিসেবে দলটিকে আখ্যায়িত করা যায় না। নাগরিকদের জন্য পেনশন ও স্বাস্থ্যবিমা এবং শিক্ষা খাতে রাষ্ট্রের উদার ভর্তুকির মতো সমাজকল্যাণমূলক পদক্ষেপ; আর সেই সঙ্গে ইতিহাসের বাস্তবতাকে স্বীকার করে নেওয়া ও দেশের সংবিধানের শান্তির ধারা সমুন্নত রাখা হচ্ছে সে রকম কিছু উদার অবস্থানের দৃষ্টান্ত। বিশেষ করে ইতিহাস এবং সংবিধান প্রশ্নে দলের ভেতরে টানাপোড়েন থেকে গেলেও দলের মূলধারা বরাবরই উদার অবস্থান সমর্থন করে গেছে। ফলে সংবিধান পরিবর্তন বা সংশোধন করা কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের দখলদারি ভূমিকার ইতিহাস অস্বীকার করে দলের কতিপয় নেতার বিভিন্ন সময়ে দেওয়া নানা রকম বক্তব্য দলের ভেতরে ও বাইরে খুব বেশি আলোড়ন তুলতে পারেনি। তবে এলডিপি মনে হয় আগের সেই যৌক্তিক অবস্থান এখন আর ধরে নেই। বিশেষ করে ইতিহাস ও সংবিধান প্রশ্নে দলীয় নেতৃত্বের এখনকার চিন্তাভাবনা সেই বাস্তবতাকে আরও বেশি স্পষ্টভাবে তুলে ধরছে।
জাপানের জাতীয়তাবাদী গোষ্ঠীর জন্য দেশের বিশ শতকের প্রথমার্ধের ইতিহাস অনেকটাই যেন হচ্ছে বিড়ম্বনার ইতিহাস। আমরা জানি, ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে জাপানের নবজাগরণ দেশটিকে অল্প দিনের মধ্যেই এশিয়ার প্রধান শক্তির দেশে পরিণত করে দিয়েছিল। অর্থনৈতিক অগ্রযাত্রা একদিকে যেমন ওকাকুরা কাকুজোর মতো উদার অবস্থান থেকে এশিয়ার দুর্দশার দিকে আলোকপাত করতে পারার মতো দূরদৃষ্টিসম্পন্ন মনীষীর জন্ম দিয়েছিল, অন্যদিকে নিজেদের শ্রেষ্ঠত্ব দাবির সংকীর্ণ মানসিকতার নেতৃত্বের পথও সুগম করে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই দ্বিতীয় ধারার জাতীয়তাবাদীদের বিষয়ে খুবই স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘বিধ্বংসী আগুনের লাল আলো যখন এর অট্টহাসি নক্ষত্রের দিকে ছুড়ে দেয়, নক্ষত্রের ওপর তখন আস্থা রেখো, ধ্বংসের আগুনের ওপর নয়।’ (জাতীয়তাবাদ, পেঙ্গুইনের ইংরেজি সংস্করণ, পৃষ্ঠা ৩২)। দেশকে ভালোবাসার দোহাই দিয়ে জাপানে স্বার্থপর জাতীয়তাবাদের উত্থান রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছিলেন। জাপানের নেতৃত্ব এ রকম সতর্কবাণী আমলে নিতে চাননি বলেই শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতির দিকে দেশকে ঠেলে দিয়েছিলেন।
১৯১৬ সালে রবীন্দ্রনাথের সেই সতর্কতা উচ্চারণের ঠিক শতবর্ষ পর জাপানে এখন আবারও জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ লক্ষ করা যাচ্ছে, সেটাকে অনেকটা সেই সময়ের স্বার্থপর জাতীয়তাবাদের সঙ্গে তুলনা করা যায়। এ কারণে যে ঐতিহাসিক বাস্তবতাকে অস্বীকার করার প্রবণতা এখানেও প্রবল। প্রধানমন্ত্রী শিনজো আবে ২০১২ সালের ডিসেম্বর মাসে দ্বিতীয় দফায় ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ইতিহাসকে আবারও অস্বীকার করার নতুন পাঁয়তারা জাপানে শুরু হয়। জাতীয়তাবাদী শক্তি বলতে শুরু করে যে নানজিংয়ের গণহত্যা নামে পরিচিত ভয়াবহ হত্যাযজ্ঞ বলে যেটাকে আখ্যায়িত করা হয়, সে রকম ঘটনা আদৌ ঘটেনি এবং যৌনদাসী হিসেবে যেসব তরুণীকে যুদ্ধের সময়ে কোরীয় উপদ্বীপ, চীন ও অন্যান্য অঞ্চলে দেহসেবায় বাধ্য করা হয়েছিল, সেটাও জাপানবিরোধী কল্পনাপ্রসূত প্রচার। এমনকি জাপানের যেসব লেখক-সাংবাদিক বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা চালিয়ে এ সম্পর্কে লিখেছিলেন, ক্ষমতাসীন মহল তাঁদেরও অনেকটা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করতে শুরু করে। প্রধানমন্ত্রী নিজেও একসময় কঠোর ভাষায় এঁদের সতর্ক করে দিতে পিছপা হননি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকী এগিয়ে আসার মুখে প্রতিবেশীদের প্রতি অতীতের সেই অন্যায় আচরণের জন্য দুই দশক আগে ৫০তম বার্ষিকীতে দেওয়া বিবৃতির মতো জাপান আবারও ক্ষমা চাইবে কি না, সেদিকে দৃষ্টি আকৃষ্ট হলে শুরুতে প্রধানমন্ত্রী বলেছিলেন যে তাঁর পূর্বসূরিদের অনুসৃত পথে তিনি হাঁটবেন না। তিনি আরও বলেছিলেন, অতীতের দিকে তাকিয়ে নয়, বরং ভবিষ্যতের দিকে আলোকপাত করে নতুন সম্পর্ক গড়ে নেওয়ার আহ্বান প্রতিবেশীদের প্রতি তিনি জানাবেন। বলা বাহুল্য, জাপানের দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর কেউই সে রকম বক্তব্যের ওপর আস্থা রাখতে পারেনি এবং অতীতকে অস্বীকার করে যে ভবিষ্যতের দিকে তাকানো যায় না, সেই সত্য মেনে নেওয়ার আহ্বান জাপানের প্রতি তারা জানিয়েছিল।
জাপানের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত অবশ্য আনুষ্ঠানিক বিবৃতিতে এ-সংক্রান্ত বক্তব্য সম্পূর্ণ এড়িয়ে গিয়ে আংশিকভাবে হলেও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পেরেছিলেন। তবে শেষ পর্যন্ত বছরের একেবারে শেষ দিকে এসে হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় যৌনদাসীদের উপস্থিতি মেনে নিয়ে এঁদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ১০০ কোটি ইয়েনের একটি তহবিল গঠনে জাপানের করা অঙ্গীকার এবং যুদ্ধকালে যৌনদাসীদের মধ্যে এখনো যাঁরা জীবিত আছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে চিঠি লেখার প্রতিশ্রুতি জাপানে এবং বিদেশে অনেককেই অবাক করে দিয়েছে। এ কারণে তাঁরা বিস্মিত হয়েছেন যে সেই পদক্ষেপ ছিল এর আগে পর্যন্ত প্রসঙ্গটি নিয়ে প্রধানমন্ত্রীর করা যাবতীয় মন্তব্যের সম্পূর্ণ উল্টো অবস্থান। তাই প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এই নীতিগত পরিবর্তন? পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক অবস্থান এবং জাপান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে প্রশ্নের উত্তর নিহিত আছে।
বিশেষ করে যৌনদাসীদের প্রসঙ্গটি নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে যে আরও বেশি তিক্ত হয়ে আসছে, যুক্তরাষ্ট্র তা বেশ কিছুদিন থেকেই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছিল। বিশ্বের প্রধান একটি সামরিক শক্তি হিসেবে চীনের আবির্ভাবকে সামাল দিতে হলে জাপান ও দক্ষিণ কোরিয়া—উভয় দেশকে নিয়ে পূর্ব এশিয়ায় একটি সামরিক বলয় যুক্তরাষ্ট্র গড়ে নিতে চাইছে। সে রকম কিছু করতে হলে বৈরী সম্পর্ক বজায় রাখা দুটি দেশকে একই জোটের অন্তর্ভুক্ত করে নেওয়া কতটা বাস্তবসম্মত বিবেচিত হবে, সেই চিন্তা মার্কিন নীতিনির্ধারকদের মাথায় ছিল। ফলে চলমান বিভিন্ন সমস্যার সমাধান করে নিয়ে দেশ দুটির ওপর যুক্তরাষ্ট্র চাপ দিয়ে যায়। অন্যদিকে চীনের সম্ভাব্য হুমকি ঠেকাতে হলে মার্কিন মৈত্রী আরও সংহত করে নেওয়া যে জাপানের জন্য আবশ্যকীয়, সেই উপলব্ধি থেকে জাপানের নেতৃত্ব ইতিহাস-সংক্রান্ত কট্টর অবস্থান থেকে সরে আসাকে অনেক বেশি যুক্তিসংগত বলে ধরে নেয় এবং যৌনদাসী প্রশ্নে দক্ষিণ কোরিয়াকে ছাড় দিতে সম্মত হয়।
তবে তারপরও বিষয়টির নিষ্পত্তি যে খুব সহজে হয়ে যাবে তা নয়। যৌনদাসী সমস্যা কেবল দক্ষিণ কোরিয়ার একার সমস্যা নয়। চীন, তাইওয়ান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মতো এশিয়ার অন্য কয়েকটি দেশ ও ভূখণ্ডকেও যুদ্ধের সময়ে একই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। এরা এখন বলতে শুরু করেছে যে দক্ষিণ কোরিয়ার মতো তাদের দেশের যৌনদাসীদের জন্যও একই পদক্ষেপ যেন জাপান নেয়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সরকার জাপানের অবস্থান পরিবর্তনে তৃপ্তি বোধ করলেও দেশের বিভিন্ন নাগরিক গ্রুপ চাইছে যুদ্ধকালীন এবং জাপানের দখলাধীন থাকার সময়ের সব রকম অন্যায় আচরণ জাপান যেন আরও স্পষ্টভাবে মেনে নিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সেসব বিষয়ে অবগত করার জন্য জার্মানির মতোই পাঠ্যপুস্তকেও তা অন্তর্ভুক্ত করে নেয়।
ইতিহাসের দায়বদ্ধতা যে মুখের কথায় উড়িয়ে দেওয়া বা অস্বীকার করা সম্ভব নয়, জাপানের নেতৃত্ব মনে হয় নতুন বছরের ঠিক আগে আর পরে ঘটে যাওয়া সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে আবারও তা কিছুটা হলেও আঁচ করতে পারছেন। আর এর মধ্য দিয়ে আবারও অনেকটাই যেন পরিষ্কার হয়ে উঠছে শতবর্ষ আগে রবীন্দ্রনাথের অবলোকন করা জাপানি বাস্তবতার ত্রুটিপূর্ণ কিছু দিক। রবীন্দ্রনাথ জাপানকে দেখতে চেয়েছিলেন প্রকৃত অর্থে অনুকরণযোগ্য এশীয় মডেল রাষ্ট্র হিসেবে। আর সেই আকাঙ্ক্ষা থেকেই ত্রুটির দিকগুলো তাঁর চোখে বেশি করে ধরা দিয়েছে এ কারণে যে জাপান যেন তা শুধরে নিতে পারে।
মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।