
যেকোনো রাজনৈতিক দলকে এগিয়ে নিতে প্রয়োজন সঠিক নেতৃত্ব, সঠিক নীতি-আদর্শ এবং সুশৃঙ্খল কর্মী বাহিনী।
এই তিন মানদণ্ড মেনে দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকে এই মুহূর্তে পরীক্ষার হলে বসালে জিপিএ ফাইভ পাওয়া দূরে থাক, টেনেটুনে পাস করবে কি না, সে বিষয়ে সন্দেহ আছে। অনেকের মতে, প্রতিষ্ঠার পর এবারই দলটি সবচেয়ে কঠিন সময় পার করছে। যদিও বিএনপির নেতারা বলছেন, জনগণ বিএনপির সঙ্গে আছে এবং আন্দোলনের জন্য কর্মীরাও মাঠে নামতে প্রস্তুত। কিন্তু সরকারের দমন-পীড়ন ও মামলা-মোকদ্দমার কারণে তাঁরা আন্দোলন গড়ে তুলতে পারছেন না। বিএনপির নেতাদের এ দাবি অংশত সত্য। সরকার যে পাইকারি হারে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একটার পর একটা মামলা ঠুকে দিচ্ছে, সভা-সমাবেশের ওপর লিখিত-অলিখিত বিধিনিষেধ আরোপ করে চলেছে, সেও মিথ্যা নয়।
কিন্তু এর পাশাপাশি স্বীকার করতে হবে যে গত সাড়ে ছয় বছরে বিএনপি জনগণের কোনো মৌলিক সমস্যা নিয়ে মাঠে নামেনি। কেবল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। ফলে সরকারের প্রতি জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে একটি সফল গণ-আন্দোলন করতে তারা ব্যর্থ হয়েছে।
আওয়ামী লীগ যদি নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়কব্যবস্থা বাতিল করে থাকে, বিএনপিও প্রথমে বিচারপতিদের বয়স বাড়িয়ে, পরে ইয়াজউদ্দিন আহম্মেদকে বশংবদ প্রধান উপদেষ্টা করে এই ব্যবস্থার চরম অপব্যবহার করেছিল। দুই ক্ষেত্রেই ক্ষমতাসীনেরা সংবিধানের দোহাই দিয়েছেন। সম্ভবত নির্বাচনে বিজয়ী দল দুই-তৃতীয়াংশের চেয়ে কিছু কম আসন পেলে নেত্রীদের জনপ্রিয়তায় সামান্য আঁচড় লাগলেও গণতন্ত্রটা রক্ষা পেত।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ১/১১-এর সিনড্রোম থেকে বেরিয়ে আসতে পারলেও প্রায় আট বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে। তাড়িয়ে বেড়াচ্ছে তাদের শাসনামলের কিছু মারাত্মক ভুলও। ১/১১-এর পর ক্ষমতাচ্যুত বিএনপির নেতা-কর্মীদের মধ্যে যে পারস্পরিক সন্দেহ-অবিশ্বাস দেখা দিয়েছিল, তার মূলে ছিল ব্যর্থতার দায় নেওয়া–না নেওয়া। মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দলের সংস্কারবাদী অংশ সফল হতে পারেনি। কিন্তু যেসব কারণে তাঁরা খালেদা জিয়ার নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন, তার যৌক্তিকতা ছিল। সংস্কারপন্থীদের মধ্য থেকে কাউকে নেওয়া, কাউকে বাদ দেওয়ায় নেতৃত্বে সন্দেহের প্রবণতা আরও বেড়েছে। সংস্কারপন্থীদের মতে কট্টরপন্থীদের কারণেই ১/১১-এর ঘটনা বা অঘটন ঘটেছিল। ২০০৭ সালের জানুয়ারিতে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন করা গেলে বিএনপিকে বিরোধী দলের আসনে বসতে হলেও ২০০৮ সালের মতো লজ্জাজনক অবস্থায় পড়তে হতো না। আওয়ামী লীগও তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংবিধান মোচড়ানোর সুযোগ পেত না।
বিএনপির নেতৃত্বাধীন জোটের শাসনামলে ক্ষমতাসীনদের আশ্রয়ে-প্রশ্রয়ে এমন কিছু গুরুতর ঘটনা বা অঘটন ঘটানো হয়েছে, যা দেশকে ভয়াবহ বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল। উদাহরণ হিসেবে একই সময়ে ৬৩ জেলায় বোমা হামলা, ১০ ট্রাক অস্ত্রের চালান আটক এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা উল্লেখ করা যায়। এসব অঘটনের প্রতিকার, দায়ী ব্যক্তিদের বিচার এবং ক্ষমতাসীন দলটির দায় স্বীকার ব্যতীত বর্তমান রাজনৈতিক বৈরিতা ও বিদ্বেষের অবসান অসম্ভব বলে মনে করি। এ কথার অর্থ এই নয় যে, বিএনপির সব নেতা বসে সিদ্ধান্ত নিয়ে এসব অপকর্ম করেছেন। কিন্তু কারা করেছেন, কী উদ্দেশ্যে করেছেন, তাঁদের বাঁচাতে কারা সক্রিয় ছিলেন—বিএনপির নেতৃত্বের উচিত সেসব দেশবাসীকে জানানো এবং তাদের সঙ্গে দলের সব সম্পর্ক ছিন্ন করা।
এই মুহূর্তে বিএনপির প্রধান সমস্যা হলো আস্থার অভাব; যা নেতা ও নেতা, কর্মী ও নেতার মধ্যে দূরত্ব ক্রমেই বাড়াচ্ছে। একাধিক কেন্দ্র থেকে দল পরিচালিত হচ্ছে। নয়াপল্টনের সঙ্গে গুলশানের সমন্বয় নেই। গুলশানের সঙ্গে লন্ডনের মতেরও যথেষ্ট অমিল আছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কয়েক দিন আগে এক সমাবেশে বলেছেন, দলের ভেতরে সরকারের লোকেরা ঢুকে দলের ক্ষতি করছেন। মহানগর বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটল, তার দায়ও কি গয়েশ্বর রায়রা সরকারের কাঁধে চাপাতে চাইছেন?
বিএনপির নেতারা বলতে চাইছেন যে এসব তৎপরতার পেছনে সরকারের ইন্ধন আছে। সেটি থাকতেই পারে। বিএনপির নেতারা সেই সুযোগটি কেন করে দিচ্ছেন? কেন গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে না? বিএনপি ও অঙ্গসংগঠনের সব কমিটিই যদি চেয়ারপারসন বা ব্যক্তিবিশেষের খেয়ালখুশি অনুযায়ী গঠিত হয়, তাহলে গঠনতন্ত্রই বা রাখার প্রয়োজন কী? বিএনপি এই মুহূর্তে শেখ হাসিনার ‘অগণতান্ত্রিক’ সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে। কিন্তু দলের ভেতরে ন্যূনতম গণতন্ত্রচর্চার লক্ষণ নেই। ছাত্রদলের ভেতরে যদি সরকারের এত অনুপ্রবেশকারী থেকে থাকে, তাহলে তারেকের সাচ্চা সৈনিকেরা কোথায়?
বিএনপিতে ডজন ডজন নেতা আছেন, কিন্তু নেতৃত্ব নেই। বিএনপির নেতারা জানেন না কোথা থেকে সিদ্ধান্ত আসে? তারেক রহমান লন্ডন থেকে একেটি ওহি জারি করেন, আর দেশে বসে নেতারা তাঁর ব্যাখ্যা দিতে দিতে ক্লান্ত। তাঁদের বক্তৃতা শুরু করতে হয় তারেক রহমানকে দিয়ে এবং শেষ করতে হয় তারেক রহমানকে দিয়ে। ইদানীং বিএনপি সমর্থক বেশ কিছু বুদ্ধিজীবীও যুক্ত হয়েছেন, যাঁরা তারেকের মধ্যেই ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতে পাচ্ছেন। এঁদের কেউ কেউ এরশাদের মধ্যেও বাংলাদেশকে দেখতেন। একজন নামকরা রাষ্ট্রবিজ্ঞানীকে জানি, যিনি সামরিক শাসনের ঘোরতর বিরোধী, কিন্তু জিয়াউর রহমানের সমর্থক। এঁদের কেউ কেউ আরেক পা এগিয়ে বলার চেষ্টা করেন, ১৬ ডিসেম্বর নয়, বাংলাদেশ নাকি প্রকৃত স্বাধীনতা পেয়েছে পঁচাত্তরের ৭ নভেম্বর।
নেতা ও কর্মীদের আখ্যান এতক্ষণ ব্যাখ্যা করলাম। এবার আসি নীতি ও আদর্শের কথায়। বিএনপির নেতারা প্রায়ই বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাঁদের আদর্শগত মিল নেই, কেবল নির্বাচন ও আন্দোলনের ভিত্তিতে তাঁরা জোট করেছেন। সেটাই যদি হবে, তাহলে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে জামায়াতের প্ল্যাকার্ড-ফেস্টুন তাঁদের সমাবেশে শোভা পায় কী করে? বিএনপির নেতারা বাধা দেন না কেন? কেন বলেন না যুদ্ধাপরাধের বিচারসংক্রান্ত কোনো প্ল্যাকার্ড সমাবেশে আনা যাবে না? বিএনপির নেতারা যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে শুরু থেকেই দ্বিমুখী নীতি অনুসরণ করে চলেছেন। তাঁরা নিজ দলের যুদ্ধাপরাধীর পক্ষে ব্যানার-পোস্টার না টানালেও জামায়াতকে সুযোগ করে দিয়েছেন। এটি হলো জামায়াতের কাছে বিএনপির রাজনৈতিক আত্মসমর্পণ।
সম্প্রতি সহযোগী একটি পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেল, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি ভারমুক্ত হওয়ার গ্রিন সিগন্যাল পেয়েছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। বিএনপির দুঃসময়ে হাল ধরা এই ব্যক্তিকে তিন বছর ধরেই ভারযুক্ত রাখা হয়েছে, তাঁর প্রতি দলের দ্বিতীয় সুপ্রিমের সমর্থন নেই বলে।
কিন্তু বিএনপির মূল সমস্যা মহাসচিবের ভারমুক্ত হওয়া না ভারযুক্ত থাকা নয়। মূল সমস্যা হলো রাজনৈতিক নীতি ও আদর্শ ঠিক করা। প্রবলভাবে ডানে ঝুঁকে থাকা সত্ত্বেও বিএনপি যদি নিজেকে একটি মোটামুটি গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে অতীতের ভুল তাকে স্বীকার করতেই হবে। কাদের জন্য দলের সুনাম নষ্ট হয়েছে, কারা এসব অঘটনে জড়িত ছিল, কারা ইন্ধন দিয়েছে, তাও খোলাসা করে বলতে হবে। যেসব পশ্চিমা দেশকে গণতন্ত্রের সমর্থক ভাবা হয়, তাদের মনোভাবটাও বিএনপির নেতৃত্বকে বুঝতে হবে। এসব দেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হলেও কখনোই চাইবে না বাংলাদেশ ফের জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অভয়ারণ্য হোক। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও এশীয়বিষয়ক কমিটির চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট বিএনপি-জামায়াত জোট সম্পর্কে গত জানুয়ারিতে নেওয়া প্রস্তাবটির কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। সেই প্রস্তাবে বিএনপির প্রতি জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হয়েছিল। প্রস্তাবে এও বলা হয়েছিল, যেসব দল সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত। (১৭ জানুয়ারি ২০১৪, ঢাকা ট্রিবিউন)
গত ১০ মাসে বিএনপি হেফাজতের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখলেও জামায়াতের সঙ্গে মৈত্রী ও বন্ধুত্বের বন্ধন অটুটই আছে। বিশ্লেষকদের মতে, বিএনপি রাজনৈতিকভাবে জামায়াতকে যতটা না প্রভাবিত করতে পারছে, জামায়াত তার চেয়ে অনেক বেশি বিএনপির ওপর প্রভুত্ব বিস্তার করে আছে। অনেক ক্ষেত্রে দুই দলের নেতাদের বক্তব্য–বিবৃতির মধ্যে ফারাক করাও কঠিন হয়ে পড়ে।
এর পরও কীভাবে বিএনপির নেতৃত্ব গণতান্ত্রিক বিশ্বের সমর্থন আশা করে?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]