জামায়াত-শিবিরের তালেবানকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের তালেবানকরণ হয়ে গেছে। মাস তিনেকের কিছু আগে প্রথম যেদিন জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর আক্রমণ হয়েছিল, তখন ধারণা হয়েছিল যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিছু অতি-উগ্র শিবিরকর্মীর কাজ।দ্বিতীয় বা তৃতীয় দিনের পরও পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটতে থাকায় আগের ধারণা থেকে সরে আসতে হয়। ব্যাপারগুলো ছিল এত অস্বাভাবিক যে বিস্মিত না হয়ে উপায় ছিল না। যাদের বিরুদ্ধে এত রক্তঝরা সংগ্রাম-যুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশের ৪১-৪২ বছর বয়সেও সেই জামায়াত-শিবির এই বাংলাদেশ রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। পুলিশ-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ক্রমাগত হামলা রাষ্ট্রের ওপর হামলার শামিল। গত নভেম্বর-ডিসেম্বরের এদিক-ওদিক কিছুটা বিচ্ছিন্ন আক্রমণ এখন তারা অনেক সুসংহত করছে। সংবাদমাধ্যম নামকরণ করছে ‘ঝটিকা তাণ্ডব’ অথবা ‘তাণ্ডব’। অর্থাত্ প্রথম দিকের পুলিশের ওপর আক্রমণের সঙ্গে সঙ্গে এখন তাণ্ডবের শিকার হচ্ছে বাসযাত্রীসহ বাস-গাড়ি। বলা বাহুল্য, গাড়িতে যাত্রী থাকে। শিশু-বালক-বালিকা-বৃদ্ধ-বৃদ্ধা-নারী-পুরুষ সবাই থাকে, বা থাকতে পারে বাসে-গাড়িতে। তারা নির্বিচারে আক্রান্ত হচ্ছে। ১৩ তারিখে মতিঝিল এলাকায় গিয়েছিলাম। এদিক-ওদিক অনেকগুলো বাণিজ্যিক বিল্ডিংয়ের ভাঙা কাচ রাস্তায় ছড়ানো। জামায়াত-শিবিরের তাণ্ডব। পুলিশের ওপর আক্রমণ তো চলছেই। মাঝে অবশ্য এক দিন রজনীগন্ধা বিনিময় হয়েছিল। উজবুক হয় বহু প্রকারের। ২.সরকারের কিছু দোষ ধরা যায়। জামায়াত-শিবিরকে মিটিং-মিছিল করতে দেয়নি। তর্কের স্বার্থে ধরে নিচ্ছি, সরকার বেআইনি বা অন্যায় করেছিল। অহরহ বেআইনি বা অন্যায় কাজ, অনেক ক্ষেত্রে ভীষণ গুরুতর অন্যায় করে না—এমন সরকার কি আমরা কখনো পেয়েছি? তাই বলে রাষ্ট্রকে আক্রমণ! যুদ্ধাপরাধের বিচার আর জামায়াতকে সমর্থন দেওয়ার ব্যাপারে কিছুটা হলেও বিএনপির ‘ধীরে চলো নীতি’তে জামায়াত নিঃসন্দেহে কোণঠাসা হয়ে পড়ছিল। জনসমর্থন হারাচ্ছিল। গত নির্বাচনের আগে যত দূর মনে পড়ে, ২৬ ডিসেম্বর ২০০৮-এ এই প্রথম আলোতে লিখেছিলাম যে তখন আসন্ন (২৯ ডিসেম্বরের) নির্বাচনে জামায়াত প্রার্থীরা দুটি অথবা তিনটি ‘সিট’ পাবে। আজকে নির্বাচন হলে একটিও পাবে না। যেকোনো দেশে যেকোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল জনসমর্থন হারাতে পারে। হঠাত্ করে ভোট অনেক কমে যেতে পারে। দলটি যদি গণতান্ত্রিক হয়, তাহলে নিশ্চয়ই চেষ্টা করবে হারানো জনসমর্থন ফিরে পাওয়ার, সেটা করবে গণতান্ত্রিক-রাজনৈতিক পন্থায়। আর না পারলে রাজনৈতিক দল হিসেবে বিলীন হয়ে যাবে। যেমন হয়েছে মুসলিম লীগ, বাকশাল, ভাসানী ন্যাপ। অবশ্য এক দল অন্য দলে সদলবলে যোগদান করেও বিলীন হতে পারে। অথবা টিমিশ টিমিশ করে, খুঁড়িয়ে খুঁড়িয়ে টিকে থাকতে পারে নাম বা প্যাডসর্বস্ব দল হিসেবে। অথবা ধরতে পারে তালেবানি পথ, যেমনটা করছে এখন জামায়াত-শিবির। রাজনৈতিক আদর্শের বদলে কোনো তথাকথিত রাজনৈতিক দলের আদর্শ যদি হয় ধর্মবিশ্বাস, তখন তারা অন্যান্য রাজনৈতিক দলের মত-আদর্শের পরাজয় মেনে নিতে পারে না। কারণ, সেটা মেনে নিলে তা হবে ধর্মবিশ্বাসের পরাজয়। কারণ, ধর্মবিশ্বাসটাই তো তাদের আদর্শ। তারা রাজনৈতিক আদর্শ ও ধর্মবিশ্বাসের মধ্যে পার্থক্যটা করতে বা ধরতে পারে না। বলা বাহুল্য, রাজনৈতিক দলে সে দলের রাজনৈতিক আদর্শকে ধর্মের মতো বিশ্বাস করার মতো লোকও থাকে বা থাকতে পারে। নিঃসন্দেহে জামায়াত-শিবিরের জনবিচ্ছিন্নতা বাড়ছে। আর তাই স্বাভাবিকভাবে বাড়ছে তাদের তাণ্ডব। জামায়াত-শিবিরের কিছুটা জঙ্গিধারা এখন তাদের মূলধারায় পরিণত হতে বাধ্য। শঙ্কা সেটাই। পরিচিত সাংবাদিক জানিয়েছিলেন যে হরতালের আগের রাতে হরতাল ডাকা বিএনপি বা আওয়ামী লীগের কর্মীরা যখন বাসে বা গাড়িতে আগুন দেয়, তখন যাত্রীদের বাস-গাড়ি থেকে বেরোনোর জন্য দুই মিনিট সময় দেয়। জামায়াত-শিবির দেয় না। জামায়াত-শিবিরের তাণ্ডব বাড়বে। মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে, অকাতরে শত শত, হাজার হাজার মানুষ হত্যাকারী তাদের নেতাদের ‘বাঁচাতে’ জামায়াত-শিবির আবার নির্বিচারে নিরীহ মানুষ হত্যা করতে পিছপা হবে না। কতজন মারবে, কীভাবে মারবে—এসব এখন সময়ের ব্যাপার মাত্র। ৩.শেখ হাসিনা রাজনৈতিক নেতৃত্বের যে জায়গাটিতে উঠতে পারেননি, শাহবাগের তরুণ প্রজন্ম সেখানে সহজেই পৌঁছে গেছে। বই খুঁজে পাচ্ছি না, তাই স্মৃতির ওপর ভরসা রেখে বলছি, জওহরলাল নেহরু ভারতীয় কংগ্রেস দলের সভাপতি হিসেবে কংগ্রেসের সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন—সেটা ১৯২৯ সালে, না ১৯৩৬-এর দিকে, সেটা মনে পড়ছে না—যে ভারত স্বাধীন হলে কংগ্রেস ভারত থেকে হিন্দু আইন বিলোপ করবে। ভারত ১৯৪৭-এ স্বাধীন হওয়ার পর নেহরুর সে ঘোষণা বাস্তবায়িত করতে লেগে গিয়েছিল সাত-আট বছর, অর্থাত্ ১৯৫৪ ও ১৯৫৫ সালে ভারতীয় সংসদে সনাতনি, হিন্দু প্রথাগুলো বিলোপ করে দুটি আইন পাস করতে। বঙ্গবন্ধুও মোটেও পিছিয়ে ছিলেন না। নেহরুর আইন দুটি পাস করার প্রায় ঠিক সমসাময়িক কালে আওয়ামী লীগের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছিল। ভারতের সংবিধানের আগে আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষতা স্থান পেয়েছিল ১৯৭২ সালে বঙ্গবন্ধুরই কারণে। ১৯৭২-এর পর প্রায় ৪০ বছরের মাথায় এসে অর্থাত্ ২০১১ সালে যখন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হলো, শেখ হাসিনা তখন ‘ধর্ম’ রেখে দিলেন। তথাকথিত ভোটের হিসাব-নিকাশ করে বাবার আদর্শ বিসর্জন দিলেন। এখন পথ দেখাচ্ছে শাহবাগের নতুন প্রজন্ম। ধর্ম ও রাষ্ট্র সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার একটি সুবিধা হলো যে দুটিকে সহজেই গুলিয়ে ফেলা যায়। অবশ্য এর থেকে বেশি গুলিয়ে ফেলা হয় সংকীর্ণ স্বার্থে, পঙ্কিল চিন্তাভাবনা থেকে। যেমন করেছিল বিএনপি আর জাতীয় পার্টি। পরে তাতে বেসুরোভাবে হলেও সুর মেলাতে প্রায়ই চেষ্টা চালিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ। ৪.ধর্ম রাজনীতি নয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর এখন তারুণ্যের নবজাগরণে জাগরিত বাংলাদেশে ধর্মাশ্রয়ী রাজনীতি থাকতে পারে না। মধ্য বয়সী থেকে প্রৌঢ় নেতৃত্ব হালুয়া-রুটির হিসাবে বিভোর। এই নেতৃত্ব ভোটের হিসাব কষতে গিয়ে সব আদর্শ অকাতরে বিসর্জন দিতে পারে। তরুণের কাঠের বন্দুকের মুক্তিযুদ্ধ থেকে আমরা বাংলাদেশ পেয়েছিলাম।দেশকে তালেবানি তাণ্ডবমুক্ত করতে আমাদের ভর করতে হবে তরুণ-তরুণীদের চওড়া কাঠের ওপর। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অন্তত কতগুলো বিচার শেষ ও শাস্তি কার্যকর করা আশু লক্ষ্য ও দায়িত্ব। খেয়াল রাখতে হবে যে জামায়াত-শিবির যত বেশি জনসমর্থন হারাবে, তাদের তাণ্ডব তত বীভত্স-নৃশংস হবে। শেষ কামড় দেবে। তাই দেশের সব প্রান্তে দরকার আরও অসংখ্য স্বাধীনতা প্রজন্ম চত্বর, দরকার দিকে দিকে আরও জাগরণ। শুধু গোটা দশ-বারো রাজাকারের বিচার ও শাস্তি দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না। অবশ্য সরকারটা এতই অদক্ষ যে, এর থেকে বেশি কিছু কেমনে আশা করি। তবু আরও বিচার চাই, আরও শাস্তি চাই। আর চাই সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সংশোধন। সংশোধন করে শর্ত জুড়ে দিতে হবে যে ৪৯ অনুচ্ছেদের দণ্ড বা শাস্তি মওকুফের রাষ্ট্রপতির যে ক্ষমতা, সে ক্ষমতা যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধে দোষী অপরাধীদের শাস্তি কমানো বা মাফ করার ব্যাপারে প্রয়োগ করা যাবে না। ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রপতিও রাজাকারদের মাফ করতে পারবেন না। আইন ভুললে ভুলব। কিন্তু সারা দিন ভুলব না জপতে: ‘তুই রাজাকার’। শাহদীন মালিক: জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; পরিচালক, স্কুল অব ল, ব্র্যাক ইউনিভার্সিটি