লেখার শুরুতে একটা বিষয়ে পরিষ্কার হয়ে যাওয়া ভালো। পত্রিকায় আমার কলাম প্রকাশিত হওয়ার পর অনেক পাঠক ই-মেইলে, ফেসবুকে আর পত্রিকার নিজস্ব মন্তব্য কলামে তাঁদের নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এগুলোর কোনো কোনোটা থাকে প্রশংসাসূচক, আবার বেশ কিছু থাকে তীব্র সমালোচনামূলক। এই সব প্রতিক্রিয়াই আমার বেশ ভালো লাগে এবং তা অনেক সময় উপকারও করে। ‘আমার সমালোচক আমার বন্ধু’ আমি এই মতবাদে বিশ্বাসী। পাঠকদের উদ্দেশে শুধু এটুকু বলতে পারি, আমার লেখায় যেসব রাজনৈতিক দল বা সংগঠন এখনো কিছুটা হলেও মুক্তিযুদ্ধের কথা বলে বা চেতনা ধারণ করে, তাদের কাজের হয়তো কিছু প্রশংসা থাকে তা ঠিক, তবে তাদের সমালোচনা করতেও পিছপা হই না। পাঠকদের একটা কথা পরিষ্কারভাবে জানাতে চাই, যে দলের সন্ত্রাসীরা আমার ছোট ভাইকে টেবিলে শোয়ায়ে জবাই করতে উদ্যত হয়েছিল অথবা আমার গাড়িতে ব্রাশফায়ার করে বা আমার বাড়িতে বোমা মেরে আমার মৃত্যুদণ্ড কার্যকর করতে উদ্যত হয়েছিল, তাদের তো আমি সমর্থন করে কিছু লিখতে পারি না।আমার সম্পর্কে পাঠকদের যাতে কোনো প্রকার বিভ্রান্তি না থাকে, সে কারণেই লেখার শুরুতে এই নাতিদীর্ঘ ব্যক্তিগত কৈফিয়ত। এতে কোনো পাঠক মনঃক্ষুণ্ন হলে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।গত মঙ্গলবার বিএনপি-সমর্থিত জামায়াত-শিবির হরতালের নামে দেশব্যাপী আরেকটি নৈরাজ্যকর আর ধ্বংসাত্মক দিন জাতিকে উপহার দিল। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে শত্রুমুক্ত করার জন্য মুক্তিবাহিনী আর মিত্রবাহিনী সর্বাত্মক যুদ্ধ শুরু করেছিল। ৩ ডিসেম্বর বিকেলে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বিমান হামলা চালায়, আর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বক্তৃতা শেষ না করেই দিল্লিতে ফিরে পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্ব শুরু হয় মধ্যরাতের কিছু পরে (৪ তারিখ), যখন নবগঠিত বাংলাদেশ বিমানবাহিনীর বৈমানিকেরা তাঁদের বিমান ও হেলিকপ্টার নিয়ে চট্টগ্রামের তেল শোধনাগার ও নারায়ণগঞ্জের তেলের ডিপোতে হামলা করেন। দিনটি মুক্তিযুদ্ধে একটি ঐতিহাসিক দিন। গত ৪০ বছরেও জামায়াত কখনো ডিসেম্বর মাসে হরতালের মতো কোনো কর্মসূচি দেওয়ার সাহস করেনি।ঠিক এই দিনে জামায়াত-শিবিরের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পেছনে তাদের মূল উদ্দেশ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের শীর্ষ পর্যায়ের আটজন নেতার বিচার বানচাল করা। তারা হরতাল আহ্বান করে গণমাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, তাতেও তারা পরিষ্কার ভাষায় উল্লেখ করেছে, হরতাল ডাকার পেছনে এটাই তাদের প্রধান উদ্দেশ্য। তারা যেহেতু বেগম জিয়ার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের প্রধান শরিক দল, সেহেতু জোটের প্রধান দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিটা অনেকটা দায়সারাভাবে দ্বিতীয় স্থানে রাখতে বাধ্য হয়েছে। জামায়াত হরতাল ডাকার আগে ঘোষণা করেছিল, তারা মঙ্গলবার তাদের নেতাদের মুক্তির দাবিতে বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করবে। মহানগর পুলিশ তাদের এই সমাবেশের অনুমতি দেয়নি বোধগম্য কারণেই। বেশ কিছুদিন ধরে জামায়াতের আচরণ একটি স্বাভাবিক রাজনৈতিক দলের মতো নয়। তারা এখন অনেকটা শহর/ নগরকেন্দ্রিক সন্ত্রাসী দল। তারা আন্দোলনের নামে ঝটিকা মিছিল করে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা চালায়, বেপরোয়াভাবে গাড়ি ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, জানমালের ক্ষতি করে এবং ইদানীং শিবির তাদের ব্যাকপ্যাকে মশাল আর পেট্রল বহন করে বাসস্ট্যান্ডে গিয়ে তা দিয়ে বাসে অগ্নিসংযোগ করে। এমন একটি সন্ত্রাস সৃষ্টিকারী দলকে পুলিশ প্রশাসন কীভাবে সমাবেশের অনুমতি দেবে? শান্তিপূর্ণ সমাবেশ তো জামায়াত তাদের অভিধান হতে বেশ অনেক আগেই মুছে দিয়েছে।হরতালের আগের দিন, সোমবার বিকেলে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের নেতা ডা. আবদুল্লাহ মো. তাহেরকে পাশে বসিয়ে তাঁদের পূর্বঘোষিত আগামী ৯ তারিখের রাজপথ অবরোধের পক্ষে সংবাদ সম্মেলন করলেন। সাংবাদিকদের প্রশ্ন সত্ত্বেও তিনি জামায়াতের ডাকা হরতাল সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আবদুল্লাহ মো. তাহের শুধু তাঁদের সমাবেশ করার অনুমতি না পাওয়ার কথা বলেছেন। কিন্তু সবাইকে কিছুটা অবাক করে দিয়ে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি মঙ্গলবারে আহূত জামায়াতের হরতালকে নৈতিক সমর্থন দিয়ে দিল। তাদের এই নৈতিক সমর্থনের অর্থ হচ্ছে তার দল এখন থেকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের নেতাদের মুক্তির দাবিকে সমর্থন করে এবং কারও কারও মতে এর ফলে এটি মনে করার যথেষ্ট কারণ আছে বিএনপি এবং তাদের ১৮ দলীয় জোটের মূল দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের ব্যবস্থা পুনঃপ্রবর্তন হতে হয়তো সরে এল।সোমবার রাতের প্রায় সব প্রাইভেট টিভি চ্যানেলের টক শোগুলোর আলোচনার মূল বিষয় ছিল জামায়াতের ডাকা হরতালে আচমকা বিএনপির নৈতিক সমর্থন। পর্যায়ক্রমে তিনটি চ্যানেলের আলোচনা শোনার সুযোগ আমার হয়েছে। এই আলোচনায় মোট চারজন সাংবাদিক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ আলোচকদের মধ্যে ছিলেন একজন সাংবাদিক নেতা এবং একজন বর্ষীয়ান ও সর্বমহলে সম্মানিত সাংবাদিক। তাঁর সব সমালোচনার সঙ্গে আমি যে দ্বিমত করি, তা নয়। এটি ঠিক, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট অনেক ভালো কাজ করেছে, তবে মাঝে তাদের কিছু অনভিপ্রেত কর্মকাণ্ড বিরোধী শিবিরকে সমালোচনার জন্য হাতে অস্ত্র তুলে দিয়েছে।সেই রাতের আলোচনায় সাংবাদিক নেতা জামায়াতের হরতালের পক্ষে সাফাই গেয়ে বললেন, যেহেতু জামায়াতকে প্রকাশ্যে সহজে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে না, সেহেতু হরতাল ডাকা ছাড়া হয়তো তাদের বিকল্প ছিল না। আর সরকারের জন্য সবচেয়ে ভালো হতো জামায়াতকে নিষিদ্ধ করে দিলে। তিনি হয়তো ভুলে গেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সরকার সাংবিধানিকভাবে জামায়াতসহ সব ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করেছিলেন। সামরিক শাসক জিয়া ১৯৭৭ সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে জামায়াতকে আবার প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জামায়াত যদি তাদের একাত্তরের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করে রাজনীতিতে ফিরত, তাহলে দেশের মানুষ হয়তো তাদের গ্রহণ করত। কিন্তু তারা তা না করে উল্টো বেশ দম্ভ করে বলেছে, একাত্তরে তারা ভুল করেনি। সেই সাংবাদিক নেতা আরও বলেছেন, বর্তমানে যারা জামায়াত-শিবির করে, তাদের বেশির ভাগই তো একাত্তর-পরবর্তী প্রজন্ম। তাদের কেন তাদের পূর্বসূরিদের মতো দেখা হবে? এ জন্যই দেখা হবে যে এই প্রজন্মও তাদের পূর্বসূরিদের রাজনৈতিক চিন্তাচেতনা ধারণ করে এবং সুযোগ থাকলে বাংলাদেশকে আবার একটি মিনি পাকিস্তান বানাবে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে হিটলারের নাৎসি পার্টিকে তাদের বিভিন্ন অঙ্গসংগঠনসহ নিষিদ্ধ করা হয়েছিল এবং তা এখনো বলবৎ আছে। মাঝেমধ্যে কিছু কিছু নব্য নাৎসি পার্টি জন্ম দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সরকারের দৃঢ়তার কারণে তা সম্ভব হয়নি। নেদারল্যান্ডসে জার্মান বাহিনীর সঙ্গে সে দেশের যেসব মানুষ সহযোগিতা করেছিল, তাদের ভোটাধিকার রহিত করা হয়েছিল, যা আর কখনো ফিরিয়ে দেওয়া হয়নি।আর বর্ষীয়ান সাংবাদিক বললেন কী হতো জামায়াতকে মিছিল-সমাবেশ করতে দিলে? তারা বড়জোর মগবাজার থেকে বের হয়ে নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে দিয়ে মিছিল নিয়ে ফিরে যেতে। এ তো একধরনের বোকার স্বর্গে বাস করা। গত কুড়ি বছরে এমন কোনো জামায়াতের সভা-মিছিল আছে, যেটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে? জামায়াত-শিবির সভা-মিছিল করবে জানলে শহরের সব মানুষ এক ভয়ংকর আতঙ্কে ভোগে। বর্তমানে তাদের ঝটিকা মিছিল ঢাকা বা অন্যান্য শহরের যেকোনো জায়গা হতেই বের হয় এবং গাড়ি ভাঙচুর শুরু করে। মঙ্গলবারের হরতালের দিন একটি নতুন মাত্রা যোগ হয়েছে। জামায়াত-শিবিরের ক্যাডাররা এদিন বিমানবন্দর সড়কে মার্কিন দূতাবাসের একটি গাড়িতে হামলাসহ ভাঙচুর করে। এ হামলার দায়িত্ব জামায়াত স্বীকার করেছে এবং বলেছে তারা এর ক্ষতিপূরণ দেবে। তাহলে দেশের মানুষের যে শতাধিক গাড়ি ভাঙচুর করল অথবা অগ্নিসংযোগ করল, তার কী হবে? আর দ্বিতীয় ঘটনাটি হচ্ছে ঢাকার পল্লবীসহ বিভিন্ন স্থানে গাড়িতে হামলাকারী জামায়াত-শিবিরের ক্যাডারদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করা। এবার জনগণের সঙ্গে ছাত্রলীগ আর যুবলীগও মাঠে ছিল। কাজটি শুরু হয়েছিল জামায়াতের গত মাসে রংপুর-বগুড়ায় জনগণ কর্তৃক তাদের ক্যাডারদের প্রতিহত করার মাধ্যমে। রংপুরে প্রথমবারের মতো জনগণ জামায়াতের অফিসে আগুন দিয়েছে। যদিও এই কাজগুলোকে অনেকে বেশ বাহবা দিয়েছে, শেষতক এ অবস্থা চলতে থাকলে দেশে এক চরম নৈরাজ্যকর পরিস্থিতির জন্ম হওয়ার আশঙ্কা দেখা দেবে। এ থেকে পরিত্রাণ পেতে হলে জামায়াতকেই সাবধান হতে হবে। তাদের বুঝতে হবে, যতই চেষ্টা করা হোক, তাদের একাত্তরের অপরাধীদের তারা শাস্তি থেকে রক্ষা করতে পারবে না।এবার আমি জামায়াতের হরতালে বিএনপির নৈতিক সমর্থন নিয়ে দুটি কথা বলি। খালেদা জিয়া দিল্লি সফরে গিয়ে ভারতীয় নেতাদের বলে এসেছেন, তিনি মৌলবাদী আর জঙ্গিবাদীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। আগেই বলেছিলাম, এটি তাঁর পক্ষে সম্ভব হবে না। কম হলেও জামায়াতের ঝুলিতে ৭ শতাংশ ভোট আছে। শেষতক ভোটের রাজনীতিতে তিনি পরাজিত হবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের সপ্তাহে বলেছিলেন, জামায়াত যে ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়, তার দায়দায়িত্ব তাঁরা নেবেন না। মঙ্গলবারের হরতালে নৈতিক সমর্থন দিয়ে এই দিনের সব ধ্বংসাত্মক কার্যকলাপের দায়দায়িত্ব তাঁদের নিতে হলো। বিএনপি হয়তো বুঝল না, তাদের এই নৈতিক সমর্থনের ফলে তারা কত মানুষের সমর্থন হারাল। কেউ কেউ বলছেন, অবস্থা এ রকম চলতে থাকলে হয়তো নিকট ভবিষ্যতে বেগম জিয়া বিএনপি-জামায়াতের যৌথ দলের (অনেকটা জয়েন্ট ভেঞ্চারের মতো) চেয়ারপারসন হয়ে যেতে পারেন। আশা করব, সময় থাকতে সবার বোধোদয় হবে।আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।