বাঙালি অর্থনীতিবিদ বিনয় কুমার সরকার দীর্ঘকাল জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশে বসবাসের ফলে জার্মানির অর্থনৈতিক অবস্থা ও কর্মনীতি সম্বন্ধে অসামান্য জ্ঞানলাভ করেছিলেন। জার্মানির ‘ব্যাধি-বার্ধক্য-দৈব’ বিমা, জার্মান শিল্পে শ্রমিক-মালিক সহযোগব্যবস্থা নিয়ে বিনয় কুমার প্রথম বঙ্গ দেশের লোককে অবহিত করার চেষ্টা করেছিলেন বিংশ শতাব্দীর চল্লিশের দশকে। ১৮৮৫ সালে জার্মানির প্রথম চ্যান্সেলর অটো ফন বিসমার্ক ‘জার্মান সামাজিক বিমা’ ব্যবস্থার প্রচলন করেন। স্বাস্থ্য, পেনশন, বেকার এবং বার্ধক্য নার্সিং বিমার মতো দুর্ঘটনা বিমাও বাধ্যতামূলক করা হয়েছে জার্মান সমাজে। দুর্ঘটনা বিমার মূল ক্ষেত্র হচ্ছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও পেশাগত ব্যাধি।
রানা প্লাজার দুর্ঘটনা জার্মানির রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলোড়ন সৃষ্টি করে। ২০১৪ সালে জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফ্লুকটেল দুবার বাংলাদেশ সফর করেন। প্রতিমন্ত্রী ফ্লুকটেলের উদ্যোগে জার্মানির দুর্ঘটনা বিমার মডেল নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। বাংলাদেশের পোশাকশিল্পে দুর্ঘটনা প্রতিরোধ ও পেশাগত ব্যাধির প্রতিকার নিয়ে কী কী নতুন বিমা-ব্যবস্থার প্রচলন করা যায়, তা নিয়ে সরকারি ও বেসরকারি মহলে ব্যাপক আলোচনা চলতে থাকে।
রানা প্লাজার দুর্ঘটনা জার্মানির রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলোড়ন সৃষ্টি করে। বাংলাদেশের পোশাকশিল্পে দুর্ঘটনা প্রতিরোধ এবং পেশাগত ব্যাধির প্রতিকার নিয়ে কী কী নতুন বিমা-ব্যবস্থার প্রচলন করা যায়, তা নিয়ে সরকারি ও বেসরকারি মহলে ব্যাপক আলোচনা চলতে থাকে। তারই পরিণতি জার্মানিতে বাংলাদেশি প্রতিনিধিদের কর্মশালা
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জার্মান দূতাবাসের অর্থনৈতিক সচিব রসভিটা আমেলস এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশপ্রধান শ্রীনিবাস রেড্ডি জার্মানিতে ২৪ জনের বাংলাদেশি প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করেন। পোশাকশিল্পের এক বিশাল প্রতিনিধিদলকে পাঠানো হয় জার্মানির দুর্ঘটনা বিমা সংস্থার প্রশিক্ষণ একাডেমিতে। বাংলাদেশের পোশাকশিল্পের আটজন শ্রমিক, ব্যবস্থাপনা বিভাগের আটজন ও শ্রম মন্ত্রণালয়ের আটজন প্রতিনিধি চার সপ্তাহের প্রশিক্ষণে জার্মানি যান। প্রশিক্ষণ দেওয়া হয় দুর্ঘটনা
বিমা একাডেমির ট্রেনিং সেন্টারগুলোতে। এটা ছিল জার্মানিতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশিক্ষণ সফর। চার সপ্তাহের এই প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হয় ড্রেসডেন, ডর্টমুন্ড, বাড মুনস্টার আইফেল, বন ও বার্লিনে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আনিসুল আওয়াল।
শ্রমিক, মালিক ও সরকারপক্ষের এই ত্রিপক্ষীয় কর্মশালাগুলোয় তিনটি বিশেষ বিষয়বস্তু নির্ধারণ করা হয়। দুর্ঘটনা বিমা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিক-মালিক সংলাপ—এই তিনটি বিষয় নিয়ে অনেকগুলো সেমিনারেরও আয়োজন করা হয়। বিমা-ব্যবস্থার প্রশিক্ষক, আন্তর্জাতিক দুর্ঘটনা বিশেষজ্ঞ ও পোশাকশিল্প বিষয়ের অধ্যাপকেরা চার সপ্তাহব্যাপী সেমিনারে বক্তৃতা করেন। এই কর্মশালাগুলোর বিশেষত্ব হচ্ছে, জার্মানিতে এই প্রথম চার সপ্তাহব্যাপী কর্মকাণ্ড জার্মান ভাষা থেকে সরাসরি বাংলায় অনুবাদ করা হয়। লেখক ও সহকর্মী আবদুল কাদের বাংলা-জার্মান অনুবাদ করেন চার সপ্তাহব্যাপী ভাগাভাগি করে। শ্রমিকদের বোঝানোর সুবিধার জন্য এই বাংলা-জার্মান সেমিনার মডেল ব্যবহার করা হয়।
জার্মান দুর্ঘটনা বিমা-ব্যবস্থা নিয়ে এই চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী ও ইন্সপেক্টর জেনারেল অব লেবারও উপস্থিত ছিলেন। সমাপনী সেমিনারে তিনটি বিষয়বস্তুর ওপর তিনটি আলাদা কনসেপ্ট পেপার উপস্থাপন করা হয়। দুর্ঘটনা বিমা নিয়ে উপস্থাপনা করেন ড. আনিসুল আওয়াল, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে মহীউদ্দীন আহমদ খান এবং শ্রমিক-মালিক সংলাপ নিয়ে উপস্থাপনা করেন আমিনুল হক। এগুলো ছিল দীর্ঘ চার সপ্তাহের প্রশিক্ষণের ফসল। বাংলাদেশের প্রেক্ষাপটে কীভাবে এই বিমা-ব্যবস্থার প্রচলন করা যায় এবং শ্রমিক-মালিক সহযোগ কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে প্রাণবন্ত তর্কবিতর্ক চলে। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের শিক্ষা উপদেষ্টা মেসবাহউদ্দীন আহমেদ ও বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের উপস্থিতিতে মালিক-শ্রমিক সংলাপে জার্মানির মডেলকে বাংলাদেশে কীভাবে প্রচলন করা যায়, সে বিষয়ে সৃজনশীল আলোচনারও সূত্রপাত হয়।
ড্রেসডেন পূর্ব জার্মানির ঐতিহ্যবাহী সুন্দর শহর। জার্মান দুর্ঘটনা বিমার প্রশিক্ষণ একাডেমিতে বাংলাদেশের প্রতিনিধিরা ছিলেন তিন সপ্তাহ। পৃথিবীর বিখ্যাত সেমপার অপেরা হাউস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত নারী চার্চের শহর ড্রেসডেন। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এবং ড. ক্রিশ্চিয়ান বকমান, কাথরিন আদাম ও ড. গেরস কেমপারের আতিথেয়তা বাংলাদেশিদের অভিভূত করেছে। ড্রেসডেনের অনতিদূরে একটি শহরে শরণার্থীশিবির নিয়ে নব্য নাৎসিদের মহড়া হচ্ছিল। চ্যান্সেলর অাঙ্গেলা ম্যার্কেল শরণার্থীদের সমবেদনা জানাতে ড্রেসডেন গিয়েছিলেন। জার্মানিতে সংখ্যালঘু নব্য নাৎসিদের তাণ্ডব বাংলাদেশিদের প্রশিক্ষণে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি।
আগামী নভেম্বরে ঢাকায় দুর্ঘটনা বিমা নিয়ে আলোচনা অব্যাহত রাখার তাগিদে আবার সেমিনার অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের অভিজ্ঞতা থেকে বলা যায়, সম্ভবত পুরো জার্মান মডেল বাংলাদেশে অনুসরণ করা যাবে না। তবে দুর্ঘটনা প্রতিরোধ, পেশাগত ব্যাধির প্রতিকার ও মালিক-শ্রমিক সংলাপের বিকল্প ব্যবস্থা বাংলাদেশে আসতেই হবে। শ্রমিকের নিরাপত্তাহীন কর্মক্ষেত্রে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী হয় না। উন্নত বিমা ও প্রতিরোধব্যবস্থার কারণে জার্মানি পৃথিবীর জন্য অনুকরণীয় উন্নয়ন মডেল। সব শেষে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশে এলাকাভিত্তিক পাইলট প্রকল্প হিসেবে দুর্ঘটনা বিমার জার্মান মডেল প্রচলন করার ব্যবস্থা করা যেতে পারে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিজ্ঞ রাজনীতিবিদ। উনসত্তরের এগারো দফা আন্দোলনের নেতা। বাংলাদেশের পোশাকশিল্পে জার্মান দুর্ঘটনা বিমার আংশিক প্রয়োগের দ্বার তিনি খুলে দিতে পারেন। বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকেরা বারবার তাঁকে তাঁর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন।
সুজিত চৌধুরী: অর্থনীতিবিদ, বাংলাদেশের জার্মান দূতাবাসের সাবেক পরিবেশ উপদেষ্টা।