জার্মানি এখন কী করবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরণার্থী সমস্যা ইউরোপের জন্য নিরাপত্তা সমস্যাও
শরণার্থী সমস্যা ইউরোপের জন্য নিরাপত্তা সমস্যাও

জার্মানি এখন এক সংকটকাল অতিক্রম করছে। প্রতিদিন সেখানে দক্ষিণ থেকে শরণার্থীবোঝাই ট্রেন আসছে, আর তারা সীমান্তে কড়াকড়ি আরোপ করার পরও এ বছরের শেষ নাগাদ শরণার্থীর সংখ্যা ১০ লাখ হয়ে যাবে। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল অনেক উষ্ণ ও উন্মুক্ত কথা বললেও সবাই জানেন, এত বিপুলসংখ্যক শরণার্থী নেওয়ার অর্থনৈতিক ও সামাজিক ব্যয় নেহাত কম হবে না, সেই ব্যয় উল্লেখযোগ্যই হবে।
জার্মানি অনেক শরণার্থী নিয়েছে। কিন্তু যে ইউরোপীয় দেশগুলো শরণার্থীদের তেমন স্বাগত জানাচ্ছে না, তারাসহ জার্মানি সিরিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আসা শরণার্থীদের স্রোতকে প্রাথমিকভাবে মানবিক সংকট হিসেবেই দেখছে। কিন্তু এটা ইউরোপের জন্য এক নিরাপত্তা–সংকটও বটে। এ সমস্যার পরিপ্রেক্ষিতে ইউরোপের উচিত হবে, মধ্যপ্রাচ্য নীতি নিয়ে নতুন করে ভাবা, যে মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের সীমান্ত রয়েছে।
এই যে জার্মানি সবচেয়ে বেশি সংখ্যায় শরণার্থী নিচ্ছে, সেটা আসলে বহির্বিশ্বে তার যুক্ত হওয়ার অনাগ্রহের ফসল। আবার জার্মানি ইউরোপীয় ইউনিয়নের নেতৃস্থানীয় সদস্য হিসেবে সংস্থাটির অন্য সদস্য দেশগুলোকে নিয়ে সিরিয়ার একনায়ক বাশার আল আসাদের নৃশংসতাও থামাতে পারেনি, যার কারণে এ শরণার্থী-সংকট সৃষ্টি ও ইসলামিক স্টেটের উত্থান হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে দুজন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় নাক গলানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন, আর মধ্যপন্থী বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ব্যাপারেও তাঁরা অশনিসংকেত দিয়েছিলেন। এর ফল আগেই অনুমান করা সম্ভব ছিল: আসাদ রাশিয়া, ইরান ও হিজবুল্লাহর সহযোগিতায় দাঁড়িয়ে যান আর অন্যদিকে ইউরোপ ও অন্যান্য জায়গার কট্টর মুসলমানেরা ইসলামিক স্টেটের পতাকাতলে জড়ো হন। অন্যদিকে মধ্যপন্থীদের স্বাভাবিকভাবে ইউরোপের মিত্র হওয়ার কথা থাকলেও তাদের গুঁড়িয়ে দেওয়া হয়।

>দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপীয়রা একটি ব্যাপারে ধাতস্থ হয়ে গেছে। তারা ধরেই নিয়েছে, ইউরোপ ও তার আশপাশের নিরাপত্তার নেতৃত্ব দেবে মার্কিন যুক্তরাষ্ট্র

বার্লিন বারবার বলেছে, যেকোনো ধরনের পশ্চিমা হস্তক্ষেপ ঘটলে পরিস্থিতি আরও খারাপই হবে। কিন্তু জার্মানি ও যুক্তরাষ্ট্র এটা বুঝতে ব্যর্থ হয়েছে যে কিছু না করাটাও আসলে একধরনের কাজ, আর তার কারণে যুদ্ধক্ষেত্রের সংখ্যা এবং শরণার্থীর স্রোত বেড়েছে, পশ্চিম যেটা এড়ানোর চেষ্টা করেছে।
না, বিকল্প না থাকার কারণে সেটা ঘটেনি। ২০১৩ সালে জার্মানির অন্যতম ঝানু কূটনীতিক ভোফগাং আইসিঙ্গার সতর্ক করে দিয়েছিলেন, সিরিয়া সংকট আরেকটি বলকান সংকটে রূপান্তরিত হতে পারে, এমন ঝুঁকি আছে। আর তিনি সিরিয়া ও মানবিক করিডরকে নো ফ্লাই জোন ঘোষণা করার পক্ষপাতী ছিলেন। যে আইসিঙ্গার বলপ্রয়োগের অতটা পক্ষপাতী ছিলেন না, সেই তিনিও কূটনৈতিক সমাধানের জন্য সীমিত পরিসরে সামরিক বলপ্রয়োগের আহ্বান জানিয়েছিলেন, যেটা বসনিয়ার বেলায় করা হয়েছিল। বলার প্রয়োজন নেই, জার্মান সরকার এতে রাজি হয়নি, এর বদলে তারা কূটনৈতিক মনোভঙ্গি গ্রহণ করে, সামরিক বল ছাড়াই।
ইসলামিক স্টেটের বিস্তৃত হওয়া ও গত গ্রীষ্মে মার্কিন নাগরিকের মুণ্ডুপাতের পর মার্কিন যুক্তরাষ্ট্রে এক তুমুল বিতর্ক শুরু হয়। এর
বিষয় ছিল, প্রেসিডেন্ট ওবামার জড়িত না হওয়ার নীতির পরিসীমা ও তার মূল্য। দুর্ভাগ্যজনকভাবে, এই শরণার্থী-সংকটের কারণে জার্মানিতে একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপীয়রা একটি ব্যাপারে ধাতস্থ হয়ে গেছে। তারা ধরেই নিয়েছে, ইউরোপ ও তার আশপাশের নিরাপত্তার নেতৃত্ব দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে ইউরোপের পররাষ্ট্র ও নিরাপত্তা পরিস্থিতিতে একরকম আত্মসন্তুষ্টি সৃষ্টি হয়েছে, যার বিপদ এখন পুরো মাত্রায়ই দেখা যাচ্ছে। ওয়াশিংটন কিছু করার ব্যাপারে অনাগ্রহী হওয়ায় ইউরোপ আর ভান করতে পারে না যে অন্য কেউ এগিয়ে আসবে, অতীতকালে যেটা অনেকবার হয়েছে।
সিরিয়া সংকট ও তার ফলে সৃষ্ট শরণার্থী-সংকট জার্মানির সাম্প্রতিক কালের পররাষ্ট্রনীতির বেলায় এক জাগরণী বার্তা হিসেবে কাজ করবে, যেটা ওবামার নীতির অনেক নমনীয় এক রূপ, জরুরি ভিত্তিতে এর পুনর্মূল্যায়ন দরকার। কিছুদিনের মধ্যেই বার্লিন এক আত্মবিশ্বাসী সামরিক শক্তিতে পরিণত হবে, সেটা আশা করা একটু বেশি হয়ে যায়। এমনকি সিরিয়ায় নো ফ্লাই জোন কার্যকর করার জন্য জার্মানি সীমিত মাত্রায় সেখানে ঢুকে রাজনৈতিক বন্দোবস্তের চাপ দেবে, এমন আশা করাটাও অযৌক্তিক।
আবার জার্মানি স্বভাবসুলভ ঢঙে সামরিক আক্রমণ থেকে দূরে থাকবে, তাতেও পৃথিবী সন্তুষ্ট হতে পারে না। যখন এটা পরিষ্কার হলো যে যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে না, তখন জার্মানির উচিত ছিল, ফ্রান্স, ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে কাজ করে সিরিয়া সংকটের মোকাবিলায় ইউরোপ কী করবে তা ঠিক করা।
ইউরোপ জার্মানির সক্রিয় নেতৃত্ব প্রার্থনা করবে—এমন পরিস্থিতি ভবিষ্যতে আর আসবে না তা হয়তো নয়। যুক্তরাষ্ট্র জ্বালানির ক্ষেত্রে স্বনির্ভর হওয়ায় দীর্ঘ মেয়াদে তারা হয়তো মধ্যপ্রাচ্যে নাক গলাবে না, এবার ওবামা যে অনাগ্রহ দেখালেন, তা হয়তো সেই দীর্ঘ অনাগ্রহের শুরু।
আর মধ্যপ্রাচ্যের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিলে বলতে হয়, সিরিয়ার পর আরও অনেক দেশেই হয়তো গৃহযুদ্ধ লাগবে। হ্যাঁ, আজ কেন্দ্রীয় ও পশ্চিম ইউরোপ চারদিকে নিরাপত্তাহীন অঞ্চল দিয়ে পরিবেষ্টিত হয়ে গেছে, পূর্ব দিকে ইউক্রেন থেকে শুরু করে লিবিয়া হয়ে দক্ষিণে সাব-সাহারা আফ্রিকা পর্যন্ত এর বিস্তৃতি। ফলে ভালো হয় যদি ইউরোপ একত্রে কাজ করে, লাখো শরণার্থীর ভিড়ে চিড়ে-চ্যাপ্টা হওয়ার আগেই তাকে সেটা করতে হবে, যাতে এই সংকট দীর্ঘস্থায়ী না হয়।

ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া
ক্লিমেন্স ওয়েরজিন: ডি ওয়েট পত্রিকার নিউইয়র্ক ব্যুরো প্রধান।