কেউ যখন ইতিহাসের সত্য স্বীকার করে, তুর্কিরা তখন তাকে হুমকি দেয়, নানা রকম হট্টগোল করে। সেই সত্যটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের আমলে ১৯১৫ সালে ১৫ লাখ আর্মেনীয় খ্রিষ্টানকে হত্যা করা হয়েছিল। কিন্তু কথা হচ্ছে, সুলতান এরদোয়ান কি সত্যিই ভেবেছিলেন পৃথিবীর সব জাতির মধ্যে জার্মানরা গণহত্যার সত্যকে অস্বীকার করবে?
ঘটনা হচ্ছে, জার্মান পার্লামেন্টে বিপুল ভোটে এটা পাস হয়েছে যে আর্মেনীয়দের ওভাবে হত্যার ঘটনাটি আসলে গণহত্যা ছিল। আসলে সারা পৃথিবীই জানে, এটা গণহত্যা, শুধু তুর্কিরা ছাড়া। জার্মান পার্লামেন্টে এই প্রস্তাব ওঠার পর তুর্কি সরকার নানা হুমকি-ধমকি দিয়েছে, এমনকি জার্মান সাংসদেরাও বিদ্বেষপূর্ণ ই-মেইল পেয়েছেন। আবার এর সঙ্গে জার্মানদের সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্কেরও যোগ আছে। কিন্তু জার্মান সংসদের প্রস্তাবে এই সত্য এড়িয়ে যাওয়া হয়নি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্ক যখন এই গণহত্যা চালায়, তখন সে জার্মানির মিত্র ছিল, আর জার্মানরাও সেটা থামাতে তেমন কিছু করেনি।
>আর্মেনীয়দের খুলি ও হাড়গোড় এখনো তুর্কি সীমান্তের দক্ষিণে ছড়িয়ে-ছিটিয়ে আছে, যে জায়গাটা এখন আইএসের নিয়ন্ত্রণে
আঙ্গেলা ম্যার্কেল দীনতার পরিচয় দিয়েছেন, পার্লামেন্টে আনীত এই প্রস্তাবে তিনি ভোট দেননি। তিনি এখনো মনে করেন, সুলতান এরদোয়ান তিন বিলিয়ন ডলার ও ইউরোজোনে ভিসামুক্ত প্রবেশাধিকারের বিনিময়ে তাঁর পাশে থাকবেন এবং শরণার্থীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখবেন। একইভাবে তাঁর ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রীও ভোটদান থেকে বিরত থাকেন। কিন্তু সবচেয়ে বড় বৈপরীত্যমূলক ব্যাপার হলো, যে শরণার্থীদের আগমনের ব্যাপারে ইউরোপ ভয়ে ঠক ঠক করে কাঁপছে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, এই শরণার্থীরা সেই সব শহর ও মরুভূমি থেকেই আসছেন, আজ থেকে ১০১ বছর আগে যেখানে তুর্কিরা আর্মেনীয়দের কচুকাটা করেছে।
আর্মেনীয়দের খুলি ও হাড়গোড় এখনো তুর্কি সীমান্তের দক্ষিণে ছড়িয়ে-ছিটিয়ে আছে, যে জায়গাটা এখন আইএসের নিয়ন্ত্রণে। আর আল-নুসরা যখন দিয়ের এজ-জোর দখল করে, তখন তারা সেই সিরীয় শহরের আর্মেনীয় ক্যাথেড্রাল উড়িয়ে দিয়েছিল। তারা ভল্ট থেকে গণহত্যায় মারা যাওয়া মানুষের হাড়গোড় বের করে রাস্তায় ছিটিয়ে দেয়। অনেক জার্মান জেনারেল সেই গণহত্যার সময় উপস্থিত ছিলেন। ফলে নাৎসি অধিকৃত সোভিয়েত ইউনিয়নে তারা যখন ইহুদিদের কচুকাটা করেছে, তখন তারা সেই অভিজ্ঞতা এস্তেমাল করেছে। আর হিটলার ১৯৩৯ সালে পোল্যান্ড দখলের প্রস্তুতি নেওয়ার সময় জেনারেলদের জিজ্ঞেস করেন, ‘আজ কে...আর্মেনীয়দের গণহত্যার ব্যাপারে কথা বলছে।’
এটা বলার অপেক্ষা রাখে না যে সংবাদ সংস্থাগুলো (বিশেষ করে যাদের আঙ্কারা ও ইস্তাম্বুলে কার্যালয় আছে) আগাছার মতো আচরণ করে, কোনো সিদ্ধান্ত নেয় না তারা। তুরস্ক যে এই গণহত্যার দায় অস্বীকার করে, সে বিষয়টিতে তারা বারবার জোর দেয়। আবার তারা মানবতার বিরুদ্ধে কৃত অপরাধ নিয়ে ‘উত্তপ্ত বিতর্কের’ ব্যাপারেও জোর দেয়, কিন্তু তারা কখনো সংবাদে এই অস্বীকারকারীদের বক্তব্য উল্লেখ করে না। এ সংবাদ সংস্থাগুলোই আবার ইহুদিদের গণহত্যার খবর প্রকাশ করে।
ফ্রান্স ও রাশিয়াসহ আরও অন্তত ১৮টি দেশ স্বীকার করে, আর্মেনীয়দের হত্যার ব্যাপারটি গণহত্যা ছিল, এটা ইতিহাসের অংশ। পোপ ফ্রান্সিসও তা স্বীকার করেন। তবে এখানেও একটি দেশ ব্যতিক্রম, যার নাম বোধ হয় আমরা সবাই অনুমান করতে পারি। হ্যাঁ, সেটি অন্য কোনো দেশ নয়, মার্কিন যুক্তরাষ্ট্র। তুর্কি জেনারেলদের একটি দল বার্ষিক সফরে ওয়াশিংটন গেলেই হোয়াইট হাউসকে বাগে আনা যায়। হ্যাঁ, কথা হচ্ছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওই বিমানঘাঁটিগুলো কি যুক্তরাষ্ট্রের জন্য দরকারি নয়, যেখান থেকে তারা আইএসের বিরুদ্ধে যুদ্ধ চালায়? আবার এ কথা কাউকে বলবেন না যেন, তুরস্ক সেখান থেকে কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ চালায়। কিন্তু জার্মানির জন্য ঈশ্বরকে আবারও ধন্যবাদ। তারা গণহত্যার কথা অস্বীকার করেনি।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।