
জাহাঙ্গীর বাদশার জন্ম ১৯৮৩ সালে। বাপ নাম রেখেছিল ফিরোজ আহাম্মদ, দাদার পছন্দ হয়নি। দাদার হুকুমে নাতির নাম জাহাঙ্গীর বাদশা। সেই বাদশার সঙ্গে এই লেখকের সাক্ষাৎ হলো ঢাকার রাস্তায়। এই রাস্তা তাকে টেনে এনেছে রংপুরের মিঠাপুকুর থেকে।
সন্ধ্যা পেরিয়ে গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। রাস্তায় যানবাহন কম, ভুতুড়ে আলো-আঁধারিতে রাস্তার পাশে একটা রিকশার হাতল ধরে দাঁড়িয়ে ছিল সে। ঘন ঘন আকাশের দিকে তাকাচ্ছিল। লেখক তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, জাহাঙ্গীর ডেকে উঠল, ‘আসেন, কই যাবেন?’ লেখক থেমে দাঁড়াল, সৌজন্যের হাসি হাসল, কিন্তু তার রিকশায় উঠে বসল না, গল্প জুড়ে দিল।
গল্পে গল্পে সে জানতে পেল: জাহাঙ্গীরের দাদা ছিল মিঠাপুকুরের এক গ্রামের অবস্থাপন্ন কৃষক। দাদা মরার পরে জাহাঙ্গীরের বাপ ভাগে পেয়েছিল ৯ বিঘা জমি। নিজে খেটে ও কামলা-কিষান খাটিয়ে সেই জমিতে ফসল ফলাত সে। একবার শ্যালো মেশিন দুর্ঘটনায় পড়ে গুরুতর জখম হলো। ডাক্তার-কবিরাজের পেছনে খরচ করতে করতে জমি গেল তিন বিঘা। প্রাণ রক্ষা পেল বটে, কিন্তু সেই কর্মক্ষমতা আর ফিরে এল না। সংসারের খরচ জোগাতে আরও জমি বিক্রি। এভাবে জমির পরিমাণ কমতে কমতে যখন তিন বিঘায় ঠেকল, তখন একদিন সে বউ-বাচ্চা ফেলে নিরুদ্দেশ হয়ে গেল।
এ জন্য জাহাঙ্গীর বাপের প্রতি কৃতজ্ঞ। ‘বুঝলেন মামা, শালা বাপে যদি ওই সমে বাড়ি ছাড়িয়া না গেইল হয়, তায়লে বাকি জমিগুলাও বিক্রি করি দেলে হয়,’ এই কথা বলে সে লেখকের মুখের দিকে চেয়ে সব দাঁত বের করে হাসে। তারপর বলে, বাপটা তার মানুষ খারাপ নয়। ঢাকায় এসে সে একটা অ্যাপার্টমেন্ট ভবনের নিরাপত্তা প্রহরীর কাজ করেছে অনেক বছর। তত দিন সে একটা টাকাও পরিবারের কাছে পাঠায়নি বটে, কিন্তু শেষ পর্যন্ত গ্রামে ফিরে গেছে পরিবারের টানেই। স্বজনের কাছে ফিরে যাওয়াই তো ভালোমানুষি—লেখককে বুঝিয়ে বলে জাহাঙ্গীর বাদশা।
‘বাপ-দাদার গল্প অনেক হলো, এবার নিজের কথা বলেন।’
‘প্রথমবার ম্যাট্রিক পরীক্ষা দিয়া মুই ফেল করছুঁ। পরের বার ফির দিয়া পাশ করছুঁ।’ তারপর আর পড়াশোনা করতে পারেনি সে। ‘ঢাকা আসিয়াই রেশকার হ্যান্ডেল ধরিনু।’ তারপর একটা সময় রিকশা চালানোর পাশাপাশি শিখেছে প্রাইভেট কার চালানো। তারপর কয়েক বছর ধরে ট্যাক্সিক্যাব চালিয়েছে।
যে লোক ট্যাক্সিক্যাব চালাতে জানে, সে কেন রিকশা চালাচ্ছে—লেখকের এই জিজ্ঞাসার ফল হলো এই: জাহাঙ্গীর আসলে একজন পেশাদার গাড়িচালক; চাকরি করছে আট বছর ধরে। তার চাকরিদাতা একজন ব্যাংক কর্মকর্তা, যাঁর পরিবার ছোট, বিকেল পাঁচটার পরে সে পরিবারের গাড়ি ব্যবহারের প্রয়োজন সাধারণত হয় না। প্রাইভেট কারচালক জাহাঙ্গীর বাদশা সন্ধ্যা ছটার পর থেকে বনে যায় রিকশাচালক। ‘লজ্জা-শরম করে লাভ নাই ভাই...।’ কৈফিয়তের সুরে সে বলে, তার টাকাপয়সা দরকার, দুটি সন্তানকে সে মানুষ করতে চায়।
‘প্রাইভেট কার ও রিকশা চালিয়ে মোট আয় কত টাকা হয়?’
‘হয় হাজার বিশেক।’
গাড়ি চালিয়ে বেতন পায় ১২ হাজার; রিকশা থেকে আসে আট-নয় হাজার। রিকশাটা তার নিজের, পাঁচ মাস আগে কিনেছে নিজের জমানো টাকায়। সারা দিন সেটা চালায় অন্য লোক, সে জাহাঙ্গীরকে দেয় মাসে ২৪০০ টাকা। সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত জাহাঙ্গীর নিজে চালিয়ে কোনো মাসে পায় চার হাজার, কোনো মাসে পাঁচ হাজার।
বউ আর এক বাচ্চাকে নিয়ে মগবাজার দিলু রোডের কাছাকাছি এক বাসায় ভাড়া থাকে জাহাঙ্গীর। বাসাভাড়া সাড়ে পাঁচ হাজার। বউ আয়-রোজগার কিছু করে না, ‘বাচ্চা মানুষ করাই তার কাম’, বলে জাহাঙ্গীর। এই বাচ্চা ছেলেবাচ্চা, বয়স চার বছর আট মাস। ভোরবেলা মা তাকে স্কুলে নিয়ে যায়। জাহাঙ্গীর বলে, ওই স্কুলে কোনো টাকাপয়সা দিতে হয় না। কিন্তু এই ছেলের পড়ালেখার পেছনে তার খরচ হয় মাসে দুই হাজার টাকা। এই কথা শুনে লেখক অবাক, তার জিজ্ঞাসা: ‘কীভাবে? ছেলে পড়ে কোন ক্লাসে?’
জাহাঙ্গীর বাদশার ছেলে বাদশা হুমায়ুন ক্লাস ওয়ানের ছাত্র। তাকে পড়ানোর জন্য সকালে বাসায় আসে এক মাস্টার, পড়ায় দুই ঘণ্টা, নেয় মাসে এক হাজার টাকা। বিকেলে আরেক মাস্টার আসে, পড়ায় দুই ঘণ্টা, তাকেও দিতে হয় এক হাজার।’
‘ক্লাস ওয়ানে পড়া বাচ্চার জন্য এই আলিশান কারবার? মাস্টাররা বাসায় এসে কী পড়ায়?’
‘ইংরাজি, অঙ্ক সবই পড়ায়।’
বাচ্চার বাপ লেখককে জানায়, বাচ্চার স্কুলে কোনো লেখাপড়া হয় না। বাসায় মাস্টার রাখা হয়েছে সে কারণেই। এই বুদ্ধি ছেলের মায়ের। মা ছেলেকে মানুষ করতে চায়, প্রাইভেট কারচালক কিংবা রিকশাচালক নয়।
জাহাঙ্গীরের আরও একটা ছেলে আছে, তার বয়স আট বছর, সে থাকে মিঠাপুকুরে, দাদা-দাদির সঙ্গে। তাকেও স্কুলে ভর্তি করানো হয়েছে। জাহাঙ্গীর মিঠাপুকুরে মাসে মাসে তিন হাজার টাকা পাঠায়।
‘সব মিলিয়ে জীবন কেমন?’ লেখক জাহাঙ্গীরের মুখের দিকে চেয়ে বলে। জাহাঙ্গীর এই প্রশ্নের মানে ধরতে পারে না। লেখক তখন তাকে সোজাসুজি জিজ্ঞাসা করে, ‘আপনি সুখী?’
জাহাঙ্গীর হেসে বলে, ‘আল্লাহর কাছে আমার কোনো দুঃখ নাই।’
‘ছেলেদের মানুষ করার পরে কী হবে? বুড়া বয়সে তারা আপনাকে দেখবে তো?’
‘তা তো কওয়া যায় না। তাগের বিবেচনা।’
‘আপনি তো আপনার মা-বাবাকে দেখছেন না! আপনার এক ছেলে তাদের কাছে না থাকলে কি আপনি তাদের মাসে মাসে টাকা পাঠাতেন?’
লেখকের এই প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর কিছু বলে না, সলজ্জ হাসে।
‘জীবনে কী চান? স্বপ্ন আছে?’
‘যদি একখান নোয়া গাড়ির মালিক হইতে পারতাম! আর কিছু লাগত না!’
বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করল। জাহাঙ্গীর বাদশা তার রিকশায় উঠে বসে লেখককে বলল, ‘যাই ভাই। দোয়া করিয়েন।’ খালি রিকশা নিয়ে সে ঝড়ের বেগে ছুটে গেল দিলু রোডের দিকে।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
[email protected]