জি-৩০-এ বাংলাদেশ
হেনরি কিসিঞ্জারের সেই ‘তলাবিহীন ঝুড়ির’ পরে সম্ভবত এই প্রথম মার্কিন নীতিনির্ধারকের মুখে অর্থনীতিতে বিশ্বের ‘শীর্ষ ত্রিশে’ বাংলাদেশের ঠাঁই পাওয়ার আশাবাদ উচ্চারিত হলো। শুনতে ভালো লাগছে, কিন্তু এর সঙ্গে অনেক যদি ও কিন্তু আছে। বিশ্বে বহু ধরনের ক্লাব আছে। এলিট ক্লাব। গরিব ক্লাব। জি-২০ (ভারতও আছে) শিল্পোন্নত দেশের ক্লাব হিসেবে পরিচিত। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলা যে চিত্রটি তুলে ধরেছেন, তার মানে দাঁড়াচ্ছে, বিশ্বের বহু গণতান্ত্রিক রাষ্ট্র, যারা ধারাবাহিকভাবে সাংবিধানিক সরকার বজায় রেখে আসছে, তাদেরও আমরা মাত্র ১৪ বছরের মধ্যে পেছনে ফেলতে পারব।
দক্ষিণ এশিয়ায় মার্কিন বিশেষ করে ডেমোক্র্যাটদের নীতির দিক থেকে বাংলাদেশ-সম্পর্কিত ওই ঘোষণার রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব দুটোই আছে। আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনের ফলাফল যা-ই হোক, ওই নীতির ব্যত্যয় ঘটবে বলে মনে হয় না। ভারতের বিশাল থেকে বিশালতর হতে চলা অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়ন দেখতেও ভালো লাগবে, এ কথা জানান দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে কোনো লুকোছাপা থাকল না।
তবে কথা হলো, মার্কিন মন্ত্রী শীর্ষ ত্রিশে বাংলাদেশকে কল্পনা করেছেন ভালো, কিন্তু সেটা যেন আমাদের খুব বেশি আত্মতুষ্টি না এনে দেয়। আর মাত্র ১৪ বছর পর শীর্ষ ত্রিশে পৌঁছালেও কিন্তু আমরা আমাদের জনগণের মাথাপিছু আয় সন্তোষজনক পর্যায়ে নিতে না-ও পারি। বাংলাদেশিদের মাথাপিছু আয় এখন ১ হাজার ৪৬৬ ডলার, সেটা কি ১৪ বছর পর চার গুণ বেড়ে হবে ৫ হাজার ৮৬৪ ডলার (ভারতের বর্তমানে সাড়ে পাঁচ হাজার ডলার)? ২০০৯ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৯২৫ ডলার, সেটা বেড়ে এখন ১ হাজার ৪৬৬ ডলার।
মনে রাখতে হবে, জিডিপি বাড়লেই মাথাপিছু আয় সেভাবে বাড়ে না। শুধু জিডিপি দিয়ে কোনো দেশের জনগণের আর্থিক সচ্ছলতা বুঝতে চাওয়া প্রবঞ্চনামূলক হতে পারে। যেমন চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু চীন ১৩৫ কোটি মানুষের দেশ বলেই অনেকাংশ ক্ষেত্রেই দ্বিতীয় বৃহত্তম। অথচ তার জনগণের মাথাপিছু আয় দক্ষিণ আফ্রিকার চেয়েও নিচে। আবার কানাডার জনসংখ্যা মাত্র সাড়ে তিন কোটি অথচ তার অর্থনীতি হলো এক ট্রিলিয়ন ডলারের। জি-২০-র মাথাপিছু আয়ের তালিকায় চীন ও ভারতের র্যাঙ্কিং (২০১৪) যথাক্রমে ১৮ ও ২০।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আশাবাদ ব্যক্ত করেছিল, ‘২০৩০ সালে বাংলাদেশ ৩০তম বৃহত্তম অর্থনীতি হবে। তখন মাথাপিছু আয় হবে চার হাজার ডলার। তখন জিডিপির পরিমাণ হবে এক ট্রিলিয়ন ডলার।’ তার মানে, আমরা এখানে পরিষ্কার দেখতে পাই, জিডিপি আকারে-আয়তনে বাড়লেই গড়পড়তা দেশের সব জনগণের ভাগ্যের উন্নয়ন হবে, তা বলা যাবে না। উদাহরণ দিই। ২০১৪ সালে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে কানাডার মাথাপিছু আয় ছিল ৪৩ হাজার ২৫৩ ডলার। আর ২০৩০ সালে ডিসিসিআইয়ের প্রাক্কলন অনুযায়ী, যখন বাংলাদেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারের হবে, তখন ১৮ কোটি ৬৪ লাখের বেশি মানুষের বাংলাদেশের মাথাপিছু আয় হবে চার হাজার ডলার। অর্থাৎ ২০৩০ সালে কানাডার মতো অর্থনীতি নিয়ে আমরা যখন জি-৩০-এ ঢুকে পড়ব, তখন আমাদের জনগণের মাথাপিছু আয় দাঁড়াবে কানাডার বর্তমান মাথাপিছু আয়ের দশ ভাগের এক ভাগের সমান।
তবে মূল প্রশ্নটা হলো ১৪ বছর পর আমরা আমাদের দেশের গণতন্ত্র, বহুত্ববাদ, বাক্স্বাধীনতা ও আইনের শাসনের মানকে কানাডার পর্যায়ে বা তার কাছাকাছি কোনো একটি পর্যায়ে নিতে পারব কি পারব না? নতুন প্রজন্মের মনে সে জন্য প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়। তারা এও জানে যে জিডিপি বা মাথাপিছু আয় বৃদ্ধির উন্নয়ন-দর্শন আর কার্যকর গণতন্ত্রের দর্শন এক নয়।
গণতন্ত্র বলতে আমাদের গড়পড়তা রাজনীতিকেরা যা জনগণকে বোঝান এবং বাস্তবে যা তাঁরা অনুশীলন করেন, তার সঙ্গে আইনের শাসনের সংকল্প আছে কি নেই, সেটা নতুন প্রজন্মকে অনুধাবন করতে হবে। নিশ্চয় এ জন্য সময় লাগবে, কিন্তু এটা অর্জন করতে হবে। লক্ষ্য ও গন্তব্য স্থির করতে হবে। কোনো উন্নয়ন অংশীদার, তা সে যে-ই হোক না কেন, তার নিজস্ব স্বার্থের সুরক্ষা না দিয়ে আমাদের কোনো রাজনৈতিক সংস্কারে তারা মাথা ঘামাবে না। অতীতেও ঘামায়নি। কোথাও এটা চোখে পড়ে না। আবার দুর্ভাগ্যবশত সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিশ্বনেতাদের মধ্যে লোক দেখানো নীতিনৈতিকতা, যার একটি বাস্তব মূল্য ছিল, তা প্রদর্শন করার আগ্রহে ভাটির টান পড়েছে।
এটা লক্ষণীয়, বিশ্বকে যাঁরা এখন কার্যকর অর্থে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের (ব্যতিক্রম থাকতে পারে) মধ্যে সুবিধাবাদী ও কৌশলগত মৈত্রীর সম্পর্ক গড়ে তোলার প্রবণতা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে বললেও কম বলা হবে। আগে উন্নয়ন না গণতন্ত্র, সেই বিতর্ক এখন আর কেবল কম গণতান্ত্রিক বা কর্তৃত্ববাদী সমাজেই দেখা যায় না। এর কিছুটা বদলে নিয়ে সেটা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা যাদের মেনে আসছিলাম, সেখানেও অনুপ্রবেশ করেছে। তারাও প্রকারান্তরে মানছে, পোশাকি গণতন্ত্র স্থগিত করে উন্নয়ন চলবে!
উন্নত বিশ্বের ডকট্রিন হলো, আগে নিরাপত্তা, পরে মানবিক আইনের শাসন। এটাই ছিল ব্রেক্সিট-মন্ত্র। ‘আগে নিরাপত্তা না মানবিক আইনের শাসন’—এ স্লোগানের আড়ালে তাই বহু নির্বাচিত সরকারের বহুবিধ পদক্ষেপের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। জার্মানিতে শুধু অভিবাসনের (যার আড়ালে নিরাপত্তা, জঙ্গি দমন) বিরোধিতা করেই উগ্র দক্ষিণপন্থী রাজনীতিকেরা কল্কে পাচ্ছেন। তাঁরা একটি প্রাদেশিক নির্বাচনে সম্প্রতি বিরাট সাফল্য পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তাদের ট্রাম্প কার্ড।
বিশ্ব সভায় বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে উজ্জ্বল আশাবাদ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আমরা মাঝেমধ্যেই শুনতে পাচ্ছি। ২০১৩ সালে প্রভাবশালী আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাচ খাদ্য, বেভারেজ, প্রযুক্তি, বস্ত্র, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও রিয়েল স্টেট খাতের বিনিয়োগের দিক থেকে বাংলাদেশকে ‘নেক্সট ইলেভেন ইকনোমি (এনইই)’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। সেখানেও জনসংখ্যা ছিল বড় ফ্যাক্টর। সেখানে পাকিস্তান ও নাইজেরিয়া আছে।
সুতরাং, যেটার ওপর জোর দিচ্ছি সেটা হলো, শুধু জিডিপিগত বা অর্থনৈতিক উন্নয়নই লাখো শহীদের স্বপ্নের উন্নয়ন নয়। বিএনপি আপাতত যা চায় বলে ধারণা করি, তা আমরা চাই না। কারণ, তা সুশাসন দেবে না। তবে একই সঙ্গে বলব, মানুষকে যাতে ভুল না বোঝানো হয়। বিশ্বব্যাংকের সংজ্ঞায় মধ্যম আয়ের দেশের দুটি স্তর আছে। একটি নিম্ন-মধ্যম আয় ও উচ্চ-মধ্যম আয়ের। কিন্তু ‘মধ্যম আয়ের’ দেশ বলে কিছু নেই। অথচ সরকার বলছে, ২০২১-এর মধ্যে এটাই তারা অর্জন করবে। সিপিডির সভায় সম্প্রতি পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘এর সংজ্ঞা আমরাই দেব।’ সিপিডির জ্যেষ্ঠ গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে বুধবার উল্লিখিত বিষয়ে আলোচনা হলো। তিনি মানলেন, ‘পোশাকি গণতন্ত্র (যা এখন চলমান) দিয়ে চলারও একটা স্তর আছে, একটা অবস্থার পরে তা চলার সামর্থ্য রাখে না।’ তিনিই বললেন, ‘২০১৮ সালে এলডিসিমুক্তি আমাদের মূল লক্ষ্য, যা অর্জনের ঘোষণা দেওয়ার পর জাতিসংঘ আরও ছয় বছর নজরদারিতে রাখবে।’
তবে এটা জানতে পারলে খুশি হতাম যে মার্কিন মন্ত্রী অ্যাঞ্জেলা দিল্লিতে যা বলেছেন, সে বিষয়ে কিসিঞ্জারের প্রতিক্রিয়া কী? অ্যাঞ্জেলা বলেন, ‘বাংলাদেশ মারাত্মক নিরাপত্তাগত চ্যালেঞ্জ মোকাবিলা করা সত্ত্বেও খাদ্য আমদানিকারী থেকে রপ্তানিকারী হয়েছে। লাখ লাখ মানুষ চরম দারিদ্র্য থেকে উত্তরণ ঘটিয়েছে। এমডিজির অনেক লক্ষ্য পূরণ করেছে। শিশুমৃত্যুর হার কমিয়েছে ব্যাপকভাবে। মাতৃস্বাস্থ্যের উন্নতি করেছে।’
তবে অ্যাঞ্জেলার এমন বক্তব্য আলোচনার দাবি রাখে যখন তিনি দাবি করেন, ‘এসবই হলো মার্কিন অংশীদারত্বের সাফল্যের উদাহরণ।’