জিহাদি সন্ত্রাসবাদ ঠেকাব কীভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছর কেমন কাটবে বিশ্ববাসীর? পৃথিবীর প্রথম সারির নেতা ও ভাবুকেরা তুলে ধরেছেন তার এক আগাম ছবি। বাংলাদেশে শুধু প্রথমআলোকে দেওয়া প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ নিয়ে চার দিনব্যাপী বিশেষ আয়োজন। আজ তৃতীয় দিনে প্রকাশিত হলো আরও দুটি লেখা।
জর্জ সরোস
জর্জ সরোস

মুক্ত সমাজগুলোর সামনে সব সময়ই বিপদ থাকে। এই কথা বিশেষভাবে সত্য হয়ে উঠেছে আজকের আমেরিকা ও ইউরোপের ক্ষেত্রে। প্যারিস ও অন্যত্র সন্ত্রাসী হামলা এবং তার প্রতিক্রিয়ায় আমেরিকা ও ইউরোপের, বিশেষ করে ফ্রান্সের, আচরণের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে উঠেছে।
ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো জিহাদি সন্ত্রাসবাদীরা আমাদের পশ্চিমা সমাজগুলোর ‘অ্যাকিলিস হিল’ বা অত্যন্ত নাজুক জায়গা আবিষ্কার করে ফেলেছে। সেটা হলো মৃত্যুর ভয়। একের পর এক বিভীষিকাময় হামলা চালিয়ে এবং হত্যার লোমহর্ষক ভিডিও প্রচার করার মধ্য দিয়ে তারা সেই মৃত্যুভীতি ছড়াচ্ছে। আইএসের প্রচারকেরা মৃত্যুভীতি বহুগুণ বাড়িয়ে দিয়ে মুক্ত সমাজগুলোর বুদ্ধি–বিবেচনাসম্পন্ন মানুষদের বুদ্ধিনাশ করছে, বিবেচনাবোধ ধ্বংস করে দিচ্ছে।
মস্তিষ্কবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আবেগ হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তির এক অনিবার্য উপাদান। জিহাদি সন্ত্রাসবাদ কেন আমাদের সমাজগুলোর জন্য এক শক্তিশালী হুমকি, তার ব্যাখ্যা এই আবিষ্কারের মধ্যেই আছে। মৃত্যুভীতি থেকে আমাদের ও আমাদের নেতাদের চিন্তাভাবনা ও আচরণ যুক্তিবুদ্ধিহীন হয়ে পড়ে।

অভিজ্ঞতা থেকে যা আমরা অনেক আগেই জেনেছি, মস্তিষ্কবিজ্ঞান সেটাকে সমর্থন করে। সেটা হলো আমরা যখন প্রাণের ভয়ে ভীত হয়ে পড়ি, তখন আমাদের চিন্তা ও আচরণ নিয়ন্ত্রিত হয় আবেগ দ্বারা। তখন যুক্তিপূর্ণ বিচার-বিবেচনা আমাদের পক্ষে কঠিন হয়ে ওঠে। ভীতি আমাদের মস্তিষ্কের এক প্রাচীন ও আদিম অংশকে সক্রিয় করে তোলে; তার নিচে চাপা পড়ে যায় মস্তিষ্কের সেই অংশ, যা মুক্ত সমাজের বিমূর্ত মূল্যবোধ ও নীতিগুলো গঠন করে এবং টিকিয়ে রাখে।

আইএস তৎপরতা চালাচ্ছে একটা দুর্বল অবস্থান থেকে
আইএস তৎপরতা চালাচ্ছে একটা দুর্বল অবস্থান থেকে

এভাবে ভীতি থেকে আমরা এমন আচরণ করি, যা মুক্ত সমাজের জন্য সব সময়ই হুমকি সৃষ্টি করে। যে প্রজন্মের মানুষেরা তাদের মা-বাবার কাছ থেকে একটা মুক্ত সমাজ পেয়েছে, তারা পরীক্ষার মুখোমুখি না হওয়া পর্যন্ত বুঝতে পারবে না, কীভাবে সেই মুক্ত সমাজকে রক্ষা করতে হয়। ভীতি দ্বারা আক্রান্ত হয়ে বুদ্ধি–বিবেচনা খোয়ানো—এ রকম যাতে না ঘটে তা শেখার আগ পর্যন্ত তারা মুক্ত সমাজকে রক্ষা করার উপায় খুঁজে পাবে না। সর্বশেষ দৃষ্টান্ত হলো জিহাদি সন্ত্রাসবাদ। বিগত প্রজন্ম পারমাণবিক যুদ্ধের ভীতির পরীক্ষা উতরেছে। আমার প্রজন্ম পার হয়েছে কমিউনিজম ও ফ্যাসিবাদের ভীতির পরীক্ষা।
জিহাদি সন্ত্রাসবাদীদের চূড়ান্ত লক্ষ্য হলো বিশ্বজুড়ে মুসলমান যুবসমাজকে এই মতে বিশ্বাসী করে তোলা যে সন্ত্রাসবাদের কোনো বিকল্প নেই। সন্ত্রাসবাদী আক্রমণ চালানোই হচ্ছে সেই লক্ষ্য অর্জনের উপায়। কারণ, মৃত্যুভীতির ফলে ইউরোপ–আমেরিকাসহ অমুসলিম জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলমান-বিরোধী সুপ্ত মনোভাব জেগে উঠবে এবং বহুগুণে বেড়ে যাবে। তারা সবাই সব মুসলমানকেই সম্ভাব্য আক্রমণকারী বলে মনে করবে।
এখন ঠিক সেটাই ঘটছে। সন্ত্রাসী হামলাগুলোর প্রতিক্রিয়ায় ইউরোপ ও আমেরিকায় মুসলিম-বিদ্বেষ ভীষণভাবে বেড়ে চলেছে এবং তার ফলে এই অঞ্চলে বসবাসরত মুসলমানদের মধ্যে ভীতি ও তিক্ততা জন্ম নিচ্ছে। বয়স্ক মুসলমানদের মধ্যে দেখা দিচ্ছে ভীতি, অল্পবয়সীদের মধ্যে ঘৃণা, তিক্ততা ও ক্রোধ। ফলে এসব অঞ্চল হয়ে উঠছে সম্ভাব্য সন্ত্রাসবাদীদের প্রজননক্ষেত্র। উভয় পক্ষ থেকে এটা একটা আত্মশক্তি বর্ধনমূলক ও স্বতঃস্ফূর্ত প্রবৃত্তিমূলক প্রক্রিয়া।

এই প্রক্রিয়া কীভাবে থামানো যায়? কীভাবে এর গতিমুখ উল্টে দেওয়া যায়? যেসব নীতি ও মূল্যবোধের ওপর মুক্ত সমাজ গড়ে উঠেছে, সেগুলো পরিত্যাগ করা এবং ভীতি থেকে জন্ম নেওয়া মুসলিম-বিরোধী প্রবৃত্তির বশবর্তী হওয়া নিশ্চিতভাবেই কোনো সমাধান নয়। অবশ্য এ রকম প্ররোচনাকে প্রতিহত করা কঠিন। আমেরিকান রিপাবলিকান প্রেসিডেনশিয়াল বিতর্ক দেখার সময় আমি নিজেই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আমি নিজেকে থামাতে পেরেছি; সে জন্য এটুকু স্মরণ করাই যথেষ্ট ছিল যে আমার শত্রুদের মতলব হাসিল হয় এমন কাজ আমার করা অযৌক্তিক।

জিহাদি সন্ত্রাসবাদের বিপদ সরিয়ে ফেলতে হলে বিমূর্ত যুক্তি যথেষ্ট হবে না। সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য আমাদের একটা কর্মকৌশল প্রয়োজন। চ্যালেঞ্জটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সত্য থেকে যে জিহাদি তৎপরতার বিষয়টি আমাদের সঙ্গে আছে এক প্রজন্মের বেশি সময় ধরে। সম্পূর্ণ সঠিকভাবে এটাকে বোঝা হয়তো সম্ভব নয়, কিন্তু অবশ্যই চেষ্টা করা উচিত।

সিরিয়ার যুদ্ধের কথাই বিবেচনা করে দেখা যাক। ইউরোপে অভিবাসন–সংকটের মূল কারণ এই যুদ্ধ, আর অভিবাসন–সংকটের ফলে আমাদের জানা ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্বই হুমকির মুখে পড়ে গেছে। এই যুদ্ধের যদি মীমাংসা ঘটানো যেত, তাহলে আজ পৃথিবী আরেকটু ভালো অবস্থায় থাকত।

এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ যে আইএস তৎপরতা চালাচ্ছে একটা দুর্বল অবস্থান থেকে। সে পৃথিবীজুড়ে ভীতি ছড়াচ্ছে
বটে, কিন্তু নিজের এলাকায় তার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আইএসের বিরুদ্ধে সর্বসম্মতভাবে একটা প্রস্তাব গ্রহণ করেছে, আর আইএসের নেতারা জেনে গেছেন যে ইরাক ও সিরিয়ায় তাঁদের দিন ফুরিয়ে আসছে।

অবশ্য সিরিয়ার অবস্থা অত্যন্ত অনিশ্চিত। সেখানকার যুদ্ধ ও বিরোধ বিচ্ছিন্নভাবে বোঝা ও সামলানো যাবে না। কিন্তু একটা বিষয় স্ফটিকের মতো স্বচ্ছ, সন্ত্রাসবাদীরা আমাদের দিয়ে যা করাতে চায় আমরা যদি তা–ই করি, তাহলে সেটা হবে মারাত্মক ভুল। তাই ২০১৬তে মুক্ত সমাজের নীতি ও মূল্যবোধগুলোর প্রতি আমাদের অঙ্গীকার সুদৃঢ় করতে হবে; উচিত হবে ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজদের মনভোলানো প্ররোচনায় কান না দেওয়া, সেটা যত কষ্টকরই হোক না কেন।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট; অনুবাদ: মশিউল আলম

জর্জ সরোস: ওপেন সোসাইটি ফাউন্ডেশন ও সরোস ফান্ড ম্যানেজমেন্টের চেয়ারম্যান।

আগামীকাল পড়ুন: রবার্ট ও. প্যাক্সটনের লেখা