অনিয়ম আর দুর্ঘটনা দেখতে দেখতে আমাদের গা-সহা হয়ে গেছে। আমরা এখন আর দুর্ঘটনার সংখ্যা গুনি না, নিহত মানুষের সংখ্যা গুনি। লাশের সংখ্যা গুনি। কিন্তু যেসব বিদেশি বাংলাদেশে বেড়াতে আসেন, তাঁরা রাস্তাঘাটের হালচাল দেখে অবাক হন। যেখানে পদে পদে আইন ও নিয়ম ভঙ্গ হয়, সেখানে এত কম দুর্ঘটনা ঘটছে কী করে?
প্রথম আলো ‘মৃত্যুর মিছিল’ নামে নিয়মিত যে প্রতিবেদনটি প্রকাশ করছে, তাতে দেখা যায়, গত ৩২ দিনে মারা গেছে ৩০৩ জন। সড়ক দুর্ঘটনায় নিহত প্রকৃত সংখ্যাটি আরও বেশি। সব ঘটনা পত্রিকায় খবর হয় না। খবর হলে প্রতিক্রিয়া হয়। প্রতিক্রিয়া হলে অপরাধের বিচার হয়। আর বিচার হলে ফের রাস্তা বন্ধ হয়ে যায়, যার প্রমাণ আমরা কয়েক দিন আগেই পেলাম।
এই যে গত রোববার রাতে মালিবাগে উড়ালসড়কের গার্ডার পড়ে একজন শ্রমিকের জীবন এবং দুজনের পা গেল, তার জবাব কী? ২০১২ সালে এই উড়ালসড়কের কাজ শুরু হয়। প্রায় নয় কিলোমিটার দৈর্ঘ্যের তিনটি অংশের দুটি ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে চালু করার কথা ছিল। বাকি অংশ চালু হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। গত বছরের ৩০ জুন উড়ালসড়কের সাতরাস্তা-হলি ফ্যামিলি (২ দশমিক ১১ কিলোমিটার দৈর্ঘ্য) অংশ উদ্বোধন করা হয়। ১৫ সেপ্টেম্বর চালু হয় বাংলামোটর-মৌচাক অভিমুখী একটি অংশ। কাজ চলছে মৌচাকের দিক থেকে বাংলামোটর, মালিবাগ থেকে মৌচাক এবং শান্তিনগর ও রাজারবাগ অংশে। আগামী জুনের মধ্যেও এটা চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। শুরুতে এর ব্যয় ধরা হয় প্রায় ৭৬০ কোটি টাকা। কিন্তু খরচ আরও ১০০ কোটি টাকা বেড়েছে। যত সময় যাবে, জনগণের দুর্ভোগের পাশাপাশি উড়ালসড়কের নির্মাণ ব্যয় বাড়বে।
২০১২ সাল থেকে ২০১৭।
একটি উড়ালসড়ক করতে পাঁচ বছর। অবিশ্বাস্য। প্রতিবেশী মিয়ানমারে দেখেছি, এর চেয়ে অনেক দীর্ঘ উড়ালসড়কের কাজ এক বছরের মধ্যে শেষ হয়েছে। না হলে ঠিকাদারকে শাস্তি পেতে হয়েছ। এখানে না হওয়ার কারণ কী? কারণ, কোনো জবাবদিহি নেই। তদারকির ব্যবস্থা নেই। আগে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতাম মাঝেমধ্যে ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে ধমকটমক দিতেন। এখন তিনি দল নিয়ে ব্যস্ত। প্রতিদিনই কথা বলছেন নির্বাচন নিয়ে। সড়ক দেখার সময় কোথায়?
মালিবাগ-মৌচাক এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। এই এলাকায় আছে বেশ কিছু হাসপাতাল, একাধিক মেডিকেল কলেজ, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। আছে সংবাদপত্র ও টিভি চ্যানেলের অফিস। আছে ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস। এই সড়ক দিয়ে প্রতিদিন আরও কয়েক লাখ লোক বাসে-গাড়িতে, রিকশায় যাতায়েত করেন। তাঁদের দুর্ভোগ, কষ্ট ও যন্ত্রণার কথা চিন্তা করুন।
উন্নয়নের নামে এই অত্যাচার কি সহ্য করা যায়? একটি উড়ালসড়কের নামে সরকার বছরের পর বছর লাখ লাখ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে ঠেলে দিতে পারে না। রাজধারীর একটি অতি জনবহুল এলাকাকে প্রায় ‘পরিত্যক্ত’ ঘোষণা করতে পারে না। আমাদের সদাশয় সরকার উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকলেও সেই উন্নয়নের জন্য যে অগণন মানুষকে দিনের পর দিন যন্ত্রণা পেতে হচ্ছে, সেসব নিয়ে ভাবে না।
এই উড়ালসড়কে এবারই প্রথম দুর্ঘটনা ঘটেনি। গত বছর মার্চেও একজন শ্রমিক কাজ করতে গিয়ে মারা গেছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মানুষ মারা গেছে। এবারে উড়ালসড়কের গার্ডার পড়ে গিয়ে একজন মারা গেলেন। প্রকৌশলীসহ দুজনের দুটি পা কেটে ফেলতে হলো। জীবন ও পায়ের বিনিময়ে এই উড়ালসড়ক!
কেন দুর্ঘটনা ঘটল? ঘটল এ কারণে যে নির্মাণ প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা না রেখে কাজ করেছে। আন্তর্জাতিক বিধি দূরে থাক, নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশে ১৯৯৩ সালে প্রণীত জাতীয় নির্মাণবিধি (ন্যাশনাল বিল্ডিং কোড) মানা হয়নি।
বিশেষজ্ঞদের মত হচ্ছে, নিয়ম না মানার কারণে বারবারই দুর্ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে। ২০০০ সালে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পদচারী-সেতুর (ফুটওভারব্রিজ) গার্ডার পড়ে মারা যান মাগুরা টেক্সটাইলসের একজন কর্মকর্তা। একই বছর নতুনবাজারে আমেরিকান দূতাবাসের সামনে পদচারী-সেতু ভেঙে তিনজন মারা যান। ২০১২ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের বহদ্দারহাটে উড়ালসড়কের গার্ডার ভেঙে মোট ১২ জন মারা যান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এখন যেভাবে রাস্তাঘাটে নির্মাণকাজ হয়, তাও নিয়ন্ত্রণহীন ও নিরাপত্তাহীনভাবে হচ্ছে, যা নির্মাণপ্রক্রিয়ার মধ্যেই পড়ে না। খোলা জায়গায় খোলাখুলিভাবে এত বিশাল কাজ পৃথিবীর কোথাও হয় না।
প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়, মৌচাক থেকে মালিবাগ পর্যন্ত ঢাকা ওয়াসা পাইপলাইন বসাচ্ছে, সেখানে নিরাপত্তাবেষ্টনী নেই। মগবাজার, মৌচাক, মালিবাগ এলাকায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) কেব্ল লাইন স্থাপন করছে; কিন্তু রাখা হয়নি নিরাপত্তাব্যবস্থা। আগারগাঁও থেকে শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের জন্য রাস্তা করতে বিশাল গর্ত খোঁড়া হয়েছে। সেখানে খোলা গর্তে পড়ে প্রায়ই পথচারী আহত হওয়ার ঘটনা ঘটছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূঁইয়ার দাবি, নিরাপত্তা বজায় রেখেই ফ্লাইওভারের কাজ হয়েছে। অথচ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) মেয়র সাঈদ খোকন বলেছেন, পুরোপুরি নিরাপত্তাব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা ঘটত না। নির্মাণে গাফিলতি অবশ্যই আছে। জনগণ কার কথা বিশ্বাস করবে? নির্মাতা প্রতিষ্ঠানটির নামে আরও অভিযোগ আছে। তাদের নকশা ছিল ভুল। কাজের মান নিয়ে প্রশ্ন আছে।
উড়ালসড়ক নির্মাণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাধর ব্যক্তিরা জড়িত। এ কারণে মাসের পর মাস সময় এবং শত কোটি টাকা ব্যয় বাড়িয়ে নিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বা নেওয়া যায় না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও এ ব্যাপারে নিশ্চুপ। এর পেছনে রহস্যটা দেশবাসীর জানা দরকার। যে উন্নয়ন মানুষের জীবন ও পা কেড়ে নেয়, সেই উন্নয়ন কোনোভাবে কাম্য হতে পারে না।