পটুয়াখালী ও বরগুনা অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের নাগরিকেরা এখন কেমন আছে, এ-সংক্রান্ত বাস্তব চিত্র দেশবাসী ও সরকারের কাছে উপস্থাপন করার লক্ষ্যে আমরা নাগরিক প্রতিনিধিদলের সদস্য হয়ে গত ২৬ ও ২৭ আগস্ট বরগুনার তালতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিভিন্ন রাখাইনপাড়া পরিদর্শন করি। এর মধ্যে রয়েছে কলাপাড়ার খেপুপাড়া, কবিরাজপাড়া ও কালাচানপাড়া এবং কুয়াকাটার দখলকৃত পুরোনো বৌদ্ধবিহার, সংলগ্ন শ্মশান, দখলকৃত মার্কেট। গত বছরের ১২ থেকে ১৪ সেপ্টেম্বরও নাগরিক প্রতিনিধিদলের সদস্য হয়ে আমরা রাখাইন–অধ্যুষিত ওই সব অঞ্চল পরিদর্শন করেছিলাম। এখন আমরা অত্যন্ত দুঃখ, হতাশা ও ক্ষোভের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই এক বছরে তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং আরও অবনতি ঘটেছে।
যে কুয়াকাটা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা গর্ব করি, সেই কুয়াকাটা থেকে রাখাইনদের আমরা হারাতে বসেছি। রাখাইনরা প্রথম এ এলাকায় কুয়া খনন করেছিল, তাই নাম হয়েছে কুয়াকাটা। অধিকাংশ রাখাইন নিজভূমে আজ দেশান্তরী, সংকটাপন্ন, বলা যায় সংখ্যালঘু নয় বরং তারা সংখ্যাশূন্য হতে চলেছে। ১৮ শতকের শুরুতে এ অঞ্চলে প্রথম বসতি গড়তে যারা বনজঙ্গল কেটে আবাদি জমি তৈরি করে অঞ্চলকে বাসযোগ্য করেছিল, যে জনপদ কয়েক দশক আগেও লক্ষাধিক রাখাইনের পদচারণে মুখরিত ছিল, তাদের সংখ্যা সেখানে মাত্র আড়াই হাজারে নেমে এসেছে। ১৯৪৮ সালে পটুয়াখালীতে ১৪৪টি ও বরগুনায় ৯৩টি রাখাইনপাড়া ছিল, বর্তমানে সেখানে যথাক্রমে ২৬টি ও ১৩টি পাড়া টিকে আছে।
কতটা শোষণ, বঞ্চনা, নির্যাতন ও ভূমিদস্যুতার শিকার হলে মানুষের সংখ্যা এমনভাবে কমে যায়, এটি তারই প্রমাণ। যেকোনো ধর্মের মানুষের কাছেই সবচেয়ে পবিত্র স্থান তার উপাসনালয়। উপাসনালয়কে ঘিরেই তার আবেগ, বিশ্বাস ও ধর্মীয় আচার–অনুষ্ঠান। কিন্তু প্রভাবশালী ভূমিদস্যুরা রাখাইনদের উপাসনালয়কেও তাদের দখল থেকে ছাড় দেয়নি। শতাব্দীর প্রাচীন কুয়াকাটা বৌদ্ধবিহারের ৯৯ শতাংশ জমির অধিকাংশ দখল হয়ে গেছে। দখলদারির ভূমিকা থেকে স্থানীয় প্রশাসনও বাদ যায়নি, স্থানীয় পৌর ভবনের প্রস্তাবিত ভবন নির্মাণের জন্য বৌদ্ধবিহারের জায়গা দখল করা হয়েছে। দেবোত্তর সম্পত্তি কখনো বিক্রয়যোগ্য নয়, কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা একশ্রেণির সরকারি কর্মকর্তার যোগসাজশে মিথ্যা দলিলের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন রাখাইনদের পবিত্র উপাসনালয়ের জমির অনেকাংশ। ১৯০৬ সালে এ এলাকায় ১৯টি বৌদ্ধমন্দির ও বিহার ছিল, সেখানে আজ একটি মন্দির কোনোভাবে টিকে আছে। চুরি হয়ে গেছে ভগবান বুদ্ধের পিতল, পাথর, কাঠ ও চুনাপাথরে নির্মিত মূর্তি। অধিকাংশ বুদ্ধমূর্তি চুরি হয়ে গেছে। কুয়াকাটার পুরোনো বৌদ্ধবিহারটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে।
প্রত্যেক মানুষই মৃত্যুর পর সৎকারের জন্য একচিলতে ঠাঁই কামনা করে; কিন্তু রাখাইনদের এটুকু চাওয়াও যেন অপরাধ। তাই কালাচানপাড়ার ২৭ শতাংশ জমির শ্মশানটি বেদখল হয়ে আছে দীর্ঘদিন। এ ছাড়া তালতলীর সদর উপজেলার শ্মশান ও তালুকদারপাড়ার শ্মশান দখল হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগও রাখাইনদের ৪ শতাংশ জমি দখল করে সেটির ওপর লম্বা ব্রিজ নির্মাণ করেছে। পুকুরের পানি রাখাইনদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত। তারা পুকুরের পানিতে কখনো গোসল করে না, কাপড় কাচে না এবং গবাদি পশু নামায় না। তারা শুধু খাওয়ার জন্য পুকুরের পানি ব্যবহার করে থাকে। অথচ কালাচানপাড়ার এই পুকুরের পূর্বাংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় কিছু লোক। বরগুনা জেলার তালতলী উপজেলার কবিরাজপাড়ার রাখাইনদের ২০০ বছরের পুরোনো পুকুর দখলের পাঁয়তারা চলছে। সুপেয় পানির জন্য রাখাইনরা তাদের পল্লির সন্নিকটে এই পুকুর খনন করেছিল। একসময় তারাই এ এলাকায় প্রায় সব জমির মালিক ছিল। কালক্রমে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতা, হয়রানি, পেশিশক্তির ব্যবহার, হুমকি-ধমকির কারণে জমি হারাতে হারাতে এখন প্রায় ভূমিহীন হয়ে গেছে। নিজস্ব ভূমি রক্ষা করার পরিবর্তে উল্টো তাদেরই বিরুদ্ধে ভূমিদস্যুরা তিন-চারটি করে মিথ্যা মামলা করেছে; মামলার খরচ জোগাতে গিয়ে রাখাইনরা নিঃস্ব হয়ে পড়ছে। তাদের পাশে কেউ নেই।
সরেজমিন পরিদর্শন শেষে বরগুনা ও পটুয়াখালী জেলায় বসবাসরত রাখাইনদের জন্য নাগরিক প্রতিনিধিদল নিম্নলিখিত বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে:
* বৌদ্ধবিহারের জমি, শ্মশানভূমি দখলমুক্ত করে রাখাইনদের কাছে ফিরিয়ে দেওয়া এবং অবৈধ দখলকারীদের বিচারের ব্যবস্থা করা।
* রিজার্ভ পুকুর দখলমুক্ত করে নিজ নিজ রাখাইনপাড়া কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া।
* যেসব রাখাইন–অধ্যুষিত গ্রামে শ্মশানভূমি নেই, সেখানে মৃতদেহ সৎকারের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে জায়গা বরাদ্দ দেওয়া (কলাপাড়া সদর, কালাচানপাড়া, কুয়াকাটাপাড়া, নয়াপাড়া, নায়রীপাড়া)।
* ভূমিদস্যু, স্থানীয় প্রভাবশালী, সাবেক ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের সিন্ডিকেট ভেঙে অবৈধ হাউজিং ব্যবসা বন্ধ করা।
* রাখাইন তাঁতশিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, প্রশিক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করা।
* স্থানীয় প্রশাসনের কমিটিতে রাখাইন সম্প্রদায় থেকে কমপক্ষে তিনজন অন্তর্ভুক্ত করা।
* পটুয়াখালী ও বরগুনায় সর্বশেষ যে ২ হাজার ৫৬১ জন রাখাইন বাস করছে, তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া এবং এই অঞ্চল থেকে
যেন রাখাইনরা চিরতরে হারিয়ে না যায়, তা নিশ্চিত করা।
* রাখাইনদের ভূমি-বনভূমি, জলাভূমি, বৃক্ষ, দেবস্থান, মন্দির, বিহার, উৎসব, মেলা এলাকা, প্রার্থনা এলাকা, সামাজিক রীতি ও আইনের মাধ্যমে পরিচালনা, রক্ষা-বিকাশের জন্য আইনগতভাবে স্বীকৃতি, মর্যাদা ও দখলমুক্ত করে রাখাইনদের হাতে তুলে দেওয়া।
* রাখাইনদের ঐতিহাসিক স্থানগুলোসহ নিজস্ব সংরক্ষিত এলাকা কোনোভাবেই অধিগ্রহণ না করা।
* বেদখলকৃত, অর্পিত সম্পত্তির নামে জবরদখলকৃত সব ভূমি আইনগত স্বীকৃতিসহ রাখাইনদের ফিরিয়ে দেওয়া।
* রাখাইন–অধ্যুষিত স্থানীয় ইউনিয়ন ও উপজেলা পরিষদে রাখাইনদের জন্য কমপক্ষে দুটি সংরক্ষিত আসন রাখা। (একজন নারী ও একজন পুরুষ) এবং স্থানীয়ভাবে রাখাইনদের জন্য ভূমি আদালত ও ভূমি পরামর্শকেন্দ্র স্থাপন করা।
* ভূমিবিষয়ক স্থানীয় সরকারকাঠামোতে স্থানীয় নিজস্ব শাসনকাঠামোর প্রতিনিধিকে মর্যাদার সঙ্গে অন্তর্ভুক্ত করা।
* স্থানীয় খাসজমিতে রাখাইনদের পূর্ণ অধিকার নিশ্চিত করা।
* রাখাইন সংস্কৃতি রক্ষা, বিকাশ ও চর্চার লক্ষ্যে রাখাইন কালচারাল একাডেমিকে সক্রিয় করা।
* বিকৃত করা রাখাইনপাড়ার নাম নিজ নিজ ঐতিহ্যগত নামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। (হুইসেনপাড়াকে করা হয় হোসেনপাড়া, দোকাশিপাড়াকে করা হয় দোভাষীপাড়া, থঞ্জুপাড়াকে করা অঞ্চুপাড়া, ফ্যাথিপাড়াকে করা হয় ফাঁসিপাড়া ইত্যাদি)
* রাখাইনদের নিয়ে কোনো প্রকল্প গ্রহণ করার আগে তাদের পূর্বানুমতিসহ রাখাইনবান্ধব প্রকল্প হাতে নেওয়া।
* ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা পরিপূর্ণভাবে প্রয়োগ করার ব্যবস্থা করা।
* সমতলের রাখাইনদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা। ভূমি কমিশনের মাধ্যমেই স্থানীয় ভূমিবিষয়ক/মামলা, তথ্য-নথি, দলিলপত্র সংরক্ষণ ও কর্মপ্রক্রিয়া সম্পাদন করা।
লেখকেরা নাগরিক প্রতিনিধিদলের সদস্য।