জীবনের রং ওরা দেখিয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ব্যক্তিদের প্রতি মারিও পালমার শ্রদ্ধাঞ্জলি
নিহত ব্যক্তিদের প্রতি মারিও পালমার শ্রদ্ধাঞ্জলি

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা হলো। টেলিভিশন চ্যানেলগুলো দ্বিতীয় ভবনে হামলার ছবিটি কয়েক দিন ধরে দেখাল, এতে আমাদের পক্ষাঘাতগ্রস্ত হওয়ার জোগাড়। ব্যাপারটা সবার কাছে পরিষ্কার ছিল। প্রথমত, হামলাকারীদের কাছে, মানে নিকট ভবিষ্যতে তাদের পক্ষে এই মাত্রার ভয়াবহ হামলা চালানো অকল্পনীয়। দ্বিতীয়ত, আল-কায়েদার আদর্শে বিশ্বাসী ও তার প্রচারক এবং ১৩ বছর পর স্বঘোষিত ইসলামিক স্টেটের কাছেও ব্যাপারটা পরিষ্কার ছিল যে প্রভাব বিস্তার ও নতুন কর্মী আকর্ষণ করতে তারা মারণাস্ত্রের ওপরই নির্ভর করবে। আর নতুন মাধ্যমের দর্শকদের কাছে এই দৃশ্যকল্পের পুনরুক্তি নানাভাবে তার বার্তা ছড়িয়ে দেবে।

আইএসের প্রচারণা বিভাগ যখন ওয়েবসাইটে সন্ত্রাসী কর্মকাণ্ডের ছবি ছাড়তে লাগল, মানুষের গলা কাটার নৃশংস-নির্মম ভিডিওচিত্র ছাড়তে লাগল, তখন তারা সমর্থকদের রক্তের ছবি দেখিয়ে আলোড়িত করতে পারল। ফলে হলো কী, এই সমর্থকেরা ব্যক্তিগত বা দলগতভাবে ‘নতুন পারফরম্যান্সের’ নেতা হয়ে উঠল। ওয়েবের জগতে দেখা জিনিস তারা বাস্তবে প্রয়োগ করতে শুরু করল। এই কৌশল ২০১৫ সালের শুরু থেকে সব জায়গাতেই স্থানীয় পর্যায়ের সমর্থক পেতে শুরু করে। আইএসের ম্যাগাজিন দাবিক–এর ১২তম সংখ্যায় জানা যায়, বাংলাদেশের ব্যাপারে তারা পরিষ্কার পরিকল্পনা করছে। ওয়েব চ্যাটের মাধ্যমে তারা এখানকার জঙ্গিদের নিজ দলে টানতে চায়। কিন্তু এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। সে কারণে ১ জুলাই ঢাকার কূটনৈতিক পাড়ায় সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের পুলিশ বাহিনী একদম অপ্রস্তুত এবং মানুষ স্তম্ভিত হয়ে যায়।

বাসার লাউঞ্জে বসে কয়েকজন অতিথির সঙ্গে আলাপ করার সময় হোলি আর্টিজানে হামলার খবরটি পেলাম। এই বেকারিতে মূলত বিদেশিরাই যাতায়াত করে। আবার এটি একদল ইতালীয় ব্যবসায়ীর প্রিয় রেস্তোরাঁ—তাও আমি জানতাম। চোখের পলকে আমি বাসভবন ছেড়ে কার্যালয়ে চলে এলাম। এরপর দূতাবাস কার্যালয়কে সিচুয়েশন কক্ষ বানিয়ে নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা কর্মীদের ‘ক্রাইসিস ইউনিট’ হিসেবে একত্র করলাম। সেখান থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে থাকলাম।

সময় গড়িয়ে যেতে থাকল। আমার ডেস্কের বিপরীতের সাদা দেয়ালের দিকে তাকিয়ে মনের চোখে মৃত্যুর ঝাপসা চিত্র দেখতে শুরু করলাম, যদিও এই দেয়ালে সাধারণত ইতালীয় শিল্পী মিমো পালাদিনোর একটি চিত্র ঝোলানো, যাতে রবীন্দ্রনাথ ঠাকুর ‘রঙিন বর্ণে লিখিত কবিতার’ দিকে তাকিয়ে আছেন। আমি বুঝতে পারি, ইতালীয় ও জাপানি নাগরিকদের ইতিমধ্যে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের ওয়েবকর্তারা শিগগিরই সেই রক্তের ধারার মধ্যে পড়ে থাকা মৃতদেহের ছবি ছড়িয়ে দেয়। এটা সেই বিয়োগান্ত রাতের স্রেফ শুরু ছিল, যে রাতে পাঁচ তরুণ বাইরের অথবা ঘটনাস্থলে উপস্থিত কারও তত্ত্বাবধানে আরও একটি নির্মম কাজ করতে যাচ্ছিল, যেখানে তারা নিজেরাই হন্তারকের ভূমিকায় অবতীর্ণ হয়। তাদের সেদিন মরার কথাই ছিল।

আইএসের কালো পতাকার (এটি রাকায় কথিত খিলাফত পুনরুজ্জীবনের প্রতীক) মতো যে কালো রঙের পোশাক তারা পরেছিল, সেটি সাধারণভাবে এখন সবচেয়ে প্রতিক্রিয়াশীল গোঁড়ামির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা সাদামাটাভাবে সৌন্দর্য, সংগীত ও জীবনের বিরুদ্ধাচরণ। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সামঞ্জস্যহীন। কারণ, এখানকার সংস্কৃতিতে মানুষ রংধনুর সাত রঙের কাপড় পরতে চায়। ইতালীয় নাগরিকদের মধ্যে আমি মাত্র কজনকে চিনতাম—ক্লাউদিয়া ডি’ অ্যানটোনা, নাদিয়া বেনেদেত্তি ও আদেলি পাগলিসি। এদেরসহ সব ইতালীয় ব্যবসায়ীর বাংলাদেশি বন্ধুরা মনে করতেন, এরা এই দেশ ও মানুষকে ভালোবাসে। আমি ইশরাত আখন্দকে চিনতাম, শিল্প ও সিনেমার প্রতি তার ভালোবাসার কথা আমি জানতাম। অবিন্তা কবিরের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, ওর দাদা-দাদি শিল্পপ্রিয় ও পৃষ্ঠপোষক। তবে ফারাজ হোসেনের সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ ঘটেনি। এই তরুণ নিজে ছাড়া পেলেও বন্ধুদের রেখে বেরোতে চায়নি। তার স্মৃতিতে তিউনিসের ইতালীয় দূতাবাসের ‘গার্ডেন অব দ্য রাইটিয়াসে’ একটি বৃক্ষ রোপণ করা হয়েছে। এই মানুষের বিদায় আমাদের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করেছে, কিন্তু জীবনের প্রতি তাদের আকাঙ্ক্ষা ও তা যাপনের যে আনন্দ তাদের ছিল, সেটি আমাদের হৃদয়ে চিরকাল রয়ে যাবে।

বিয়োগান্ত এই ঘটনার এক বছর পর এক রাতে বাসার নীরবতার মধ্যে বন্ধু গিয়ানকারলোর অ্যাক্রিলিক পেইন্টিংয়ের দিকে সতর্ক দৃষ্টিতে তাকালাম। এতে জীবনের এক বড় বৃক্ষ আছে: গাছের কাণ্ডটি বলিষ্ঠভাবে মাটি থেকে বেরিয়ে আকাশপানে ছড়িয়ে গেছে, যেন সে আলো ও মহাজাগতিক শক্তি ধারণ করতে চায়। এর কাণ্ড, শাখা ও পাতা আকাশের বিপরীতে দাঁড়িয়ে আছে, যে আকাশে ছয়টি মৌলিক রং দেখা যাচ্ছে, যার মধ্যে তিন জোড়া বিপরীত রং আছে: সাদা ও কালো, সবুজ ও লাল, হলুদ ও নীল। প্রত্যেক শিল্পীই জানেন, একটি রঙের সঙ্গে আরেকটি রং মিশিয়ে (অসীমসংখ্যক সমন্বয়) অন্য সব রং তৈরি করা সম্ভব। ঠিক যেমন মানবীয় সম্পর্ক, বিশ্বাস ও সাংস্কৃতিক প্রকাশের ব্যঞ্জনা অসীম। বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল খায়ের তাঁর বন্ধুদের বলেন, এগুলো জীবনের রঙের প্রতিনিধিত্ব করে। নাদিয়া, ক্লাউদিয়া, আদেলি, ইশরাত, অবিন্তা, ফারাজসহ যারা আর নেই, তারা আমাদের শিখিয়েছে, এই রং নিয়েই জীবন যাপন করতে হবে।    

অনুবাদ: প্রতীক বর্ধন।

মারিও পালমা: বাংলাদেশে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত।