জীবনের স্বার্থে খাঁচাটা আলগা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীভৎস সব খুনের ছবি দিয়ে দাগানো আমাদের সময়। অসাধারণদের কথা জানি না, সাধারণদের মধ্যে যত ধরনের মানুষ আছে, কেউ নিরাপদ না। হত্যার নিশানায় কে নেই? ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, নাট্যকর্মী, এনজিওকর্মী। এঁদের হত্যাকাণ্ডগুলোকে বলা হচ্ছে আদর্শিক খুন। অর্থাৎ চিন্তা, বিশ্বাস বা চর্চার জন্য তাঁরা হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের তরফে এই সব ‘আদর্শিক খুনের’ জন্য দায়ী করা হচ্ছে অজ্ঞাত জঙ্গিদের। কিন্তু বানের জলের মতো হত্যার নিশানা বড় থেকে আরও বড়ই হচ্ছে। কেউই বাদ পড়ছে না।
পুলিশের তথ্যমতে, গত সাড়ে তিন মাসে থানায় খুনের মামলা এসেছে ১ হাজার ৫০০টি। ওপরে বলা ওই আদর্শিক খুনগুলো, তথা ব্লগার থেকে শিক্ষক হয়ে এনজিও ও নাট্যকর্মী পর্যন্ত হত্যাকাণ্ডগুলো ওই মোট খুনেরই অংশ। যদি চাপাতির খুনকে জঙ্গিদের কাজ বলে ধরেও নিই, তাহলে বাকি ৯৯ শতাংশ খুনের জন্য দায়ী কে?
আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৫৫ জনকে আটক করা হয়েছে, কিন্তু কোনো বাহিনীই আটকের অভিযোগ স্বীকার করেনি। আর বিভিন্ন বাহিনীর ‘ক্রসফায়ার’ ও হেফাজতে মারা গেছে ১৯২ জন। এর মধ্যে ‘ক্রসফায়ারে’ মারা গেছে ১৪৬ জন। আসকের সর্বশেষ প্রতিবেদন মতে, গত তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩২ জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ১৬ জনকে অপহরণ করা হয়। পরে তাঁদের মধ্যে তিনজনের লাশ পাওয়া যায়।
এ মাসেরই ঘটনা: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া কলেজছাত্রের গুলিবিদ্ধ লাশ গত বুধবার পাওয়া গেছে চুয়াডাঙ্গায়। এর আগে একইভাবে তুলে নিয়ে যাওয়ার এক মাস পর কালীগঞ্জের দুই শিবির নেতা-কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছিল যশোর থেকে। একইভাবে অপহরণ করা হয়েছে কালীগঞ্জের ঈশ্বরবা গ্রামের মহসিন আলীর ছেলে ও শহীদ নূর আলী কলেজের ছাত্র সোহানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ আল মামুন এবং নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র নূরে আলমকে। তাঁরা এখনো নিখোঁজ। বান্দরবানের থানচি-আলীকদম সড়ক থেকে অপহরণের চার দিন পর গত মঙ্গলবার তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকার গারো নৃগোষ্ঠীর তিন ব্যক্তি (কালের কণ্ঠ, ২৩ এপ্রিল, ২০১৬)।
এই ঘটনাগুলো তো আমাদের চোখের সামনেই রয়েছে। এগুলোর জাবদিহিও তো সরকারের কাছে চাইতে হবে। এ​ই হোতাদের বিষয়ে আমরা কি ততটা সোচ্চার? এই খুনগুলো আন্তর্জাতিক মিডিয়াকেও তেমন আলোড়িত করছে না। অথচ সব হত্যাই লাল রক্তে সিক্ত। যখন সব ধরনের মানুষই নিহত হচ্ছে, তখন সবার জন্যই বিচার দাবি না করলে নিরাপত্তা আসবে না। যখন দেশে বিচারহীনতাই নিয়ম হয়ে দাঁড়ায়, জনগণকে শাসনের ক্ষমতা হাতে নিয়ে যখন সেই ক্ষমতাকে জনগণের জীবন রক্ষার জন্য ব্যবহার করা হয় না, তখন কেউই নিরাপদ থাকতে পারে না। এই খুনগুলো জীবনের মূল্যে এই বার্তাটাই জানিয়ে যাচ্ছে।
ভয়ার্ত মানুষের যাবতীয় চিন্তাভাবনা ঘুরপাক খায় নিজের জীবনের নিরাপত্তা ঘিরে। প্রচণ্ড ভয়ে শরীর যেমন অবশ হয়ে যেতে পারে, তেমনি সমাজেও আসতে পারে হতবিহ্বলতা। এ রকম এক হতবিহ্বলতায় পেয়ে বসেছে বাংলাদেশকে। কিন্তু শান্ত মনে বুঝে দেখতে গেলে দেখব, আদর্শিক খুনগুলো আরও বড় আকারের খুনের ঢলেরই অংশ।
এটাই ভয়ের কারণ নয়, ভয়ের মূল কারণ ঘাতকদের ‘অদৃশ্য’ থাকা বা রাখার বাস্তবতা। পুলিশ তাদের ধরতে পারছে না, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ব্যাখ্যাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। হত্যার স্বীকারোক্তি আসছে বটে কিছু কিছু ওয়েবসাইটে, কিন্তু প্রমাণ ছাড়া কীভাবে এসবের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে? এসব স্বীকারোক্তি যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না, তা কে বলবে? স্বীকারোক্তি না হয় বিদেশে বসে দেওয়া হচ্ছে, কিন্তু হত্যাকারীরা তো দেশেরই লোক। তাদের চিহ্নিত করা যায় না কেন? ভয়ের উৎস তাই অজানাই থেকে যাচ্ছে। যতই ঘাতকেরা অজ্ঞাত থাকবে, ভয়ের উৎস অদৃশ্য থাকবে, ততই ভয়ের মাত্রা বাড়তে থাকবে। গত এক সপ্তাহের খুনগুলোর পর, এই মাত্রা এখন সীমাছাড়া। ভয়ের ঢেউ বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
এ অবস্থায় জনগণের জন্য কেবল জনগণই আছে। কিন্তু মর্মান্তিক ব্যাপার হলো, এই জনগণ দারুণ রকম বিভক্ত। পক্ষগুলো একে অন্যকে হিংসার চোখে দেখছে। রাজনীতি থেকে আসা বিভক্তির দেয়াল সমাজের মধ্যে অজস্র খোপ তৈরি করছে। যার যার খোপের মধ্যে বসে আমরা একে অন্যকে সন্দেহ করা শুরু করেছি। এমনটা চলতে থাকলে চরম অবিশ্বাস ছড়িয়ে পড়বে সমাজে। তাতে করে হত্যাকারী অদৃশ্য শক্তিরই সুবিধা হবে। পারস্পরিক দোষারোপের গোলমালে তারা নিজেদের কাজ করে যাবে আড়ালে থেকে। বিভক্ত ও ভীত মানুষ একজোট হয়ে নিরাপত্তার জন্য কাজ করতে পারবে না।
ওদিকে ক্ষমতাসীনদের মধ্যে দেখা যাচ্ছে দুর্গ-মানসিকতার ছাপ। প্রাচীনকালের রাজরাজড়ারা দেয়ালঘেরা দুর্গের মধ্যে বাস করতেন। দেশ আক্রান্ত হলে তাঁরা বন্ধ করে দিতেন দুর্গের ফটক। সাধারণ মানুষ পড়ে থাকত দেয়ালের ওপারে অরক্ষিত অবস্থায়। আমাদেরও হয়েছে এখন সেই অবস্থা।
এর হঠাৎ সমাধান দেখা যাচ্ছে না। সার্বিক নিরাপত্তাহীনতার অবসান না হলে, অবিশ্বাস ও দোষারোপের সংস্কৃতি থেকে বেরোনো না গেলে, ব্যক্তিবিশেষের জীবনের নিরাপত্তাও আসবে না। জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের সার্বিক ব্যর্থতারও জবাবদিহি চাইতে হবে। এটা স্পষ্ট যে কোনো অদৃশ্য শক্তি ভয়ের রাজত্ব কায়েম করে একের পর এক মানুষের জীবন, একের পর এক পরিবারের শান্তি কেড়ে নিতে নিতে দেশের শান্তিই ছিনতাই করে চলেছে। সেই শক্তিকে চিহ্নিত করার আগে জরুরি হলো এটা মেনে নেওয়া যে বিভিন্ন মত ও পথের মানুষ মিলেই দেশ হয়। নিজ দেশে সবারই অধিকার থাকবে বেঁচে থাকার। গোষ্ঠীগত খোপে থেকে একে অপরের বিরুদ্ধে ঘৃণার আবাদ যে আত্মঘাতী হচ্ছে, এই হুঁশ আসতে হবে। খেয়াল করে দেখুন, শুধু হত্যাকারীরাই অদৃশ্য নয়, জনগণ নামক ব্যাপারটাও অদৃশ্য করে ফেলা হয়েছে। জনমতের কথা ক্ষমতার মিনারে যেতে পারে না। কোনো সুবিবেচনা ও সৎ পরামর্শকেই পাত্তা দেওয়া হচ্ছে না। কোনো সরকারই কেবল নিজের ক্ষমতার জোরে বড় সমস্যার সমাধান করতে পারে না। জনগণকে তাদের পাশে লাগবেই। জনগণেরও দরকার সরকারের বাড়ানো হাতের আশ্রয়। কিন্তু আমরা দেখেছি, বিরোধী মতকে অদৃশ্য করে দিতে দিতে জনগণও অদৃশ্য হয়ে যাচ্ছে। খাঁচার মধ্যে থাকা মানুষ যদি হাত-পাই নাড়াতে না পারে, তাহলে কীভাবে আত্মরক্ষা করবে?
একদিকে দুর্গ, অন্যদিকে খাঁচা। আইজিপি বলেছেন, প্রত্যেকের ‘নিজস্ব নিরাপত্তাবলয় তৈরি করতে হবে’। খাঁচাবন্দী মানুষ কীভাবে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে? ভয়ের বড়শিতে গাঁথা আমাদের খাঁচা। খাঁচাবাসীর থেকে যখন যাকে ইচ্ছা তাকে মেরে ফেলা হচ্ছে। আগেকার রাজারা বিপদে পড়লে দুর্গের মধ্যে ঢুকে ফটক লাগিয়ে দিত। আমজনতা থাকত অরক্ষিত। সবাই দুর্গের নিরাপত্তাবলয় বানাতে পারবে না। সেই সামর্থ্য সবার নেই। বরং খাঁচাটাকে আলগা করুন। অদৃশ্য শত্রুকে মানুষের সামনে দৃশ্যমান করুন। খাঁচা থেকে বেরোনো মুক্ত মানুষই পারে যেকোনো অপশক্তিকে জোট বেঁধে মোকাবিলা করতে।