জীবাশ্ম জ্বালানিকে বিদায় দেওয়ার এর চেয়ে ভালো সময় আর আসতে পারে না। রেকর্ড ভাঙা বৈশ্বিক তাপমাত্রা, জীবাশ্ম জ্বালানির দাম কমা, নবায়নযোগ্য জ্বালানিতে ঐতিহাসিক মাত্রার বিনিয়োগ ও জলবায়ু–বিষয়ক প্রতিশ্রুতির প্রতি সম্মান জানানোর যে বৈশ্বিক চাপ সৃষ্টি হয়েছে, তাতে এই পালাবদল ঘটানোর আদর্শ পরিবেশ সৃষ্টি হয়েছে।
এই পালাবদলের প্রয়োজনীয়তা বর্তমানের চেয়ে বেশি কখনো অনুভূত হবে কি না জানি না। গত ডিসেম্বরে প্যারিসে যে জলবায়ু–বিষয়ক ঐকমত্য হয়ে গেল, সেখানে কিন্তু বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার বড়জোর ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতি দেওয়া
হয়েছে, প্রাক-শিল্প যুগের তুলনায়। তাপমাত্রা বাড়ার হার এর ওপরে গেলে ধরিত্রীর বারোটা বেজে যাবে। এতে আরও বলা হয়েছে, তাপমাত্রা বাড়ার হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার ‘চেষ্টা করা হবে’। নাসার সাম্প্রতিক তথ্য অনুসারে, এই নিম্নসীমা অর্জন করাটা গুরুত্বপূর্ণ।
নতুন তথ্য-উপাত্তে জানা গেছে, রেকর্ডের খাতায় ২০১৫ সালটা ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর। আর এ বছরের প্রথম দুই মাসেও সে ধারা অব্যাহত ছিল। নাসা বলেছে, ১৯৫১-৮১ সালের বেসলাইনের হিসাবে এ বছরের ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা ছিল গড় তাপমাত্রার ১ দশমিক ৩৫ ডিগ্রি বেশি।
সৌভাগ্যের কথা হলো, পৃথিবীতে একসময় জীবাশ্ম জ্বালানির যে মর্যাদাপূর্ণ অবস্থান ছিল, সেটা দুর্বল হতে শুরু করেছে। বস্তুত ইন্টারন্যাশনাল এনার্জি ইনস্টিটিউটের (আইএ) ভাষ্যমতে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক ভেঙে পড়েছে। এর সপক্ষে তারা দেখিয়েছে, বৈশ্বিক জ্বালানি-সংক্রান্ত কার্বন ডাই–অক্সাইডের মাত্রা পরপর দুই বছর একই মাত্রায় ছিল। এতে বোঝা যায়, জীবাশ্ম জ্বালানি এখন আর আমাদের অর্থনীতির প্রাণ নয়।
দেখা যাচ্ছে, তেলের দাম গত ১৮ মাসে পড়ে গেলেও এর ব্যবহার কিন্তু বাড়েনি, যেটা অনেকেই আশঙ্কা করেছিলেন। এতে যা হয়েছে তা হলো জীবাশ্ম জ্বালানির বড় বড় প্রতিষ্ঠান যেমন শেল, বিপি ও স্টেট অয়েলের মুনাফা ব্যাপক হারে কমে গেছে।
কয়লার অবস্থাও ভালো নয়। চীন গত বছরের শেষের দিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ পিছিয়ে দিলে বিশ্বের বৃহত্তম কয়লা প্রতিষ্ঠান পিবডি মার্কিন যুক্তরাষ্ট্রে দেউলিয়া-সুরক্ষার আবেদন জানায়। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে তারা এ আবেদন করে, যার আংশিক কারণ হচ্ছে কয়লার চাহিদা পড়ে যাওয়া।
অন্যদিকে বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানিতে রেকর্ড পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে, ব্লুমবার্গ নিউ এনার্জি ফিন্যান্সের হিসাব মতে, গত বছর এর পরিমাণ ছিল ৩২৯ দশমিক ৩ বিলিয়ন ডলার। ফলে নবায়নযোগ্য জ্বালানিচালিত পরিষ্কার, সুন্দর ও অধিকতর টেকসই ভবিষ্যতের ব্যাপারটা ক্রমেই বাস্তব হয়ে উঠছে।
তারপরও আমাদের বহু দূর যেতে হবে। এখনো বেশির ভাগ সরকার বিভিন্ন মাত্রায় এই ধ্বংসাত্মক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে যাচ্ছে, যার দাম এখন অনেক কম, আর যার পরিবেশগত প্রভাবও মারাত্মক। এমনকি এই নির্ভরতা তাদের অর্থনীতিকে অস্থিতিশীল করে দেওয়া সত্ত্বেও তারা এটা করে যাচ্ছে।
যারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ, তাদের উচিত হবে, গত কয়েক বছরে এর সপক্ষে যে জনমত গড়ে উঠেছে, তা আরও শক্তিশালী করা। এই তালিকায় রয়েছে আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে স্থানীয় সমাজ ও ব্যক্তি। তাদের কাজ হবে, সরকার ও কোম্পানিগুলোকে ব্যাপক চাপ দিয়ে এমন নীতি গ্রহণ ও বিনিয়োগ করতে বাধ্য করা, যাতে জীবাশ্ম জ্বালানিকে পুরোপুরি বিদায় দেওয়া যায়। ঠিক যেমন উষ্ণ পৃথিবী আমাদের সবাইকে ঝুঁকির মুখে ফেলে দেয়, তেমনি এর বিরুদ্ধে জোরালো অবস্থান নিলে সবাই উপকৃত হবে। আর নেতাদের প্রতিশ্রুতি রাখতে বাধ্য করার দায়িত্ব আমাদের সবার, বিজ্ঞানের প্রতিও তাদের প্রতিশ্রুতিবদ্ধ রাখতে হবে।
ব্রেক ফ্রির মতো বৈশ্বিক আন্দোলনগুলো এ ক্ষেত্রে উদাহরণ হয়ে আছে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রচারণা ও গণ–আন্দোলনকে সমর্থন দিয়েছে তারা, যাদের লক্ষ্য হচ্ছে তুরস্ক থেকে শুরু করে ফিলিপাইন, জার্মানির খনি, ব্রাজিলের ফ্র্যাকিং ও নাইজেরিয়ার তেলের কূপ বন্ধ করাসহ নানা কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। তারা জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুতের দূষণ রোধ করতে বদ্ধপরিকর, তারপর সংস্থাটি পৃথিবীকে টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়।
সামনের দিনের চ্যালেঞ্জের মাত্রা ও অত্যাবশ্যকীয়তা স্বীকার করে নিয়ে ব্রেক ফ্রি নতুন ও বিদ্যমান জীবাশ্ম জ্বালানি প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন জোরালো করতে প্রস্তুত। যে সংগঠন ও সংস্থাসমূহ দাবি করছে জীবাশ্ম জ্বালানিকে মাটির মধ্যেই রাখতে হবে এবং আরও স্বাস্থ্যকর ও ন্যায়পরায়ণ পৃথিবী গড়ে তুলতে হবে, যেখানে সবাই টেকসই জ্বালানি পাবে—তাদের সাহস ও শক্তিই এখন মূল কথা।
বিশ্ব ক্রমেই জ্বালানি ব্যবস্থায় এক ঐতিহাসিক পালাবদলের দিকে এগিয়ে চলেছে। অগ্রগতি ত্বরান্বিত করার জন্য আমাদের যেটা করতে হবে তা হলো যারা জলবায়ু পরিবর্তন থেকে লাভবান হচ্ছে তাদের প্রতিহত করা। আর সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। আগামী মাসে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পের বিরুদ্ধে যে জমায়েত হবে, তা সঠিক পথে পরিচালিত করাই গুরুত্বপূর্ণ। শেষমেশ জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার যে সংগ্রাম, তা বৈশ্বিক দাবিতে পরিণত হয়েছে। এখন আর কেউ তা অগ্রাহ্য করতে পারবে না।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অনুবাদ: প্রতীক বর্ধন
পায়াল পারেখ: ৩৫০ ডট অর্গের প্রকল্প পরিচালক।