জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তাতে গণবিতর্কের দুটি বিষয় সৃষ্টি হয়েছে। প্রথম বিতর্কটি হচ্ছে রাষ্ট্রদ্রোহের প্রপঞ্চ মানুষের বাক্স্বাধীনতায় কতটা সীমাবদ্ধতা আরোপ করে। পুলিশের ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট (এফআইআর) থেকে জানা যায়, ক্যাম্পাসে অপরিচিত মানুষেরা ভারতবিরোধী স্লোগান দিয়েছে। ফলে একটি প্রশ্নের উদয় হয়, এ কারণে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতিকে রাষ্ট্রদ্রোহের আইনে গ্রেপ্তার করা যায়? এই পরিপ্রেক্ষিতে ভারতের আদালতের সামনে সুযোগ এসেছে, তারা এখন মুক্তবাকের চৌহদ্দি নির্ধারণ করে দিতে পারে। এখন কথা হচ্ছে, আমরা কি আদালতের রায়ে সবচেয়ে ভালো নজিরটি দেখতে পাব, যেমন: কেশবানন্দ ভারতী মামলায় আমরা দেখেছিলাম, ওই মামলায় আদালত মৌলিক কাঠামোর মতবাদ হিসেবে সংসদের সংশোধনী ক্ষমতার ওপর সীমাবদ্ধতা আরোপ করেছিলেন; নাকি আমরা সবচেয়ে বাজে নজিরটি দেখতে পাব, যেমন হেবিয়াস কর্পাস মামলায় জরুরি অবস্থায় অনির্দিষ্টকাল আটক রাখার আদেশ দিয়েছিলেন আদালত।
দ্বিতীয় বিষয়টি প্রথমটির সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। তো উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্রে এ রকম একটা বিশ্ববিদ্যালয়ের স্থান কোথায়? আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম দশকের ছাত্র, সেটা ছিল এক জাদুকরি সময়, যখন আমরা চিন্তার শক্তি ও গণতান্ত্রিক বিচার-বিবেচনা বোধ শিখেছিলাম। ওই সময়ে আমরা লক্ষ্যের ব্যাপারে আবেগপ্রবণ হতে শিখেছিলাম, যখন কোনো জুলুমবাজিই আমাদের ভিন্নমত দমাতে পারেনি। ওটা ছিল জরুরি অবস্থা ও তার পরবর্তী সময়, যখন একটি সংবিৎ হারানো জাতি নিজের প্রকৃত শক্তির অন্বেষণ করছিল, সে কোন মূল্যবোধের পক্ষে আর কোন মূল্যবোধের বিপক্ষে।
এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছিলাম, তার মাধ্যমে আমরা রাজনীতিক হয়েছিলাম। তবে এ নিবন্ধে আমি নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করব না, আমি মূলত গণপরিসরে এই মহান বিশ্ববিদ্যালয়ের স্থান নিয়ে কথা বলব। জাতির কল্পনায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্থান নিয়ে আমি কথা বলব। যে ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, বিশ্ববিদ্যালয় তাদের অনেক কিছুই দেয়। আজ যদি ভারতের আমলা, সাংবাদিক, শিল্পী, অনুবাদক, কর্মী, অধ্যাপক, উপাচার্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের রোল কল করি, তাহলে দেখা যাবে, তাঁদের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রই আছেন। গত দুই বছরে গোয়েন্দা সংস্থা, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সিবিআই, পররাষ্ট্র ও মন্ত্রিপরিষদ সচিবেরাও এই বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, ব্যাপারটা ফেলনা নয়। তাঁরা জাতিবিরোধী, সেটা আমার মনে হয় না।
কথা হচ্ছে, তাঁদের যে-কাউকে জিজ্ঞাসা করেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় আপনাদের কী দিয়েছে। তাঁরা আপনাকে বলবেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের চিন্তার পরিসর বড় করেছে, ভিন্ন চিন্তাসহ নানা চিন্তার সঙ্গে পরিচিত করিয়েছে, প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেছে, আত্মবিশ্বাস দিয়েছে, আর মনে একটি ন্যায্য ভারত নির্মাণের স্বপ্নের সলতেয় আগুন ধরিয়ে দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় তাঁদের শিখিয়েছে, ভিন্নমতও একটি গুণ হতে পারে। এর পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় তাঁদের যোগাযোগের সুযোগ দিয়েছে। যাঁরা সফলতা ব্যাপারটা জানেন, তাঁরা এটা জানেন যে সফল হতে হলে মেধা ও যোগ্যতা থাকার সঙ্গে যোগাযোগও থাকা জরুরি। সে কারণে যুক্তরাষ্ট্রের আইভি লিগ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের অক্সব্রিজ এবং ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিকড় সমাজে ও রাষ্ট্রের অনেক গভীরে।
এই সুযোগ, আত্মবিশ্বাস, ব্যক্তিত্বের বিকাশ ও যোগাযোগ ছাড়াও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিশ্বের প্রকৃতি সম্পর্কে ধারণা দেয়। সেটা শুধু বৈশ্বিক ব্যবস্থার দিক থেকেই নয়, ক্ষমতার কাঠামো, সমাজের গতিশীলতা, পরিবর্তনের অনুঘটক ও নাগরিকদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেও বিশ্বকে চেনাতে শেখায় এই বিশ্ববিদ্যালয়। আমরা শিখেছি, কৃষকেরা কীভাবে নাগরিক হয়েছে। আমরা শিখেছি, অভিজাতরা সমাজের মাথায় উঠে বসলে গণতন্ত্র কীভাবে বিঘ্নিত হয়। এসব চিন্তা আমাদের গণপ্রতর্ককে সমৃদ্ধ করেছে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা এমন এক ভারতের ধারণার চিন্তা উৎপাদন ও পুনরুৎপাদন করেছি, যে ভারত হবে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, পরিবেশগতভাবে টেকসই, শৈল্পিকভাবে সৃজনশীল, সর্বজনীন ও সামাজিকভাবে সমতামূলক, যেখানে লৈঙ্গিক সমতা থাকবে।
এই বিশ্ববিদ্যালয়ের অনেক ভুলও ছিল, যেমন স্তালিনপন্থী বামদের উদারনীতিকদের যে জায়গা দেওয়া উচিত ছিল, সেটা তারা তখন দেয়নি। রাজনৈতিক পরিসরটি সেখানে বড়ই ছিল, যদিও সেটা আরও বড় হতে পারত। সেখানকার বিশ্লেষণী চিন্তার ধারা দুর্বল ছিল, আদর্শিক শিবিরগুলো দুর্বলদের নেতা বানাত। কিন্তু এসব আদর্শিক আধিপত্যকে প্রশ্ন করার সুযোগ ছিল তখন। মোদ্দা কথা, এই বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ছিল ভিন্নমত পোষণ, পরীক্ষা-নিরীক্ষা ও সহযোগিতা। তখন অনেক পক্ষেরই বিতর্ক হতো, যদিও সে বিতর্ক ছিল শান্তিপূর্ণ, সহিংসতা ছিল না। সরকারি চাকরি, বিদ্যায়তন, নাগরিক সমাজের প্রতিষ্ঠান ও গণমাধ্যমে লোক সরবরাহ করে এই বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল জাতি গঠনের কারখানা।
সরকারের ও নাগরিক সমাজের জন্য পেশাজীবী সৃষ্টি করা ছাড়াও এই বিশ্ববিদ্যালয় ছিল ভিন্নমতের উর্বর ভূমি। আধুনিকতা ও বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটি জাতির একদল বুদ্ধিজীবী প্রয়োজন হয়, যাঁরা জাতিকে নতুনের আহ্বানে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত করেন, যে নতুন আমাদের দুয়ারে কড়া নাড়ে। জাতিকে নতুন চিন্তার সঙ্গে যুক্ত হতে হয়। এই বিশ্ববিদ্যালয়ের কোনো সেমিনারে যান, সেখানে ছাত্রদের প্রশ্নের ধার ও উত্তর খোঁজার আগ্রহ দেখে আপনি আনন্দিত হবেন। এটাই দেশের কয়েকটি জায়গার মধ্যে অন্যতম, যেখানে আন্তশাস্ত্রীয় চর্চা করাটা একরকম অভ্যাসে দাঁড়িয়ে গেছে, যেখানে একজন নন্দনতাত্ত্বিক ও রাজনৈতিক বিজ্ঞানীর আলাপচারিতা শুনে আপনার ভ্রু কুঁচকে যাবে না। ঠিক তেমনি পৃথিবীর বিবর্তন-সংক্রান্ত পূর্ব ও পশ্চিমের আলাপচারিতা শুনেও আপনার সে দশা হবে না।
একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় সমাজের জন্য খুবই মূল্যবান সম্পদ, কারণ সে সব সময় সমাজের জন্য প্রশ্ন ও উত্তরের খোরাক জোগান দেয়, যেখানে মেনে নেওয়া সত্যের প্রতি চ্যালেঞ্জ যেমন থাকে, তেমনি অনুমোদিত বইয়ের বিকল্প পাঠও থাকে। এই ব্যাপারটা আজ হুমকির মুখে পড়ে গেছে। চিন্তা ও সামাজিক সম্পর্কের ওপর যারা সেন্সরশিপ চায়, তারা আসলে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘরানার বাইরের মানুষ। ঘটনাচক্রে শিকাগো বিশ্ববিদ্যালয় বাক্স্বাধীনতার ব্যাপারে এ বিবৃতিটি দিয়েছে, ‘বিশ্ববিদ্যালয় যদি মনে করে কোনো চিন্তা তার কাছে গ্রহণযোগ্য নয়, তাহলেও তার উচিত হবে না কোনো ব্যক্তিকে সেই চিন্তা ও মতামত পোষণ করা থেকে বিরত রাখার চেষ্টা করা, এমনকি সেই চিন্তা ও মতামত যদি বেমানান বা মারাত্মক অশোভন হয়, তাহলেও।’ এটাই হচ্ছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ধারণা, যারা দরজায় কড়া নেড়ে উত্ত্যক্ত করছে, আসুন তাদের প্রতিহত করি।
দ্য হিন্দু থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
পিটার রোনাল্ড ডিসুজা: সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজের অধ্যাপক।