
টিভি বা পত্রিকার সংবাদের দিকে তাকালে দেখা যাবে হত্যা, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, গুম, ছিনতাই সংবাদের প্রাধান্য। ধর্ষণ এখন আর নারী কিংবা কিশোরী পর্যায়ে নেই; শিশু-কিশোরী এই জঘন্য অপরাধের শিকার। ছিনতাই করার সময় কোলের শিশুকে ছুড়ে ফেলে দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় ডজনখানেক মানুষ প্রাণ হারায় না, এ রকম দিন কম যায়।
একটা দেশের স্বাভাবিক পরিস্থিতিতে এত বেশিসংখ্যক গুমের ঘটনা ঘটতে পারে, তা কল্পনায় আনা যায় না। ঢাকঢোল পিটিয়ে শিশুশ্রম বন্ধের কথা বলা হচ্ছে, অপর দিকে কারখানায় মালিক কিশোর শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছেন। ঢাকা শহর দূষিত বায়ুতে চরমভাবে আক্রান্ত। যানজটে অবরুদ্ধ। এখন কেউ যদি লিফট দিয়ে নিমন্ত্রণ করতে চায়, তাতেও সেখানে যেতে সাহস হয় না। কেননা, কত ঘণ্টা কাটাতে হবে যানজটে, তা কেউ বলতে পারবে না। এ অবস্থায় দেহ-মন অবসন্ন হয়ে পড়ে।
এ রকম অন্ধকার পরিস্থিতি ভেদ করে আশার আলোর একটি খবর পেলাম প্রথম আলোয় ১৭ ডিসেম্বরের প্রথম পৃষ্ঠায়। শিরোনাম ‘তথ্যের জন্য আশারফের লড়াই’। যশোর জেলার চৌগাছা উপজেলায় আশারফ হোসেনের বাড়ি। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। এখন কাঠের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন আশারফ হোসেন। তাঁর এলাকায় তিনি অত্যন্ত আলোচিত ব্যক্তি। তিনি বিভিন্ন সরকারি অফিসে তথ্য অধিকার আইনে প্রদত্ত অধিকার অনুযায়ী তথ্যের আবেদন করে থাকেন এবং না পাওয়া পর্যন্ত হাল ছাড়েন না। তাঁর এলাকায় এক ব্যক্তি সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) অফিসে গিয়ে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসছিলেন। আশারফ সাহেবের হস্তক্ষেপে সমাধান হয়ে যায়। এখানে বলা প্রয়োজন যে এসি ল্যান্ডের এই পদটি খুবই দামি।
পাবনার ঈশ্বরদীতে ক্যাম্বিয়ান কলেজ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। সেই অনুষ্ঠানে পূর্ণ মর্যাদার কেবিনেট মন্ত্রী ছিলেন প্রধান অতিথি আর বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড। যাহোক, আশারফ হোসেন এ ধরনের সাহায্য-সহযোগিতা করেন একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা কোনো কমিশনের বিনিময়ে নয়। তাঁর নিখুঁতভাবে কাজ সম্পন্ন করা থেকে বোঝা যায় যে তিনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তথ্য অধিকার আইন কী এবং এর প্রয়োগ কীভাবে হবে বা নাগরিক তাঁর অধিকারটাই বা কী করে অর্জন করবেন। রাতে টক শোতে যাঁরা এই আইন নিয়ে কথা বলেন, তাঁদের কারও কারও যে আইনটির বিভিন্ন দিক সম্পর্কে ভালো ধারণা নেই, তা বুঝতে কষ্ট হয় না। আশারফ হোসেন তথ্য অধিকার আইন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাজধানীর কোনো শীতাতপনিয়ন্ত্রিত সেমিনারে আসেননি। তিনি তাঁর এলাকার ইউনিয়ন পরিষদে এমআরডিআই নামক একটি এনজিও কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এই কর্মসূচির মূল সহায়ক শক্তি ছিল মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) নামক একটি প্রখ্যাত এনজিও।
আপাতদৃষ্টিতে আশারফ হোসেন–সংক্রান্ত খবরটি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে এর ব্যাপ্তি ও সম্ভাবনা দিগন্তবিস্তৃত। ৩০ লাখ শহীদ এবং ৪ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তো হতাশ হওয়ার জন্য নয়। এই মুহূর্তে পরিস্থিতি হতাশাজনক হলে আমাদের অর্জনও তো অনেক। আমাদের অগ্রযাত্রার বড় অন্তরায় ভয়াবহ দুর্নীতি।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন যে দুর্নীতি না থাকলে জিডিপির প্রবৃদ্ধির হার ১ শতাংশ বাড়ত। কোনো এক দাতা সংস্থা বলেছে ২ শতাংশ। এর দ্বারা এটাই বোঝা যায় যে দুর্নীতি কী ভয়াবহ আকারে বিরাজ করছে আমাদের সমাজে। এ রকমও শোনা যায় যে সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তাজালের অধীনে দুস্থ ও বয়স্কদের যে ভাতা বা সাহায্য দেওয়া হয়, সেখানেও কমিশন আদায় করা হয়ে থাকে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘোষণা দিয়েছে যে তারা দুর্নীতির মূলোৎপাটন করবে। কিন্তু এটা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত গণসচেতনতা না বেড়েছে।
আশারফ হোসেনের মতো লোকের সংখ্যা যত বাড়বে, সচেতনতা ও স্বচ্ছতা তত বাড়বে, সরকারের কাজের স্বচ্ছতা ফুটে উঠবে। আশারফ হোসেন সৃষ্টির কৃতিত্ব এমজিএফকে দেওয়া যেতে পারে। শতসহস্র আশারফ গ্রামবাংলায় রয়েছেন। এখন প্রয়োজন তাঁদের খুঁজে বের করা এবং প্রশিক্ষণ দেওয়া। আর কাজটি হতে হবে অরাজনৈতিকভাবে। কেননা, রাজনীতি এলেই আসবে দলীয় উদ্দেশ্য ও তৎপরতা। একপর্যায়ে কথা উঠেছিল যে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা উচিত। আশারফ হোসেনরা যে পর্যায়ে এবং যে উদ্দেশ্যে কাজ করছেন, তা করা সহজ হবে যতক্ষণ নিজেকে দলীয় রাজনীতিমুক্ত রাখতে পারবেন। কেননা, যত কথা বলা হোক না কেন, দলীয় রাজনীতিতে দলের প্রতি দায়বদ্ধতাকে অস্বীকার করা যায় না।
আশারফ হোসেনের মতো নিঃস্বার্থ দেশপ্রেমিক কর্মী খুঁজে বের করার জন্য এমজেএফ ওয়ার্কশপকে রাজধানী থেকে সুদূর পল্লিতে নিয়ে গেছে। এর জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে হয়। আরও এনজিওর এগিয়ে আসা প্রয়োজন আশারফদের অনুসন্ধানে। সুজন (সুশাসনের জন্য নাগরিক) একটি ব্যাপক গণভিত্তিক প্রতিষ্ঠান। এর মূল কর্মকাণ্ড অবশ্য সরকারের সমালোচনায় সীমাবদ্ধ। সরকারের সমালোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন সুনাগরিক। তাই এমজেএফের মতো ইতিবাচক ভূমিকা নেওয়া প্রয়োজন সুনাগরিক তৈরির জন্য। সুজন এদিকে দৃষ্টি দিলে দেশের জন্য কল্যাণ হবে।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহিন আলম একটি চমৎকার তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে তথ্য অধিকার আইন সম্পর্কে সক্রিয় হওয়ার সাড়াটা গ্রামের মানুষ যেভাবে নিচ্ছে, শহরের মানুষের কাছ থেকে সেভাবে পাওয়া যাচ্ছে না। আসল কথা হলো যে মুক্তবাজার অর্থনীতিতে একটি শিক্ষা বেশ ভালোভাবে দেওয়া হয়, তা হলো ‘দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ’ (বিনা পয়সায় কোনো কিছুই হয় না)। শহরের মানুষ সেই দীক্ষাটা দ্রুত গ্রহণ করছে। বিনা পয়সায় আশারফ হোসেনের মতো সেবা দেওয়াটা তারা হয়তো নির্বুদ্ধিতা মনে করে।
পরিশেষে একটি কথা না বললে খুব অন্যায় হবে। আশারফ হোসেন তথ্য অধিকার দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে সাহায্য-সহযোগিতা না পেলে এই সাফল্য তিনি পেতেন না।
তাই তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাতে হয়। কেননা, আমাদের বেশির ভাগ সরকারি বিভাগ ও কর্মকর্তা গণবিমুখ। তথ্য অধিকার দপ্তরে এই মানসিকতা কাজ করলে কি আশারফ হোসেনরা কাজ করতে পারতেন?
সৈয়দ মাহবুবুর রশিদ: সাবেক সহকারী সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুজিবনগর এবং ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় ঘাতক দালাল
নির্মূল কমিটি।