
রাজনীতিতে জেদ অনেক সময় মঙ্গল বয়ে আনে। এখানে জেদ কথার মানে হলো, নির্দিষ্ট সংকল্পে অবিচল থাকা। এমন দৃঢ়তা দেখিয়েছেন অনেক মহাপুরুষ, অনেক বিপ্লবী রাজনীতিবিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৃঢ় ছিলেন তাঁর ‘ছয় দফা’ বাস্তবায়নের পরিকল্পনায়। তার জন্য তাঁকে কারাবরণ করতে হয়েছে। এমনকি আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি হতে হয়েছিল। পরবর্তী সময়ে তিনি ছয় দফা প্রশ্নে সামান্য আপস করলে হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু তিনি সে পথে যাননি। সংকল্পের দৃঢ়তা, রাজনৈতিক জেদ কার্যকর হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এ ধরনের রাজনৈতিক জেদ অবশ্যই দেশের জন্য মঙ্গলজনক।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জেদ দেখিয়েছেন। বড় রকমের ঝুঁকি নিয়ে তিনি যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রেখেছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক চাপ ছিল বিচারপ্রক্রিয়া বন্ধ করার অথবা শুরু না করার জন্য। দু-একজনের ক্ষেত্রে আইনের ফাঁকফোকর দিয়ে বাঁচিয়ে দেওয়ার জন্যও কোনো কোনো আন্তর্জাতিক মহল থেকে চাপ ছিল। শেখ হাসিনাকে এই ক্ষেত্রে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এই কারণে যে তিনি সব চাপ উপেক্ষা করে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং প্রধান প্রধান যুদ্ধাপরাধীর সবারই বিচার সম্পন্ন ও রায় কার্যকর হয়েছে। এ ক্ষেত্রে শেখ হাসিনা জেদ দেখিয়েছেন। এমন জেদ অবশ্যই প্রশংসার যোগ্য।
তবে সব ক্ষেত্রে এক নীতি বা কৌশল ভালো ফল দেয় না। সুন্দরবনের গা ঘেঁষে রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প করার জন্য বর্তমান সরকার যে অবস্থান নিয়েছে, তাকে অনেকটা অযৌক্তিক হিসেবেই বিবেচনা করতে হচ্ছে। বাংলাদেশের ও বিদেশের বিশেষজ্ঞরা বারবার রামপাল বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিকর প্রভাব, এমনকি সুন্দরবন ধ্বংস হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। সরকার সামান্যতম গুরুত্ব দেয়নি। বরং এটাকে বিরোধী দলের প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে। রামপাল প্রকল্পবিরোধী রাজনৈতিক দল অথবা বুদ্ধিজীবী বিশেষজ্ঞদের সরকারের পক্ষ থেকে উন্নয়নবিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে। এমনকি সরকারি কর্তাব্যক্তিরা রামপাল প্রকল্পবিরোধীদের সম্পর্কে উপহাস করে বলেছেন, তাঁরা নাকি মানুষের উন্নয়নের কথা না ভেবে বাঘ ও পশুপাখির প্রেমে পড়েছেন। বস্তুত রামপাল বিদ্যুৎ প্রকল্প যে সুন্দরবনের কতটা ক্ষতি করবে, তা ঠিকমতো অনুধাবন করতে পারলে সরকার এটাও উপলব্ধি করতে পারবে যে উন্নয়নও মুখ থুবড়ে পড়বে। এ সম্পর্কে আগেও বহু লেখালেখি হয়েছে। এই নিবন্ধেও সেসব তথ্য ও যুক্তি আবারও কিছুটা পুনরাবৃত্তি করা হবে। তার আগে অন্য একটি বিষয়ে যেতে চাই।
ধরে নিলাম, বাংলাদেশে যাঁরা রামপাল প্রকল্পের বিরুদ্ধে, তাঁরা কিছুই জানেন না, বোঝেন না। কিন্তু জাতিসংঘের প্রতিষ্ঠান ‘ইউনেসকো’ কি কিছুই না জেনে অন্ধ ও অজ্ঞের মতো রামপাল প্রকল্প সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছে? ইউনেসকো রামপাল প্রকল্প বাতিল করে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। একবার নয়, একাধিকবার। তারা সরেজমিনে সমীক্ষা চালিয়ে বিকল্প অনেকগুলো সুপারিশ করেছে। তারা স্পষ্ট ভাষায় বলেছে, সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে। সুন্দরবনের স্থান হবে ‘বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায়’। সরকার কর্ণপাত করেনি। এ ধরনের জেদ নিয়ে বসে থাকা ভালো কথা নয়।
ধরে নিলাম, আমরা না–হয় কিছুই বুঝি না। কিন্তু আল গোর? ক্লিনটন প্রশাসনের সময় তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০০৭ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি বিশ্ববিখ্যাত পরিবেশবাদী। পরিবেশসংক্রান্ত তাঁর অনেক গুরুত্বপূর্ণ রচনার জন্যই তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কদিন আগে আল গোর আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কথা হয়। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত এক আলোচনায় দুই নেতা শেখ হাসিনা ও আল গোর পাশাপাশি বসেছিলেন। সেখানে আল গোরই সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ প্রকল্পটির প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি শেখ হাসিনাকে বলেন, ‘আমার পরামর্শ হলো, পরিবেশদূষণকারী এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ বন্ধ করুন। এর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের হার দ্রুত করতে দ্বিগুণ উদ্যোগে কাজ করুন।’ শেখ হাসিনা উত্তরে যা বলেছেন তা হলো, ‘...পরিবেশ যাতে আক্রান্ত না হয়, সে জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। বিদ্যুৎকেন্দ্রটি সুপার ক্রিটিক্যাল, খুবই আধুনিক। পরিবেশ রক্ষায় আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি।’ আল গোর মেনে নিতে পারেননি। আমরা জানি, বর্তমানে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করলেও ১০ শতাংশ ক্ষতি কমাতে পারে। ইআইই রিপোর্ট (পরিবেশ সমীক্ষা) অনুযায়ী, ২৭৫ মিটার উঁচু থেকে নির্গত গ্যাসীয় বর্জ্যের তাপমাত্রা হবে ১২৫ ডিগ্রি সেলসিয়াস। যতই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন, বাতাসের এই উচ্চ তাপমাত্রা কি ক্ষতিকর প্রভাব ফেলবে না?
প্রথম আলোতে দুই নেতার কথোপকথন বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে। দেখা যায়, আল গোর রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তিগত দিক সম্পর্কেও ভালো জ্ঞান রাখেন। এমনকি পশুর নদের পানি নিয়ে আবার উত্তপ্ত পানি নদে ফেলা হবে। এ তথ্যটিও তাঁর জানা আছে। আল গোর বলেন, ‘ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার এই স্থানটি (সুন্দরবন) রক্ষা করতে এবং পরিবেশ দূষণকারী বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ না করতে বাংলাদেশকে অনুরোধ করেছে। যে নদের কথা আপনি বললেন, সেখানে এরই মধ্যে কয়েকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। বিদ্যুৎকেন্দ্র থেকে পাঁচ হাজারের মতো ঘনমিটার পানি এই নদে ফেলার বিষয়টি নিয়েও আপত্তি উঠেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার এলাকাটি (সুন্দরবন) রক্ষার আবেদন জানিয়েছে।’ (প্রথম আলো, ২০ জানুয়ারি, ২০১৭)
>রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে যে সুন্দরবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। সরকারের উচিত অযৌক্তিক জেদ পরিত্যাগ করে বাস্তবতাকে অনুধাবন করা। কিন্তু আমরা দেখছি, সরকারের জেদ এই পর্যায়ে গেছে যে সরকার রামপাল প্রকল্পের ব্যাপারে কোনো কথাই শুনতে রাজি নয়
যতই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন, ইআইএ রিপোর্ট অনুসারে, বিদ্যুৎকেন্দ্রের ব্যবহারের জন্য পশুর নদ থেকে প্রতি ঘণ্টায় ৯ হাজার ১৫০ ঘনমিটার পানি প্রত্যাহার করা হবে এবং ব্যবহারের পর ৫ হাজার ১৫০ ঘনমিটার পানি নদে ফেরত যাবে। এতে দুই ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে। প্রথমত, নদের পানি দূষিত হবে। দ্বিতীয়ত, নদের পানির পরিমাণ কমবে, ফলে লবণাক্ততাও বৃদ্ধি পাবে। এতে কি জলজ প্রাণীর ওপর নেতিবাচক প্রভাব পড়বে না?
আল গোর জাহাজডুবির কথা উল্লেখ করেছেন। এই বিদ্যুৎ প্রকল্পে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বছরে ৪৭ লাখ ২০ হাজার টন কয়লা পোড়ানো হবে। সেই কয়লা আসবে বাইরে থেকে সমুদ্রপথে। বঙ্গোপসাগরের আকরাম পয়েন্ট থেকে ছোট ছোট জাহাজে করে কয়লা আনা হবে রামপালে। প্রতিদিন জাহাজে করে আসবে ১৩ হাজার টনের বেশি কয়লা। জাহাজ থেকে অথবা স্তূপকৃত কয়লা থেকে ছোট ছোট কণা কি বাতাসে মিশে যাবে না, পড়বে না কি নদে? কোন সুপার প্রযুক্তি এটাকে ঠেকাবে? প্রতিদিন এত জাহাজ চলাচলের শব্দদূষণ ও অন্যান্য দূষণ তো আছেই।
কয়লা পুড়িয়ে বছরে ৭ লাখ ৫০ হাজার টন ফ্লাইঅ্যাশ (ছাই) ও ২ লাখ টন বটমঅ্যাশ (ছাই), দুই ধরনের ছাই উৎপাদিত হবে। বাই প্রোডাক্ট হিসেবে এটা কাজে লাগতে পারে সিলেটের সিমেন্ট ফ্যাক্টরিতে। কিন্তু এই ছাই ও কয়লার কণা যে নদের পানি ও গাছপালার জন্য ক্ষতিকর হবে না, সেই নিশ্চয়তা কে দেবে? কোন আধুনিক প্রযুক্তি এসব থেকে বন ও প্রাণিসম্পদকে রক্ষা করবে?
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে যে সুন্দরবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। সরকারের উচিত অযৌক্তিক জেদ পরিত্যাগ করে বাস্তবতাকে অনুধাবন করা। কিন্তু আমরা দেখছি, সরকারের জেদ এই পর্যায়ে গেছে যে সরকার রামপাল প্রকল্পের ব্যাপারে কোনো কথাই শুনতে রাজি নয়। গত ২৬ জানুয়ারি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঢাকায় যে অর্ধবেলা হরতালের ডাক দিয়েছিল রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করার দাবিতে, সেই হরতাল ছিল শান্তিপূর্ণ। হরতালকারীরা কোনো গাড়ি ভাঙেনি, আগুন দেয়নি। তারপরও সরকারের মারমুখী ভাব ও বিনা উসকানিতে শাহবাগে পুলিশ যেভাবে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে, তা নতুন কোনো ঘটনা না হলেও আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। ছাত্র ইউনিয়নের সভানেত্রী লাকি আখতার মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রতিবাদকারীকে পেটানোর যে ছবি ছাপা হয়েছে, তা স্বৈরাচারী যুগের কথাই স্মরণ করিয়ে দেয়।
সুন্দরবন কেবল সুন্দরবনই নয়, তা আমাদের দেশের বিশাল সম্পদও বটে। সরকার উন্নয়নের কথা বলছে, কিন্তু প্রকৃতিপ্রদত্ত এই রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে যে ক্ষতি হবে, সে সম্পর্কে পরিপূর্ণ উদাসীন। সে জন্য আরও দেখি, সুন্দরবনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক নতুন করে আটটি টাওয়ার নির্মাণের আবদার করেছে। গত ২৪ জানুয়ারি প্রথম আলোর সম্পাদকীয় শিরোনাম ছিল ‘সুন্দরবনে প্রযুক্তির উপদ্রব’। ওই সম্পাদকীয়তে যথার্থই বলা হয়েছে, ‘সুন্দরবন সম্পর্কে সংবেদনহীনতার সবচেয়ে বড় নজির হলো রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত। এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না—সরকারের এমন দাবির মধ্য দিয়ে সংবেদনহীনতা স্পষ্ট হয়ে উঠেছে।’
আমরা আবারও আবেদন করব, এমন সিদ্ধান্ত পরিবর্তন করুন। উন্নয়নের নামে যদি সুন্দরবন হারিয়ে যায়, তাহলে সেই উন্নয়ন কোন কাজে আসবে? কোটি কোটি বছরে তৈরি সুন্দরবন একবার হারিয়ে গেলে তা কি আর ফিরে পাওয়া যাবে?
হায়দার আকবর খান রনো: রাজনৈতিক বিশ্লেষক। সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।