জেলা ক্রীড়া সংস্থাকে বঞ্চিত করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আপত্তি উঠতে পারে, প্রোটিয়াদের জয়ের মতো অতটা একপেশে নির্বাচন তো বিসিবিতে হয়নি। ২৩টি পরিচালক পদের তিনটিতে ভোট হয়েছে। এই খণ্ডিত ভোটপর্ব বিসিবির নির্বাচনকে একেবারে কাগুজে হয়ে উঠতে দেয়নি। ধন্যবাদ ক্রিকেট বোর্ডের ঢাকা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধিদের। তাঁরা সমঝোতা-সমীকরণকে একই বিন্দুতে মিলতে দেননি। সে জন্যই ঢাকা বিভাগের দুটি পরিচালক পদে চারজন এবং বরিশাল বিভাগের একটি পরিচালক পদে দুজন প্রার্থী হতে পারলেন। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিন পরিচালক নাঈমুর রহমান, সৈয়দ আশফাকুল ইসলাম ও আলমগীর খানকে নিয়ে সমর্থকদের আনন্দ-উল্লাস হলো। এই আনন্দ-উল্লাস কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকদের মনে আলোড়ন তোলেনি? সত্যিটা হলো, বিসিবির ২০১৭ নির্বাচনটা প্রায় সমঝোতার নির্বাচন। ক্রীড়াঙ্গনে যে প্রতিদ্বন্দ্বিতাহীন নিয়ন্ত্রিত নির্বাচনের হিড়িক চলছে, তারই আরেক খণ্ড প্রদর্শনী।

প্রথমে সরকার মনোনীত, তারপর প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে চার বছর দায়িত্বে থাকার পর নাজমুল হাসানের কণ্ঠে একটু অনাগ্রহের সুর শোনা যাচ্ছিল। মার্চ মাসে বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কা সফরে, নাজমুল হাসান কলম্বো গিয়ে বলেছিলেন আরেকটি মেয়াদে সভাপতি হওয়ার খুব ইচ্ছে তাঁর নেই। একটি করপোরেট প্রতিষ্ঠানের (বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস) প্রধান নির্বাহীর দায়িত্ব পালন এবং দেশের ক্রিকেট যতটা সময় দাবি করে, সেই দুইয়ের মাঝে ভারসাম্য রাখতে তাঁর কষ্ট হচ্ছে। বিসিবিতে একটা পরিবর্তনের পদধ্বনি তখন পাওয়া যাচ্ছিল। বাংলাদেশকে টেস্ট মর্যাদা এনে দেওয়া সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী ও তাঁর কয়েক অনুসারী যখন গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপ নিয়ে সোচ্চার হলেন, অনেকেই ভাবছিলেন বিসিবিতে বদল এলেও আসতে পারে। আদতে বদলাল না প্রায় কিছুই। বিসিবির সভাপতি পদে নাজমুল হাসান হলেন একক প্রার্থী। মাঝখান থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভেতরকার যে চেহারাটা বেরিয়ে পড়ল, সেটি প্রীতিকর নয়।

সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের সাংসদ, নাজমুল হাসানও তা-ই। দুজনেই বিসিবির সভাপতি হিসেবে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক করেছেন। কিন্তু আদালতের রুল নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ক্রিকেটের জগৎটা যেভাবে কাঁপিয়ে দিল, তাতে মনে হচ্ছিল এক পক্ষের চাওয়া ক্রিকেটের বিনাশ, আরেক পক্ষ ত্রাতার ভূমিকায়। ব্যাপারটি মোটেও তা নয়। পাশের দেশ ভারতে আইনি লড়াই যেমন করে ক্রিকেট বোর্ডে আদালত নির্দেশিত ‘শাসনব্যবস্থা’ এনেছে, সেই পরিস্থিতি অন্তত ছিল না। 

আইসিসির নির্দেশনা অনুযায়ী ক্রিকেট বোর্ড সরকারি প্রভাবমুক্ত থাকেনি—এই দাবিতে অটল থেকে সাবের হোসেন ও তাঁর অনুসারীরা (মোবাশ্বের হোসেন, দেওয়ান শফিউল আরেফিন টুটুল প্রমুখ) ক্রিকেট বোর্ডের ভোটারই হননি। নির্বাচনটা তখনই একপক্ষীয় বিষয় হয়ে উঠেছিল। গত ২০ অক্টোবর মনোনয়নপত্র বিতরণের দিনেই নির্বাচনী উত্তাপ মিইয়ে গেল। ক্লাবগুলোর জন্য নির্দিষ্ট ১২ জন, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার জন্য নির্দিষ্ট ১০ পরিচালকের ৭ জন এবং সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও সেবামূলক প্রতিষ্ঠান শ্রেণিতে একজন পরিচালক মিলিয়ে ২০ জনই প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচিত হয়ে গেলেন। তিনটি পরিচালক পদে ভোটসহ নির্বাচনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো ১ নভেম্বর সরকারি ফলাফল ঘোষণার মাধ্যমে। ওই দিনই সহ–পরিচালকদের সর্বসম্মতিক্রমে বিসিবির সভাপতি পুনর্নির্বাচিত হলেন নাজমুল হাসান। তাঁর হাতে উঠল অজস্র পুষ্পস্তবক, গলায় ফুলের মালা।

প্রয়াত সর্বজনশ্রদ্ধেয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান–তনয় তিনি। নাজমুল হাসানের গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয়ও তিনি। তা না হলে পরিচালকদের সবাই আরেক দফা তাঁকেই সভাপতি হিসেবে চাইতেন না, হাসিমুখে নিজেই এটা বলেছেন। তাঁর সময়ে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায়ও উঠেছে। বিশেষ করে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যটা ঈর্ষণীয়। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে, খেলেছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। তিন পরাশক্তিধর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টানা হারিয়েছে ওয়ানডে সিরিজে। আইসিসির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সাতে, কদিনের জন্য ছয়েও উঠে গিয়েছিলাম আমরা। টেস্টে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারানো গেছে, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে রাঙানো গেছে নিজেদের শততম টেস্ট। এ বড় তৃপ্তিদায়ক অনুভূতি।

এই তৃপ্তি আর তাঁর নামে ওঠা জয়ধ্বনি একপাশে সরিয়ে রাখলে নাজমুল হাসান দেখতে পাবেন, আগামী চার বছরে অনেক চ্যালেঞ্জ তাঁর সামনে। নিজে বলেছেন, বাংলাদেশকে তিনি র‍্যাঙ্কিংয়ের পাঁচে তুলতে চান। কিন্তু এই লক্ষ্যমাত্রা তো ওয়ানডেকেন্দ্রিক। ভাবতে হবে বড় দৈর্ঘ্যের ক্রিকেট টেস্ট নিয়ে—ওটাই আসল ক্রিকেট। আর সে জন্য আঞ্চলিক ক্রিকেট সংস্থা গড়ার বিকল্প নেই। প্রায় ১৬ বছর ধরে এটি গড়ে তোলার কথা বলা হচ্ছে। কিন্তু ওটা পরিকল্পনার ‘পরি’ হয়ে উড়ে বেড়াচ্ছে শুধু আকাশেই। নাজমুল হাসান কথা দিয়েছেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে আঞ্চলিক ক্রিকেট সংস্থা করা হবে। সবাই জানেন এবং মানেন আঞ্চলিক ক্রিকেট সংস্থা হলে ঘরোয়া ক্রিকেট হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলোয়াড় সরবরাহের ধারাটি হবে বেগবান। এবং তাতেই ক্রিকেটের প্রকৃত মঙ্গল।

নির্বাচনী ব্যবস্থার দিকেও ফিরে তাকাতে হবে নাজমুল হাসানকে। ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদে যে প্রতিনিধিত্ব এখন আছে, সেটি ত্রুটিপূর্ণ। ঢাকার তৃতীয় বিভাগের সেরা ৮টি ক্লাবের একটি করে ভোট আবার জেলা ক্রীড়া সংস্থারও একটি করে ভোট, এটি বৈষম্যপূর্ণ। সব বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্রিকেটার তুলে আনার সবচেয়ে বড় কাজটি করেও জেলা ক্রীড়া সংস্থাগুলো ভোটের বেলায় বঞ্চিত হতে পারে না।

আগের তিনটি নির্বাচনের ধারায় এবারের নির্বাচন আরেকটি দিক তুলে ধরছে। ক্রিকেট বোর্ড হয়ে উঠেছে ধনাঢ্য ব্যবসায়ী, শিল্পপতি ও রাজনীতিকদের ক্লাব। অর্থ আর প্রভাবের কাছে বিকিয়ে যাচ্ছে সাধারণ পরিষদের সদস্যপদ (কাউন্সিলরশিপ)। নিবেদিত সংগঠকেরা দূরে সরে যাচ্ছেন, বন্দনা চলছে ‘করপোরেট কালচারের’।

 তবে আগামী চার বছরে যাবতীয় অসংগতি মুছে নতুন বোর্ড বাংলাদেশের ক্রিকেটে আনবে নতুন দিন, এই আশাতেই দিন গুনতে হবে আপামর জনতাকে। ক্রিকেট শুধুই একটি খেলার বৃত্তে আটকে নেই। এটি যে এখন বাংলাদেশের নতুন সত্তাও।

পবিত্র কুন্ডু: সাংবাদিক।