জোটের কাঁটা বিদ্ধ করছে মমতাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দে্যাপাধ্যায়
মমতা বন্দে্যাপাধ্যায়

পাকা কথা দেননি জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কংগ্রেসও এখনো স্পষ্ট করে কথা দেয়নি বাম দলকে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাদের সঙ্গে জোট করবে কি না? তবে রাহুল গান্ধী এটুকু বুঝিয়ে দিয়েছেন, জোটের পক্ষেই রয়েছেন তিনি। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মানে রাহুল গান্ধীর মা। এখন এই জোটে যাওয়া না-যাওয়া নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে রাজনৈতিক তরজা।
চলছে ‘যদি’র লড়াই। যদি জোট হয় বাম দল-কংগ্রেসের, তবে কী হবে আসন্ন বিধানসভা নির্বাচনে? আর যদি জোট না হয়, তবেই–বা কী হবে নির্বাচনে ইত্যাদি। আর এই ‘যদি’ই এবার তৃণমূল কংগ্রেসের মুখে হয় হাসি ফোটাবে, নয় হতাশ করবে। জোট হলে হাসবে কংগ্রেস-বাম দল। অস্বস্তিতে পড়বে তৃণমূল। জোট না হলে হাসবে তৃণমূল আর হতাশ হবে কংগ্রেস-বাম দল। চলছে বাম, কংগ্রেস ও তৃণমূল শিবিরে অঙ্ক কষাকষি। বসে নেই বিজেপিও। তারাও অঙ্ক কষে দেখছে জোট হলে বা না হলে তারা রাজনৈতিক ফায়দা কতটুকু নিতে পারবে এই নির্বাচনে।
আর রাজনৈতিক পর্যবেক্ষকেরাও মনে করছেন, কংগ্রেসের সঙ্গে যদি বাম দলের জোট হয়ে যায়, সে ক্ষেত্রে মমতার দল তৃণমূল কংগ্রেস বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে। এখন অবশ্য এ দিকটাও উপলব্ধি করতে পারছেন খোদ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারাও। তাই তৃণমূলও মাঠে নেমে পড়েছে এই জোটের বিরুদ্ধে অস্ত্র শাণাতে, যেনতেনভাবে এই জোট গড়ার প্রক্রিয়া বন্ধ করতে। অর্থাৎ, এই জোট গড়ার প্রক্রিয়াকে ভেঙে দিতে। কারণ, তারা জানে জোট হলে তাদের জয়ের পথে বাধা আসতে পারে। নিশ্চিত জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে এই কংগ্রেস-বাম জোট।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা এটাও মনে করছেন, দীর্ঘ পৌনে পাঁচ বছরের শাসনে মমতা পশ্চিমবঙ্গের জন্য অনেক কাজ করলেও বাধাগ্রস্ত হয়েছে এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কারণ, বেড়েছে হত্যা, ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা; যেটা এই রাজ্যবাসী মেনে নিতে পারেনি। মেনে নিতে পারেনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা; পাশাপাশি সমাজবিরোধীদের তৎপরতাকে। নিয়ন্ত্রণ আনতে পারেনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে। এসব কারণে ক্ষুব্ধ হয়ে আছে এই রাজ্যের বহু মানুষ। তাই কংগ্রেস-বাম জোট হলে এ রাজ্যে অঘটন ঘটেও যেতে পারে। যদিও এই জোটকে প্রকাশ্যে আমলে না নিয়ে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর অপ্রকাশ্যে এই জোটের পরিণতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তৃণমূল—যদি মানুষ এবার ঝুঁকে যায় বাম-কংগ্রেস জোটের দিকে?
১ ফেব্রুয়ারি রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের ডেকেছিলেন দিল্লিতে। উদ্দেশ্য ছিল এই রাজ্যের কংগ্রেস নেতারা বাম দলের সঙ্গে জোট করার ব্যাপারে কতটুকু আগ্রহী তা জানা। পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় ১৭ জন কংগ্রেস নেতা গিয়েছিলেন সেই ডাকে সাড়া দিয়ে রাজধানী দিল্লিতে। ওই বৈঠকে ১৫ জন কংগ্রেস নেতাই সওয়াল করেছেন বাম দলের সঙ্গে জোট গড়ার পক্ষে। কেবল আপত্তি তুলেছেন দুই কংগ্রেস নেতা—মানস ভূঁইয়া ও দীপা দাসমুন্সী। তাঁরা প্রকারান্তরে বোঝাতে চেয়েছেন, কংগ্রেসের একা চলাই উচিত। পাশাপাশি এই ইঙ্গিতও দেওয়া হয়, জোট যদি করতে হয়, তবে তৃণমূলের সঙ্গে করলে আপত্তি কেন? বাম দল আমাদের চিরশত্রু। ৩৪ বছর তারা আমাদের জ্বালিয়েছে। সেই দলের সঙ্গে জোট কেন? এর আগে তো কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করে লোকসভা ও বিধানসভার নির্বাচনে লড়েছিল। কিন্তু এখন নয় কেন?
আর এসব ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার তৃণমূল কংগ্রেস এখন এই জোট যাতে না হয়, সে জন্য বাম দলের বিরুদ্ধে মাঠে নেমে কংগ্রেসকে পাশে টানার চেষ্টা করছে। লক্ষ্য একটাই, বাম দলের সঙ্গে কংগ্রেসের জোট ভেঙে দিতে হবে। এই জোট না হলে এবারও বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। মমতা মুখে যত কথাই বলুন না কেন, তৃণমূলের এবার আর এককভাবে লড়ে ২০১১ সালের বিধানসভা নির্বাচনের ফল ধরে রাখা কঠিন হবে, সেটা তৃণমূলের শীর্ষ নেতারা উপলব্ধি করতে পেরেছেন। গত নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে ১৮৪টি আসনে জয়লাভ করেছিল। রাজনৈতিক পর্যবেক্ষকেরাও এখন এটা মনে করছেন, যদি বাম দল ও কংগ্রেসের নির্বাচনী জোট হয়ে যায়, তবে তৃণমূলের একা লড়ে গত বছরের আসন ধরে রাখা কঠিনই হবে। বরং কংগ্রেস-বাম জোট হলে বাম দল ভালো ফল করবে। কংগ্রেসেরও বহু আসন জেতা সহজ হবে। তাই মমতার দল এখন মাঠে নেমে পড়ে কংগ্রেস-বাম জোট ভেঙে দেওয়ার প্রচারে শামিল হয়েছে।
পক্ষান্তরে কংগ্রেসের অধিকাংশ নেতা জানিয়ে দিয়েছেন, মমতার সঙ্গে এবার আর জোট নয়; বরং বাম দলের সঙ্গে জোট করলে কংগ্রেস ভালো ফল করবে। এই সূত্র ধরে ইতিমধ্যে এ রাজ্যের বিভিন্ন এলাকায় কংগ্রেস-বাম দলের মধ্যে তলে তলে আসন ভাগাভাগির প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে রাহুল গান্ধীও যে জোটের পক্ষে, তা তাঁর একটি কথায় প্রকাশও পেয়েছিল। ১ ফেব্রুয়ারির দিল্লির বৈঠকে রাহুল গান্ধী মমতার একটি কথা ফাঁস করে দিয়ে বোঝাতে চেয়েছেন তিনিও জোটের পক্ষে। ওই দিন পশ্চিমবঙ্গের নেতাদের কাছে বলেছিলেন, বিহারের নিতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। গিয়েছিলেন মমতাও। সেখানেই রাহুল গান্ধীকে মমতা নাকি বলেছিলেন বামদের সঙ্গে জোটে না যেতে।
অন্যদিকে তৃণমূলও মনে করছে যে কংগ্রেস-বাম দল এক হলে তাদের কাছে সেটা চ্যালেঞ্জ হয়েই দেখা দেবে। এ ক্ষেত্রে তৃণমূলের একার পক্ষে জয়লাভ করা কঠিন হবে। মমতার মূল শক্তি এখন সংখ্যালঘু ভোটের দিকে। এটাও নিশ্চিত, মমতা সংখ্যালঘু ভোটের সিংহভাগ পাবেন। আবার সংখ্যালঘুদের প্রতি মমতার তোষণ ভালো চোখে নেয়নি রাজ্যের একাংশ মানুষ। সেসব মানুষের ভোটের একটা অংশ এবার চলে যেতে পারে বিজেপিতে। আর সামান্য হলেও আসতে পারে বাম দলে। তাই তো কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী জোর দিয়েই বলছেন, জোট হলে বামদের সঙ্গে হবে। তৃণমূলের সঙ্গে নয়। আরেক কংগ্রেস নেতা আবদুল মান্নানও একই সুরে বলেছেন, দলের স্বার্থ দেখতে গেলে এবং কংগ্রেসকে শক্তিশালী করতে তৃণমূলকে হারাতেই হবে। আর এটা করতে হবে বামদের সঙ্গে হাত মিলিয়ে। কংগ্রেসের এই ভূমিকায় চরম অস্বস্তিতে পড়েছেন মমতা। তাই বাম-কংগ্রেসের এই জোট প্রস্তাবের কাঁটা এখন প্রতিমুহূর্তে বিদ্ধ করছে মমতাকে।
মমতাও মাঠে নেমে পড়েছেন এই জোট ভাঙার খেলায়। যদিও এই রাজ্যের কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা সেই অধীর চৌধুরী, সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, আবু হাসেম খান চৌধুরী, সৌসম নূর, ওম প্রকাশ মিশ্ররা বাম দলের সঙ্গে জোট করার পক্ষেই রয়েছেন। আর তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জানিয়ে দিয়েছেন, যাঁরা উন্নয়নের মোকাবিলা করতে না পেরে মুখ থুবড়ে পড়ে আছেন, জোটের কথা বলছেন, তাঁরা কী করলেন, তাঁদের নিয়ে আমাদের ভাবার সময় নেই। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, এটা তৃণমূলের কথা নয়। তৃণমূলের কথা কংগ্রেসের সঙ্গে বাম দলের জোট নয়। এই জোট নির্বাচনের ময়দানে মূল আঘাত করবে তৃণমূলকেই। তাই এসব দিক বিবেচনা করে এখন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর দিকে তাকিয়ে আছেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বাম দলের নেতরা; কী সিদ্ধান্ত নেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তা জানার জন্য। সোনিয়া গান্ধীই সংকেত দেবেন কংগ্রেস একা লড়বে, নাকি বাম দল বা তৃণমূলের সঙ্গে জোট গড়ে?
অমর সাহা: প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।