জ্বালানি বিতর্ক ও জার্মানির পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্ক্সবাদী অর্থনীতিবিদেরা পরিবেশবান্ধব নন, এ রকম ধারণা ইউরোপে প্রচলিত ছিল। জার্মান সমাজতাত্ত্বিক ও অর্থনীতিবিদ রুডলফ বারো অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে পূর্ব-পশ্চিমের প্রতিযোগিতা মানতে পারেননি। প্রবৃদ্ধির পাগলা ঘোড়া চালিয়ে পূর্ব জার্মানিতে একসময় পরিবেশ ধ্বংস করা হয়েছে। অর্থনীতির উন্নয়ন–প্রক্রিয়ায় পরিবেশ নিয়ে আলোচনার সুযোগ ছিল না। মার্ক্সীয় অর্থনীতিতে রুডলফ বারো পরিবেশ বিতর্ক শুরু করেন। কিন্তু কমিউনিস্ট পার্টি এই আলোচনা বরদাশত করল না। তাঁকে প্রথমে বন্দী করা হলো, পরে তাড়িয়ে দেওয়া হলো। তিনি সত্তরের দশকে পশ্চিম জার্মানি চলে গেলেন। সে ঘটনার জের ধরেই পশ্চিম জার্মানির সবুজ আন্দোলনের দার্শনিক হয়ে উঠলেন রুডলফ বারো।

ইউরোপের অন্য কোনো দেশে পরিবেশ বিতর্ক এত বিশাল সবুজ আন্দোলনে পরিণত হতে পারেনি। রুডলফ বারোর ক্যানসার হয়েছিল। তিনি বেঁচে থাকলে বর্তমান পৃথিবীর পরিবেশ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তাঁকে অভিভূত করত। যে মানুষটা মার্ক্সের মানবিকতায় অনুপ্রাণিত ছিলেন, তিনিই রাষ্ট্র ও পার্টির আত্মবিনাশী প্রবৃদ্ধি তত্ত্ব পাল্টে দিয়েছিলেন।

আমরা ছাত্র হিসেবে জার্মানির সবুজ আন্দোলনের বিকাশকালে ঐতিহাসিক এক সময়ে স্রোতেরভেতর ছিলাম। জার্মানিতেও পরিবেশবাদীদের কত উপহাস সহ্য করতে হয়েছে দেখেছি। জার্মান রক্ষণশীল রাজনীতিবিদ ফ্রান্স ইয়োসেফ স্ট্রাউস ব্যাভারিয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি বলেছিলেন, ‘এই সবুজরা টমেটোর মতো সবুজ থেকে লাল হবে এবং এই লাল-সবুজরা জার্মান রাষ্ট্রের ক্ষতি করবে।’ ক্ষতি হয়নি। বরং লাল-সবুজ ১৯৯৮ সাল থেকে ঐক্যবদ্ধ ফেডারেল জার্মান কোয়ালিশন সরকারের অংশ। এই লাল হলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং সবুজ হলো গ্রিন পার্টি। এই ঐক্য জার্মানিতেই একমাত্র সম্ভব হয়েছে। বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও জার্মানি ঐক্যবদ্ধ হওয়ার পর প্রথম রক্ষণশীল সরকারের পরিবেশমন্ত্রী ছিলেন। একজন মার্ক্সীয় অর্থনীতিবিদ পরিবেশ বিতর্কের সূচনা করেছিলেন বলে অন্যরা তা গ্রহণ করবে না—এ রকম ব্যাপার জার্মানিতে একদম নেই। তা ছাড়া, কার্ল মার্ক্স জার্মান দার্শনিক ঐতিহ্যের অংশ। জার্মানি সব সময় ঝগড়া-বিবাদ করে করে বহুমুখী তাত্ত্বিক, সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক ধারা লালন করে এসেছে।

আজ বাংলাদেশে রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিতর্ক হচ্ছে। রামপাল যে সুন্দরবনের ক্ষতি করবে, এটা সরকারি পরিকল্পনাবিদেরা মানতে রাজি নন। অথচ জার্মানির মতো আমরাও বাংলাদেশে এক ব্যতিক্রমধর্মী আলোচনার আয়োজন করতে পারতাম। জ্বালানিসংকটের অজুহাত দেখিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন হবে আত্মবিনাশী। জার্মানরা পরমাণুবিজ্ঞানের (হাইজেনবার্গ) জন্ম দিয়েছে। তারপরও সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হলো, পারমাণবিক প্রকল্প আর হবে না। পুরোপুরি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আমাদের পদার্থবিদেরা তো একটি জাতীয় আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। পারমাণবিক প্রকল্পের বিপজ্জনক দিকগুলো তো জনগণকে জানাতে হবে। তর্ক-বিতর্ক হতে হবে।

বাংলাদেশের সুন্দরবন রক্ষা করার তাগিদ যাঁদের, জার্মানির সবুজ আন্দোলনের ইতিহাস ও বিতর্ক তাঁদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরিবেশ সমস্যার আন্তর্জাতিকীকরণ হয়েছে। জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি প্রাণবন্ত। আমাদের বেশ কিছু পরিবেশ প্রকল্প প্রশংসিত হয়েছে। গত বছরের শেষাশেষি বাংলাদেশ সফরের সময় পটুয়াখালী, বরগুনা ও বরিশালে জার্মান পরিবেশ প্রকল্পগুলো দেখার জন্য জার্মান এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা করেছিলেন। প্রতিকূল আবহাওয়ার কারণে যেতে পারেননি। ওই সব এলাকায় পরিবেশ অভিযোজন প্রকল্পগুলোর দায়িত্ব পালন করতে গিয়ে তৃণমূলের কোনো মানুষকে পেলাম না, যারা রামপাল প্রকল্পে আস্থা রাখতে পারছে। এখনো সময় আছে। আলোচনা-বিবেচনার ক্ষেত্র প্রস্তুত করা দরকার।

আমাদের উন্নয়ন বিতর্ক সাবলীল করতে হলে জার্মান অভিজ্ঞতার কথা জরুরি। জার্মানি যে রামপাল সমর্থন করে না এবং রূপপুর প্রকল্পে কোনো আস্থা রাখতে পারছে না, তার কারণ হচ্ছে জার্মানি আবার বেলতলায় যেতে রাজি নয়। অর্থনৈতিক উন্নয়নের জন্য জ্বালানি সমস্যা সমাধানের বিকল্প পথ আছে। জার্মানি বিকল্প শক্তি উৎপাদনে এখন বিশ্বচ্যাম্পিয়ন (২২ শতাংশ)। উন্নয়ন আলোচনা একটি দীর্ঘ প্রক্রিয়া। এতে যেকোনো অস্থির সিদ্ধান্তে দেশের মঙ্গল হবে না। জার্মান অভিজ্ঞতা এবং জার্মান আলোচনা থেকে আমরা কিছু শিখতে তো পারি। কাজটা কঠিন নয়।

সুজিত চৌধুরী: সাবেক পরিবেশ উপদেষ্টা, জার্মান দূতাবাস; জার্মান পরিবেশ অভিযোজন প্রকল্পের (CLAP) উপদেষ্টা; অর্থনীতিবিদ।