জ্বালানি সহযোগিতায় উভয় দেশের লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৭-১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে রাষ্ট্রীয় সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর মাত্রায় নিয়ে গেছে। সফরের সময় সম্পাদিত ২২টি চুক্তি ও দীর্ঘ তালিকার সমঝোতা স্মারকগুলো সম্পর্ক উন্নয়নের নতুন পর্যায় সম্পর্কে ধারণা অনেকটাই স্পষ্ট করে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো বিশেষভাবে লক্ষ করার বিষয়। ভারত বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ অবকাঠামো নির্মাণের জন্য প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির দক্ষ ব্যবহারের ব্যাপক ক্ষেত্র চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে আলোচনা চলমান থাকলেও নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগিয়ে তা বাংলাদেশে আমদানি করার উদ্যোগ সামনে এগোতে পারছিল না। এ ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের জারি করা ‘আন্তরাষ্ট্র বিদ্যুৎ বিপণন গাইডলাইন’ আঞ্চলিক ও আন্তরাষ্ট্র বিদ্যুৎ সঞ্চালন গ্রিডলাইন গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে ছিল। শেখ হাসিনার এবারের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন—ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানের বিদ্যুৎ বাংলাদেশে আমদানির প্রতিবন্ধকতা অপসারণ। এখন বাংলাদেশ নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির অধীনে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বিদ্যুৎ আমদানি করার জন্য গ্রিডলাইন স্থাপন ও বিদ্যুৎ সঞ্চালনের উদ্যোগ কার্যকর করতে পারবে।

বাংলাদেশ ও ভারত একমত হয়েছে যে বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতের আসাম থেকে বিহার পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে এবং এর সাহায্যে ভারতের একাংশের বিদ্যুৎ অপর অংশে পরিবাহিত হবে। এই বিদ্যুৎ ট্রানজিট বা ট্রান্সমিশন লাইন থেকে বাংলাদেশ বাণিজ্যিক চুক্তির অধীনে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের পার্বতীপুরে সাবস্টেশন নির্মাণের মাধ্যমে কিনতে পারবে।

বর্তমানে বাংলাদেশ বহরমপুর-ভেড়ামারা বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাহায্যে ভারত থেকে ৫৫০ মেগাওয়াট ও ত্রিপুরা-কুমিল্লা সঞ্চালন লাইনের সাহায্যে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। হাসিনা-মোদি শীর্ষ বৈঠকে স্বাক্ষরিত চুক্তির অধীনে বাংলাদেশ বহরমপুর-ভেড়ামারা বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাহায্যে ভারতের সরকারি এনটিপিসি কোম্পানির কাছ থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবে। এ জন্য অবশ্য ভেড়ামারা সাবস্টেশনের সক্ষমতা বাড়াতে হবে।

ভারতের সরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার অধীনে বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে। সদ্য স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারতের বেসরকারি কোম্পানি রিলায়েন্স পাওয়ার ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে ঢাকার অদূরে মেঘনাঘাটে ৭৫০ মেগাওয়াট (প্রথম পর্ব) বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে এবং এলএনজি বা তরলীকৃত গ্যাস পুড়িয়ে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে বিক্রি করবে। এই বিদ্যুৎকেন্দ্র ভবিষ্যতে ৩ হাজার মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রে উন্নীত হবে।

পৃথক চুক্তি অনুযায়ী, অপর ভারতীয় বেসরকারি কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড ভারতের কয়লাসমৃদ্ধ ঝাড়খন্ড রাজ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে। আদানি পাওয়ার এ প্রকল্পের জন্য ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে এবং উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুৎ ৮ দশমিক ৭ মার্কিন সেন্ট মূল্যে বাংলাদেশে রপ্তানি করবে। চুক্তি অনুযায়ী, আদানি পাওয়ারের সঙ্গে সম্মত বিদ্যুতের মূল্য আগামী ২০ বছর অপরিবর্তিত থাকবে।

এর আগে বিপিডিবি ও ভারতের এনটিপিসির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির অধীনে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের জন্য ভারতের এক্সিম ব্যাংক বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কোম্পানিকে ১৬০ কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে। ফলে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিনিয়োগ-সম্পর্কিত প্রশ্ন নিরসন হলো। পেট্রোবাংলা ও ভারতের পেট্রোনেট এলএনজি কুতুবদিয়া দ্বীপে প্রতিদিন বাংলাদেশে ৫০০ ঘনফুট গ্যাস সরবরাহের জন্য ভারতের রিলায়েন্স পাওয়ার কোম্পানির নির্মিতব্য এলএনজি টার্মিনাল ব্যবহার করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাংলাদেশ ও ভারতের কোম্পানিগুলো এলএনজি খাতে সহায়তার তিনটি পৃথক চুক্তি করেছে।

প্রধানমন্ত্রীর সফরকালে পশ্চিমবঙ্গের দত্তপুলিয়া থেকে বাংলাদেশের যশোর, খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণে দুই দেশ সম্মত হয়েছে। এই পাইপলাইন দিয়ে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে স্থাপিত এলএনজি টার্মিনালে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে সরবরাহ হবে। অপরদিকে ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত নির্মাণাধীন ১৩৫ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের অগ্রগতিতে দুই দেশের প্রধানমন্ত্রী সন্তোষ জানিয়েছেন। এই পাইপলাইন নির্মাণ সম্পূর্ণ হলে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পরিশোধিত ডিজেল শিলিগুড়ি হয়ে দিনাজপুরের পার্বতীপুরের বিপিসির তেল সংরক্ষণাগারে সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে রেলপথে ভারত থেকে বাংলাদেশ ডিজেল আমদানি করছে।

ভারত ও বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ব্যবসা ও সহযোগিতার নতুন সম্ভাবনা সম্প্রসারণের জায়গা খোঁজা অব্যাহত রেখেছে। ভারতের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বাংলাদেশের টেক্সটাইলস, ওষুধ, মোটরগাড়ি ও বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনে বিনিয়োগ করছে। ভারতের রপ্তানি বাণিজ্যের জন্য বাংলাদেশ বড় বাজার। গত অর্থবছরে বাংলাদেশে ভারত রপ্তানি করেছে প্রায় সাড়ে ৫০০ কোটি মার্কিন ডলারের পণ্য। এর বিপরীতে বাংলাদেশের রপ্তানি প্রায় ৬৯ কোটি ডলার। ভারতে রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন অশুল্ক বাধা সে দেশে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত করছে। স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক থেকে সুনির্দিষ্ট বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে পরস্পরের আস্থা সস্প্রসারণ ও দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দীর্ঘ পথ এখনো পাড়ি দিতে হবে।

দুই দেশের সম্পর্কোন্নয়নে গতি মন্থর করা তিস্তার পানিবণ্টনের মীমাংসিত ইস্যু ভারতের আঞ্চলিক রাজনীতির কূটচালে আটকে আছে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে গত মাসে যে সৌহার্দ্য ও আন্তরিকতা প্রদর্শিত হয়েছে, তাতে দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আস্থা নিয়ে দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এগোতে সাহস করেছে। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক সখ্যে বাঁধা। এখন পরস্পরের জন্য লাভজনকভাবে ব্যবসার সম্পর্ক সফলভাবে এগিয়ে নিতে সমর্থ হলে এই অঞ্চলের ভূরাজনীতি ও মানুষের জীবনমান উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হবে।

ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।