
কর্মসংস্থান, শিক্ষা-দীক্ষা, জনস্বাস্থ্য, গড় আয়ু, নারী-পুরুষের সমতাভিত্তিক সম্পর্ক প্রভৃতি উন্নয়নের নানা সূচকে ভারতের সেরা রাজ্য কেরালা। কেরালার মানবসম্পদ সূচক শুধু উপমহাদেশ নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার, এমনকি ইউরোপের কোনো কোনো দেশের চেয়ে এগিয়ে আছে। সেই কেরালা শেষ পর্যন্ত নিপাহ ভাইরাসের আক্রমণে পর্যুদস্ত। এ পর্যন্ত প্রায় ১৬ জনের মৃত্যু হয়েছে, আরও অনেক মানুষ লড়াই করছেন নিপাহ থেকে মুক্তির জন্য।
মে মাসের তৃতীয় সপ্তাহে কেরালার কোঝিকোড় জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু হয়। প্রথম দফায় মারা যায় ছয়জন। তাঁদের মধ্যে একই পরিবারের ছিল তিনজন (দুই ভাই আর হাসপাতালে তাদের দেখতে যাওয়া একজন আত্মীয়)। শেষ পর্যন্ত যে ১৬ জন মারা গেছে, তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে আক্রান্ত মানুষগুলোর কাছাকাছি গিয়েছিল। প্রথম সংক্রমণের এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটা খুব দ্রুত ছড়াতে থাকে। এখন চলছে সেই সময়। কেরালা দ্বিতীয় দফায় নিপাহ ভাইরাসের আক্রমণে প্রায় দিশেহারা হয়ে পড়েছে। শুরুতে এই ভাইরাস বাদুড়, বিড়াল, কুকুর, শুয়োর প্রভৃতি প্রাণীর মাধ্যমে সংক্রমিত হলেও পরে তা বাতাসের মাধ্যমে বা আক্রান্ত ব্যক্তির থুতু-লালা দিয়ে অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বাদুড়ের খাওয়া ফলের মাধ্যমেও এ ভাইরাস ছড়ায়।
নিপাহ ভাইরাসের প্রথম সন্ধান মেলে ১৯৯৮-৯৯ সালে। সে বছর সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় ৯০০ জনের মৃত্যু হয়। মালয়েশিয়ার ‘সুঙ্গাইয়র নিপাহ’ গ্রামে নিপাহ ভাইরাসের প্রকোপ বেশি দেখা গিয়েছিল বলে ওই গ্রামের নামেই ভাইরাসটির নামকরণ করা হয়।
নিপাহ কি বাংলাদেশে আসতে পারে?
২০০৪ সালে শনাক্ত হওয়ার পর কমবেশি প্রতিবছরই এর প্রাদুর্ভাবের কথা শোনা যায়। খেজুরের রসের সময়, অর্থাৎ শীতকালে বিশেষ ঝুঁকি থাকে: বাদুড়ের খাওয়া খেজুরের রসের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়াতে পারে। বছর দুয়েক আগে ধামরাই ও অন্যান্য এলাকায় বাদুড়ের আংশিক খাওয়া আম-লিচু খেয়ে বেশ কিছু শিশু মারা যাওয়াকে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বলে অনেকেই সন্দেহ করেন। এখন জ্যৈষ্ঠ মাস। এ সময় আম, লিচু, জাম, জামরুল, গোলাপজাম, কাঁঠাল, ডেউয়া পাকে। এগুলো বাদুড়ের প্রিয় ফল। এ অবস্থায় নিপাহর আক্রমণ ভয়ংকর এক সংকটের সৃষ্টি করতে পারে।
বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর স্বীকৃত সন্ধান মেলে ২০০৪ সালে। সে বছর কয়েক সপ্তাহে মারা যায় ৩৩ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে বছর ২৫২ জনের মৃত্যুর কথা তাদের রিপোর্টে বলেছে। কেরালার সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো বিমান যোগাযোগ নেই; কিন্তু কেরালা থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে কেরালায় ব্যবসা, চাকরি, চিকিৎসা, উচ্চশিক্ষা এবং তৃতীয় দেশে (যেমন মালদ্বীপ) যাওয়ার পথের সুবাদে প্রায় প্রতিদিন কেরালা থেকে মানুষ বাংলাদেশে আসছে। এ ছাড়া কেরালার বিভিন্ন জনপ্রিয় ফল পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। কেরালায় নানা শিক্ষাপ্রতিষ্ঠানে এ দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। ফলে নিপাহ ভাইরাস কেরালার বাইরে ছড়িয়ে যাওয়া অসম্ভব নয়। কেরালার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে, ভারতের এমন অনেক রাজ্য তাদের সব যোগাযোগ সীমিত করেছে। কেরালাও তাদের স্কুলগুলোর গরমের ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। তারপরও পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটককে নিপাহ ভাইরাসের সংক্রমণ বন্ধ করা যায়নি।
ভারতের কেন্দ্রীয় সরকার সব রাজ্য ও ইউনিয়ন টেরিটরিতে বিশেষ সতর্কতার নির্দেশ জারি করেছে। কেরালা সরকার চেষ্টা করছে কোঝিকোড় ও মালাপুরাম এই দুই জেলাতেই নিপাহ ভাইরাসজনিত জ্বরকে আটকে রাখার। হাসপাতালগুলোকে সম্ভাব্য রোগের প্রাদুর্ভাবের জন্য উপযুক্ত করে বিন্যাস করা হয়েছে। ওই দুই জেলায় জনসভা, জনসমাবেশ ইত্যাদি বাতিল করা হয়েছে। বাতিল করতে হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাও।
উপসর্গ
গা পুড়ে যাওয়া জ্বর, হঠাৎ শ্বাসকষ্ট, নিম্ন রক্তচাপ, মাঝারি থেকে প্রচণ্ড মাথাব্যথা, অবসাদ, সব সময় ঘুম ঘুম ভাব নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার সাধারণ উপসর্গ। এসব উপসর্গ থেকে আক্রান্ত ব্যক্তি এনকেফালাইটিসের শিকার হয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কোমায় চলে যেতে পারে।
নিপাহর পরীক্ষা
এলাইজা টেস্ট, পিসিআর, সেল কালচার প্রভৃতি পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করা সম্ভব। বাংলাদেশের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইআইডিসিআর দ্রুত এই রোগ শনাক্ত করে বিশেষ সাফল্য দেখিয়েছে।
চিকিত্সা কি আছে?
নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসের খুব কার্যকর কোনো চিকিৎসা নেই। প্রাথমিক পর্যায়ে রিভাবিরিন-জাতীয় অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করা হয়। তাতে রোগের তীব্রতা কমে।
চাই সতর্কতা
খেজুর বা তালের কাঁচা রস, পাখি বা বাদুড়ের আধখাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের পরিচর্যার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রোগীর ব্যবহৃত কাপড়চোপড় পরিষ্কার না করে ব্যবহার করা যাবে না। রোগীর পরিচর্যার পর হাত জীবাণুমুক্ত করে ধুতে হবে। রোগীর কফ-থুতু যেখানে-সেখানে ফেলা যাবে না। এগুলো একটা পাত্রে বা গর্তে সংরক্ষণ করে পুড়িয়ে ফেলতে হবে। রোগীর সঙ্গে একই পাত্রে খাওয়া বা রোগীর বিছানায়ų শোয়া যাবে না। রোগীর সেবা করার সব পর্যায়ে নাকে-মুখে কাপড় বা মাস্ক রাখতে হবে।
আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। ২০০৬ সাল থেকে ঢাকা ছাড়াও রংপুর, ফরিদপুর, বগুড়াসহ ছয়টি হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য আলাদা ইউনিট ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের ব্যবস্থা আছে।
গওহার নঈম ওয়ারা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক