>ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক সিরিজের তৃতীয় খণ্ড দ্য কোয়ালিশন ইয়ারস (১৯৯৬-২০১২) ভারতের সীমা ছাড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলেরও মনোযোগ কেড়েছে। এর আগে তিনি লিখেছেন দ্য ড্রামাটিক ডিকেট, দ্য ইন্দিরা গান্ধী ইয়ারস ও দ্য টারবুলেন্ট ইয়ারস। তিনটি বইয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, ইন্দিরা গান্ধী পরিবার এবং ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আলোচিত হয়েছে। তিনটি বই নিয়ে প্রথম আলোর ধারাবাহিক আয়োজনের প্রথম কিস্তি প্রকাশিত হলো আজ

‘বাঙালি’ বলে জ্যোতি বসু ও প্রণব মুখার্জি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি। অন্তত ভারতের বাঙালি রাজনীতিক ও গণমাধ্যমকর্মীদের বড় অংশ তা বিশ্বাস করেন। ১৯৯৬ সালে যুক্তফ্রন্ট যখন সিপিআইএম নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ জানায়, তখন তাঁর দলই বিরোধিতা করে। পরে তিনি একে ‘ঐতিহাসিক ভুল’ বলে অভিহিত করেছিলেন।
প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী না হতে পারায় প্রকাশ্যে আক্ষেপ করেননি। তবে আত্মজীবনীমূলক গ্রন্থ সিরিজের তৃতীয় খণ্ড দ্য কোয়ালিশন ইয়ারস (১৯৯৬-২০১২)-এ মৃদু মনোবেদনার কথা জানিয়েছেন।
বাংলাদেশের বাইরে একজন বাঙালি রাজনীতিক রাষ্ট্রপতি হয়েছেন, প্রণব মুখার্জি। ডান-বাম সবার পছন্দের প্রার্থী ছিলেন তিনি। ২০১২ সালে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হন; যদিও পাঁচ বছর আগেই তাঁর নাম প্রস্তাব করেছিলেন কেউ কেউ। কিন্তু তখন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মনে করতেন, প্রণব দল ও সরকারের শক্ত খুঁটি (পিলার)। তাঁকে ছাড়লে সরকার দুর্বল হয়ে পড়বে। ফলে সেই যাত্রায় প্রণবের ভাগ্যের শিকে ছেঁড়েনি। সোনিয়া গান্ধী নতুন রাষ্ট্রপতি হিসেবে প্রতিভা পাতিলকে বেছে নেন। তিনি নিজে প্রধানমন্ত্রী না হতে পারলেও তিনি ভারতের রাষ্ট্রপতি পদে প্রথম একজন নারীকে বেছে নিয়েছিলেন।
প্রণবের দ্য কোয়ালিশন ইয়ারস-এ এমন কিছু তথ্য ও পর্যবেক্ষণ আছে, যা নিয়ে আমাদের রাজনৈতিক মহলে নানা সমালোচনা আছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর প্রধান মইন উ আহমেদ দিল্লি গেলে তিনি তাঁকে রাজবন্দীদের ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন।
সেনাপ্রধানের শঙ্কা ছিল, শেখ হাসিনা ক্ষমতায় এসে তাঁকে বরখাস্ত করতে পারেন। প্রণব মুখার্জি তাঁকে নিশ্চয়তা দিয়েছিলেন, শেখ হাসিনা ক্ষমতায় এলেও তিনি বরখাস্ত হবেন না। এ ছাড়া তিনি কারাবন্দী দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ছেড়ে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছেও তদবির করেছিলেন।
বিএনপির নেতারা প্রণবের সঙ্গে আওয়ামী লীগের সদ্ভাবের কথা বললেও তাঁদের নেত্রীর বিষয়ে তদবিরের কথাটি উল্লেখ করেন না। প্রণব মুখার্জি লিখেছেন, ‘যখন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, আমরা শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অবাধ নির্বাচনের মাধ্যমে পুরোপুরি গণতন্ত্র পুনরুদ্ধারের ওপরই জোর দিয়েছি।’ বাংলাদেশে ঘূর্ণিঝড়ের পর প্রণব ২০০৭ সালের ডিসেম্বরে এ দেশে এসে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ ও পুনর্বাসনে সহায়তার আশ্বাস দেন।
সে সময় বাংলাদেশে চালের সংকট চলছিল। বাংলাদেশ সরকারের অনুরোধে প্রণব মুখার্জি ভারতের চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপেই সে সময় বাংলাদেশে ৭০ হাজার টন চাল এসেছিল বলে প্রণবের বইয়ে উল্লেখ আছে। আর ভারতীয় মোট ত্রাণ সহায়তার পরিমাণ ছিল ২৭০ কোটি টাকা। তারা বন্যয় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষের ঘরবাড়িও তৈরি করে দিয়েছিল।
প্রণব স্বীকার করেছেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণনের মাধ্যমে তাঁর হস্তক্ষেপে সব রাজনৈতিক বন্দী মুক্তি পেয়েছিলেন। অর্থমন্ত্রী থাকাকালে তিনি ভারতের ১০০ কোটি ডলারের ঋণ থেকে ২০ কোটি অনুদানে রূপান্তরিত করেছিলেন।
২.
আমরা কোয়ালিশন ইয়ারস-এ আরও জানতে পারি, সোনিয়া গান্ধীর দুই প্রধান পরামর্শক ছিলেন মনমোহন সিং ও প্রণব মুখার্জি। রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতায় প্রণবই এই পদের প্রধান দাবিদার ছিলেন। তাঁর ভাষায়, কংগ্রেসের ভেতরে প্রধানমন্ত্রী পদে এমন একজন নেতাকে বেছে নেওয়া প্রয়োজন, যাঁর দল, সংগঠন ও প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা আছে। কিন্তু সোনিয়া গান্ধী পছন্দ করলেন মনমোহনকে।
প্রণব মুখার্জি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী পদে সোনিয়া গান্ধী দায়িত্ব নিতে অস্বীকার করলে প্রত্যাশা ছিল আমিই হব পরবর্তী পছন্দের ব্যক্তি। এই প্রত্যাশার ভিত্তি ছিল প্রশাসনে আমার দীর্ঘ অভিজ্ঞতা। মনমোহন সিংয়ের অভিজ্ঞতা ছিল একজন সরকারি কর্মকর্তা হিসেবে; যদিও সংস্কারপন্থী অর্থমন্ত্রী হিসেবে তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। এরপর গণমাধ্যমে নানা ধরনের কথাবার্তা শুরু হলো। কোনো কোনো গণমাধ্যমে এই মন্তব্য করল যে আমি সরকারে যোগ দিচ্ছি না। কেননা, যেহেতু আমি অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং আমার অধীনে ছিলেন, সেহেতু আমি তাঁর অধীনে কাজ করতে পারি না।’
প্রণব মুখার্জি আরও যোগ করেন, ‘প্রকৃতপক্ষে সরকারে যোগদানের ব্যাপারে আমি অনাগ্রহী ছিলাম এবং সে কথা সোনিয়া গান্ধীকেও জানিয়েছি। কিন্তু সরকারে যোগ দেওয়ার জন্য তিনি চাপ দিতে থাকেন এবং বলেন, সরকারে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং মনমোহন সিংকে সহায়তা করার জন্যও আমাকে দরকার। আমি সেই প্রস্তাব নাকচ করে দিলে মনমোহন সিং আমার সঙ্গে সব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন এবং মনে হলো তিনি আমার ওপর নির্ভরশীল।’
মনমোহন সিংয়ের সঙ্গে সম্পর্ক বিষয়ে প্রণব লিখেছেন, ‘আমরা একটা ভালো সুসম্পর্ক গড়ে তুলেছিলাম।’ তবে তিনি তাঁর সঙ্গে দ্বিমতের বিষয়টিও গোপন রাখেননি। প্রণব মুখার্জিকে প্রথমে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে বলা হলে তিনি রাজি হননি। অর্থনীতির বিষয়ে মনমোহনের সঙ্গে তাঁর মতভেদ আছে। এরপর স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষার যেকোনো একটি বেছে নিতে বলা হলে প্রণব প্রতিরক্ষার দায়িত্ব নেন। পরে অবশ্য তাঁকে পর্যায়ক্রমে পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হয়েছে।’
সম্প্রতি দ্য কোয়ালিশন ইয়ারস বইয়ের প্রকাশনা উৎসবে মনমোহন সিং বলেছেন, ‘প্রণব মুখার্জি তাঁর চেয়ে উত্তম প্রধানমন্ত্রী হতেন, কিন্তু এ ব্যাপারে তাঁর কিছু করার ছিল না।’ আবার প্রণব মুখার্জি তাঁর প্রশংসা করে বলেছেন, ‘একজন শক্ত জাতীয়তাবাদী সাহসী ও কর্তব্যনিষ্ঠ মনমোহন সিং দুর্ঘটনাবশত প্রধানমন্ত্রী নন।’ ১৯৯১ সালে অর্থমন্ত্রী থাকাকালে তিনি যে অর্থনৈতিক সংস্কার করেছেন, তাতে তাঁকে ‘সংস্কারের পিতা’ বলাই সংগত। তাঁর শেষ মন্তব্য, ‘আমি ইন্দিরা গান্ধী ও নরসিমা রাওয়ের সঙ্গেও কাজ করেছি। কিন্তু মনমোহন সিংহের সঙ্গে কাজ করেই সর্বোচ্চ স্বাধীনতা পেয়েছি।’
৩.
বাংলাদেশের আরেক বন্ধু ইন্দর কুমার গুজরাল। আই কে গুজরাল নামেই তিনি বেশি পরিচিত। তাঁর সম্পর্কে প্রণব খুবই উঁচু ধারণা পোষণ করেন। তিনি লিখেছেন, ‘আই কে গুজরাল স্বাধীনতাসংগ্রামী পরিবার থেকে এসেছেন।
ছাত্রজীবনে তিনি নিজেও ছিলেন একজন স্বাধীনতাসংগ্রামী। পরে কংগ্রেসে যোগ দেন এবং ১৯৬৭ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইন্দিরা মন্ত্রিসভার সদস্য ছিলেন। জরুরি অবস্থার সময় সঞ্জয় গান্ধীর সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয় এবং তিনি কংগ্রেস ছেড়ে জনতা পার্টিতে যোগ দেন। ভিপি সিংয়ের সময়ে তিনি মস্কোয় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে কংগ্রেসে যাওয়ার অনুরোধ করা হলেও তিনি ফিরে যাননি। প্রণব মুখার্জির ধারণা, কংগ্রেসে ফিরলে তিনি নিজেকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যেতে পারতেন।
কংগ্রেসের সমর্থনে যুক্তফ্রন্ট ক্ষমতায় এসেছিল। প্রথম প্রধানমন্ত্রী হন দেব গৌড়া। বোফর্স তদন্ত নিয়ে বিরোধে তাঁর প্রতি কংগ্রেস অনাস্থা জানালে তিনি পদত্যাগ করেন। এরপর প্রধানমন্ত্রী আই কে গুজরাল। তাঁর সঙ্গে কংগ্রেসের ঝগড়া লাগে ডিএমকে মন্ত্রীদের নিয়ে। জৈন কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ডিএমকে ও এর নেতারা তামিল বিদ্রোহী নেতা প্রভাকরণ ও তাঁর সহযোগীদের মদদ দিতেন। এরপর কংগ্রেস দাবি করে, ডিএমকে মন্ত্রীদের বাদ দিতে হবে। গুজরাল বলেন, ‘রাজীব হত্যার তদন্ত চলবে। কিন্তু তারা অপরাধী সাব্যস্ত না হওয়ার আগে আমি তাদের বাদ দিতে পারি না।’ তিনি কংগ্রেসের পুতুলের ভূমিকায় থাকার চেয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়াকে শ্রেয় মনে করেন।
প্রণব লিখেছেন, গুজরালের প্রধানমন্ত্রীর মেয়াদ ছিল স্বল্পস্থায়ী। কিন্তু তাঁকে মেয়াদের গণ্ডিতে বিচার করা হবে অন্যায়। এমনকি এই স্বল্প সময়েও তিনি যে পররাষ্ট্রনীতি রেখে গেছেন, তা গুজরাল ডকট্রিন নামে পরিচিত।
গুজরালের পররাষ্ট্রনীতি সম্পর্কে প্রণব মুখার্জি নিজে বেশি কিছু না বলে অ্যান্ড্রু বানকমবির পর্যবেক্ষণ তুলে ধরেছেন, যা প্রকাশিত হয়েছিল লন্ডনের গার্ডিয়ান-এ। পর্যবেক্ষণটি গুরুত্বপূর্ণ বলে এখানে তুলে ধরলাম:
এটা আমি নিশ্চিত যে এই নীতিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে ভারত ও পাকিস্তানের মধ্যকার ঝঞ্ঝাবিক্ষুব্ধ সম্পর্কসহ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক অবস্থানে নিয়ে গেছেন, যার ঘোষণা তিনি দিয়েছিলেন। এই তত্ত্ব শুনে দক্ষিণ এশিয়ার গরম মেজাজের রাজনীতিকেরা উপহাস করতে পারেন; যাঁরা সেখানকার ভঙ্গুর ও হোঁচট খাওয়া রাজনীতির কৌশলগত দিকগুলোর সঙ্গে পরিচিত। কিন্তু এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও গুজরালের মতো আপাদমস্তক কূটনীতিক ভালো ফল পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি সই। তিনি পাকিস্তানের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন করেছিলেন এবং নওয়াজ শরিফের কাছে ব্যক্তিগত আবেদন জানিয়েছিলেন।
প্রকৃতপক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি হয় ১৯৯৬ সালের ডিসেম্বরে। বাংলাদেশে তখন শেখ হাসিনা ও ভারতে দেবে গৌড়া প্রধানমন্ত্রী। আই কে গুজরাল ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ে তাঁর কথাই ছিল চূড়ান্ত। মনে আছে, চুক্তির পর প্রধানমন্ত্রী গুজরাল হিসেবে ঢাকায় এলে আমরা তাঁর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, যাতে তিনি বলেছিলেন, বাংলাদেশ গরিব থাকলে ভারতের কোনো লাভ নেই বরং একসঙ্গে এগিয়ে গেলে উভয় দেশই লাভবান হবে।
গঙ্গার পানি বণ্টন চুক্তিতে ভারতের দ্বিতীয় যে রাজনীতিকের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তাঁর সহযোগিতা ও উদ্যোগী ভূমিকা ছাড়া যে গঙ্গার পানি বণ্টন চুক্তি হতো না, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ই তার প্রমাণ।
আগামীকাল: ‘ঘরে-বাইরে’ ছিল সোনিয়ার বিরোধিতা
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]