২০১১ সালের ২ জুলাই প্রথম আলোর পাতায় ছাপা হয়েছিল রিকশাচালক জয়নাল আবেদিনের হাসপাতাল গড়ে তোলা নিয়ে প্রতিবেদন। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পাঠকের বিপুল সাড়া পাওয়া গিয়েছিল। আজ শুনুন সেই প্রতিবেদন তৈরির নেপথ্য কাহিনিসাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে দেখলে, এ ধরনের প্রতিবেদন খরার সময়ে এক পশলা বৃষ্টির মতো। পাঠকের দিক থেকে দেখলে, পত্রিকার পক্ষ থেকে একধরনের উপহার। ময়মনসিংহের রিকশাচালক জয়নাল আবেদিনের মমতাজ হাসপাতাল নিয়ে ‘রিকশা চালিয়ে হাসপাতাল’ শিরোনামের প্রতিবেদন ছিল অনেকটা তা-ই। ২০১১ সালের ২ জুলাই শনিবারের বিশেষ ওই প্রতিবেদনটি প্রকাশের পর তা প্রথম আলোর অনলাইন সংস্করণে পাঠক প্রতিক্রিয়ার সব রেকর্ড ভঙ্গ করে। প্রথম আলোর এই প্রতিবেদনের সূত্র ধরে বিবিসি অনলাইন, আল-জাজিরা টেলিভিশনের মতো বিশ্ব গণমাধ্যম মমতাজ হাসপাতালের ওপর প্রতিবেদন প্রকাশ করে। সিএনএন তাদের সিএনএন স্টার বা তারকা নির্বাচনের জন্য প্রাথমিক বাছাই তালিকায় স্থান দেয় এই প্রতিবেদনের নায়ক জয়নালকে। বিদেশি গণমাধ্যম প্রথম আলোর মাধ্যমে জয়নালের অসামান্য কীর্তির কথা জেনেছে। কিন্তু প্রথম আলো তাঁকে খুজে পেল কীভাবে? সেই গল্প শোনা যাক আমাদের তখনকার ময়মনসিংহ প্রতিনিধি মো. কামরুজ্জামান তুহিনের কাছে।২০১১ সালের জানুয়ারির শেষের দিকের কথা। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি ছিল তুহিনের ক্যাডেট কলেজে পড়ুয়া ছেলে। একদিন সিএমএইচ থেকে বেরিয়ে রিকশায় উঠেছিলেন তুহিন। অল্প কিছু দূর যাওয়ার পর তিনি খেয়াল করলেন, চালক খুব ধীরে রিকশা চালাচ্ছিলেন। তিনি বললেন, ‘ভাই, একটু জোরে চালান।’ জবাব এল, ‘বাবা, আর পারি না।’ তা হলে চালান কেন? এবার কোনো জবাব এল না। রিকশা গন্তব্যে থামার পর বয়ঃবৃদ্ধ চালক সংক্ষেপে তাঁর গল্প বললেন। রিকশা চালিয়ে তিনি একটি হাসপাতাল করেছেন। এখনো ওষুধ কেনা আর হাসপাতাল চালানোর খরচ জোগাতে তাঁকে এই রিকশাই চালাতে হচ্ছে। কিন্তু বয়স বাদ সাধছে। বাড়ি কোথায় জানতে চাইলে বললেন, ময়মনসিংহ। পরানগঞ্জ ইউনিয়নের টানহাসাদিয়া গ্রামে। তাঁর তৈরি হাসপাতালটিও সেখানেই। তুহিন রিকশাচালকের নাম-ঠিকানা নিলেন। ৫০০ টাকা হাতে গুঁজে দিয়ে জয়নালের হাসপাতাল দেখতে যাওয়ার প্রতিশ্রুতিও দিলেন। মাস তিনেক পর পাইকারি সবজি বেচাকেনা নিয়ে প্রতিবেদন তৈরির জন্য ময়মনসিংহ শহর মাড়িয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে যান তুহিন। গুদারাঘাটে সবজির ছবি তোলার পর একজন সবজি ব্যবসায়ীর কাছে জানতে চাইলেন, কোথা থেকে তিনি সবজি এনেছেন? জবাব এল টানহাসাদিয়া থেকে। মুহূর্তে রিকশাচালক জয়নালের কথা মনে পড়ে গেল তুহিনের। জানা গেল গ্রামটি সেখান থেকে ১৫ কিলোমিটার দূরে। আর দেরি নয়, চরের ভেতরে দিয়ে, বেড়িবাঁধ ধরে ছোটালেন মোটরসাইকেল।সিরতা বাজারে গিয়ে খোঁজ মিলল জয়নালের বাড়ির। তুহিনকে দেখে জয়নাল খুবই আশ্চর্য হলেন। বললেন, ‘বাবা, আপনি আইছুইন!’ বাড়িতে ঢুকে দেখা গেল, স্কুলে কিছু বাচ্চা পড়ছে। উঠানে ২৫-৩০ জন হতদরিদ্র মানুষ লাইন করে বসে আছে। বারান্দায় একজন রোগী দেখছেন। তুহিন বিষয়টি জানালেন এই প্রতিবেদককে। তাঁকে আবারও সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হলো। আরও দুই দিন গিয়ে সরেজমিন দেখে, সবার সঙ্গে কথা বলে প্রতিবেদন পাঠালেন তিনি। এদিকে আমিও সরাসরি কথা বললাম জয়নাল আবেদিনের সঙ্গে। সেদিন রিকশা নিয়ে পান্থপথেই ছিলেন তিনি। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আমন্ত্রণ জানালাম তাঁকে। তিনি এলেন, হাত বাড়িয়ে যে হাসিটা দিলেন তাতে আমার চারপাশ যেন স্নিগ্ধ হয়ে উঠল। সহকর্মী শরিফুল ইসলাম ভূঁইয়াকে ময়মনসিংহ থেকে পাঠানো প্রতিবেদনটি প্রাথমিক সম্পাদনা করতে দিলাম। মূল সম্পাদনার সময় সৌম্যদর্শন জয়নালকে তুলে আনার চেষ্টা করেছি যথাসাধ্য। তারপর...। অভাবিত সাড়া দিলেন প্রথম আলোর পাঠকেরা। তাঁদের অনুরোধে মমতাজ হাসপাতালের জন্য একটি তহবিল গঠন করতে হলো প্রথম আলো ট্রাস্টকে। ওই তহবিলে ১৫ লাখ ৯২ হাজার টাকা অনুদান এল। হাসপাতালটি সরেজমিন দেখা এবং ভবিষ্যতের করণীয় ঠিক করতে ট্রাস্টের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক ডা. সামন্ত লাল সেন, আমি ও ট্রাস্টের সমন্বয়ক ফেরদৌস ফয়সাল গেলাম মমতাজ হাসপাতালে। ছয় শয্যার হাসপাতাল, আর বিদ্যালয়টি ঘুরে দেখলাম আমরা। হাসপাতাল—যেখানে জীবন-মৃত্যুর দোলাচলে পড়ে মানুষ আসে, তার পরিচালনা সত্যি সংবেদনশীল এক ব্যাপার। প্রথম আলো ট্রাস্ট সিদ্ধান্ত দিল, অনুদানের সব টাকা যত দ্রুত সম্ভব জয়নালকে হস্তান্তর করতে হবে। কিন্তু জয়নাল টাকা নেবেন না। তাঁর চাই হাসপাতালের জন্য একটি ঘর। সেটা খড়ের ঘর হলেও হবে। তবে তার সামনে সাইনবোর্ডে লেখা থাকতে হবে ‘প্রথম আলোর সৌজন্যে নির্মিত’। মমতাজ হাসপাতাল নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই বুয়েট-৮৩ নামের সংগঠন যেকোনো স্থাপত্য ও প্রকৌশল কাজে সহযোগিতার প্রস্তাব পাঠায়। শেষে তাদের সঙ্গে যোগাযোগ করা হলো। তারা একটা মাঠনকশা তৈরি করে দিয়েছে। এখন ভবনের নকশা তৈরির কাজ চলছে। নকশা তৈরি হলেই প্রথম আলোর পাঠকদের দেওয়া টাকায় প্রাথমিকভাবে ব্যবহারের মতো একটা দালান করা হবে। ছোট্ট সেই মমতাজ হাসপাতালে ইতিমধ্যে বিদ্যুতের সংযোগ লেগেছে। জয়নালের বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তাটা সংস্কার করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের তহবিলের বাইরে যে সহায়তা এসেছে, তা দিয়ে মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের জন্য প্রায় তিন একর জমি কেনা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম তৃতীয় থেকে উন্নীত করে পঞ্চম শ্রেণী পর্যন্ত করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সব ক্লাসে এবার সরকারি বই সরবরাহ করা হয়েছে।আসছে দিনে জয়নাল আবেদিনের স্বপ্নের চেয়ে বড় হয়ে উঠবে এই দুই প্রতিষ্ঠান—এই আমাদের আশা।শাহেদ মুহাম্মদ আলী