জয়নুল মেলায় স্বাগতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় বন্ধ, চলছে শীতের ছুটি। চারদিকে পিঠা-পায়েসের ধুম। মায়ের হাতের শীতের পিঠা খেতে অনেকেই ফিরেছেন ঘরে। এ ছুটির সদ্ব্যবহার করতে ভোলেননি ভ্রমণবিলাসী বন্ধুরা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ তাই অনেকটাই ফাঁকা।তবে শীতের এ ছুটির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভিন্ন চেহারা। পুরো চারুকলায় যেন সাজসাজ রব। উৎসবের আমেজে সরগরম হয়ে আছে অনুষদের প্রতিটি বিভাগ। কারণ, আর একদিন পরই শুরু হবে জয়নুল মেলা। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় চলছে মেলার পূর্বপ্রস্তুতি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী স্মরণ করেই আয়োজন করা হয় এ মেলার।কদিন পরই ইংরেজি নববর্ষ। তাই কাজের ক্ষেত্রে বর্ষবরণের বিষয়টিকেও মাথায় রেখেছেন শিক্ষার্থীরা। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেলে চলছে আয়োজন। অনুষদের প্রতিটি বিভাগ তাদের স্টলের মধ্য দিয়ে আত্মপরিচিতি উপস্থাপন করে থাকে। তাই আয়োজনের মধ্যে রয়েছে ভিন্নতা।মেলাকে কেন্দ্র করে গ্রাফিকস ডিজাইন বিভাগ করছে বর্ণাঢ্য আয়োজন। বিভাগের ফটক পেরোতেই চোখে পড়ে লাল-নীল, হলুদ, সবুজ্র নানা রঙের সমাহার। শিক্ষক-শিক্ষার্থীরা মিলে যেন খেলছেন রঙের খেলা। বর্ণিল কাগজগুলো কেটেকুটেই তাঁরা বানিয়ে চলছেন নববর্ষের শুভেচ্ছা কার্ড, দেয়ালিকা, দিনপঞ্জি, ডায়েরি প্রভৃতি। রঙিন কাগজগুলো কোনোটা হয়ে উঠেছে ফড়িং, কোনোটার মধ্যে খুঁজে পাওয়া যায় প্রতিমার মুখ। একজন শিক্ষার্থীর হাতে দেখা গেল একটা বর্ণিল ঘুড়ি। তবে এ ঘুড়িটা আকাশে ওড়ানোর জন্য নয়। দুই অংশের ঘুড়িটি খুলতেই দেখা গেল নববর্ষের শুভেচ্ছাবার্তা, যা হতে পারে প্রিয় বন্ধুর জন্য নববর্ষের উপহার। গ্রাফিকস ডিজাইন বিভাগের প্রভাষক ফারজানা আহমেদ জানান, মেলার আয়োজনে শুভেচ্ছা কার্ড ছাড়া থাকছে টি-শার্ট, যেখানে স্বনামধন্য শিল্পী কাইয়ুম চৌধুরীর চিত্রকর্ম পাওয়া যাবে এবং বিভাগের শিল্পী শিক্ষকদের আঁকা চিত্রকর্ম নিয়ে থাকছে দিনপঞ্জিকা।অঙ্কন, ছাপচিত্র এবং প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থীরাও নান্দনিক ও বাণিজ্যিক উভয় দিক বিবেচনা করেই চালিয়ে যাচ্ছেন তাঁদের কার্যক্রম। ভাস্কর্য বিভাগের আয়োজনে ছোট-বড় নানা আকৃতির ভাস্কর্য এবং মুখোশ তৈরি হচ্ছে। এ মেলার মাধ্যমে সুলভ মূল্যে ক্রেতারা পেতে পারেন এ শিল্পকর্মগুলো।্রছাপচিত্র বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় তাঁদের অভিজ্ঞতার কথা। এ বিভাগের শিক্ষার্থী মাহিম সিনথিয়া জানান, ‘শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার ফলে নতুন অনেক কিছু শেখা যায়। তা ছাড়া আমাদের নান্দনিক শিল্পকর্মগুলোর ব্যবহারিক চাহিদা সম্পর্কেও একটা ধারণা লাভ করা সম্ভব হয়।’মৃৎশিল্প বিভাগের আয়োজনে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। এ বিভাগের শিক্ষার্থীরা কাদামাটির ক্যানভাসে লোক-ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন মনের মাধুরী মিশিয়ে। বাংলার পুতুলের ধারাবাহিকতায় থাকছে টেপা পুতুল, রকমারি মৃৎগহনা, ছোট-বড় নানা ধরনের পটারি। পটারির ওপর দেখা যায় সূক্ষ্ম হাতে করা হাতি, ঘোড়া বা পেঁচার নকশা। এ বিভাগের প্রভাষক চিন্ময়ী শিকদার জানান, ‘মেলা থেকে অর্জিত টাকা বিভাগীয় উন্নয়নের খাতে ব্যয় করা হবে। বিভাগীয় স্বার্থেই আমাদের শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই করে যাচ্ছে এ আয়োজন।’কারুশিল্প বিভাগের আয়োজনে শিল্পবস্তুর ব্যবহার উপযোগিতাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। জয়নুল উৎসবের উদ্দেশ্য সম্পর্কে কারুশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজীব বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনকে স্মরণ করাই এ উৎসবের প্রধান উদ্দেশ্য। কোনো ব্যবসায়িক মুনাফার্র উদ্দেশ্যে এই জয়নুল উৎসবের আয়োজন করা হয় না। প্রতিটি বিভাগের ছাত্রছাত্রী এবং যশস্বী শিল্পী-শিক্ষকদের সৃষ্ট শিল্পকর্ম ও চিত্রমালা প্রদর্শনই এ মেলার লক্ষ্য।এভাবেই চলছে মেলার আয়োজন। অনুষদ প্রাঙ্গণ সাজানো হচ্ছে সুসজ্জিত স্টলে। গত বছরের পরম্পরায় এগিয়ে চলেছে আয়োজন। তবে গত বছরের আয়োজনটি ছিল এক দিনের। মেলায় আসা বহু দর্শকই তখন মেলার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানান। তাই সাধারণ দর্শক ও ক্রেতাদের কথা বিবেচনায় রেখেই এবার তিন দিনব্যাপী চলবে এ মেলা। চারুকলা অনুষদের প্রাঙ্গণজুড়ে এ মেলা চলবে ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। খোলা আকাশের নিচে আয়োজিত এ শিল্পমেলা শহরের একঘেয়ে জীবনে নিয়ে আসবে কিছুটা স্বস্তির আস্বাদন।