জয়াকে ক্ষমা করেছি

শ্যামলদা, গোপদি, জয়া পুরান ঢাকার আনন্দমোহন দাশ লেন ঘেঁষে ছাদের ওপর টবের বেলি আর গোলাপের বাগানসহ একতলা বাড়িতে থাকে। আমরা থাকি ঠিক সেই বাড়িটার উল্টো দিকের দোতলায়। সকালে ঘুম থেকে উঠে টানাবারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে গেলেই চেখে পড়ত জয়ার চিরকুমার ছোট কাকাকে (পাড়ায় যিনি সাধু কাকা নামে পরিচিত)। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, গলায় দীর্ঘ রুদ্রাক্ষের মালা পরে উদাম দেহে ছাদের বাগানের মাঝখানে চোখ বন্ধ করে চেহারায় শান্তির দীপ্তি ছড়িয়ে, যোগাসনে ধ্যানস্থ।
গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ের কথা। স্কুলে পড়ি তখন। সকাল-সন্ধ্যা ধ্যানের বাইরেও ছোট কাকার সঙ্গে রাস্তায় দেখা হলে গজা আর রসগোল্লা কিনে দিতেন। এই ছোট কাকাকে কখনো মনে হয়নি যে তিনি কেবল জয়া চ্যাটার্জির কাকা, আমার নয়।
জয়া ছিল আমার শৈশব আর কৈশরের বন্ধু। কোথায় যেন শুনেছিলাম বন্ধুত্ব কখনো অতীত হয় না। সত্যিকার বন্ধুত্ব সর্বদা বর্তমান। অথচ আমার প্রিয়তম বন্ধু জয়ার ক্ষেত্রে বলতে হচ্ছে ‘বন্ধু ছিল’। হ্যাঁ, জয়াকে আমি হারিয়ে ফেলেছি। তার সঙ্গে প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করতাম, বিকেলে একসঙ্গে ছাদে খেলতাম। আর দুর্গাপূজা হলে তো কথাই নেই। দিনরাত একসঙ্গে থাকা। দুজনের নতুন জামা, মণ্ডপ দেখে বেড়ানো, প্রসাদ খাওয়া। দশমীতে মাসিমার হাতে বানানো মিষ্টি আসত পিতলের বড় থালা ভরে। উৎসবটা চলত দুই বাড়িতেই। মাগরিবের নামাজ শেষ করে আমার মা মাসিমার দেওয়া মিষ্টি আমরা খেয়ে শেষ করতে পারব না ভেবে আশপাশের আরও কয়েকটা প্রতিবেশীদের বাড়িতে স্ট্রিলের ট্রেতে করে কুরুশকাঁটায় বোনা ট্রে কভারে ঢেকে বিতরণ করতে পাঠাতেন।
সরস্বতী পূজায় আমরা সব ভাইবোনেরা মিলে দেবীর পায়ের কাছে জটিল কঠিন বইগুলোকে রেখে আসতাম ওই বিষয়গুলোর জটিলতা অতিক্রম করার ক্ষমতা পাওয়ার আশীর্বাদের আশায়। আর প্রতিমা বিসর্জনের দিনে আগেভাগে আরাধনা ফুল সংগ্রহের ব্যাপারটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরস্বতীর পায়ের নিচে অন্তত একটি করে পাপড়ি যাতে প্রতিটি বইয়ের ভাগে পড়ে, তবেই-না তাঁর আশীর্বাদে পরীক্ষার ফল হবে আশানুরূপ।
একদিন ঘুম থেকে উঠে দেখি সাধু কাকা আর ধ্যান করছেন না। শূন্য ছাদটিকে কেমন বেমানান লাগল। সেদিন জয়া স্কুলে গেল না। সেদিন বিকেলে জয়া খেলতে এল না। পরে জানলাম জয়া নেই, জয়ারা নেই। চলে গেছে। আর আসবে না কোনো দিন। কোথায় গেছে? শুনলাম ওপারে। তখনো ওপার ভালো বুঝি না। পরদিন চোখে পড়ল জয়াদের বাড়ির সমানের কাঠের দরজায় বড় তালা। ধীরে ধীরে পানির অভাবে সাধু কাকার ছাদের সবুজগাছগুলো বাদামি হয়ে গেল। আরও কিছুদিন পর দেখলাম জয়াদের বাড়ির পারিবারিক মন্দিরের অংশটি ভাঙা হচ্ছে। নতুন এক পরিবার এল। দেখলাম জয়াদের বাড়ির সামনের কাঠের দরজায় ‘কমলকুমার চ্যাটার্জি’ নামফলকে জায়গা করে নিয়েছে ‘লুৎফর মল্লিক ভিলা’।
সবাই সব বুঝল কী ঘটেছে! শুধু আমি ছাড়া। আমার সেদিন বোঝা না-বোঝা পেরিয়ে কেবলই অভিমান হয়েছিল জয়ার প্রতি। জয়ার মা গীতা মাসি নাহয় আমার মাকে চলে যাওয়ার কারণ না বলে, দিনক্ষণ না জানিয়ে চলেই যেতে পারেন। তাই বলে জয়াও আমাকে ঠিক আগের দিন বিকেলে ছাদে খেলার সময় চুপিচুপি বলতে পারত না? সবাইকে লুকিয়ে সে কি আমাকে তার নতুন ঠিকানা দিতে পারত না? মনে মনে সেদিন বলেছিলাম, ‘জয়া, তোকে আমি কোনো দিন ক্ষমা করব না।’
আজ এত দিন পর সব দেখেশুনে বুঝি জয়া কোন আশঙ্কায়, কতটা নিরাপত্তাহীনতায় তার বাবা, স্ত্রী, কন্যাকে নিয়ে ঘর ছাড়ার, দেশ ছাড়ার এক ঘণ্টা আগেও নিকটতম প্রতিবেশীকেও কিছু জানতে দেয়নি। জয়া, তোকে ঘিরে আমার আর কোনো অভিমান নেই। আমি তোকে ক্ষমা করেছি।
পাপড়ীন নাহার: যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে কর্মরত।