ঝগড়া থামার লক্ষণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতালানের বিপুলসংখ্যক মানুষ স্বাধীনতার পক্ষে
কাতালানের বিপুলসংখ্যক মানুষ স্বাধীনতার পক্ষে

তাঁর নেই। গত বৃহস্পতিবারের নির্বাচনের এই ফলাফল রাহোয় ও তাঁর রক্ষণশীল সরকারের জন্য বিপর্যয়কর হয়েছে। শুধু তা–ই নয়, কাতালান প্রদেশে যারা সরকার গঠন করবে, তাদের জন্যও এই নির্বাচনের ফল মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। ২০১৫ সালের নির্বাচনের মতো এবারও অধিকাংশ কাতালান ইনডিপেনডেন্স পার্টির বিরুদ্ধে ভোট দিয়েছেন। কিন্তু তারপরও দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর ক্ষমতার ভারসাম্য এখন সবচেয়ে কট্টর বিচ্ছিন্নতাবাদীদের হাতে।

তবে এই বিচ্ছিন্নতায় ক্ষত সারবে না, বরং তাতে সেটা আরও জ্বলে উঠবে। মনে হচ্ছে না কোনো পক্ষ মাথা নত করবে, এতে কাতালোনিয়া ও স্পেন উভয়ই ভুক্তভোগী হবে।

এখন আবার কার্লোস পুজেমনকে পুনর্নিয়োগ দেওয়া হতে পারে, যিনি অক্টোবর মাসে আঞ্চলিক সংসদে স্বাধীনতার ঘোষণায় নেতৃত্ব দিয়ে বেলজিয়ামে পালিয়ে যান। তিনি স্পেনের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আঞ্চলিক সরকারের নেতৃত্ব দেবেন।

তবে উদাহরণ হিসেবে বলা যায়, তিনি কাতালানে ফিরে আসবেন কি না, তা পরিষ্কার নয়, যেখানে একজন তদন্তকারী ম্যাজিস্ট্রেট দেশদ্রোহ ও সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে তাঁকে গ্রেপ্তারের জন্য অপেক্ষা করছেন। ফলে তিনি হয়তো নির্বাসনে থাকা প্রতীকী নেতা হতে পারেন। পুজেমনের নতুন জোট টুগেদার ফর কাতালোনিয়া কোয়ালিশনের নেতা জোরদি সানচেজ ও রিপাবলিকান লেফট পার্টির ওরিওল ইয়ুঙ্কোয়েরেস বর্তমানে একই অভিযোগে কারাগারে আছেন।

বৃহস্পতিবার পুজেমন প্রথমেই এই নেতাদের মুক্তির দাবি তুলেছেন, যদিও সেটা আদালতের ব্যাপার, সরকারের নয়। ফলে এমন দৃশ্যও দেখা যেতে পারে যে ইয়ুঙ্কোয়েরেসকে পুলিশ ভ্যানে করে বার্সেলোনায় অবস্থিত কাতালান সংসদে আনা-নেওয়া করা হচ্ছে। অন্যদিকে কাতালানের স্বাধীনতা আন্দোলনে পুজেমন ও ইয়ুঙ্কোয়েরেসের মধ্যে যে প্রতিযোগিতা আছে, এর মধ্যে তা আরও বেড়ে যেতে পারে। যদিও এ দুই ব্যক্তির নেতৃত্বাধীন জোট সরকারই হয়তো সম্ভাব্য সমাধান হিসেবে হাজির হবে, পুঁজিবাদবিরোধী নাগরিক অসহযোগ আন্দোলনকামী দল পপুলার ইউনিটির প্রার্থীদের ছাড়া তা গঠন করা সম্ভব হবে না। এই দলের চার প্রতিনিধির হাতেই এখন ক্ষমতার ভারসাম্য নিহিত আছে। তাঁরা মাদ্রিদের বিরুদ্ধে ক্ষমতার পূর্ণাঙ্গ প্রদর্শনী দিতে চান।

এখন যদি এই বিচ্ছিন্নতাবাদীরা তথাকথিত ‘রুট ম্যাপে’ ফেরত আসতে চান, তাহলে তাঁরা স্প্যানিশ সংবিধানের কঠিন দেয়ালে গুঁতো খাবেন, যার লৌহকঠিন প্রতিপালক হচ্ছেন রাহোয়। এই ‘রুট ম্যাপ’ দিয়ে তাঁরা অক্টোবরে এক অমূলক স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আর এক অক্টোবরে পুজেমনের ডাকা অবৈধ গণভোটের দিন রাহোয়ের পুলিশ যখন লাঠি মারতে মারতে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট বাক্স ছিনিয়ে আনে, তখনই তিনি দেখিয়েছেন, তিনি বল প্রয়োগে ইচ্ছুক।

এ ছাড়া শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট সম্ভাব্য দেশদ্রোহবিষয়ক তদন্তের আওতা বড় করতে চান। আদালত বৃহস্পতিবারের নির্বাচনে নির্বাচিত সাংসদদের সন্দেহভাজন আখ্যা দিয়েছেন। ফলে বোঝা যাচ্ছে, আদালতের হাত থেকেও ছাড় পাওয়ার সম্ভাবনা নেই। আর ইউরোপীয় ইউনিয়ন যে কাতালানের স্বাধীনতার দাবিতে সমর্থন দিচ্ছে না তা লক্ষণীয়, অন্যরাও কাতালানের আত্মনিয়ন্ত্রণের দাবিতে সমর্থন দিচ্ছে না। ফলে পুজেমন ও ইয়ুঙ্কোয়েরেসের পক্ষে এই স্বাধীনতার প্রকল্প এগিয়ে নেওয়া কঠিন।

এটা করার আগে বিচ্ছিন্নতাবাদীদের আরও লড়াই চালাতে হবে। অক্টোবরে তারা স্বাধীনতা ঘোষণা করায় মাদ্রিদ কাতালানে প্রত্যক্ষ শাসন জারি করে। কাতালানে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাহোয় সেটা পরিবর্তন করবেন না। আর নতুন সরকারও যদি সংবিধানের বাইরে যায়, তাহলে সরকার আবারও তা আরোপ করবে। অন্যদিকে কারাবন্দী নেতাদের বের করে আনতে এবং বিচারের পর তাঁদের আবারও কারাগারে যাওয়া ঠেকাতে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই করতে হবে। ইতিমধ্যে ক্ষমা ঘোষণার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে কাতালানে রাহোয়ের ভাবমূর্তি এর চেয়ে নিচে নামতে পারে না। মাত্র ৪ শতাংশ কাতালান নাগরিক তাঁর পিপলস পার্টির (পিপি) পক্ষে ভোট দিয়েছেন, অর্থাৎ কাতালানের আঞ্চলিক সংসদে দলটির মাত্র চারজন প্রতিনিধি থাকবেন। এর বিপরীতে সিটিজেন্স নামের দলটি বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও এক-চতুর্থাংশ ভোট পেয়েছে, যাঁদের জন্ম কাতালানেই।

এই সিটিজেন্স দলটি স্পেনের অন্যান্য স্থানেও রাহোয়ের জন্য হুমকি হয়ে উঠছে। আর তারা যদি কে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে বেশি কট্টর, সেই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, তাহলে ইউনিয়নের দাবি আরও ঘৃণিত হয়ে উঠবে। এতে তাদের মধ্যকার দ্বন্দ্ব আরও বাড়বে, যেটা এই মাস তিনেক আগেও ছিল না, অর্থাৎ এই চলমান সংকট সৃষ্টির আগে।

তবে কাতালানে চরমপন্থীরা মধ্যপন্থীদের চেয়ে এগিয়ে যাওয়ায় সেখানকার সমাজে যে বিভেদ সৃষ্টি হয়েছে, সেটা বরং কাতালানদের জন্য আরও উদ্বেগের কারণ হবে। এই ক্ষত সারানোটা সবার কাছেই সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার হবে।

এর মধ্যে স্কুল, হাসপাতাল ও পুলিশ বাহিনী চালানোর জন্য কাতালানদের সরকার দরকার। রাহোয়ের প্রস্তরসম একগুঁয়েমি এবং অধিকাংশের বিরোধিতা সত্ত্বেও পুজেমনের স্বাধীনতার আকাঙ্ক্ষা স্বল্প মেয়াদে এই মানুষের জীবনের উন্নতি ঘটাতে পারবে না।

দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।

জাইলস ট্রেমলেট: ব্রিটিশ সাংবাদিক।