ঝগড়াঝাঁটিটা বিএনপির সঙ্গেও চলুক!
মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্য সত্ত্বেও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর কাছে প্রশ্ন ছিল, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে কি না? জবাবে তিনি বলেন, ‘দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে। মতভিন্নতাও থাকতে পারে। মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তান শক্তি, তাই তারা তাদের পেয়ারা বান্দাদের জন্য কাঁদছে। কিন্তু আমরা তো বিচার বন্ধ করিনি। বিচার চলছে। পাকিস্তান মন্তব্য করছে, আমরা এর জবাব দিচ্ছি। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে।’
প্রধানমন্ত্রী তাঁর যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলন করেন। সূচনায় তিনি জাতিসংঘ অধিবেশনে যোগদান, কানাডা সফর, দুটি পুরস্কার গ্রহণ, ছেলে সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া, বিভিন্ন সেমিনারে বক্তব্য দেওয়াসহ ১৬ দিনের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমরা যৌক্তিক বলে মনে করি। পাকিস্তান একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছে, তা আমরা কখনো ভুলব না। তাদের সেই অপরাধ ও অন্যায়ের কথা বিশ্ববাসীকে জানাব। তাদের অন্যায্য ও অসত্য বক্তব্যের প্রতিবাদ জানাব, নিন্দা করব। কিন্তু পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আগে দেশীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে অনেক কিছু ভাবার প্রয়োজন আছে। পাকিস্তানের সঙ্গে চার দফা যুদ্ধ হওয়ার পরও ভারত সম্পর্ক ছিন্ন করেনি। সম্পর্ক রেখেই যুদ্ধাপরাধের বিচার, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যর্পণ ও সম্পদের ন্যায্য হিস্যা পাওয়ার প্রশ্নে দেশটির ওপর চাপ অব্যাহত রাখতে হবে।
সে ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখেই যেকোনো বিষয়ে তার অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে বহির্বিশ্বে জনমত গড়ে তোলাই হবে বুদ্ধিমানের কাজ। এখানে উল্লেখ করা যেতে পারে যে পাকিস্তান যুদ্ধাপরাধের বিচার নিয়ে যতই চেঁচামেচি করুক, কারও সমর্থন পাচ্ছে না। ৪২টি মুসলিম দেশের মধ্যে তুরস্ক ছাড়া কেউ যুদ্ধাপরাধের বিচার নিয়ে একটি কথাও বলেনি। এমনকি পাকিস্তানের পুরোনো সুহৃদ বলে পরিচিত সৌদি আরবও এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মেনে নিয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী যে অবস্থান নিয়েছেন, সেটা সঠিক মনে করি।
কোনো বিষয়ে দুই দেশের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হলে কূটনৈতিকভাবেই তা মোকাবিলা করতে হয়। প্রয়োজনে ঝগড়া করতে হয়। নিজের সঠিক যুক্তি ও তথ্য তুলে ধরে প্রতিপক্ষকে পরাস্ত করতে হয়। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, ‘কূটনৈতিক সম্পর্কও চলবে, ঝগড়াঝাঁটিও চলবে।’ এর অর্থ আমাদের অবস্থান থেকে আমরা একচুলও নড়ব না।
প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যে ঝগড়াঝাঁটির কথা বলেছেন, সেটি দেশের রাজনীতিতেও হতে পারে কি না, সরকারকে ভেবে দেখতে বলব। সরকার যদি খোদ পাকিস্তানের সঙ্গেই ঝগড়াঝাঁটি করতে পারে, তাহলে বিএনপির সঙ্গে নয় কেন? বিএনপি দেশের আইনানুগ একটি দল। তিন-তিনবার তারা ক্ষমতায় ছিল। বিএনপিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর আন্দোলনও করেছে।
আগামী নির্বাচন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি সরকারের কাছে আলোচনার প্রস্তাবসংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি কী ধরনের নির্বাচন কমিশন চায়? তারা কি এমন কমিশন চায়, যারা এক কোটির বেশি ভুয়া ভোটার বানাবে? বর্তমান কমিশন তো এটা করেনি।
প্রধানমন্ত্রীর প্রশ্নটি যৌক্তিক হলেও নির্বাচন কমিশন নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় না। যে নির্বাচন কমিশন ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটারযুক্ত তালিকা তৈরি করেছিল, তারা কিন্তু নির্বাচনটি করতে পারেনি। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি হওয়ার পর ভুয়া ভোটার করার সুযোগও নেই। বর্তমান নির্বাচন কমিশন সঠিক ভোটার তালিকা করলেও সঠিক ভোটটি করতে পারেনি। প্রশ্ন হলো, সঠিক ভোটার তালিকা হওয়ার পর নির্বাচনটি সুষ্ঠু ও অবাধ করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেসব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করতে বাধা কোথায়?
যেকোনো সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গেলবার যেভাবে নির্বাচন কমিশন হয়েছে, এবারেও সেভাবে হবে। গেলবার রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করেছিলেন। আশা করি, এবারেও তিনি সব দলকে ডাকবেন। রাষ্ট্রপতির উদ্যোগে আলোচনাটি হবে নির্বাচন কমিশন গঠন নিয়ে। এরপর নির্বাচন কমিশন কীভাবে কাজ করবে, নির্বাচনের আচরণবিধি কী হবে, সেসব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনা হওয়া প্রয়োজন। আলোচনা হলেই একে অপরের মনোভাব জানতে পারে। সরকার যদি মনে করে কোনো দলের মনোভাব জনস্বার্থবিরোধী, তাহলে তারা সেটি দেশবাসীর কাছে তুলে ধরতে পারবে।
ভারত ও পাকিস্তানের সেনারা সীমান্তে মুখোমুখি অবস্থান নেওয়া সত্ত্বেও যদি দুই দেশে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি উঠতে পারে, জন্মবৈরী ইসরায়েলের নেতা মারা গেলে যদি ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস তেল আবিব ছুটে যেতে পারেন, তাহলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনা হতে পারবে না কেন?
বিএনপি সংসদে থাকতে দুই দলের মধ্যে একধরনের আলোচনা ও ঝগড়াঝাঁটিও হতো। এখন তারা সংসদে নেই। আলোচনাও নেই। আলোচনা না হোক পাকিস্তানের সঙ্গে প্রধানমন্ত্রী যে ঝগড়াঝাঁটি চালাবেন বলে জানিয়েছেন, সেই ঝগড়াঝাঁটি বিএনপির সঙ্গেও চলুক।
জনগণ সেই ঝগড়া থেকে কার কী অবস্থান বুঝে নিতে পারবে।