ঝর্ণা রানী ও বাংলাদেশের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

(শোলাকিয়ায় জঙ্গি হামলার সময় নিজ শয়নকক্ষে গুলিবিদ্ধ ও নিহত ঝর্ণা রানী ভৌমিকের উদ্দেশে)
রান্নাঘরের টিনের চালের ওপরে বৃষ্টিভেজা কলাপাতা দোল খায়।
ঝুলবারান্দার কাঠ বর্গায় দুটো পায়রা বাক বাকম বলে ডাকে।
ঈদের সকালে আপনি, ঝর্ণা রানী, ব্যস্ত রান্নাঘরে। সেমাই রাঁধতে বসে গেলেন।
একই ঝর্ণার ধারা, এ ঘরে জল তো ও ঘরে পানি,
তেমনি মিষ্টান্নরও নাকি আছে ভেদ।
আপনাদের নাকি সেমাই রাঁধতে নেই।
ও বাসুদেবের মা ঝর্ণা রানী, ও শুভদেবের মা ঝর্ণা রানী, আপনি কি তা জানেন না? আপনি কি তা মানেন না?
কল্লোলিনী ঝর্ণা হিন্দুকেও যা দেয়, মুসলমানকেও তাই দেয়,
গাছগাছালি পাখিপতঙ্গ প্রাণীকেও তাই দেয়—
জল কিংবা পানি, বারি কিংবা নীর।
আপনিও
পুজোয় রাঁধেন নাড়ু,
পাবনে পায়েসান্ন,
ঈদের সকালে সেমাই।
আপনার সংসারের এটাই নিয়ম।
আপনার ঘরে আসে সন্তানেরা, কে যে তারা হিন্দু কেবা মুসলমান, কেবা খ্রিষ্টান, কেবা বৌদ্ধ, তা বাছবিচারের দরকার আপনার পড়ে না।
খিদে পেলে সবার পেটেই সমান আগুন জ্বলে।

পেটে পড়লে সব খাবারই এক।
ঢাকার তেজগাঁর কলেজে পড়ান আপনার ছেলে বাসুদেব। ঈদ পূজা দুটোই তার কাছে সমান পাবন।
মা মানেই তো উৎসব। উৎসব মানেই তো মায়ের কাছে ফেরা।
মায়ের আঁচলে মুছে ফেলা কপালের ঘাম।
তাই তো পূজায় কিংবা ঈদে আপনার বাসু ছুটে আসে আপনার কাছে, শোলাকিয়ায়।
আর বারো বছরের শুভর তো পার্বণ লাগে না, মিষ্টির পোকা যেন সে!
সেমাই পছন্দ করে আপনার ছেলেরা। আপনি তো তা জানেনই।
ঈদের সকালটায় আপনি তাই ব্যস্ত ছিলেন সেমাই নিয়েই। আঁচলটা কোমরে গুঁজে ঘিয়ে ভাজছিলেন সেমাই, খুন্তি নাড়ছিলেন মন দিয়ে।
খোকন খোকন ডাক পাড়ি
খোকন গেছে কার বাড়ি
আয় রে খোকন ঘরে আয়...
আপনি রুটি ভাজবেন। আটা ছানছিলেন। পাশে বসবার পিঁড়িতে নিজেই একটা ছোট রুটি বেলছিল শুভ।
সকাল সকাল স্নানটা সেরে নিতে চান আপনার বাসুদেব। নামাজ শেষে আসবে বন্ধুরা, আসলাম, পারভেজ, রন্টি, লিটন। ঘাড়ে গামছাটা ফেলে বাসু চিৎকার করে উঠল, মা, আমার লুঙ্গি কই।
চুলা থেকে কড়াইটা নামিয়ে আপনি ছুটলেন আপনার ঘরে।
উঠানে কক কক করে উঠল ছানাসমেত মা মুরগিটা।
ইটের ঘর।
জানালায় ড্রামের কবাট।
সেই কবাট ফুটো করে ভেতরে ঢুকল বুলেট।
একবারই আপনি আর্তনাদ করে উঠলেন, খোকা!
আপনার আটা মাখা দুহাত ধীরে ধীরে লাল হয়ে গেল।
দেহ লুটিয়ে পড়ল মেঝেতে।
আপনার বাসু ছুটে এলেন সেই ঘরে।
দেখলেন, মায়ের ঘর ভেসে যাচ্ছে মায়ের রক্তে।

আহা, আমি যদি লুঙ্গিটা না চাইতাম! রক্তধারার দিকে তাকিয়ে, আটামাখা চিবুকটা ধরে একবার ভাবলেন বাসু।
রান্নাঘরে খেলনা রুটি বেলতে বেলতে শুভ ভাবল, কাকগুলো ডেকে উঠছে কি গুলির শব্দে!

পুলিশেরা বুকে আগলে রোধ করল ওই অস্ত্রধারীদের ক্রূর পথ।
আপনার বাসুদেবের বন্ধুরা নিরাপদে সেরে নিল নামাজ।
এবার ওরা আসবে। দলে দলে। বাসুরে, তোর মার হাতের রুটি সেমাইয়ের স্বাদই আলাদা। কাকিমা, কাকিমা, গরম গরম দুটো রুটি সেঁকে দিন না!
রক্তের বিছানায় শুয়ে আপনি হাত নাড়ছেন। ঠোঁট বিড়বিড় করছে। আপনার ছেলেরা এসেছে, ওরা যে আপনার হাতের সেমাই ভালোবাসে ঈদের দিন।

ঝর্ণা রানী, ও বাংলাদেশের মা, আপনার ছেলেরা ঈদের নামাজ সেরে নিরাপদে ফিরে এসেছে, আপনি উঠুন, ওদের রুটি-সেমাই খেতে দিন।
খোকন খোকন ডাক পাড়ি
খোকন গেছে কার বাড়ি
বাসুর মায়ের ঘরে যাই
সে-মাই রাঁধেন শেষ সেমাই।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।