
ঢাকার সোনারগাঁও হোটেলের পেছনে হাতিরঝিলের বিচ্ছিন্ন হতশ্রী অংশটা এখন এক মহা নর্দমা। কিন্তু তা হলে কী হবে, ওই নর্দমার পাড়েই লোকজন হাওয়া খেতে যায়। স্বাস্থ্যসচেতন নারী-পুরুষেরা সকালে হাঁটাহাঁটি করেন। ঝিলটা যেখানে শেষ হয়েছে, সেখানে ফুটপাতের ওপর প্লাইউডের একটা টেবিল আর দুটো প্লাস্টিকের চেয়ার পেতে প্রতিদিন সকালে বসে থাকে এক তরুণ। টেবিলে রক্তচাপ মাপার যন্ত্র আর ব্লাড সুগারের মাত্রা নিরূপণের সরঞ্জাম, টেবিলের এক পাশে মাটিতে ওজন মাপার যন্ত্র। তরুণটির রোজগারের উপায় বলতে এটুকুই। একজনের ব্লাড সুগার মেপে দিয়ে সে পায় তিরিশ টাকা, ব্লাডপ্রেশার মাপার জন্য দশ টাকা, ওজন মাপার জন্য দুই টাকা। কিন্তু এসবের জন্য লোকজন তার টেবিলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে না। বরং উল্টো, হঠাৎ কারও মন চাইলে এগিয়ে এসে বলে, প্রেশারটা একটু দেখি, কিংবা সুগারটা একটু চেক করে দেন।
ওর নাম শাহিন। হ্যাংলা-পাতলা, ছোটখাটো শরীর, গালভাঙা, কণ্ঠার হাড় বেরিয়ে আছে। কিন্তু মুখে সব সময় হাসি লেগে থাকে। ব্যবসাটা তার মোটেও জমজমাট নয়। সে বসে বসে সকালের হাওয়া খায়, আকাশ দেখে, পাশের রেললাইন দিয়ে ট্রেনের আসা-যাওয়া দেখে, ঝিলের ময়লা পানি দেখে, কাক ও কুকুরদের ঝগড়া দেখে, পরিচিত লোকজনের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করে। কাউকে কখনো সেধে বলে না প্রেশারটা একটু মেপে যান, কিংবা ব্লাড সুগারটা একটু মাপেন।
আমাকে দেখলেই সে হাসিমুখে বলে, ‘কেমন আছেন?’ আমিও সৌজন্য করে জানতে চাই সে কেমন আছে। ব্লাডপ্রেশার মেপে তাকে দশ টাকা দিই। সে লাজুক মুখে পাঁচ টাকা ফিরিয়ে দেয়। তার কাছে খুচরো পাঁচ টাকা না থাকলে বলে, পরের বার আর টাকা লাগবে না। আমার জন্য তার এই বাড়তি খাতির কেন, তা জানতে চাইলে সে একই রকম লাজুক ভঙ্গিতে হেসে বলে, ‘আপনে দেশি মানুষ।’
শাহিন পাবনার ছেলে, আমার বাড়ি জয়পুরহাট। এতেই আমি ওর দেশি! যমুনা নদীর ওপারের সব মানুষই কি পরস্পরকে দেশি মানুষ মনে করে? এই রকম খাতির করে?
আমার এই প্রশ্নের উত্তরে শাহিন এমন অদ্ভুত হাসি হাসে, যেন আমাকে খাতির করে পাঁচ টাকা কম নেওয়াটা তার অন্যায় হয়েছে। আমি তাকে আর বিব্রত না করে প্রসঙ্গ পাল্টাই। জিজ্ঞাসা করি, ঢাকায় সে কত দিন ধরে আছে, কী করছে। আমাদের গল্প শুরু হয়।
পাবনার এক প্রত্যন্ত গ্রামের কৃষকের ছেলে সে। পাঁচ বোন আর দুই ভাইয়ের মধ্যে সে সবার ছোট। বোনদের বিয়ে হয়ে গেছে, বড় ভাই আর বাবা কৃষিকাজ করেন। নিজেদের জমির পরিমাণ দশ-বারো বিঘা। সব জমি নিজেরা চাষ করতে পারেন না, পাঁচ-ছয় বিঘাতে তাঁরা ফসল ফলান। ধান চাষ করেন না, কারণ ধান চাষে লোকসান হয়। তাঁরা সবজি ফলান, সবজি বিক্রির টাকায় চাল কেনেন। সারা বছরের সংসার খরচ চলে সবজি চাষের আয় থেকেই।
শাহিন পড়াশোনা করতে ঢাকায় এসেছে ২০০৮ সালে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বেসরকারি কলেজে কমার্সে অনার্স ভর্তি হয়েছে। অনার্স পাস করতে পেরিয়ে গেছে সাত বছর। দুদিন আগে মাস্টার্স পর্বের পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে জুনের ৬ তারিখে।
মাস্টার্সের পরীক্ষার্থী, ভোরে উঠে যার পড়ার টেবিলে বসার কথা, সে টেবিল পেতে বসে আছে ঝিলপাড়ের ফুটপাতে, লোকজনের ব্লাড সুগার, ব্লাডপ্রেশার আর ওজন মেপে কিছু পয়সা রোজগারের আশায়! রোজগার তাকে করতেই হয়, কারণ ঢাকায় থাকার জন্য তাকে মেসভাড়া বাবদ গুনতে হয় মাসে আড়াই হাজার টাকা, খাওয়াদাওয়ার পেছনে যায় ছাব্বিশ-সাতাশশ। বাপ-ভাইয়ের কাছ থেকে টাকা আনতে এখন তার বড়ই কুণ্ঠা। সে আমাকে বলে, ‘তারা অনেক দিছে, প্রথম পাঁচ বছর সব খরচ দিছে। কিন্তু কত দিন আর তাদের কাছে টাকা নেওয়া যায়?’
আমি তাকে জিজ্ঞাসা করি, ‘মাস্টার্স পাসের পর কী করবেন?’
তাকে দ্বিধান্বিত দেখায়, স্বগতোক্তির মতো সে বলে, ‘কী আর করব।’
‘চাকরি করবেন না?’
এবার সে নিশ্চিত সুরে বলে, ‘চাকরি পাওয়া যাবে না।’
‘কেন?’
‘অনেক টাকা লাগে। লাখ লাখ টাকা। আমরা অত টাকা পাব কোথায়?’
‘তাহলে কী করবেন?’
সে মাথা নেড়ে বলে, ‘জানি না।’
‘দুশ্চিন্তা হয় না?’
‘হয় না আবার? কিন্তু দুশ্চিন্তা করে তো লাভ নাই।’
‘স্বপ্ন আছে?’
এবার সে অবাক চোখে তাকায় আমার চোখের দিকে। যেন সে বুঝতে পারেনি, স্বপ্ন বলতে আমি কী বোঝাতে চাই। আমি আবার বলি, ‘জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো স্বপ্ন নাই?’
ওর মুখের অবাক ভঙ্গিটা মিলিয়ে গিয়ে ফিরে এল সেই স্বভাবসুলভ হাসি। কিন্তু মুখে কোনো কথা ফুটল না। আমি বললাম, ‘বিয়ে করবেন না? বাচ্চাকাচ্চার বাবা হবেন না?’
হাসতে হাসতে সে বলল, ‘তা তো করাই লাগবে। দুনিয়ায় যখন আইছি, বিয়া করা লাগবে না!’
আমি হেসে বললাম, ‘তারপর? বউকে খাওয়াবেন কী? বাচ্চাকাচ্চা হলে তাদের খাওয়া-পরা, মানুষ করা, এইসব কীভাবে হবে?’
শাহিন নিশ্চিত ভরসার সুরে বলে, ‘উপায় একটা কিছু হবেই। জীবন কি আর থেমে থাকবে?’
এই সময় মধ্যবয়সী এক ভুঁড়িদার লোক হাঁসফাঁস করতে করতে এসে কোনো কথা না বলে শাহিনের ওজন মাপার যন্ত্রটার ওপর দাঁড়িয়ে মাথা নিচু করে দুই পায়ের ফাঁকে যন্ত্রটার কাঁটার দিকে চেয়ে গজগজ করে বলল, ‘শালা, দুই কেজি আরও বাড়ছে দেখা যায়!’
তারপর সে দুই টাকার একটা নোট শাহিনের দিকে ছুড়ে দিয়ে হনহন করে হেঁটে চলে গেল। ময়লা নোটখানা বাতাসে উড়ে গিয়ে একটু দূরে পড়ে। শাহিন সেদিকে একবার তাকায়, তারপর তাকায় আমার মুখের দিকে। ওর চাহনি ও মুখের অভিব্যক্তি আমি ঠিক ধরতে পারি না। আমার সামনে সে কি টাকাটা কুড়িয়ে তুলে আনতে সংকোচ বোধ করছে?
মনে পড়ল, শাহিন সম্মানসহ স্নাতক ডিগ্রিধারী। এখন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথে রয়েছে সে।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]