১ থেকে ১২ ডিসেম্বর পেরুর রাজধানী লিমায় জাতিসংঘ জলবায়ু আলোচনার আরেকটি বার্ষিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর প্যারিসে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে লিমা বৈঠক একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। প্যারিস শীর্ষ সম্মেলন নির্ধারণ করবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন একটি আন্তর্জাতিক চুক্তি হবে কি হবে না। এবারের লিমা বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা, বিশেষত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরা, তাঁদের নিজ নিজ দেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন ও পরিকল্পনার ক্ষেত্রে রোমাঞ্চকর অগ্রগতিগুলো নিয়ে আলোচনা করছেন।
লিমা বৈঠকে মূল আলোচনায় আবারও জলবায়ুঝুঁকি মোকাবিলা অর্থায়নের বিষয়টি প্রাধান্যে রয়েছে, যা কিনা প্যারিস শীর্ষ সম্মেলনে একটি নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির জন্যও গুরুত্বপূর্ণ। এ বছর সেপ্টেম্বরে জাতিসংঘ মহাসচিব আয়োজিত শীর্ষ সম্মেলনে জার্মানি ও ফ্রান্সের দেওয়া দেশপ্রতি সাত হাজার ৮০০ কোটি টাকাসহ মোট প্রায় ১৭ হাজার ৯৪০ কোটি টাকা ‘সবুজ জলবায়ু তহবিলের’ জন্য প্রতিশ্রুতি পাওয়া যায়। এই মাসের শুরুতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা এই তহবিলে আরও প্রায় ২৩ হাজার ৪০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সর্বশেষ গত সপ্তাহের বার্লিন সম্মেলনে আরও ৭২ হাজার ৫০০ কোটি টাকার ওপরে প্রতিশ্রুতি পাওয়া গেছে।
এটি নিঃসন্দেহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য একটি সুখবর। আজ পর্যন্ত এসব দেশ আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত তহবিল থেকে মোট সহায়তার সিকিভাগ পেয়েছে। এই অঞ্চলে ভারত ও চীন এ ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ১৯টি জলবায়ু সহায়তা তহবিল থেকে এ অঞ্চলের প্রকল্পগুলো মোট ১৫ হাজার ৫০০ কোটি টাকার কিছু বেশি সহায়তা পেয়েছে। এ অঞ্চলে জলবায়ুঝুঁকির সামনের সারিতে থাকা দেশগুলো এ অর্থে বেশ সফলভাবেই তাদের নিচু ব-দ্বীপ ও ছোট দ্বীপাঞ্চলের ঝুঁকি-প্রতিরোধক্ষমতা যেমন বাড়িয়েছে, তেমনি দ্রুত শিল্পায়িত দেশগুলো সফলতার সঙ্গে কার্বন নিঃসরণের মাত্রাও কমিয়ে এনেছে, যা একটি ভালো বিনিয়োগ।
জলবায়ুঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তেমনি এ অর্থায়নের টেকসই ও বহুমুখী সুফল লাভের জন্য এসব দেশের পরিকল্পনা এবং বাজেট প্রণয়নের প্রক্রিয়া জলবায়ু পরিপ্রেক্ষিত থেকে খতিয়ে দেখা ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের ‘দারিদ্র্য-পরিবেশ উদ্যোগ’ সহায়তায় অনেক দেশই এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। ফলে এসব দেশের পরিকল্পনা ও বাজেট প্রণয়নই শুধু জলবায়ুঝুঁকিবান্ধব হয়নি, তারা এখন সহজেই জলবায়ু সংবেদনশীল ব্যয়ের গতিবিধি ও ফলাফল অনুসরণ করতে পারছে।
বাংলাদেশের ‘দারিদ্র্য-পরিবেশ উদ্যোগ’-এর হিসাবমতে, বাংলাদেশ প্রতিবছর প্রায় সাত হাজার ৮০০ কোটি টাকা জলবায়ুঝুঁকি মোকাবিলা খাতে ব্যয় করে। সরকারের জলবায়ু সংবেদনশীল ব্যয়ের তিন-চতুর্থাংশই আসে অভ্যন্তরীণ উৎস থেকে, মাত্র এক-চতুর্থাংশ বৈদেশিক ঋণ ও অনুদান থেকে।
নেপাল সরকারের হিসাবমতে, দেশটিতে তার মোট দেশজ উৎপাদনের ২ ভাগ ও মোট সরকারি ব্যয়ের ৬ ভাগ জলবায়ু সংবেদনশীল খাতে খরচ হয়। দেশটি ইতিমধ্যেই জলবায়ু খাতে ব্যয়ের জন্য আলাদা বাজেট কোড চালু করেছে, যাতে জলবায়ু খরচের একটা সঠিক হিসাব রাখা যায়। এতে করে জলবায়ু বিনিয়োগের স্বচ্ছতা ও বিভিন্ন খাতে জলবায়ু বিনিয়োগ নিশ্চিত হয়েছে। নেপালের কেন্দ্রীয় মন্ত্রণালয় এখন জলবায়ুঝুঁকি মোকাবিলার জন্য অর্থ সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য স্থানীয় সরকারের মাধ্যমে বিতরণ করছে।
ইন্দোনেশিয়া অন্যদিকে একটি বাজেট চিহ্নিতকরণ ও ফলাফল পরিবীক্ষণ পদ্ধতি চালু করেছে। এ পদ্ধতিতে জলবায়ুঝুঁকি মোকাবিলায় মোট খরচের যেমন হিসাব রাখা যায়, তেমনি এ বিনিয়োগের ফলে দেশের মোট ক্ষতিকর গ্যাস নিঃসরণ কতটা কমল তারও একটা হিসাব থাকে। এ পদ্ধতি দেশটির ২০২০ সালের মধ্যে কাঙ্ক্ষিত ২৬ শতাংশ থেকে ৪১ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস লক্ষ্যমাত্রা অর্জনে খুবই জরুরি।
‘সবুজ জলবায়ু তহবিল’, নবপ্রতিষ্ঠিত এশিয়া অবকাঠামো ব্যাংক এবং ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ব্যাংকের এ অঞ্চলের দেশসমূহের জলবায়ুঝুঁকি মোকাবিলায় নিয়ত ও অধিক হারে বিনিয়োগ অব্যাহত রাখা উচিত। আশা করা যায়, ব্যক্তি খাতের বিনিয়োগও দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। জাতিসংঘ মহাসচিব আয়োজিত শীর্ষ সম্মেলনে সরকার, ব্যবসায়, অর্থিক প্রতিষ্ঠানসমূহ ও উন্নয়ন ব্যাংকসমূহ উন্নয়নশীল দেশের জন্য লো-কার্বন বা নিম্ন কার্বন নিঃসরণশীল উন্নয়ন সহায়তায় প্রায় ১৬ লাখ কোটি টাকার তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। বর্তমান ধারাবাহিকতায় এর একটি উল্লেখযোগ্য অংশ এই অঞ্চলের দেশসমূহের জন্য ব্যবহৃত হবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহ প্রচলিত সব জলবায়ু তহবিলই অংশগ্রহণ, ব্যবহার, হিসাবরক্ষণ ও সর্বোপরি কাঙ্ক্ষিত ফলাফল লাভের জন্য এখন তৈরি। এই প্রস্তুতি এসব দেশসমূহকে সবুজ অর্থনীতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে, যা ক্ষতিকর গ্যাস নিঃসরণ হ্রাস, জনস্বাস্থ্যের উন্নতি, জ্বালানিসক্ষমতার উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা অর্জনে সহায়তা করবে।
নিকোলাস রোসেলিনি: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক।
কাভেহ জাহেদি: জাতিসংঘ জলবায়ু কার্যক্রমের আঞ্চলিক পরিচালক ও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় প্রতিনিধি।