টিআইবির গবেষণা নিয়ে কিছু প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে ‘৯৭% সংসদ সদস্য দুর্নীতির সঙ্গে জড়িত’ মর্মে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করায় বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি সম্পর্কে অনেক কথা উঠেছে। প্রবীণ ও চার-পাঁচবার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং রিপোর্টটি প্রত্যাখ্যান করেছেন। সংসদ সদস্যদের জবাবদিহি জনগণের কাছে। বিগত কয়েকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনগুলো স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। ভোট ডাকাতির অভিযোগ মানুষ বিশ্বাস করেনি। এ পরিস্থিতিতে পর পর চার-পাঁচটি নির্বাচনে নির্বাচিত হয়ে আসা সংসদ সদস্যরা জবাবদিহির বিচারে শক্ত অবস্থানে। তাঁদের বক্তব্য ও ক্ষোভ উপেক্ষণীয় নয়। অন্যদিকে টিআইবি দাবি করছে, গবেষণার নিয়ম মেনে কাজটি হয়েছে। কাজেই তাদের রিপোর্ট সঠিক। এসব যুক্তি ও পাল্টা যুক্তির পরিপ্রেক্ষিতে বিষয়টি বিশ্লেষণের দাবি রাখে।টিআইবি, সংসদ সদস্যরা এবং অন্যান্য আলোচক একটি বিষয়ে সহমত পোষণ করেছেন। সবাই বলেছেন, এটি একটি ধারণাসম্ভূত রিপোর্ট, অকাট্য প্রমাণভিত্তিক নয়। পারসেপশন বা ধারণাভিত্তিক জরিপ, ওপিনিয়ন বা মতামত জরিপ, এসব স্বীকৃত গবেষণা পদ্ধতি। কিন্তু এটিই গবেষণার একমাত্র পদ্ধতি নয়। উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। বাংলাদেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায় কি না, এটি যদি গবেষণার বিষয়বস্তু হয়, তাহলে মতামত জরিপ পদ্ধতি উপযোগী হবে। স্বীকৃত ‘স্যাম্পলিং মেথড’ অনুসরণ করে স্যাম্পল সাইজ নির্ধারণ করে মতামত প্রদানকারী চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে সম্পূর্ণ পেশাদারির সঙ্গে মতামত সংগ্রহ করতে হবে। ডেটা অ্যানালাইসিস বা বিশ্লেষণ করলেই জানা যাবে শতকরা কত ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। পপুলেশন বা জনসংখ্যার তুলনায় স্যাম্পল সাইজ (নমুনা জনসংখ্যা) অল্প হয়ে থাকে। কিন্তু স্যাম্পল নির্ধারণ নির্ভুল হলে এবং পেশাদারির সঙ্গে সমীক্ষা পরিচালনা করলে, মোটামুটিভাবে জনমতের প্রতিফলন ঘটে থাকে। স্যাম্পল নির্বাচনে বিচ্যুতি ঘটলে ফলাফলও ত্রুটিপূর্ণ হয়।কিন্তু গবেষণার বিষয় যদি হয় ‘অমুক ব্যক্তি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না’। এমন গবেষণায় পারসেপশন সার্ভে বা মতামত জরিপ একটি ভুল পদ্ধতি। কারণ, কেউ হত্যাকারী কি না, তা মানুষের মতামত দিয়ে প্রমাণ করা যায় না। এ ক্ষেত্রে গবেষণাটি হবে তথ্য অনুসন্ধাননির্ভর। কোর্ট কর্তৃক কাউকে হত্যাকারী বলে রায় না দিলে, তাকে হত্যাকারী বলা যাবে না। বড়জোর বলা যেতে পারে এলাকার কিছু লোকজন তাকে সম্ভাব্য হত্যাকারী মনে করে। এই মতামত তার হত্যাকারী হওয়ার বিষয়ে ফয়সালা দেয় না। এ ধরনের গবেষণায়, ওই ব্যক্তি সম্বন্ধে থানায় তথ্য সংগ্রহ করে দেখতে হয়, ব্যক্তিটি জীবনে কখনো কোর্ট কর্তৃক হত্যাকারী বিবেচিত হয়েছে কি না। এ ধরনের সেকেন্ডারি তথ্যের ওপর গবেষণাটি হতে হবে।একইভাবে দুর্নীতি একটি অপরাধ। কেউ দুর্নীতি করেছে কি না, তা গুটি কয়েক মানুষের মতামতের দ্বারা নির্ধারিত হয় না। মতামত জরিপের দ্বারা বড়জোর বলা যায়, কিছু লোক অমুককে দুর্নীতিবাজ মনে করে। ‘তিনি দুর্নীতির সঙ্গে জড়িত’—এমন কথা মতামত সমীক্ষার দ্বারা বলা যায় না। বললে ভুল হবে। এটি অপপ্রচারের শামিল। দুর্নীতি যেহেতু অপরাধ এবং অপরাধ যেহেতু আইনে যথাযথভাবে বিধৃত, অতএব এ ধরনের গবেষণার জন্য তথ্যানুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে হবে। কোর্টের রায় দুর্নীতির গ্রহণযোগ্য প্রমাণ। কোর্টের রায় না হলেও অন্তত কোথায় দুর্নীতি হয়েছে, কীভাবে হয়েছে, কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে—এসব তথ্য সংগ্রহের পরই মাত্র দুর্নীতির অভিযোগ আনা যায় অনুসন্ধানী গবেষণায়। আমাদের সংবাদপত্র ও আকাশ মিডিয়া মাঝে মাঝে এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করে থাকে। সঠিক তথ্য পরিবেশিত হলে, কার্যকর প্রতিবাদ হয় না। তথ্যে গরমিল হলেই প্রতিবাদ হয়ে থাকে। উল্লেখ্য, এ ধরনের গবেষণার মধ্যে স্বচ্ছতা থাকে, গোপনীয়তা থাকে না। যাতে অভিযুক্তের বক্তব্যও জানার অবকাশ থাকে।গবেষণার বিষয়ভিত্তিক গবেষণা পদ্ধতি ব্যবহারের উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে টিআইবির সাম্প্রতিক সমীক্ষাটি পর্যালোচনা করা যায়। টিআইবি মতামত জরিপ করেছে ‘নির্দিষ্ট কয়েকজন সংসদ সদস্য দুর্নীতির সঙ্গে জড়িত কি না’, সেটি যাচাই করার জন্য। গলদটা এখানেই। দুর্নীতি যেহেতু অপরাধ, অতএব অপরাধ তাঁদের দ্বারা সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণের জন্য মতামত জরিপ বা পারসেপশন সার্ভে সম্পূর্ণ অনুপযোগী গবেষণা পদ্ধতি। এ পদ্ধতিতে বড়জোর বলা যায়, কিছু লোক অমুক অমুককে দুর্নীতিবাজ মনে করে। কিন্তু অমুক অমুক দুর্নীতিতে জড়িত, এমন সিদ্ধান্তে আসার অবকাশ নেই। টিআইবি গবেষণা প্রতিষ্ঠান। তারা গবেষণার মৌল বিষয়ে জ্ঞান রাখে না, এমনটা ভাবা যায় না।দুর্নীতি প্রমাণ করতে হলে ‘অনুসন্ধানী গবেষণা পদ্ধতি’ ব্যবহার করতে হবে। কে কবে কোথায় কী অপরাধ সংঘটিত করেছে, অনুসন্ধান করে তার তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সাজাতে হবে। তথ্য বিশ্লেষণ করতে হবে। তারপর যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। পুরো প্রক্রিয়াটি হতে হবে স্বচ্ছ ও খোলামেলা, গোপনীয় নয়। গোপনীয় হলে সংশ্লিষ্ট ব্যক্তি তথ্য যাচাই করে তার বক্তব্য দিতে পারবে না। তথ্য গোপন রেখে প্রকাশ্যে কাউকে অপরাধী আখ্যা দেওয়া একটি গর্হিত ও অনৈতিক কাজ। টিআইবি সে কাজই করেছে।কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির কী কী তথ্য আছে, টিআইবির উচিত তা প্রকাশ করা। অনেক সংসদ সদস্যই তখন মিথ্যা তথ্যের অভিযোগ এনে টিআইবির বিরুদ্ধে মানহানির মামলা করতে পারবেন। কোর্ট বিচার করবে, তথ্য সঠিক কি না এবং ওই তথ্যের ভিত্তিতে কাউকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা যায় কি না। টিআইবি সংসদ সদস্যের নামসহ দুর্নীতির তথ্য প্রকাশ করুক। প্রকাশ করার সাহস না থাকলে প্রতীয়মান হবে, টিআইবি গবেষণার নামে সংসদ সদস্যদের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস পেয়েছে।আরও একটি স্ট্যাটিসটিক্যাল জাগলারি! মোট সদস্যসংখ্যার কমবেশি আধাআধি সদস্যের সম্পর্কে জরিপ করে, ফলাফলকে শতাংশে প্রকাশ করা হয়েছে। এটি মতামত জরিপের ক্ষেত্রে প্রযোজ্য। অপরাধ সংঘটনের ক্ষেত্রে সন্দেহজনক। ১৫০ জনের নমুনায় ১৫০ জনই যদি অপরাধী হয়ে থাকে, তাহলে বলা যাবে না যে বাকি ১৫০ জনও অপরাধী। এটি একটি সরলীকৃত ইনফারেন্স। অপরাধ সংঘটনের ক্ষেত্রে এ ধরনের শতাংশকরণ শুধু অনৈতিকই নয়, বিধিবহির্ভূতও বটে।সংসদ সদস্যদের দুর্নীতিমূলক আচরণ সম্পর্কে পারসেপশন সার্ভে করতে হলে গবেষণা বিষয়ের ফর্মুলেশন হতে হবে ভিন্ন। একটা ফর্মুলেশন হতে পারে, ‘সংসদ সদস্যরা অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত’, এমন প্রস্তাবের বিষয়ে স্যাম্পল জনগণের মতামত। আরেকটি ফর্মুলেশন হতে পারে, ‘কত শতাংশ সংসদ সদস্য দুর্নীতিতে জড়িত? ৭৫-১০০%, ৫০-৭৫%, ২৫-৫০%, ১-২৫%।’ এ ধরনের ফরম্যাটে মতামত জরিপ সিদ্ধ। কারণ, এখানে সদস্য চিহ্নিত নন এবং এটি ধারণা মাত্র। কিন্তু একজন একজন করে সংসদ সদস্যকে দুর্নীতির সঙ্গে জড়িত চিত্রিত করা মতামত সার্ভে পদ্ধতির অপপ্রয়োগ। এটি গোপন রাখা অনৈতিক।মতামত জরিপের অপপ্রয়োগ নিয়ে অনেক মজার ঘটনা ঘটেছে। একটি পশ্চিমা দেশের একটি শহরে মেয়র নির্বাচন হচ্ছে। কোন প্রার্থী জিতবেন, এ নিয়ে মতামত জরিপ হচ্ছিল। সেটি ছিল শিল্প-শহর। শ্রমিকের সংখ্যা অনেক। তখন মোবাইল ফোন ছিল না। মধ্য ও উচ্চ আয়ের লোকজন টেলিফোন ব্যবহার করত। জরিপকারী প্রতিষ্ঠান টেলিফোন গাইড থেকে স্যাম্পল নির্ধারণ করল এবং টেলিফোনেই মতামত সংগ্রহ করল। জরিপে বিজয়ী প্রার্থী নির্বাচনে হেরে গেল অনেক ভোটে। যিনি জিতেছিলেন, তিনি শ্রমিকদের ভোটেই জিতেছিলেন, যাদের অধিকাংশের নাম টেলিফোন গাইডে ছিল না। কাজেই স্যাম্পল নির্ধারণের কাজটি সহজ নয়। স্যাম্পল সাইজের চেয়ে মতামত প্রদানকারী চিহ্নিতকরণ অনেক বেশি কঠিন।টিআইবি ‘তথ্যানুসন্ধান পদ্ধতির’ বদলে ‘মতামত জরিপ’ পদ্ধতি ব্যবহার করেছে। এ সম্পর্কে একটি প্রচলিত গল্প বলি। একবার এক গ্রামে জ্যৈষ্ঠ মাসে এক মওলানা ওয়াজ করতে এসে বলেছিলেন, ‘বাড়ির পুরুষ ও নারীরা ভিন্ন ভিন্ন কাঁথা ব্যবহার করবেন। নারীর ব্যবহূত কাঁথা ব্যবহার পুরুষদের জন্য নাজায়েজ।’ বছর দুয়েক পর ওই মওলানা ওই গ্রামে আবার এলেন মাঘ মাসে। ওয়াজ করতে করতে রাত গভীর হলো, শীতও প্রচণ্ড হতে লাগল। মওলানা ঘুমাতে গিয়ে দেখলেন, লেপ-কাঁথা নেই। তিনি কাতর কণ্ঠে একটি লেপ বা কাঁথা চাইলেন। গ্রামের লোকজন জানাল যে তাঁর আগের নসিহত অনুযায়ী লেপ-কাঁথা এ গ্রামে নারী ও শিশুদের দেওয়া হয়েছে। পুরুষেরা কষ্ট করে খড়ের গাদায় ঘুমায়। জবাবে মওলানা বললেন, গ্রীষ্মের নসিহত শীতকালে প্রযোজ্য নয়!সংসদ সদস্যদের কথায় ফিরে আসি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে ১০০ জনের অধিক সদস্যকে আমি চিনি। এঁদের অধিকাংশই সৎ মানুষ এবং দুই-তৃতীয়াংশ সদস্য সম্পর্কে অভিযোগ শুনিনি। বাকিদের বিষয়ে কিছু কথা কানে আসে। সত্যতা যাচাই করিনি। নিজের এই অভিজ্ঞতা ছেড়ে কি আমি টিআইবির ভুল পদ্ধতির গবেষণায় বিশ্বাস স্থাপন করব?টিআইবির প্রতি অনুরোধ, দুর্নীতির তথ্যসহ নাম প্রকাশ করুন। সংসদ সদস্যদের জবাবদিহি জনগণের কাছে। তাঁরা চান বা না চান, জনগণের কাছে তাঁদের যেতেই হবে। কিন্তু টিআইবির জবাবদিহি কার কাছে? তাদের বিদেশি অফিসের কাছে? নাকি গবেষণা পদ্ধতি ও রীতিনীতির কাছে? আশা করি, তারা পেশাগতভাবে ব্যাখ্যা দেবেন।তবে টিআইবি বন্ধ করার পক্ষপাতী আমরা নই। তাদের কার্যক্ষেত্র রয়েছে। সেখানে তারা কাজ করবে। ব্যক্তির দুর্নীতির গবেষণায় পারসেপশন সার্ভে পদ্ধতি ব্যবহার করা হবে, এটা মেনে নেওয়া যায় না।টিআইবি ইতিপূর্বে অনেক সমীক্ষা চালিয়েছে। মানুষ সরকারের কোন বিভাগকে দুর্নীতিপরায়ণ মনে করে, কোন বিভাগের চেয়ে কোন বিভাগ মানুষের দৃষ্টিতে অধিকতর দুর্নীতিগ্রস্ত—এসব গবেষণা নিয়মসিদ্ধ। কারণ, এগুলো পারসেপশন মাত্র। নির্দিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত বলা হয়নি। তা ছাড়া, পুলিশ বিভাগ বা রেজিস্ট্রেশন বিভাগের সঙ্গে দেশের সার্বভৌম পার্লামেন্টকে এক কাতারে আনা ঠিক কাজ হয়নি। প্রশাসনে লাখ লাখ বেতনভুক কর্মচারী নিয়োজিত। কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রতীক পার্লামেন্টে মাত্র ৩৪৫ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসেন। তাঁদের সম্পর্কে অপ্রমাণিত এবং মাত্র ছয় হাজার (দেশের জনসংখ্য্য প্রায় ১৬ কোটি) সন্দেহজনকভাবে বাছাই করা মানুষের মতামতের ভিত্তিতে ‘অপরাধ সংঘটনের’ দাবি ধোপে টেকে না। হয়তো ওই ছয় হাজার মতামত দানকারী তো ৩৫০ জন সংসদ সদস্যের নামও জানেন না। প্রতি সংসদ সদস্যের জন্য মতামত দানকারীর অনুপাত দাঁড়ায় মাত্র ১৭ জন। ১৭ জন প্রশ্নবিদ্ধ মতামত দানকারীর ধারণার ভিত্তিতে লক্ষাধিক ভোটারের নির্বাচিত সংসদ সদস্যকে কলঙ্কিত করা হবে! গবেষণা এত সহজ কাজ নয়।  খোন্দকার ইব্রাহিম খালেদ: চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংক।