বৃহস্পতিবার সকালে বাসা থেকে তেজগাঁও হয়ে কারওয়ান বাজার অফিসে আসতে সিগন্যালে দুবার যানজটে পড়লাম। সরকারের ঘোষণা অনুযায়ী বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে সড়কে এ অবস্থা কেন তৈরি হলো?
আসলে কঠোর বিধিনিষেধের ৭ দিন না যেতেই সরকার নিজেই আইন ভাঙল ১ আগস্ট তৈরিপোশাক কারখানা খুলে দিয়ে। বাস, ট্রেন, লঞ্চ ও ফেরি বন্ধ। পত্রিকার পাতায়, টেলিভিশনের পর্দায় দেখলাম, হাজার হাজার শ্রমিক কী অবর্ণনীয় ভোগান্তির মধ্য দিয়ে কর্মস্থলে ফিরেছেন। আবার এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে সরকার এক-দুই দিনের জন্য গণপরিবহন খুলে দিল। সেই থেকে লকডাউন বা বিধিনিষেধ কেতাবে থাকলেও বাস্তবে নেই। পুরোনো চেহারায় ফিরে আসতে শুরু করেছে ঢাকা শহর।
কঠোর বিধিনিষেধ জারি করার আগে সরকারের বোঝা উচিত ছিল, এটি তারা বাস্তবায়ন করতে পারবে না। এর আগেও একই ঘটনা ঘটেছে। সরকার প্রথমে সবকিছু বন্ধের ঘোষণা দেয়। এরপর একটি একটি করে খুলে দিতে থাকে। সরকারের বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে লকডাউন বা বিধিনিষেধ যেমন অকার্যকর হয়ে পড়েছে, তেমনি করোনা সংক্রমণের ঝুঁকিও বেড়েছে। স্বাভাবিক অবস্থায় ঈদের পরদিন একসঙ্গে এত মানুষ ঢাকায় ফেরেননি; পথে পথে এতটা বিশৃঙ্খলাও দেখা যায়নি।
করোনা মোকাবিলায় যেসব দেশ লকডাউন বা জনগণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে সুফল পেয়েছে, সেসব দেশ কিছু পূর্বশর্ত পূরণ করেছে। বিধিনিষেধ জারি করে যাকে আপনি ঘরে থাকতে বলবেন বা যিনি জীবিকা হারালেন, তাঁর খাবারের ব্যবস্থা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগান দিতে হবে। কেউ করোনা বা অন্য কোনো রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হবে।
করোনা পরীক্ষা, বিধিনিষেধ স্বাস্থ্যসেবা, টিকা—সরকার কোনোটি ঠিকঠাকভাবে করতে পারেনি। গত বছর করোনার শুরুতে ঢাকা শহরে হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেলে ওয়ারী, পূর্ব রাজাবাজারসহ কয়েকটি স্থান লকডাউনের আওতায় আনায় সুফল পাওয়া গিয়েছিল। জনস্বাস্থ্যবিদেরা মনে করেন, সারা দেশ বিধিনিষেধের আওতায় আনার প্রয়োজন নেই। যেখানে সংক্রমণ সেখানে লকডাউন, সেখানে পরীক্ষা নিশ্চিত করুন। কিন্তু সরকার সেই কঠিন পথে না গিয়ে সহজ সমাধান হিসেবে সারা দেশে কিছুদিন পরপর কঠোর বিধিনিষেধ আরোপ করে থাকে। গত এপ্রিলে যখন ভারতে করোনার ডেলটা ধরন ধরা পড়ে, তখন বিশেষজ্ঞরা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছিলেন। জালের ভেতরে থাকা মাছ পুকুরে ছেড়ে দিয়ে সরকার আবার তা জালে ভরার কসরত করছে। কাজটি কেবল কঠিন নয়, অসম্ভবও।
সরকার জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে পারেনি। সরকারঘোষিত বিধিনিষেধও সফল হয়নি। শেষ ভরসা ছিল দ্রুত বেশিসংখ্যক মানুষকে টিকা দেওয়া। এর শুরুটা ভালোই ছিল। অনেক উন্নত দেশের আগে আমরা টিকা কর্মসূচি হাতে নিয়েছি। কিন্তু সেখানেও সমস্যা হলো ভারতের ওপর নির্ভরতা।
সরকার জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে পারেনি। সরকারঘোষিত বিধিনিষেধও সফল হয়নি। শেষ ভরসা ছিল দ্রুত বেশিসংখ্যক মানুষকে টিকা দেওয়া। এর শুরুটা ভালোই ছিল। অনেক উন্নত দেশের আগে আমরা টিকা কর্মসূচি হাতে নিয়েছি। কিন্তু সেখানেও সমস্যা হলো ভারতের ওপর নির্ভরতা। একাধিক উৎস খুঁজে দেখা হয়নি। ভারতে হঠাৎ করোনা পরিস্থিতি নাজুক হয়ে পড়লে তারা টিকা রপ্তানি বন্ধ করে দেয়। এরপর বাংলাদেশে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করে। কিছুটা সফলও হয়। জাপান থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ায় প্রথম ডোজ নেওয়া ১৫ লাখ মানুষের উদ্বেগ কেটে যায়।
বিভিন্ন উৎস থেকে কিছু টিকা পাওয়ার পরই নানা মহারথী নানা কথা বলতে থাকেন। কেউ বলেন, এক বছরের মধ্যে সবাইকে টিকা দেওয়া হবে। কেউ বলেন, দেশেই টিকা উৎপন্ন করা হবে। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা দিলেন, আগামী বছরের শুরুর মধ্যে ২১ কোটি টিকা আসবে। ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণটিকা কর্মসূচি চলবে। এক সপ্তাহের মধ্যে এক কোটি লোককে টিকা দেওয়া হবে। ২৫ বছর ঊর্ধ্ব যে কেউ এই টিকা নিতে পারবেন। নিবন্ধনের প্রয়োজন হবে না। মন্ত্রীর কথায় সবাই আশাবাদী হয়েছিলেন। কিন্তু দুদিন পরই জানানো হলো, এক সপ্তাহ গণটিকা কর্মসূচি চলবে না। প্রচারের অংশ হিসেবে ৭ আগস্ট ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যে সংবাদ সম্মেলন করে বললেন, তাতে তিনি বলতে পারেননি ১৪ তারিখের পর কী হবে। শুধু বললেন, টিকা কর্মসূচিতে বয়স্ক মানুষ, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন।
প্রাথমিকভাবে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ইউনিয়নের যেসব ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কারণে ৭ আগস্ট করোনার টিকা দেওয়া সম্ভব হবে না এবং পৌরসভার কোনো ওয়ার্ডে ৭ আগস্ট টিকা দেওয়া সম্ভব হবে না, এসব জায়গায় ৮ ও ৯ আগস্ট টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে মোট ২ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯২০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৯ হাজার ৯৫৩ জনকে। আর দুই ডোজ পেয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন। এই অবস্থায় মন্ত্রী কীভাবে এক সপ্তাহে এক কোটি মানুষকে টিকা দেওয়ার কথা বললেন। টিকা দেওয়া নিয়ে কেন ঘন ঘন সিদ্ধান্ত বদল? সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তনে একজন সিভিল সার্জন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘এখন আমাদের মার খাওয়ার উপক্রম হয়েছে।’
আমাদের নেতা-নেত্রীরা যখন করোনা মোকাবিলায় বিরাট সাফল্য দাবি করছেন, তখন আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণ কী? উন্নয়নশীল বিশ্বে টিকাদান পর্যবেক্ষণে আইএমএফ, বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব বাণিজ্য সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের টিকাদানে পেছনের সারিতে আছে বাংলাদেশ।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের মধ্যে বাংলাদেশের ৪০ শতাংশ নাগরিককে টিকার দুটি ডোজ দেওয়া সম্পন্ন করতে যে হারে টিকা প্রয়োগের প্রয়োজন, তা থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। ফলে ২০২২ সালের মধ্যে দেশের ৬০ শতাংশ নাগরিককে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সংশয় তৈরি হয়েছে।
টাস্কফোর্সের তথ্যে দেখা যায়, গড়ে দৈনিক টিকাদানের হার ০.১১ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনে টিকা পাচ্ছে ০.১১ জন। এই হার ভারতে ০.৩১ শতাংশ, পাকিস্তানে ০.১৯ শতাংশ ও শ্রীলঙ্কায় ১.৬৩ শতাংশ। এই দেশগুলো টিকাদানে বাংলাদেশ থেকে এগিয়ে আছে। ভুটান টিকাদানে এ দেশগুলোর চেয়েও অনেক এগিয়ে রয়েছে। দেশটির প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮৫ ভাগের বেশি লোককে টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে মালদ্বীপের মোট জনসংখ্যার অর্ধেকের বেশিকে টিকার পূর্ণ ডোজ দেওয়া হয়েছে। টাস্কফোর্স বলছে, চলতি বছরের মধ্যে ৪০ শতাংশ মানুষকে টিকাদান সম্পন্ন করতে হলে বাংলাদেশকে দিনে ০.৪৯ শতাংশ হারে টিকা দিতে হবে। আর ২০২২ সালের মাঝামাঝি ৬০ শতাংশকে টিকা দিতে হলে দিনে ০.৩৫ শতাংশ হারে টিকা দিতে হবে।
এখন স্বাস্থ্য মন্ত্রণালয় বলুক, তারা কীভাবে ও কত দিনে দেশের ৮০ শতাংশ তথা ১৩ কোটি ৬০ লাখ মানুষকে দুই ডোজ করে টিকা দেবে? শনিবারের টিকা দেওয়া সম্পন্ন হলে মজুত থাকবে মাত্র কয়েক লাখ ডোজ টিকা। স্বাস্থ্যমন্ত্রী যখন এক সপ্তাহের মধ্যে এক কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন বলেছেন, সরকার সাত কোটি টিকা কিনতে চায় চীন থেকে। চুক্তি হয়েছে মাত্র দেড় কোটি ডোজের। ৭০ লাখ ডোজ এসেছে। বাকিটা আসার পথে। ফলে আগামী বছরের শুরুতে ২১ কোটি ডোজ টিকা আসার কথা বলা আশার ছলনে মন ভোলানো বলেই আমাদের ধারণা।
● সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি