টিক্কা খান ছিলেন ঘৃণিত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিজয় দিবস সামনে রেখে প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজনের বিষয় দেশি-বিদেশি লেখকদের লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো এসব বইয়ের নির্বাচিত অংশ থেকে। এম আসগর খান একজন সাবেক সেনা কর্মকর্তা। ১৯৬৮ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। তিনি রাজনৈতিকভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধানের কথা বলেছেন। ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করেছেন। ১৯৭১ সালে যুদ্ধের সময় ঢাকা সফরে তিনি যে রাজনৈতিক সমাধানের চেষ্টা করেছেন, তাঁর উই হ্যাভ লার্নট নাথিং ফ্রম হিস্ট্রি, পাকিস্তান: পলিটিকস অ্যান্ড মিলিটারি পাওয়ার বইয়ে তার বিবরণ দিয়েছেন। সেখান থেকে চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো।

উই হ্যাভ লার্নট নাথিং ফ্রম হিস্ট্রি, পাকিস্তান: পলিটিকস অ্যান্ড মিলিটারি
উই হ্যাভ লার্নট নাথিং ফ্রম হিস্ট্রি, পাকিস্তান: পলিটিকস অ্যান্ড মিলিটারি

১৯৭১ সালে আমি দুবার ঢাকা সফর করি। একবার জুলাইয়ে, আরেকবার ডিসেম্বরে। সেখানে যা দেখলাম, তাতে আমার মন খারাপ হয়ে যায়। নতুন মানুষ ক্ষমতায় এলেও সেখানে পরিস্থিতির কোনো উত্তরণ ঘটবে না, তা ছিল পরিষ্কার। পারস্পরিক ঘৃণা ক্রমেই বাড়ছিল। তা নিরসনে একরকম কোনো উদ্যোগই নেওয়া হয়নি। জামায়াতে ইসলামী ১৯৭০ সালের নির্বাচনে খারাপ করলেও তারা ইসলাম রক্ষার নামে ইয়াহিয়া খানকে পূর্ণাঙ্গ সহযোগিতা করছিল। তাদের ধারণা ভুল ছিল। তারা একটি অদ্ভুত যুক্তির অবতারণা করেছিল। পূর্ব পাকিস্তানে তারা যেহেতু দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে, তাই আওয়ামী লীগকে হটাতে বা শাস্তি দেওয়ার যেকোনো আয়োজনে তাদের যথাযথ গুরুত্বসহ যুক্ত করতে হবে। যদিও তারা পূর্ব পাকিস্তানে একটি আসনও পায়নি। এদিকে পশ্চিম পাকিস্তানে যেসব রাজনৈতিক শক্তি নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করছিল, তারা পূর্ব পাকিস্তানে সামরিক হস্তক্ষেপে সমর্থন দিয়েছে। শুধু তা-ই নয়, আওয়ামী লীগকে শাস্তি দেওয়ায় তারা ইয়াহিয়া খানকে সহযোগিতাও করতে চেয়েছে। তারা ইয়াহিয়া খানকে নিরস্ত্র করার চেষ্টা না করে তাঁকে আরও উৎসাহিত করেছে। যেন তিনি আরও প্রবল পরাক্রমে বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েন। জুলাইয়ে পূর্ব পাকিস্তান সফরের পর আমি ইয়াহিয়া খানকে চিঠি লিখেছিলাম।
কিছুদিন পর অ্যাবোটাবাদ সফরের সময় ইয়াহিয়া খান আমার সঙ্গে দেখা করেন। পূর্ব পাকিস্তানে যে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে, সে সম্পর্কে আমি তাঁকে অবহিত করি। আমি তাঁকে বলি, এমনকি শেষ মুহূর্তে হলেও তাঁর রাজনৈতিক সমাধান খোঁজা উচিত। আর সাধারণ ক্ষমার আওতা বাড়ানো উচিত। উল্লেখ্য, তিনি ইতিমধ্যে আওয়ামী লীগের যে নেতারা দেশত্যাগ করেছেন, তাঁদের জন্য ক্ষমা ঘোষণা করেছিলেন। যাতে তাঁরা দেশে ফিরে আসতে পারেন। আমি তাঁকে আরও বলি, ১৯৭০ সালের নির্বাচনের আগে তিনি নিজেই যে আইন প্রণয়ন করেছিলেন, তার আওতায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে ক্ষমতা হস্তান্তর করা উচিত। কিন্তু তাঁর কাছে অহম ও ক্ষমতালিপ্সা পাকিস্তানের চেয়েও প্রিয় ছিল।
বোঝা-ই গেল, আমার পরামর্শ তাঁর মনঃপূত হয়নি। তারপর আমি বললাম, অন্তত পূর্ব পাকিস্তানের গভর্নর পরিবর্তন করা উচিত। কারণ, টিক্কা খান ইতিমধ্যে সেখানে একজন ঘৃণিত মানুষে পরিণত হয়েছেন। তাঁর নাম হত্যার সঙ্গে সম্পর্কিত হয়ে গিয়েছিল। আমি লে. জেনারেল আজম খানের নাম প্রস্তাব করি। তিনি আইয়ুব খানের সময় অত্যন্ত সফলতার সঙ্গে পূর্ব পাকিস্তানে গভর্নরের দায়িত্ব পালন করেছেন। কিন্তু ইয়াহিয়া খানের মনে ছিল এম এ মালিকের নাম। আমি বললাম, মানুষ তাঁকে ইসলামাবাদের শাগরেদ হিসেবেই মনে করবে।
যা হোক, শেষ পর্যন্ত এম এ মালিকই গভর্নর হলেন। তাঁর নিয়োগের পর আবার আমি পূর্ব পাকিস্তানে যাই। সেবার তাঁর ব্যক্তিত্বের এক কৌতূহলোদ্দীপক দিক আবিষ্কার করি। ১৯৭১-এর সেপ্টেম্বরে ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের আসনে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন, যেসব আসনে ১৯৭০-এর নির্বাচেন আওয়ামী লীগ জিতেছিল। তেহরিক-ই-ইসতিকলালের জাতীয় কার্যকরী কমিটি সিদ্ধান্ত নেয় যে আমি পূর্ব পাকিস্তানে গিয়ে পার্টির পূর্ব পাকিস্তানের কার্যকরী কমিটির একটি সভা আহ্বান করব। সেখানে আলোচনা হবে, আমরা এই নির্বাচনে অংশ নেব কি না। আমি সেই আজ্ঞা পালন করলাম। তারপর আমাদের সিদ্ধান্ত ও দলের ইশতেহার আমরা সংবাদ সম্মেলন করে জানিয়ে দিলাম। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, পরদিন একটি পত্রিকায়ও আমাদের সংবাদ সম্মেলনের খবর ছাপা হলো না। অথচ প্রায় সব পত্রিকারই প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানলাম, সরকার আমাদের খবর না ছাপানোর নির্দেশ দিয়েছে। দৃশ্যত, সরকার চায় না আমাদের দল নির্বাচনে অংশ নিক। যেসব দল সামিরক সরকারের ধ্বজাধারী হয়ে থাকবে, সরকার চায় শুধু তারাই নির্বাচেন আসুক।
সেদিন বিকেলে গভর্নর এম এ মালিক আমাকে ফোন করে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। আমি আমার সংবাদ সম্মেলনের খবর না ছাপানোর ব্যাপারে অভিযোগ করলে তিনি আমাকে বলেন, এটা তাঁর কাজ নয়। এটা নিশ্চয়ই ইসলামাবাদের আদেশে করা হয়েছে। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, কেন আমার দল নির্বাচনে অংশ নিতে চায়। আমি বললাম, সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ায় আমরা এতে অংশ নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি। এরপর মালিক তাঁর মন্ত্রিসভায় আমার দলের দু-একজনকে যুক্ত করার প্রস্তাব দেন। আর তাঁর এ প্রস্তাবের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কত কষ্ট করে তাঁর মন্ত্রীদের বাছাই করেছেন, সে বিষয়ে আমাকে ছবক দেন। তিনি নিজের গভর্নর হওয়া ও তাঁর মন্ত্রীদের বাছাই করার গল্পও আমাকে শোনান। যা হোক, আমার যা বোঝার আমি বুঝে যাই।
সেই সফরে আমাকে ঢাকার সামরিক আইন সদর দপ্তরেও আমন্ত্রণ জানানো হয়। আমাকে বলা হয়, সেখানকার চিফ অব স্টাফ আমার সঙ্গে কথা বলতে চান। তিনি আমাকে পূর্ব পাকিস্তানের সামরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন। এটা প্রস্তাব হিসেবে বেশ অদ্ভুত। আমি সেটা গ্রহণ করি। সেখানে গেলে একটি মানচিত্রের সাহায্যে আমাকে বোঝানো হয়, বর্ষাকালে সামরিক অবস্থার কিছুটা অবনতি ঘটলেও তার এখন উন্নতি হওয়া শুরু হয়েছে। আমাকে জানানো হয়, জেনারেল হেডকোয়ার্টারের নির্দেশে তারা আরও রাজাকার নিয়োগ দেবে। ফলে শুকনা মৌসুমে মুক্তিবাহিনীকে বাগে আনা যাবে। জেনারেলরা বলেন, তাঁরা এ কাজ চার থেকে ছয় সপ্তাহে করে ফেলতে পারবেন। তাঁরা কোন পথে কাজ করবেন, সে সম্পর্কেও তাঁরা আমাকে জানান। এরপর প্রথাগত সামরিক কায়দায় আমাকে বলা হয়, কোনো প্রশ্ন আছে কি না। আমি বললাম, তারা কী সমস্যা মোকাবিলা করছে, তা আমি জানি না। কিন্তু পূর্ব পাকিস্তানের বিষয়টি সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে। ভারতের লক্ষ্য ও তার অংশগ্রহণের সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে। জেনারেলরাই বলেছেন, ভারতীয় বাহিনী মুক্তিযোদ্ধাদের কাজে লাগিয়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালাচ্ছে। ফলে তাদের সেনা পাঠানোর সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। এক জেনারেল বললেন, ‘হ্যাঁ, সেটা হলে তা ইসলামাবাদেরই সমস্যা হবে।’
রাওয়ালপিন্ডিতে ফিরে এক অনুষ্ঠানে আমার স্কুলবন্ধু ও চিফ অব জেনারেল স্টাফ অব দ্য আর্মি গুল হাসান খানের সঙ্গে দেখা হয়। পূর্ব পাকিস্তানের সমস্যা নিয়ে তাঁর সঙ্গে কথা হলে তিনি আমার পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করে বলেন, পূর্ব পাকিস্তানের অবস্থা খারাপ। তাঁরা বলেন, এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে হলে যুদ্ধ শুরু করতে হবে। ‘কেন?’, আমি জিজ্ঞাসা করায় তিনি উত্তর দেন, ‘যুদ্ধবিরতি কার্যকর করার জন্য।’ আমি স্মৃতি হাতরে দেখলাম, তিনি আসলে জান্তার সুরে কথা বলছেন। তাঁর মতো তিনিও বিশ্বাস করতে শুরু করেছেন, ভারতের সঙ্গে যুদ্ধ লেগে গেলে যুক্তরাষ্ট্র এসে হস্তক্ষেপ করবে। ইয়াহিয়া খান চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করেছেন। দেশ দুটিকে একত্রে বসাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফলে ইয়াহিয়া খান ভেবেছিলেন, যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দিয়ে বৈরিতা বন্ধে বাধ্য করবে। অথবা ভারত ও পাকিস্তানকে এক টেবিলে বসিয়ে পরিস্থিতি ঠান্ডা করবে। পূর্ব পাকিস্তানে ভারতীয় সেনা প্রবেশের ঠিক আগেই এক টিভি ভাষণে ইয়াহিয়া খান বলেছিলেন, তিনি আশা করেন, ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তানে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, বিশ্বশক্তি তা বন্ধে হস্তক্ষেপ করবে।
কিন্তু ইয়াহিয়া খান বুঝতে পারেননি, পূর্ব পাকিস্তান নিয়ে দুনিয়ার আগ্রহ থাকলেও তারা পাকিস্তান রক্ষায় এগিয়ে আসবে না। ফল যা হওয়ার তা-ই হলো।

উই হ্যাভ লার্নট নাথিং ফ্রম হিস্ট্রি, পাকিস্তান: পলিটিকস অ্যান্ড মিলিটারি পাওয়ার, আসগর খান, প্রকাশকাল ২০০৫, প্রকাশনা সংস্থা, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, করাচি।